ক্যাসিনো চালানোর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ক্যাসিনো চালানোর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- টেকনাফে 'বন্দুকযুদ্ধে' দুই রোহিঙ্গাসহ নিহত ৩-দৈনিক যুগান্তর
- ক্যাসিনো পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে ’-দৈনিক ইত্তেফাক
- জাতিসঙ্ঘে এবারো রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ -দৈনিক নয়া দিগন্ত
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দুদুর বিরুদ্ধে মামলা-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- রাজীবকে পেতে মরিয়া সিবিআই,-দৈনিক আনন্দবাজার
- পাকিস্তানের বিরুদ্ধে হামলার ছক কষেছিলেন মনমোহনও! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য-দৈনিক সংবাদ প্রতিদিন
- অসমে এনআরসি নিয়েই মূলত কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে’ বৈঠক শেষে বললেন মমতা ব্যানার্জি-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
ক্যাসিনো চালানোর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের কাছে এ কথা বলেন তিনি।গতকাল বুধবার রাজধানীর গুলিস্তান, ফকিরাপুল ও বনানীর চারটি ক্যাসিনোতে (জুয়ার আসর) অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করে দেয় র্যাব। আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতা দীর্ঘদিন ধরে এসব অবৈধ ক্যাসিনো চালিয়ে আসছিলেন। এর মধ্যে একটি ক্যাসিনো চালাতেন আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। গতকাল গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানের খবর পেয়ে ক্যাসিনো পরিচালনার সঙ্গে যুক্ত অন্য নেতারা গা ঢাকা দেন। তবে চার ক্যাসিনো থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার, ইয়াবাসহ গ্রেপ্তার করা ১৮২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
আর দৈনিক ইত্তেফাকের একটি খবরের শিরোনাম এরকম, ক্যাসিনো পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে ’-ডিএমপি কমিশনার
এ খবরে লেখা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে ক্যাসিনো পরিচালনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ক্যাসিনোতে পুলিশও অভিযান পরিচালনা করবে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ডিএমপি বলেন, রাজধানীতে অবৈধ জুয়ার আড্ডা, ক্যাসিনো চলতে দেয়া হবে না। এসব জুয়ার বোর্ড, ক্যাসিনো পরিচালনা ক্ষেত্রে যতো প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে।
এদিকে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবের অবৈধ ক্যাসিনো মালিক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে। অস্ত্র ও মাদক রাখা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে গুলশান থানায় এ মামলা করা হয়।দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, থানা থেকে ৩০০ গজ দূরে ক্যাসিনো, জানত না পুলিশ!
শেখ হাসিনার শাসনামল গণমাধ্যমের জন্য সোনালী অধ্যায় : গণপূর্ত মন্ত্রী-দৈনিক ইত্তেফাক
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল হচ্ছে গণমাধ্যমের জন্য একটি সোনালী অধ্যায়।মন্ত্রী বলেন, গণমাধ্যম আজকে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। এই সরকার সবচেয়ে বেশি সংবাদপত্র এবং টিভি চ্যানেল পরিচালনার অনুমতি দিয়েছে। এদেশে বেসরকারি টিভি চ্যানেলের যাত্রাও শুরু হয় শেখ হাসিনার ১৯৯৬-২০০১ সময়কালে।
ইত্তেফাকের অন্য একটি খবরে লেখা হয়েছে, বাংলাদেশ এখন প্রশিক্ষিত জনশক্তি বিদেশ পাঠাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, দেশে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ এখন দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠাচ্ছে। প্রতিটি জেলা থেকে দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা থেকে ১৬ হাজার দক্ষ এবং প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে। আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দুদুর বিরুদ্ধে মামলা-দৈনিক মানবজমিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহি মামলাটি করেন। দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আদালতে মামলার বাদি এ আবেদন জমা দেন।মামলার অভিযোগে বলা হয়, আসামি শামসুজ্জামান দুদু গত ১৮ই সেপ্টেম্বর বনানীর নিজ বাসভবনে বেসরকারি টেলিভিশন ডিবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনারও বিদায় হবে। যা ওই চ্যানেলটিতে প্রচার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। আসামি এ বক্তব্য প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যাচেষ্টা করছেন।
জাতিসঙ্ঘে এবারো রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ-দৈনিক নয়া দিগন্ত
জাতিসঙ্ঘের ৭৪তম সাধারণ অধিবেশন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরে এবারো রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। প্রধানমন্ত্রীর সাধারণ পরিষদে দেয়া ভাষণ, সাইড ইভেন্টে আয়োজিত বিশেষ বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক বিশ্বকে সম্পৃক্ত করতে জোর প্রচেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোমেন। বুধবার নিউ ইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এছাড়াও আসামের এনআরসি ইস্যু, রোহিঙ্গা সংকট ও কাশ্মিরের উদ্ভূত পরিস্থিতি নিয়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসঙ্ঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউ ইয়র্ক পৌছবেন বলে কথা রয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
রাজীবকে পেতে মরিয়া সিবিআই-দৈনিক আনন্দবাজার
রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমারের নাগাল পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সিবিআই। এক দিকে যেমন আইনি লড়াইয়ের জন্যে তৈরি কেন্দ্রীয় গোয়েন্দারা, তেমনই রাজীবকে পেতে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হচ্ছে। একই সঙ্গে নতুন করে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে ফের চিঠি দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। অন্য দিকে, পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাসভবনে গিয়ে হাজিরা দেওয়ার জন্য বৃহস্পতিবার দ্বিতীয় নোটিস ধরানো হয়েছে। এখানেই থেমে থাকেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের চারটি দল এ দিন সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়। এদিকে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরেই কলকাতায় রাজীবের খোঁজে অতি তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু হয়েছে।
অসমে এনআরসি নিয়েই মূলত কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে’ বৈঠক শেষে বললেন মমতা ব্যানার্জি-দৈনিক আজকাল
বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অসমে এনআরসি নিয়েই মূলত কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বৈঠক শেষে সংবাদমাধ্যমে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, ওই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। নাগরিক পঞ্জির প্রক্রিয়া অনেক ভুল আছে, একথা স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।আমি জানিয়েছি, এই গোটা প্রক্রিয়ায় বাদ পড়েছে প্রচুর বাঙালি, হিন্দিভাষী এবং গোর্খারা। তাঁদের যেন পুনরায় নাগরিকত্ব প্রমাণের সুযোগ করে দেওয়া হয়, সেবিষয়টি নিয়ে কথা হয়েছে।’তবে বাংলায় এনআরসি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়নি। বাংলায় এনআরসির কোনও প্রয়োজন নেই।
পাকিস্তানের বিরুদ্ধে হামলার ছক কষেছিলেন মনমোহনও! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য-দৈনিক সংবাদ প্রতিদিন
সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের ধাঁচে পাকিস্তানের উপর হামলার ছক কষেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংও। সম্প্রতি এই তথ্য ফাঁস করেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সম্প্রতি তাঁর আত্মজীবনী প্রকাশ পেয়েছে। তাতেই প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, মনমোহন সিং পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। মুম্বই হামলার মতো আর কোনও বড় সন্ত্রাসবাদী হামলা হলেই পাকিস্তানের উপর সেনা অভিযান করতেন তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯