আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না: ফখরুলকে কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- টাকার খোঁজে সরকার-দৈনিক প্রথম আলো
- আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না: ফখরুলকে কাদের-দৈনিক যুগান্তর
- গণধর্ষণের ঘটনায় পাবনা থানার ওসি প্রত্যাহার, এসআই বরখাস্ত-দৈনিক ইত্তেফাক
- শীর্ষ এক হাজারেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়-দৈনিক নয়া দিগন্ত
- প্রশাসনের পদক্ষেপে নজর রাখছে হাইকোর্ট-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- লাদাখে ফের মুখোমুখি দুই দেশ, ভারতীয় সেনার রাস্তা আটকাল চিন, আলোচনায় কমল উত্তেজনা-দৈনিক আনন্দবাজার
- কাশ্মীর ইস্যুতে ফের ধাক্কা পাকিস্তানের, হস্তক্ষেপ করতে নারাজ রাষ্ট্রসংঘ-দৈনিক সংবাদ প্রতিদিন
- আধ কিলোমিটার নগ্ন দৌড়ে প্রাণ বাঁচল, কিন্তু তিন ধর্ষকের ভয়ানক অত্যাচারে আধমরা কিশোরী-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
শুরুতেই অর্থনীতির খবর
টাকার খোঁজে সরকার-দৈনিক প্রথম আলো
খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। ব্যয়ের খাত কেবল বড়ই হচ্ছে, অথচ আয়ে আছে বড় ঘাটতি। ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থ নেই সরকারের কাছে। বরং টাকার সংকটে আছে সরকার। সরকার পরিচালনার খরচ বেড়েছে। বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়ায় সুদ পরিশোধ ব্যয়সীমা ছাড়িয়ে যাচ্ছে। আকার বাড়ছে উন্নয়ন ব্যয়ের। আরও আছে বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের বিপুল আগ্রহ।সব মিলিয়ে সরকারের ব্যয়ের তালিকা দীর্ঘ। কিন্তু রাজস্ব আয়ের বাইরে সরকারের জন্য অর্থের উৎস হচ্ছে ঋণ নেওয়া। আর এই ঋণ এখন অত্যন্ত ব্যয়বহুল। ফলে সরকার অর্থ সংস্থানের নানা উপায় খুঁজছে। সব মিলিয়ে সরকারের ব্যয়ের তালিকা দীর্ঘ
রিপোর্টে আরও বলা হয়েছে, আয়ে বড় ঘাটতি নিয়েই শুরু নতুন অর্থবছর।ব্যয় যত বাড়ছে, সরকার তত ঋণের ফাঁদে পড়ছে।সরকারের ব্যয় বাড়লেও স্বচ্ছতা নিয়ে আছে নানা প্রশ্ন।ব্যয় বেড়ে যাওয়ায় সরকার আয়ের নতুন পথ খুঁজছে।
তবে প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম এরকম-বাংলাদেশ জিডিপিতে সিঙ্গাপুর–হংকংকে ছাড়াল। খবরটিতে লেখা হয়েছে, বাংলাদেশ এখন এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম বৃহৎ অর্থনীতির দেশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে গত দুই যুগে সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে বাংলাদেশ এই অবস্থানে উঠল। ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩ তম বৃহৎ অর্থনীতির দেশ।
আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না: ফখরুলকে কাদের-দৈনিক যুগান্তর
কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন ব্যর্থ হলে বিএনপি মহাসচিবকে ষড়যন্ত্রের পথে না হাঁটার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন যদি শান্তিপূর্ণ হয়, তা হলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে।’বিএনপির আন্দোলনকে সরকার ভয় পায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবকে বলব, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না-এটিই আপনাদের কাছে আশা করি। এ সময় খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেন কাদের।
গণধর্ষণের ঘটনায় পাবনা থানার ওসি প্রত্যাহার, এসআই বরখাস্ত-দৈনিক ইত্তেফাক
পাবনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় সদর থানার ওসিকে প্রত্যাহার, এসআইকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। এই মামলায় আরো দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার নথিসূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট দিবাগত রাত থেকে আসামিরা এক গৃহবধূকে ৪ দিন আটকে রেখে পালাক্রমে গণধর্ষণ করে। এক সময় নির্যাতিতা পালিয়ে সদর থানায় আশ্রয় নেন এবং অভিযোগ করেন। কিন্তু তার অভিযোগ আমলে না নিয়ে পুলিশ ধর্ষক রাসেলের সঙ্গে তাকে বিয়ে দেন। এ ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়ায় জেলা পুলিশের নির্দেশে ৯ সেপ্টেম্বর তারিখে মেয়েটি বাদী হয়ে ৫ জনকে আসামি মামলা করেন। পরে পুলিশের ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
শীর্ষ এক হাজারেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়-দৈনিক নয়া দিগন্ত
লন্ডনভিত্তিক শিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রতি বছর বিশ্বের বিশ্ব্যবিদ্যালয়গুলোর যে র্যাঙ্কিং প্রকাশ করে তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজারের পরে। তালিকাটিতে ৯২টি দেশের ১৩ শ' বিশ্ববিদ্যালয় অন্তুর্ভুক্ত করা হয়েছে। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজারের পরের দিকে। বাংলাদেশের এই একটি বিশ্ববিদ্যালয়ই এ তালিকাতে স্থান পেয়েছে।শিক্ষার পরিবেশ, গবেষণার সংখ্যা ও সুনাম, সাইটেশন বা গবেষণার উদ্ধৃতি, এ খাত থেকে আয় এবং আন্তর্জাতিক যোগাযোগ বা সংশ্লিষ্টতাসহ পাঁচটি মানদণ্ড বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। র্যাঙ্কিংয়ে বিদেশী ছাত্রের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে শূন্য। অর্থাৎ বিশ্ববিদ্যালটির চার হাজার ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে কোনো বিদেশী শিক্ষার্থী নেই কিংবা থাকলেও সেই সংখ্যা সন্তোষজনক নয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
এনআরসি-তে ১২ লক্ষ হিন্দুর নাম বাদ, অসমে প্যাঁচে বিজেপি-দৈনিক আনন্দবাজার
অসমে চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি-তে বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম। সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের দাবি, এর মধ্যে বাঙালি হিন্দুর সংখ্যা ১০ থেকে ১২ লক্ষ। বাঙালি মুসলিম বাদ পড়েছেন দেড় থেকে দু’লক্ষ। এই ঘটনায় অস্বস্তিতে বিজেপি। কারণ তারা মনে করেছিল, বাদ পড়াদের তালিকায় মূলত সংখ্যালঘুদের নাম থাকবে। কিন্তু বাস্তবে হয়েছে ঠিক উল্টো। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের অর্ধেকের বেশি হিন্দু, গোর্খা এবং স্থানীয় আদিবাসী সমাজের লোক। এঁদের নাম এনআরসি থেকে বাদ পড়ার ফলে আগামী দিনে দলের হিন্দু ভোট-ব্যাঙ্ক ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন অসমের বিজেপি নেতারা। যদিও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘‘সরকার নাগরিকত্ব আইন সংশোধন করে হিন্দুদের নাগরিকত্ব দিয়ে দেবে।’’কিন্তু অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের অভিযোগ, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কারণ, ১৯৭১ সালের আগে যারা অসমে এসেছেন, তাঁরা কোনও ভাবেই নাগরিকত্ব আইনের সুবিধে পাবেন না।
কাশ্মীর ইস্যুতে ফের ধাক্কা পাকিস্তানের, হস্তক্ষেপ করতে নারাজ রাষ্ট্রসংঘ-দৈনিক সংবাদ প্রতিদিন
কাশ্মীর নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ডাক দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার গুতেরেস বলেছেন, কাশ্মীরসহ যাবতীয় সমস্যা নিজেদের মধ্যে আলোচনায় বসে মিটিয়ে নিক ভারত ও পাকিস্তান। শুধু তাই নয়, কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাবও খারিজ করে দিয়েছে মহাসচিবের অফিস। ৩৭০ ধারা বিলোপের পর থেকে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং বিবাদ তীব্র আকার নিয়েছে। এই বিবাদে যে কোনও সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। এই প্রসঙ্গে মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেছেন, কাশ্মীর নিয়ে উত্তেজনা কমানোর সময় মানবাধিকারকে পূর্ণ সম্মান দিতে হবে। রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধির সঙ্গেও কথা বলেছেন মহাসচিব। সকলকেই মহাসচিব বলেছেন, কাশ্মীর নিয়ে যেভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তাতে তিনি উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমেই দুই দেশের বিতর্ক মিটিয়ে নেওয়া উচিত।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২