পুলিশকে আরও জনবান্ধব হতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- প্রয়োজনে নিজে ওসিগিরি করব: ডিএমপি কমিশনার-দৈনিক প্রথম আলো
- পুলিশকে আরও জনবান্ধব হতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- নেদারল্যান্ডসের ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদে শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
- মাসিক বেতনের ভিত্তিতে চালক নিয়োগ দিতে নির্দেশ হাইকোর্টের-দৈনিক নয়া দিগন্ত
- অধ্যাপক আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস-গডফাদাররা নিরাপদে-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- বিশ হাজার কোটির দাওয়াই আবাসনে, ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের-দৈনিক আনন্দবাজার
- হিন্দু-মুসলিম নয়, বাঙালি পরিচয়ই প্রথম’, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘দেশে সুপার ইমারজেন্সি চলছে,’ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কটাক্ষ মমতার-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
নেদারল্যান্ডসের ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদে শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
নেদারল্যান্ডসের বিখ্যাত ডিপ্লোম্যাট ম্যাগাজিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মাদার অব হিউম্যানিটি’ সংক্রান্ত খবরকে প্রচ্ছদ হিসেবে ব্যবহার করে তাদের চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করেছে। বৃহস্পতিবার দ্য হেগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ প্রচ্ছদ উন্মোচন করা হয়।
পুলিশকে আরও জনবান্ধব হতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন টেকসই করতে পুলিশকে আরও জনবান্ধব হতে হবে। কেননা বর্তমান সরকার দেশে আইনের শাসন নিশ্চিতে বদ্ধপরিকর। রোববার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, তাদের মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রয়োজনে নিজে ওসিগিরি করব: ডিএমপি কমিশনার-দৈনিক প্রথম আলো
থানাকে জনমুখী করতে প্রয়োজনে নিজেই থানায় গিয়ে ওসিগিরি করবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলছেন, ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তারা থানায় বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। দায়িত্ব নেওয়ার পর আজ রোববার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘থানায় গিয়ে অপরাধের শিকার মানুষ যেন হয়রানি ছাড়া জিডি বা মামলা করতে পারে সেই ব্যবস্থা করব। থানা থেকে ফেরার পথে যেন মানুষের মধ্যে এ আস্থা জন্মায় যে, “আমি সম্পদ ও সম্মান ফিরে পাব”—এই একটা বিশ্বাস নিয়ে সে যেন ফেরত আসতে পারে।’
ছাত্রলীগ সম্পর্কিত খবর আজকের প্রায় সবগুলো জাতীয় দৈনিক ও অনলাইনে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক যুগান্তরের কয়েকটি খবর এরকম, শৃঙ্খলাভঙ্গের কারণে সংগঠনের শীর্ষ পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অপসারণ ছাত্রলীগের ইতিহাসে প্রথম কোনো ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই প্রথম শৃঙ্খলাভঙ্গের কারণে ছাত্রলীগের শীর্ষ কোনো দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো। দৈনিকটি ছাত্রলীগের দুই ভারপ্রাপ্ত দায়িত্ব নেবেন সোমবার। তবে, ছাত্রলীগে চাঁদাবাজদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির নতুন দায়িত্ব পাওয়া আল নাহিয়ান জয়। তিনি বলেছেন, ছাত্রলীগ চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। আজ মধুর ক্যান্টিনে এসব কথা বলেন।
এদিকে দৈনিক মানবজমিন লিখেছে, অধ্যাপক আসিফ নজরুল তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, গডফাদাররা নিরাপদে। ছাত্রলীগের সভাপতি আর সাধারণ সম্পাদকের বাদ পড়াতে উল্লসিত হওয়ার কিছু নেই। কারণ তারা সমস্যা ছিলেন না, ছিলেন সমস্যার লক্ষণ।
গডফাদার ধরনের ছবিতে আমরা দেখি গডফাদারের কোন ক্যাডারকে মেরে ফেলা হয় তার অবাধ্যতা, অতিরিক্ত লোভ বা হিসেবে ভুল করার জন্য। মেরে ফেলা ক্যাডারের জায়গায় আসে নতুন ক্যাডার। পরিস্থিতি বদলায় না একটুও।
নতুন নেতৃত্ব আসার পর ছাত্রলীগের আচরণেও কোন পরিবর্তন আসবে বলে মনে হয়না। সবই চলবে, তবে একটু রেখে ডেকে হয়তো। কারণ ছাত্রলীগকে দিয়ে অপকর্ম করানো বা এসবের সুবিধাভোগীরা তো রয়েই গেছেন।
‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানীতে বিএনপির মিছিল-দৈনিক যুগান্তর
‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ।
দৈনিক প্রথম আলো নারীদের কর্মস্থলে যাওয়ার ভোগান্তি নিয়ে একটি প্রতিবেদন করেছে। শিরোনামটি এরকম-কর্মস্থলে যেতে নারীদের ভোগান্তি। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিশ্ব ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজকের দিনটির তাৎপর্য অতীব গুরুত্বপূর্ণ। অনেক দেশে গণতন্ত্র যখন সংকটাপন্ন, তখন বাংলাদেশেও বর্তমান অবৈধ সরকারের ছোবলে গণতন্ত্র মরণদশায়।
বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, কর্মজীবী মানুষের প্রায় এক-তৃতীয়াংশ নারী। কিন্তু সে অনুযায়ী নারীদের জন্য গণপরিবহনে তেমন সুবিধা নেই। তাঁদের বাসে উঠতে বাধা দেওয়া হয়, হতে হয় হয়রানি ও নির্যাতনের শিকার। আবার নির্ধারিত সিট থাকে পুরুষের দখলে। সমস্যা সমাধানে সরকারেরও নজর কম।
মাসিক বেতনের ভিত্তিতে চালক নিয়োগ দিতে নির্দেশ হাইকোর্টের-দৈনিক নয়া দিগন্ত
গণ পরিবহনে ট্রিপ ও দৈনিক ভিত্তিতে চালক নিয়োগ নিষিদ্ধ (ব্যান) করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে গণপরিবহনে কোম্পানিকে মাসিক বেতনের ভিত্তিতে চালক নিয়োগ দিতেও নির্দেশ দেয়া হয়েছে। ছয় মাসের মধ্যে আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুই বাসের রেষারেষিতে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের হাত হারানোর পর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায়ে এমন নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে,কুমিল্লায় বাসচাপায় ৩ ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
ডেঙ্গুতে এ পর্যন্ত ২০৩ জনের মৃত্যু-চিকিৎসায় ব্যয় সাড়ে ৩০০ কোটি টাকা-দৈনিক ইত্তেফাক
হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি কমলেও মৃত্যু থামছে না। চলতি বছর এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩ জনের মৃত্যুর তথ্য এসেছে। তন্মধ্যে আইইডিসিআর ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হয়েছে। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরো অনেক। এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ৪০ জন। একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৯৩৭ জন। চলতি বছর ডেঙ্গুর প্রকোপে চিকিত্সা ব্যয়েই প্রায় ৩৪৬ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। হাসপাতাল ভেদে একেক জন রোগী খরচ করেছেন প্রায় ১১ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। বিভিন্ন শ্রেণির ১২টি হাসপাতালের রোগীদের তথ্য পর্যবেক্ষণ করে এ গবেষণাটি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘দেশে সুপার ইমারজেন্সি চলছে,’ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কটাক্ষ মমতার-দৈনিক আজকাল
রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে টুইটারে কেন্দ্রকে ফের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সকালে টুইট পোস্টে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি লিখেছেন, ‘আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আসুন আমরা সকলে আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিই। এই সুপার এমারজেন্সি-র জমানায় মানুষের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য যা যা করতে হবে আমরা তা অবশ্যই করব।’এনআরসি, কেন্দ্রীয় গোয়েন্দা সংগঠনের তল্লাশি অভিযান, পুজো কমিটিকে আয়কর দপ্তরের নোটিস সহ কেন্দ্রের বিভিন্ন কাজের বিরোধিতা করেছেন মমতা।
বিশ হাজার কোটির দাওয়াই আবাসনে, ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের-দৈনিক আনন্দবাজার
ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম টাকা দিয়ে বসে রয়েছেন। এ দিকে প্রোমোটার টাকার অভাবে কাজই শেষ করতে পারছেন না! ক্রমশ দেউলিয়া হওয়ার দশা প্রোমোটার, আবাসন নির্মাণকারী সংস্থাগুলির। মাথায় হাত আমজনতারও। এই সমস্যার সমাধানের চেষ্টায় আজ নরেন্দ্র মোদী সরকার আবাসন ক্ষেত্রের জন্য প্রায় ২০ হাজার কোটি টাকার তহবিল তৈরির ঘোষণা করল। এর মধ্যে কেন্দ্র দেবে ১০ হাজার কোটি টাকা। বাকি অর্ধেক আসবে এলআইসি, ব্যাঙ্ক ও অন্যান্য সংস্থা থেকে।
পাক–জঙ্গি প্রবেশ করেছে কাশ্মীরে! চলছে তল্লাশি, জারি হাই অ্যালার্ট-দৈনিক আজকাল
শ্রীনগরে ঢুকে পড়েছে পাকিস্তানের জঙ্গি। একাধিক দলে ভাগ হয়ে ওই জঙ্গিরা উপত্যকায় হামলা চালাতে পারে। সেখানে এখন হাই অ্যালার্ট করা হয়েছে। সূত্রের খবর, অনেকদিন ধরেই এই চেষ্টা চালাচ্ছিল তারা। অবশেষে বারবার ব্যর্থ হওয়ার পর এবার ঢুকতে সক্ষম হয়েছে। তাই উপত্যকার পুলিসের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও জঙ্গি খুঁজতে তল্লাশি চালাচ্ছে। রাস্তায় গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। তল্লাশির জন্য বিভিন্ন রাস্তায় ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে। সরকারি এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, তাঁদের কাছে খবর রয়েছে শ্রীনগরে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে।
হিন্দু-মুসলিম নয়, বাঙালি পরিচয়ই প্রথম’, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন
হিন্দু-মুসলমান নয়, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। ধর্মীয় পরিচয়কে নসাৎ করে কলকাতায় বসে এভাবেই বাংলা তথা বাঙালির সপক্ষে সুর চড়ালেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ। কলকাতা প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক এক আলোচনাচক্রে শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদ বলেন, “ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়ে ভারত-পাকিস্তানের জন্ম হয়েছিল। কিন্তু সেই ভাগ যে ভুল ছিল তা বাংলাদেশ স্বাধীন করার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়ে গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এপার ও ওপার দুই বাংলা, আমরা পাশাপাশি দুই দেশে থাকি ঠিকই, কিন্তু আমরা প্রথমে বাঙালি, পরে হিন্দু-মুসলমান। ধর্মে প্রথম পরিচয় নয়, আগে মানুষ, পরে জাত-ধর্ম। আমাদের সবারই চেতনায় রবীন্দ্রনাথ-নজরুল। আমাদের মায়ের ভাষা একই, তাই দুই বাংলা তথা বাঙালির অগ্রগতিতে আমরা গর্বিত হই।”#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫