সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১২:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে-দৈনিক যুগান্তর
  • মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতায় আসব: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
  • ছাত্রলীগের নেতৃত্ব: টাকার ভাগ নিয়ে যত ঝামেলা-দৈনিক প্রথম আলো
  • বাংলাদেশে ঢুকে মসজিদ নির্মাণে বিএসএফ’র বাধা-দৈনিক মানবজমিন
  • আরো ভয়াবহ অবস্থার অপেক্ষা : ডেঙ্গুর শেষ সেরুটাইপটি রয়েই গেছে-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ‘হিন্দি বলুন বেশি করে, হিন্দিই পারে দেশের ঐক্য অটুট রাখতে, অমিতের মন্তব্যে আলোড়ন-দৈনিক আনন্দবাজার
  • সীমান্তে সেনার দেহ উদ্ধার করতে ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের,-দৈনিক সংবাদ প্রতিদিন
  • পাক অধিকৃত কাশ্মীর ফেরত না দিলে যুদ্ধ বাধবে, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. অধিকতর উন্নয়ন প্রকল্পে ছাত্রলীগের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। কী বলবেন এ খবর সম্পর্কে?

২. গাজায় যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে.. এ হুমকি দিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেন তার এই হুমকি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতায় আসব: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

মন্ত্রিত্ব হারালে সাংবাদিকতায় ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আপনারা (সাংবাদিক) আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠানকে পত্রিকার শিরোনাম রাজনৈতিক করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা প্রাসঙ্গিক না কেন? এসময় সেতুমন্ত্রী বলেন, আপনারা সাংবাদিকতা করেন, আমিও আপনাদের অগ্রজ। মন্ত্রিত্ব গেলে আমি আবার সাংবাদিকতায় ফিরে আসব।

ছাত্রলীগের নেতৃত্ব: টাকার ভাগ নিয়ে যত ঝামেলা-দৈনিক প্রথম আলো

চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা আর টাকার বিনিময়ে কমিটি গঠন ছাত্রলীগের আয়ের প্রধান উৎস। অভিযোগ আকারে বিষয়গুলো দীর্ঘদিন ধরে এলেও এবার ছাত্রলীগের শীর্ষ দুই নেতৃত্ব সেটাই প্রমাণ করলেন। এসব অভিযোগে এবার তাঁদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে আলোচনা চলছে।৮ সেপ্টেম্বর রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেছেন।সর্বশেষ বৃহস্পতিবার গোলাম রাব্বানী ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন। চিঠিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ থেকে টাকা চাওয়ার অভিযোগ ও গুলিস্তানের কার্যালয়ের বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন তিনি।জানা গেছে, কমিটি বাণিজ্য আর মাদক ছাড়াও ছাত্রলীগ নেতাদের ওপর প্রধানমন্ত্রীর ক্ষুব্ধ হওয়ার বড় কারণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ওই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে বড় অঙ্কের টাকা চাওয়ার যে অভিযোগ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে, তাতেও ক্ষুব্ধ প্রধানমন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজে টাকা দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে, তাদের কাছ থেকে বরাদ্দের ৪ থেকে ৬ শতাংশ নিয়ে ছাত্রলীগকে দেওয়ার দাবি করেছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক—এমন অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি এ অভিযোগ জানিয়েও এসেছেন।

কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে-দৈনিক যুগান্তর

রাজধানীর বাসাবো এলাকায় এক চাকরিজীবী বলছিলেন, তার দুই কন্যাশিশুই যৌন নির্যাতনের শিকার হয়েছে। স্বামী প্রবাসে। একটি ৫ তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। পঞ্চম তলায় থাকতেন স্বামীসহ খালাতো বোন, বোনের ভাই। বোনের স্বামী ও ভাই দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় দুই শিশু।বিষয়টি জানার পর, ওই বাসা ছেড়ে শান্তিনগরে বাসা নেন। বর্তমানে ওই বাসার ভাড়াটিয়া, দারোয়ান, যে স্কুলে তারা (দুই সন্তান) পড়ে, সেই স্কুলের শিক্ষক, পথচারী, স্কুল ভ্যানচালক- কাউকেই বিশ্বাস করতে পারছেন না তিনি। দিন দিন শঙ্কা বাড়ছে।

তেজকুনিপাড়ার এক ব্যবসায়ী বলেন, ‘আমার তিন কন্যাসন্তান। আমার মতো অনেক বাবা-মা কন্যাসন্তানের নিরাপত্তা নিয়ে ঘরে বসেই টের পাচ্ছেন, যৌন নির্যাতন কতটা ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে।’ ডেমরা এলাকার অপর এক মা বললেন, ‘আমার দুই কন্যাশিশু চোখের আড়াল হলেই ব্যাকুল হয়ে পড়ি। কয়েক মাস আগে এলাকায় দুই কন্যাশিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে।’ একাধিক তরুণী-নারী বলেছেন, রাজধানীতে কোনো সময়ই নারী-শিশুদের নিরাপত্তা নেই। তারা মনে করেন, সমাজ-রাষ্ট্র-সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা নবজাতক, তরুণী থেকে শুরু করে বৃদ্ধ মহিলাদের নিরাপত্তা দিতে না পারা।জানুয়ারিতে রাজধানীর ডেমরা এলাকায় দুই কন্যাশিশুকে শারীরিক নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করা হয়। ৫ জুলাই রাজধানীর ওয়ারী এলাকায় ৭ বছরের কন্যাশিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়।সেভ দ্য চিলড্রেনের এক হিসাব বলছে, ২০১৯ সালের প্রথম ছয় মাসে সারা দেশে ৫৩৯ শিশু ধর্ষণের শিকার হয়েছে, এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৫ শিশুকে। এ সময়ের মধ্যে ৮২ শিশুকে হত্যা করা হয়েছে। নির্যাতনের এই হার ২০১৭ এবং ২০১৮ সালের তুলনায় অনেক বেড়েছে। ধর্ষণের শিকার সবচেয়ে বেশি হয়েছে রাজধানীতে।

বাংলাদেশে ঢুকে মসজিদ নির্মাণে বিএসএফ’র বাধা-দৈনিক মানবজমিন

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে কেরামতিয়া বড় মসজিদের দোতলা ভবন নির্মাণ কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মসজিদের জানালা নির্মাণ কাজে বাধা দেয় ভারতের শিতলকুচি থানার অমিত ক্যাম্পের বিএসএফ’র টহল দল। এ ঘটনায় বাংলাদেশি লোকজনসহ মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

পাক অধিকৃত কাশ্মীর ফেরত না দিলে যুদ্ধ বাধবে, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আজকাল

পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। না হলে যুদ্ধ বাধবে। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। যদি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যুদ্ধ না চায়, তাহলে অবশ্যই ইমরানের উচিত পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেওয়া। চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানে রামদাস বলেন, ‘পাকিস্তান যদি নিজেদের ভাল চায়, তাহলে তাদের উচিত এখনই পাক অধিকৃত কাশ্মীর আমাদের দিয়ে দেওয়া।

‘হিন্দি বলুন বেশি করে, হিন্দিই পারে দেশের ঐক্য অটুট রাখতে’, অমিতের মন্তব্যে আলোড়ন

দেশের সব প্রান্তের মানুষের মুখের ভাষা যাতে হিন্দি হয়ে ওঠে, তার পক্ষে জোর সওয়াল করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার দিল্লিতে পালিত হচ্ছে ‘হিন্দি দিবস’। সেই উপলক্ষ্যেই এ দিনের টুইটে অমিত লিখেছেন, ‘‘হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষির এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন এই ভাষাতেই।’এ ব্যাপারে পরে আরও একটি টুইট করেন অমিত। সেই টুইটে তিনি মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষা ব্যবহার বাড়ানোর উপর জোর দেন। সেই টুইটে অমিত লেখেন, ‘‘আজ হিন্দি দিবস।গত জুনে দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকার জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশের পরেই আলোড়ন শুরু হয় মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কারণ, ওই খসড়ায় স্কুলে হিন্দি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। প্রতিবাদে সামিল হয় তামিলনাড়ুর সবক’টি বিরোধী দলই। কেন্দ্রে এনডিএ-র অন্যতম শরিক দল এআইএডিএমকে-ও জাতীয় শিক্ষানীতির খসড়ার সংশ্লিষ্ট অনুচ্ছেদটি নিয়ে জোরালো আপত্তি জানায়।

সীমান্তে সেনার দেহ উদ্ধার করতে ভারতের কাছে আত্মসমর্পণ পাকিস্তানের-দৈনিক সংবাদ প্রতিদিন

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল তারাই। আর সেনার মৃত্যুর পর ভারতের কাছে মাথা নত করতেও বাধ্য হল তারাই। সীমান্তে পড়ে সেনার দেহ। আর তা উদ্ধারের জন্য সাদা পতাকা ওড়াতে বাধ্য হল পাকিস্তান। যে দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।সাদা পতাকার অর্থ আত্মসমর্পণ অথবা শত্রুপক্ষের সঙ্গে বিরতির চুক্তি করা। নিজেদের দেশের সেনার দেহ উদ্ধার করতে গিয়ে সেই সাদা পতাকাই দেখাতে হল পাকিস্তানকে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪