সেপ্টেম্বর ২০, ২০১৯ ১২:৫৩ Asia/Dhaka
  • ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
    ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • আ.লীগের নেতারাও নজরদারিতে: কাদের-দৈনিক প্রথম আলো
  • যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে র‌্যাবের অভিযান, বিপুল টাকা উদ্ধার: -দৈনিক কালেরকণ্ঠ
  • ক্যাসিনো চালাচ্ছে যুবলীগ-আ’লীগ : মির্জা ফখরুল -দৈনিক যুগান্তর
  • ঢাবির সান্ধ্যকালীন কোর্সে ভর্তি জালিয়াতির কোনো সুযোগ নেই-দৈনিক ইত্তেফাক
  • ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন দেখছিনা-দৈনিক মানবজমিন-
  • কারা পেতেন ক্যাসিনো থেকে আয়ের ভাগ, নাম বলেছেন খালেদ –দৈনিক নয়া দিগন্ত–                

ভারতের খবর:

  • কর ছাড় ঐতিহাসিক সিদ্ধান্ত, ফল পাবেন দেশবাসী, টুইট প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • আজ থেকে যাদবপুরের পড়ুয়াদের পেটানো শুরু হবে, বললেন সায়ন্তন বসু-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
  • আইনের ছাত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দ–দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

 

আ.লীগের নেতারাও নজরদারিতে: কাদের-দৈনিক প্রথম আলো

দলের মধ্যে শুদ্ধি অভিযানের কথা নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতিমধ্যে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। ওবায়দুল কাদের আজ শুক্রবার সাংবাদিকদের বলেছেন, শুধু ছাত্রলীগ বা যুবলীগের নেতারাই নজরদারিতে আছেন তা নয়, মূল দল আওয়ামী লীগের অনেক নেতাকেও নজরদারিতে রাখা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আজ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেছেন, যাঁরা দলের ভাবমূর্তি নষ্ট করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। কোনো ধরনের অপকর্মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, নানা অপকর্মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে।

যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে র‌্যাবের অভিযান, বিপুল টাকা উদ্ধার: -দৈনিক কালেরকণ্ঠ

যুবলীগ নেতা জি কে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। তাঁকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে এ অভিযান চালানো হচ্ছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

যুবলীগ নেতা জি কে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব

তবে তাঁর কার্যালয় থেকে কত টাকা উদ্ধার করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। অনুসন্ধানে দেখা গেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের খুবই ঘনিষ্ঠ। সেই জি কে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক। এদিকে, অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ।

ক্যাসিনো চালাচ্ছে যুবলীগ-আলীগ : মির্জা ফখরুল -দৈনিক যুগান্তর

দেশ দুর্নীতি-মাদকসহ নানা অপরাধে ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজধানীসহ সারা দেশের শহরগুলোতে ক্লাবের নামে ক্যাসিনোতে জুয়ার আড্ডা বসছে। এই ক্যাসিনোগুলো চালাচ্ছে ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গ সংগঠন যুবলীগের ক্যাডাররা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুর্নীতিতে ছেয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগ সব অযোগ্যদের উপাচার্য নিয়োগ দিয়েছে।

ঢাবির সান্ধ্যকালীন কোর্সে ভর্তি জালিয়াতির কোনো সুযোগ নেই’-দৈনিক ইত্তেফাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৪ শিক্ষার্থীর ভর্তির বিষয়ে ওঠা অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি জালিয়াতির কোনো সুযোগ নেই।' শুক্রবার বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

dr

ড. মো. আখতারুজ্জামান

এর আগে, গত মার্চ মাসে অনুষ্ঠিত ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনকে সামনে রেখে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সমর্থক একটি ছাত্র সংগঠনের সাবেক ও বর্তমান ৩৪ জন নেতাকে ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধীনে পরিচালিত মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে বিনা ভর্তি পরীক্ষায় ভর্তি করার অভিযোগ ওঠে। গত ৮ সেপ্টেম্বর গণমাধ্যমে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সকলের নজরে আসে।

ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন দেখছিনা-দৈনিক মানবজমিন

জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেছেন, ছাত্র রাজনীতিতে এখন পর্যন্ত ইতিবাচক কোন পরিবর্তন দেখছিনা। ছাত্রনেতাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কিন্তু সামগ্রিকভাবে ছাত্র রাজনীতির বদল হয়েছে বলে মনে হয়না। তবে সামনে পরিবর্তন হবে বলে আশা করি। ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হলে যেমন রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও পদক্ষেপ নিতে হবে।

জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামান

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব। আগে ছাত্র লেখাপাড়ার করতো, পাশাপাশি রাজনীতি করতো। এখন ছাত্র রাজনীতিতে ব্যাপক টাকার প্রসার ঘটেছে। এটা হচ্ছে ছাত্র রাজনীতির বিকারের দিক। এট কে তো আর ছাত্র রাজনীতি বলা যাবে না। এখনকার ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতিকে অবলম্বন করে আর্থিক সুবিধা নেয়া। ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হলে প্রকৃত ছাত্রদের সম্পৃক্ত করতে হবে ছাত্র রাজনীতিতে।

কারা পেতেন ক্যাসিনো থেকে আয়ের ভাগ, নাম বলেছেন খালেদ দৈনিক নয়া দিগন্ত

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেফতারের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ক্যাসিনো ব্যবসার সাথে দেশি-বিদেশি সিন্ডিকেটের বিষয়েও তিনি মুখ খুলেছেন।

যুবলীগের বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া

ক্যাসিনো পরিচালনা থেকে আসা আয়ের ভাগ কার কার কাছে যেত তাদের নামও বলেছেন খালেদ। সূত্র জানায়, রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবের অবৈধ ক্যাসিনো মালিক যুবলীগ নেতা খালেদ যাদের নাম বলেছেন, তাদের মধ্যে বিদেশে অবস্থানকারী আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী এবং রাজিনীতিবিদও রয়েছেন। প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের ম্যানেজ করেই ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণ করতেন খালেদ। যুবলীগের একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রণ করতেন বলেও জানিয়েছেন খালেদ। তার দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করছে র‌্যাব।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

কর ছাড় ঐতিহাসিক সিদ্ধান্ত, ফল পাবেন দেশবাসী, টুইট প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা

বাজারকে চাঙ্গা করতে কর্পোরেট করে ছাড় দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের। সেই ঘোষণাকে ‘ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী। এই পদক্ষেপ মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও উৎসাহ দেবে বলেও জানিয়েছেন মোদী। বাজারে লগ্নির পরিমাণ বাড়াতে শুক্রবারই কর্পোরেট করে ছাড় দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রকের এই পদক্ষেপের প্রশংসা করে তিনি লেখেন, ‘কর্পোরেট করে ছাড় দেওয়ার ঘোষণা একটি ঐতিহাসিক। এটা মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও উৎসাহ দেবে। দুনিয়া জুড়েই বেসরকারি পুঁজিকে বিনিয়োগের জন্য আকর্ষণ করবে। বেসরকারি ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। এতে আরও কর্মসংস্থান হবে। ১৩০ কোটি ভারতীয়ই এর ফল পাবেন।’

আজ থেকে যাদবপুরের পড়ুয়াদের পেটানো শুরু হবে, বললেন সায়ন্তন বসু-দৈনিক আজকাল

যাদবপুরে কাল ভাঙচুর করেছেন এবিভিপি সমর্থকরা। অভিযোগ উঠেছে, বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। আর এই গোটা ঘটনা নিয়ে এদিন বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে মিছিল বের করে বিজেপি। প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন সায়ন্তন বসু, জয় ব্যানার্জি, অগ্নিমিত্রা পল সহ অনেকেই। আর সেখানেই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। উস্কানিমূলক মন্তব্য করার জন্য তিনি জনপ্রিয়। এবারেও সেই উস্কানি দিলেন তিনি।

বিজেপি নেতা সায়ন্তন বসু

মিছিল থেকে প্রথমে বললেন, ‘গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি।’‌ এরপরেই সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি সমর্থকরা ভাঙচুর করেছেন, আগুন লাগিয়েছেন ক্যাম্পাসে, পড়ুয়াদের মেরেছেন। তখনই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সায়ন্তন বলেন, আমার তো মনে হয় আরও মারধর করা উচিত ছিল। রাস্তায় ফেলে পেটানো উচিত ছিল যাদবপুরের পড়ুয়াদের। কাল সেটা হয়নি। আজ থেকে শুরু হবে। যাদবপুরের পড়ুয়াদের এবার পেটানো শুরু হবে।’‌

আইনের ছাত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দদৈনিক সংবাদ প্রতিদিন

আইনের ছাত্রীকে হুমকি দিয়ে এক বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ। নানা টানাপোড়েনের পর অবশেষে বিজেপির প্রাক্তন সাংসদ স্বামী চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করা হল। শুক্রবার সকালে শাহজাহানপুর থেকে তাকে পাকড়াও করে সিট।  শাহজাহানপুরে সাংবাদিক বৈঠক ডেকে ওই তরুণী অভিযোগ করেন স্বামী চিন্ময়ানন্দ টানা এক বছর ধরে হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন।

বিজেপির প্রাক্তন সাংসদ স্বামী চিন্ময়ানন্দ

উত্তরপ্রদেশের বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলার পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আইনের স্নাতকোত্তর ছাত্রী। মেয়ে নিখোঁজ হওয়ার মাঝে পুলিশের কাছে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিগৃহীতার বাবা। মাঝে কেটে যায় বেশ কয়েকদিন। গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে করে পুলিশের বিরুদ্ধেও সুর চড়ান আইনের ছাত্রী। তাঁর দাবি, প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করে পুলিশ। এবং অভিযোগ নেওয়ার পরেও বিজেপি নেতা চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করেনি বলেও দাবি করেন নির্যাতিতা। পাশাপাশি তিনি এ-ও জানান সিটের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।