সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১১:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • কারও কথা শোনে না মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আমু-দৈনিক ইত্তেফাক
  • নির্বাচন কার্যালয়ের অফিস সহায়কের কোটি টাকার ৫ তলা বাড়ি-দৈনিক প্রথম আলো
  • ৩৬ ঘন্টায় বিশ্বজুড়ে ছড়াতে পারে ফ্লু, মারা যেতে পারে ৮ কোটি মানুষ-দৈনিক মানবজমিন
  • দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ‘আমরা আগ্রাসন বরদাস্ত করব না’, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের মন্তব্যে বিবৃতি ইসলামাবাদের-দৈনিক আনন্দবাজার
  • ১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে অযোধ্যা মামলার শুনানি, নির্দেশ সুপ্রিম কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতির জনক বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. জনাব....জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের বরাদ্দকৃত অর্থ থেকে চাঁদা দাবি করার ঘটনায় ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে পদ থেকে সরিয়ে দেয়ার পর এখন আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলাম। এনিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় নানা রকম শিরোনাম হচ্ছে। সবার প্রশ্ন- তার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে? আপনার কি মনে হয়?

২. সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা সৌদি আরবের পক্ষে কারো সঙ্গে যুদ্ধ করতে চায় না। একই রকমের কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আমেরিকার এই তুলনামূলক দুর্বল অবস্থানের কারণ কী বলে আপনার মনে হয়?জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: আমু-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই মুক্তিযোদ্ধারা শান্তিতে আছে। দেশের উন্নয়ন হচ্ছে।

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কার্যালয়ের অফিস সহায়কের কোটি টাকার ৫ তলা বাড়ি-দৈনিক প্রথম আলো

বাঁশখালী থানার পাশ দিয়ে একটি সড়ক চলে গেছে পৌর সদরের আশকরিয়া পাড়ার দিকে। সড়ক ধরে যেতে যেতে ‘জয়নালের বাড়ি কোনটি’ জানতে চাইতেই সবাই পথ দেখিয়ে দিলেন। জয়নাল আবেদীন এ পাড়ায় বেশ পরিচিত নাম। গ্রামীণ এই পাড়ার বেশির ভাগ ঘর কাঁচা বেড়ার। দু-একটি দোতলা বা তিনতলা পাকা ভবন রয়েছে। সবকিছুকে ছাপিয়ে গেছে এ পাড়ায় জয়নালের নির্মাণাধীন পাঁচতলা ভবনটি।

চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীন (৩৫) কোটি টাকার এই বাড়ি নির্মাণে হাত দিয়েই এলাকায় খুব পরিচিতি লাভ করেছেন। তাঁর গ্রেপ্তারের খবরও গ্রামের কমবেশি সবাই জানেন। নির্বাচন কার্যালয়ের ল্যাপটপ ব্যবহার করে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে গত রোববার রাতে গ্রেপ্তার হন তিনি। তাঁর বন্ধুর কাছ থেকে উদ্ধার করা হয় ২০১৫ সালে নির্বাচন কার্যালয়ের খোয়া যাওয়া একটি ল্যাপটপ। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে জয়নালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কারও কথা শোনে না মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার অত্যন্ত রক্ষণশীল। তারা কারও কথা শোনে না। তবে আশার কথা হলো তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা প্রত্যাবাসনবিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৮ কিংবা ১৯৯২ সালেও তারা আলোচনার মাধ্যমে তাদের লোকদের ফেরত নিয়েছিল। তবে এবার সংখ্যাটা অনেক বেশি। ১৯৯২ সালে ২ লাখ ৫৩ হাজার ছিল। তারমধ্যে ২ লাখ ৩০ হাজার চলে যায়। এবার ১৩ লাখ। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তিনি বলেন, মিয়ানমার যাদের উপর নির্ভর করে সেই চীন বা রাশিয়া এখন অনেকটাই আমাদের পক্ষে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একবাক্যে স্বীকার করেছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন অত্যাবশ্যক। তারাও আমাদের সঙ্গে একমত, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হলে এই অঞ্চলে অনিশ্চয়তা দেখা দেবে।

৩৬ ঘন্টায় বিশ্বজুড়ে ছড়াতে পারে ফ্লু, মারা যেতে পারে ৮ কোটি মানুষ-দৈনিক মানবজমিন

৩৬ ঘন্টায় বিশ্বজুড়ে ছড়াতে পারে ফ্লু, মারা যেতে পারে ৮ কোটি মানুষ

মাত্র ৩৬ ঘন্টার মধ্যে সারাবিশ্বে ছড়িয়ে পড়তে পারে ফ্লু। এমনটা হলে বিশ্বে মারা পড়বে ৮ কোটি মানুষ। এ সতর্কবাণী দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক প্রধান ডা. গ্রো হারলেম ব্রান্ডটল্যান্ড।  বিশ্বের উচ্চ পদস্থ বিশেষজ্ঞদের সঙ্গে তার লেখা ‘এ ওয়ার্ল্ড অ্যাট রিস্ক’ শিরোনামের এক রিপোর্টে তিনি ও তার সঙ্গী গবেষকরা এসব কথা বলেছেন। বলা হয়েছে, যদি এমন ফ্লু ছড়িয়ে পড়ে তাহলে তা মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই বিশ্ব নেতাদের। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।

রিপোর্টে স্মরণ করিয়ে দেয়া হয়েছে একশত বছর আগে স্পেনে মহামারি আকারে ছড়িয়ে পড়া ফ্লুর কথা। তাতে আক্রান্ত হয়েছিল বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। আর মারা গিয়েছিলেন কমপক্ষে ৫ কোটি মানুষ। এখন আগের চেয়ে মানুষের দেশান্তরী হওয়া বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বৃদ্ধি পেয়েছে। ফলে এখন যদি ওই একই রকম ফ্লুর প্রাদুর্ভাব ঘটে তাহলে তার প্রতিক্রিয়া হবে খুবই ভয়াবহ।

দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

দেশে নির্বাচিত সরকার নেই বলে সর্বস্তরে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ বুধবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে দুর্নীতির ব্যাপকতা তুলে ধরে তিনি বলেন, আপনারা দেখেছেন যে, একটা পিয়নের চাকরির জন্য সরকারি অথবা আধা সরকারি যেকোনো সংস্থায় এমনকি বিশ্ববিদ্যালয়েও যেকোনো চাকরির জন্য টাকা দিতে হয়। একজন পিয়নের জন্য ৩ লাখ টাকা, একজন নার্সের ৫ লাখ টাকা এমনকি টিআইবির যে রিপোর্ট বেরিয়েছে শুনলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার নিয়োগের জন্য ব্রাউন ইনভেলাপ অর্থাৎ টাকার খাম লাগে। প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ১০ লাখ টাকা করে নির্ধারণ হয়ে থাকে। অর্থাৎ এমন কোনো জায়গা নাই যেখানে বাণিজ্য নাই, ঘুষ ও অন্যায় অবৈধভাবে অর্থ উপার্জনের ব্যবস্থা নাই। দেশে নির্বাচিত সরকার নাই বলে দেশের সর্বস্তরে আজ দুর্নীতি ছড়িয়ে পড়েছে। আমি বলব, আজকে দুর্নীতি সর্বকালের সমস্ত রেকর্ড ভঙ করেছে এই সরকারের সময়ে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘আমরা আগ্রাসন বরদাস্ত করব না’, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের মন্তব্যে বিবৃতি ইসলামাবাদের-দৈনিক আনন্দবাজার

পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই। নয়াদিল্লিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠকেবিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই বিবৃতিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আক্রমণ শানাল ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, এই ধরনের বিবৃতি দুই প্রতিবেশী দেশের মধ্যে আরও বেশি করে উত্তেজনা তৈরি করবে। 

মঙ্গলবার জয়শঙ্কর ঠিক কী বলেছিলেন? বুধবার বিকেলে রাজধানীতে জয়শঙ্কর সাংবাদিক বৈঠকে একটি প্রশ্নের উত্তরে বললেন, ‘‘আমরা খুব পরিষ্কার ভাবে বলছি, পাক-অধিকৃত কাশ্মীরও ভারতের অংশ। আমরা আশা করি, এক দিন তা আমাদের নিয়ন্ত্রণে আসবে। শুধু জয়শঙ্করই নয়, সরকারি ভাবেই ভারতের তরফে বারবার এই মর্মেই বিবৃতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও ইতিপূর্বে বলেছেন, পাকিস্তানের সঙ্গে কথা হলে হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। 

ভারতের এই অনড় মনোভাবই পাকিস্তানের মাথাব্যথা। ইসলামাবাদের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‘ভারতের এই আগ্রাসী মনোভাবকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এই ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। ভারতের প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে আরও বেশি করে উত্তেজনা তৈরি করবে।আমরা শান্তির বাতাবরণেই বিশ্বাসী, কিন্তু কোনও রকম আগ্রাসন আমরা বরদাস্ত করব না, পাল্টা জবাব দেব।’’

কাশ্মীরে ফের অনুপ্রবেশের মরিয়া চেষ্টা পাকিস্তানি সেনার, গ্রেনেড ছুঁড়ে রুখল ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

কাশ্মীরে ভারতীয় সেনা

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। পরমাণু হুমকি থেকে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা। সবরকম উপায়ে উত্তেজনাছড়ানোর চেষ্টা করছে। এর জন্য কাশ্মীর সীমান্তের উরি, কেরান, পুঞ্চ ও মেন্ধার ও নৌসেরা-সহ বিভিন্ন সেক্টরের ওপারে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম(ব্যাট)-এর সদস্য ও জঙ্গিদের জড়ো করেছে। তাদের সাহায্য করারজন্য পাঠানো হয়েছে স্পেশাল সার্ভিস গ্রুপের জওয়ানদেরও। গত কয়েক মাসে পাকিস্তানের ব্যাট-র সদস্যদের ২-৩টি অনুপ্রবেশের চেষ্টা রুখেছেন ভারতীয় সেনা জওয়ানরা। বুধবার সেই রকম একটি ঘটনার ভিডিও প্রকাশ করাহল সেনার তরফে। জঙ্গিদের মদত দেওয়া বা অনুপ্রবেশ নিয়ে গোটা বিশ্বের কাছে পাকিস্তান যে মিথ্যে বলছে, এই ভিডিওর মধ্যে দিয়ে তা ফের প্রমাণ হল।

১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে অযোধ্যা মামলার শুনানি, নির্দেশ সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল

ভারতের সুপ্রিম কোর্ট

আগামী ১৮ অক্টোবরের মধ্যে অযোধ্যা মামলায় শুনানি শেষ করতে হবে। বুধবার এই মামলার ২৬ তম শুনানির দিন চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি এই মামলারআবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতিরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮