কাউকে ছাড় নয়, সবার আমলনামা আমার কাছে :প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কাউকে ছাড় নয়, সবার আমলনামা আমার কাছে :প্রধানমন্ত্রী -দৈনিক ইত্তেফাক
- বাংলাদেশ ব্যাংকের অদক্ষতা ও অবহেলায় অর্থ চুরি-দৈনিক প্রথম আলো
- তদন্তে দোষী প্রমাণ হলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা: কাদের-দৈনিক যুগান্তর
- চারদিকে ভয়-শঙ্কা-অনিশ্চয়তা: ফখরুল-দৈনিক মানবজমিন
- যাচাই ছাড়াই ১৩ হাজার কোটি প্রাণিজ টিকা আমদানি-তিন হাজার ৫ কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- রাজস্থানে বিএসপির ৬ বিধায়কই যোগ দিলেন কংগ্রেসে, মায়াবতী বললেন, প্রতারণা -দৈনিক আনন্দবাজার
- ফের ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে বার্তা ট্রাম্পের -দৈনিক সংবাদ প্রতিদিন
- আধার–প্যানকার্ড সংযোগের শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর, না হলে দিতে হবে জরিমানা -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
কাউকে ছাড় নয়, সবার আমলনামা আমার কাছে :প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হার্ডলাইনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার আমলনামা এখন তার কাছে। বিতর্কিত কেন্দ্রীয় নেতা, মন্ত্রী-এমপিদের বিরুদ্ধেও অ্যাকশন শুরু হবে।ব্যক্তি অপকর্মের দায় দল ও সরকার নেবে না। কাউকে ছাড় দেওয়া হবে না।’অনিয়ম, দুর্নীতি ও দলের গঠনতন্ত্র, নীতি-আদর্শবিরোধী যে কোনো কর্মকাণ্ড করলেই ছাড় পাবেন না কেউই।একই সঙ্গে যুবলীগকেও শেষ বারের মতো সাবধান করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের ট্রাইব্যুনাল চাঁদাবাজদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। এদিকে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন শুরু হওয়ায় দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিতর্কিত নেতাকর্মীদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত হয়ে পড়েছেন বিতর্কিত মন্ত্রী-এমপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। গত শনিবার গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এসব কথা বলেন।
তদন্তে দোষী প্রমাণ হলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা: কাদের-দৈনিক যুগান্তর
ছাত্রলীগ নেতাদের চাঁদা দেয়ার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ফারজানা ইসলাম তদন্তে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঈদ সালামি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে ১ কোটি টাকা দিয়েছে বলে দাবি করেছেন জাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন।
বাংলাদেশ ব্যাংকের অদক্ষতা ও অবহেলায় অর্থ চুরি-দৈনিক প্রথম আলো
কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ চুরির ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক নিজেই। নিরাপত্তাব্যবস্থা ছিল অরক্ষিত, সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন দায়িত্বহীন। আর চূড়ান্ত সর্বনাশ ঘটানো হয় সুইফট সার্ভারের সঙ্গে স্থানীয় নেটওয়ার্ক জুড়ে দিয়ে। এর ছয় মাসের মধ্যেই গোপন সংকেত বা পাসওয়ার্ড জেনে নিয়ে চুরি হয় ৮ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকা)। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি হয় প্রায় সাড়ে তিন বছর আগে, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে। বাংলাদেশ ব্যাংক এক দিন পরে চুরির তথ্য জানতে পারলেও তা গোপন রাখে আরও ২৪ দিন। আর বিষয়টি অর্থমন্ত্রীকে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানায় ৩৩তম দিনে।
বাংলাদেশের কেউ রিজার্ভ চুরির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল কি না, কিংবা কারও দায়িত্বহীনতা বা অবহেলায় চুরি হয়েছে কি না, তাও জানা যায়নি। এমনকি কারও কোনো শাস্তিও হয়নি। সবাই আছেন বহাল তবিয়তে। কেউ কেউ পদোন্নতিও পেয়েছেন।ঘটনার প্রায় তিন বছর পরে, চলতি বছরের ৩১ জানুয়ারি ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এই মামলা নিউইয়র্কে চলবে কি না, সে নিষ্পত্তি এখনো হয়নি। অন্যদিকে, ফিলিপাইন এ নিয়ে বিশেষ সিনেট কমিটির শুনানি হয়েছে, মামলাও করা হয়েছে। একজন ব্যাংক কর্মকর্তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু যাদের অর্থ চুরি গেল, সেই বাংলাদেশ দৃশ্যমান কোনো ব্যবস্থাই নেয়নি। আবার চুরি যাওয়া অর্থও উদ্ধার করতে পারেনি। ভবিষ্যতে অর্থ উদ্ধার হবে—এমন সম্ভাবনার কথাও এখন আর কেউ বলছেন না।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ চুরির তথ্য ২৪ দিন পর্যন্ত সরকারের কাছে গোপন রেখেছিলেন তৎকালীন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান।
যাচাই ছাড়াই ১৩ হাজার কোটি প্রাণিজ টিকা আমদানি-তিন হাজার ৫ কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি-দৈনিক নয়া দিগন্ত
দেশে প্রাণিরোগের জন্য গত ২০১৭-১৮ অর্থবছরে ১৩ হাজার কোটি ভ্যাকসিন আমদানি করা হয়। গুণগত মান ও কার্যকারিতা যাচাই না করে আমদানির কারণে দেশের তিন হাজার ৫ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এমনকি আমদানিকৃত ভ্যাকসিন যাচাই করার মতো ল্যাবরেটরিক্যাল কোনো যন্ত্রপাতিও দেশে নেই। তা সত্ত্বেও তিন হাজার কোটি টাকার ভ্যাকসিন দেশে আমদানির অনুমতি দেয়া হয়। অন্য দিকে, ক্ষুরারোগের কারণে দেশে বছরে ৮১৯ কোটি টাকার এবং গোটপ্লেগ রোগের কারণে প্রায় এক হাজার ৮৪২ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। এই ভ্যাকসিন আমদানির অনুমতির ব্যাপারে পরিকল্পনা কমিশন বলছে প্রাণিসম্পদ অধিদফতরের কথা, আর প্রাণিসম্পদ অধিদফতর বলছে ওষুধ প্রশাসন অধিদফতরের দায়িত্ব। এ ব্যাপারে ওষুধ প্রশাসন অধিদফতরের কোনো বক্তব্য চেষ্টা করেও জানা যায়নি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
রাজস্থানে বিএসপির ৬ বিধায়কই যোগ দিলেন কংগ্রেসে, মায়াবতী বললেন, প্রতারণা-দৈনিক আনন্দবাজার
মাসদু’য়েক পর পুরভোটের আগে রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সরকার আরও শক্তপোক্ত হল। কংগ্রেসের সঙ্গে কার্যত মিশে গেল মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। বিএসপির ছয় জন বিধায়কই যোগ দিলেন কংগ্রেসে। রাজস্থানে তাঁর দলের সব বিধায়ককেই ভাঙিয়ে নেওয়ায় ক্ষুব্ধ বিএসপি নেত্রী মায়াবতী মঙ্গলবার একটি টুইটে কংগ্রেসকে ‘প্রতারক’ বলেছেন।
সোমবার মধ্যরাতেই তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় জন বিধায়ক একটি চিঠি তুলে দেন রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশীর হাতে। ওই ছয় বিধায়ককে নিয়ে ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় শাসক দল কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেড়ে হল ১০৬। শাসক জোটের শরিক রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) বিধায়ক রয়েছেন এক জন। এত দিন ওই বিএসপি বিধায়করা বাইরে থেকে সমর্থন করছিলেন কংগ্রেস সরকারকে।
এ দিন তাঁর টুইটে বিএসপি নেত্রী মায়াবতী লিখেছেন, ‘‘বিএসপির মধ্যে ভাঙন ধরিয়ে রাজস্থানে কংগ্রেস ফের প্রমাণ করল, তারা বিশ্বাসযোগ্য নয়। প্রতারক।
ফের ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে বার্তা ট্রাম্পের-দৈনিক সংবাদ প্রতিদিন
নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হওয়ার পরে ফের ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চান ট্রাম্প। মঙ্গলবার একথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। ভারত এবং পাকিস্তানের সঙ্গে বৈঠকও করব। আমি মনে করি তাতে পরিস্থিতির উন্নতি হবেই।’ ৩৭০ ধারা বাতিলের আগে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছিলেন ট্রাম্প। নরেন্দ্র মোদি এই বিষয়ে তাঁকে অনুরোধ করেছেন বলেও দাবি করেছিলেন। যদিও পরে এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হোয়াইট হাউস। এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলেও বিবৃতি দেয়। কিন্তু, ‘হাউডি মোদি’-র আগে এই মন্তব্য করে পুরনো বিতর্ক ফের উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ২২ সেপ্টেম্বর আমেরিকার হিউস্টনে নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনসভার নাম ‘হাউডি মোদি’।
আধার–প্যানকার্ড সংযোগের শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর, না হলে দিতে হবে জরিমানা-দৈনিক আজকাল
আর মাত্র হাতে ১৩ দিন। আধার–প্যানকার্ড সংযোগের শেষ সময়সীমা। অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে এই সংযোগের সময়সীমা। আগে ৬ মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর শেষ সময়সীমা করেছিল কেন্দ্র। বিবৃতি দিয়ে জানানো হয়, বায়োমেট্রিক পরিচয়পত্র আধারের সঙ্গে প্যান কার্ড সংযোগের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। আর এই সময়সীমার মধ্যে সংযুক্তিকরণ না হলে দিতে হবে চড়া জরিমানা।
জরিমানা হিসাবে আয়কর রিটার্ন দাখিল করা যাবে না। ৫০ হাজার টাকার ওপরে লেনদেন করা যাবে না। ষষ্ঠবার আধার ও প্যান কার্ড সংযোগের সময়সীমা বাড়িয়েছিল কেন্দ্র। নয়া বিবৃতি জারি করে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস জানিয়ে দেয়, ‘এখন আধার নম্বর তৈরি ও প্যানের সঙ্গে আধার সংযোগের সময়সীমা ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর করা হল।’ ফলে জরিমানা থেকে বাঁচতে এখনই সংযোগ করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছর ১ এপ্রিল থেকে আয়কর দেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭