অপকর্ম করলে কেউ ছাড় পাবে না: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- অপকর্ম করলে কেউ ছাড় পাবে না: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
- এজাহার বদলে দিলেন ওসি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ-দৈনিক ইত্তেফাক
- ছাত্রলীগের পর এবার আলোচনায় যুবলীগ-দৈনিক প্রথম আলো
- ‘খালেদা জিয়াকে এতো ভয় পান কেন’-দৈনিক মানবজমিন
- হার্ডলাইনে শেখ হাসিনা আতঙ্কে বিতর্কিতরা-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- প্রয়োজনে আমি নিজে যাব, জম্মু-কাশ্মীর নিয়ে মামলায় পরিস্থিতি নিয়ে বললেন প্রধান বিচারপতি-দৈনিক আনন্দবাজার
- অসমের পর এবার এনআরসি হরিয়ানায়, ঘোষণা খাট্টারের-দৈনিক সংবাদ প্রতিদিন
- পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দখল খুব শীঘ্রই হারাবে পাকিস্তান: বিজয় রূপানি-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. জনাব সিরাজুল ইসলাম….দৈনিক কালের কন্ঠ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে- “ছাত্রলীগের কমিটি মানেই টাকার খেলা”। কি বলবেন আপনি এ শিরোনাম সম্পর্কে?
২. সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে সৌদি আরব এবং আমেরিকা দাবি করছে- ইরান এ হামলায় জড়িত। সামগ্রিকভাবে কিভাবে দেখছেন ঘটনাটিকে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণ
অপকর্ম করলে কেউ ছাড় পাবে না: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
অপকর্ম করলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ভবনে এক মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, দলের যত বড় নেতাই হোক না কেন, অপকর্ম করলে কেউ ছাড় পাবে না। যেসব নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে গেছে, তারা কেউই ছাড় পাবে না।তবে সবার বিরুদ্ধেই দলীয় ব্যবস্থা নেয়া হবে না, অনেকের বিরুদ্ধে প্রশাসনিকভাবেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংগঠনের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ছাত্রলীগের পর এবার আলোচনায় যুবলীগ-দৈনিক প্রথম আলো
গুরুতর সব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের দুই শীর্ষ নেতা পদ হারালেন। এরপর কার বা কোন সংগঠনের পালা—আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের অনেকের মধ্যে এখন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে আলোচনায় রয়েছে যুবলীগ।আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানায়, যুবলীগসহ অন্য সহযোগী সংগঠনের অনেক নেতার বিরুদ্ধেও চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কমিশন–বাণিজ্যের অভিযোগ রয়েছে। গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর যুবলীগের কয়েকজন নেতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সৌদিতে ধরপাকড়: নিঃস্ব হয়ে ফিরলেন ১৭৫ বাংলাদেশি কর্মী-দৈনিক যুগান্তর
রোববার রাত ১১টা ৭ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।একেবারে নিঃস্ব এসব কর্মী যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নামলেন, তখন তাদের অনেকেরই ছিল খালি পা, কারও মুখে এবড়োথেবড়ো দাড়ি। কেউ আবার সৌদিতে যে পোশাক পরে কাজ করতেন, সে পোশাকেই বাংলাদেশে ফিরেছেন।কর্মরত অবস্থায় সৌদি আরব প্রশাসনের ধরপাকড়ের শিকার হয়ে কোনো টাকাপয়সা না নিয়েই তাদের দেশে ফিরতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কর্মীরা।রোববার রাতে ঢাকায় পা রাখার পর বাড়ি যাওয়ার ও রাতের খাবার খাওয়ারও টাকা ছিল না তাদের কাছে।
‘খালেদা জিয়াকে এতো ভয় পান কেন’-ফখরুল-দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে সরকারের উদ্দেশ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন দেশনত্রেী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন। তাকে এতো ভয় পান কেন। এভাবে নির্যাতন-নিপীড়ন-হত্যা করে চিরদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, মুসোলিনি পারেনি, হিটলার পারেনি, আইয়ুব খান পারেনি, এরশাদ পারেনি। একাত্তরের পর আওয়ামী লীগও পারেনি, আপনারাও পারবেন না।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
অসমের পর এবার এনআরসি হরিয়ানায়, ঘোষণা খাট্টারের-দৈনিক সংবাদ প্রতিদিন
অসমের পর হরিয়ানায় এনআরসি? রোববার তেমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। তবে এ পরিকল্পনার ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি। এমনকী কবে নাগাদ এনআরসি হবে, সে ব্যাপারেও মুখ খোলেননি তিনি। এই নিয়ে দ্বিতীয়বারের মেয়াদে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন খাট্টার। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে বিজেপি আয়োজিত ‘জনসম্পর্ক কর্মসূচি’তে এদিন তিনি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি এইচ এস ভল্লা। এখন তিনি এনআরসি নিয়ে কাজ করছেন। আমিও ওঁকে বলেছি যে আমরা এখানে এনআরসি শুরু করব এবং কীভাবে করা যায়, সে ব্যাপারে ওঁর সাহায্যও চেয়েছি।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হযেছে, নাগরিক না হলে ভারত ছেড়ে চলে যাওয়া উচিত। গতকাল কোন্নগরের রাজ রাজেশ্বরী মন্দিরে এসে এনআরসি প্রসঙ্গে এমনই মন্তব্যই করলেন দ্বারকা মঠের প্রধান শংকরাচার্য স্বরুপানন্দ সরস্বতী মহারাজ।তিনি বলেন, ‘যাঁরা ভারতবর্ষের নাগরিক নন তাঁদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। কারণ, ভারতের জনসংখ্যা এমনিতেই অনেক বেশি।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দখল খুব শীঘ্রই হারাবে পাকিস্তান: বিজয় রূপানি-দৈনিক আজকাল
পাকিস্তান খুব শিগগিরিই তাদের দখলিকৃত কাশ্মীরের ক্ষমতা হারাতে চলেছে। রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এদিন গুজরাটের ভদোদরায় ‘ভারত একতা’ মিছিলে যোগ দিয়ে রূপানি বলেছেন, ‘৩৭০ ধারা বিলোপ হয়ে গিয়েছে। এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে–ও আমাদেরই। পাকিস্তান প্রস্তুত থাকুক পিওকে–র দখল হারানোর জন্য। একত্রিত ভারত গড়ার লক্ষ্যে আমরা পিওকে–র জন্য এগোতে তৈরি। পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করা। ভারত এগুলো একদম বরদাস্ত করবে না।’
প্রয়োজনে আমি নিজে যাব, জম্মু-কাশ্মীর নিয়ে মামলায় পরিস্থিতি নিয়ে বললেন প্রধান বিচারপতি-দৈনিক আনন্দবাজার
৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর উপত্যকায় ঘুরে ‘গ্রাউন্ড রিপোর্ট’ সংগ্রহ করতে দেখা গিয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। এ বার কাশ্মীরে যেতে চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আজ সোমবার জম্মু-কাশ্মীর সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়। তার মধ্যে একটি মামলায় অভিযোগ তোলা হয়েছিল, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এতটাই খারাপ যে, হাইকোর্টে মামলা পর্যন্ত করার পরিস্থিতি নেই। সেই মামলাতেই প্রধান বিচারপতি বলেন, ‘‘প্রয়োজন হলে আমি নিজে গিয়ে (হাইকোর্টে মামলা করার পরিস্থিতি রয়েছে কিনা) দেখে আসব’’। কাশ্মীর তথা ৩৭০ অনুচ্ছেদ ‘অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু’ বলে মন্তব্য করে কেন্দ্রকে নোটিস পাঠিয়ে জবাব তলবও করেছেন প্রধান বিচারপতি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬