সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বাদ যাবেন না এমপিরাও : স্বরাষ্ট্রমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বাদ যাবেন না এমপিরাও : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- গণপরিবহনে শৃঙ্খলা কোনো সিন্ডিকেটই বাধা হতে পারে না-দৈনিক যুগান্তর
- শামীমের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক-দৈনিক প্রথম আলো
- ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত-২০-দৈনিক মানবজমিন
- ঢাবি ছাত্রলীগ সভাপতির গ্রেফতার চায় ছাত্রদল-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- পাক ড্রোনে ঢুকছে অস্ত্র! নয়া ছক জঙ্গিদের, পঞ্জাবে ধৃত ৪-দৈনিক আনন্দবাজার
- ভারতে সব ভাল আছে’, হিউস্টনে মোদির মুখে বাংলায় ভাষণ-দৈনিক সংবাদ প্রতিদিন
- কেন্দ্রীয় সরকারি দপ্তরের সামনে হবে প্রতিবাদ’, ঘোষণা মমতার-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় ২০ জন আহত হয়েছে বল খবর দিয়েছে দৈনিক মানবজমিন পত্রিকা। খুব সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর এ ঘটনা ঘটলো। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. সংলাপকে অসম্ভব করে তুলেছে আমেরিকা -একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। কেন তিনি একথা বলছে- বিষয়টি কি আপনি একটু ব্যাখ্যা করবেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বাদ যাবেন না এমপিরাও : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
সরকারের কাছে রাঘব বোয়াল, চুনোপুটি বলে কিছু নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যরাও বাদ যাবেন না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ক্যাসিনো কিভাবে চালু হলো সে বিষয়ে তদন্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজদের বিষয় আমাদের কানে এসেছে। এসবের সঙ্গে যারা জড়িত তাদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।’ ক্যাসিনো অভিযানের পর অনেকে গা ঢাকা দিয়েছেন আবার অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরে আমাদের একটা লিস্ট থাকে। তাই কখনই বিমানবন্দর দিয়ে অপরাধীরা দেশ ছেড়ে যেতে পারে না। যাদের বিচার চলছে বা যারা অপরাধী তাদের লিস্ট বিমানবন্দর এবং ইমিগ্রেশনে থাকে।
ইত্তেফাকের অন্য একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গডফাদার ও দুর্নীতিবাজদের সাথে কোনো আপস হবে না। নিজের দলের লোক অপরাধ করলেও তাকে ছাড় দেয়া হবে না।আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
গণপরিবহনে শৃঙ্খলা-কোনো সিন্ডিকেটই বাধা হতে পারে না-দৈনিক যুগান্তর
গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না- এ খাতে গড়ে ওঠা চাঁদাবাজ সিন্ডিকেটগুলোর কারণে। বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত ‘সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিলম্ব : জনমনে হতাশা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা বিষয়টি তুলে ধরেন। শুধু তাই নয়, চাঁদাবাজ সিন্ডিকেট ও নানা চক্রের কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে গত বছর প্রধানমন্ত্রীর দেয়া ৫ দফা নির্দেশনা বাস্তবায়নও আলোর মুখ দেখছে না। বস্তুত, বেড়ায় যদি ক্ষেত খায় তখন করার কিছুই থাকে না। অন্যথায় খোদ প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা বাস্তবায়িত হবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকারের শীর্ষমহলের উচিত গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে যে কোনো ধরনের সিন্ডিকেট- হোক সেটি মালিক-শ্রমিক বা অন্য, কঠোর হস্তে দমন করা। জানা যায়, পরিবহন খাতের চাঁদাবাজ সিন্ডিকেট বছরে হাজার কোটি টাকার বেশি অর্থ আদায় করে থাকে।
ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত-২০-দৈনিক মানবজমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আজ বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ছাত্রদল নেতাকর্মীরা হাকিম চত্ত্বর থেকে টিএসসি’র দিকে যাওয়ার সময় রড, লাঠি নিয়ে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তার আগে হাকিম চত্ত্বরে অবস্থানকালে তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাসসহ কয়েক নেতাকর্মী।
ঢাবি ছাত্রলীগ সভাপতির গ্রেফতার চায় ছাত্রদল-দৈনিক নয়া দিগন্ত
নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশের দ্বিতীয় দিনেই ছাত্রলীগের হামলার শিকার হয় ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপির এই সহযোগী সংগঠনটি। তাদের মধ্যে ৭-৮ জনের অবস্থা গুরুতর বলে জানান তারা। ছাত্রদলের নব নির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অভিযোগ করেন, ছাত্রদলের ওপর এই হামলা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের প্রত্যক্ষ নেতৃত্বে চালানো হয়েছে। তিনি বলেন, ‘এ ন্যাক্কারজনক হামলার জন্য দায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিত। আমরা তার গ্রেফতার দাবি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জোর দাবি করছি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভারতে সব ভাল আছে’, হিউস্টনে মোদির মুখে বাংলায় ভাষণ-দৈনিক সংবাদ প্রতিদিন
অমিত শাহ যেখানে ‘এক রাষ্ট্র, এক ভাষা’ নিয়ে রব তুলেছেন, সেখানে আমেরিকায় গিয়ে অন্তত আটটি আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মধ্যে অন্যতম ছিল পাঞ্জাবি, তামিল, গুজরাটি এবং বাংলা। আমেরিকার হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের কুশলবার্তা দিতে গিয়ে অন্য ভাষার পাশাপাশি বাংলাতেও প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে সব খুব ভাল আছে।’ মোদির এই বক্তব্যের পর গোটা প্রেক্ষাগৃহ ফেটে পড়ে করতালিতে। আমেরিকার এনআরজি স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হয় ‘হাউডি মোদি’। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রায় ৫০ হাজার প্রবাসী ভারতীয়।
সংবাদ প্রতিদিনের অন্য একটি খবরে লেখা হয়েছে,‘হাউডি মোদি’ জনসভায় ‘ইসলামিক সন্ত্রাসবাদ’ ইস্যুতে পাকিস্তানকে বিঁধলেন ট্রাম্প
বিস্তারিত খবরে বলা হয়েছে, দুই দেশ। দুই গণতন্ত্র। ভারত যেমন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, আমেরিকাও তেমন বিশ্বের প্রাচীনতম। আবার দু’দেশেরই মাথাব্যথার কারণও একই। ইসলামিক সন্ত্রাস এবং অনুপ্রবেশ। তাই রবিবার ‘হাউডি মোদি: শেয়ার্ড ড্রিমস, ব্রাইট ফিউচার’ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সেই চিরাচরিত সমস্যার উপরই আলোকপাত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নাম না করে বিঁধলেন ভারতের পড়শি দেশ, পাকিস্তানকে।
পাক ড্রোনে ঢুকছে অস্ত্র! নয়া ছক জঙ্গিদের, পঞ্জাবে ধৃত ৪-দৈনিক আনন্দবাজার
সম্মুখসমরে লড়াই করার ক্ষমতা তাদের নেই তা আগেই স্বীকার করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাই পেছন থেকে আঘাত করার ছক কষেছে পাকিস্তান। গোয়েন্দারা আশঙ্কা করছেন ড্রোনের সাহায্যেই পাঞ্জাবে অস্ত্র পাঠাচ্ছে আইএসআই এবং পাক সেনা। এই আশঙ্কার কারণ, তরণতারণ জেলায় বিপুল অস্ত্র–গুলি উদ্ধার হয়েছে।
গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, সম্প্রতি তরণতারণ জেলা থেকে খালিস্তান জিন্দাবাদ গোষ্ঠীর চার জঙ্গিকে ধরেছে পাঞ্জাব পুলিশ। তাদের কাছ থেকে ৫টি একে ৪৭ রাইফেল, পিস্তল, স্যাটেলাইট ফোন, গ্রেনেড–সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার হয়েছে। ড্রোনের সাহায্যেই ওইসব অস্ত্র পাঞ্জাবে ঢুকিয়েছে পাকিস্তান বলে মনে করা হচ্ছে। পাঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্তা জানান, বিপুল সংখ্যক জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করবে। কাশ্মীরের এখনকার পরিস্থিতিতে তারা জম্মু–কাশ্মীর এবং পাঞ্জাবে নাশকতা করার পরিকল্পনা করেছে।
কেন্দ্রীয় সরকারি দপ্তরের সামনে হবে প্রতিবাদ’, ঘোষণা মমতার-দৈনিক আজকাল
কেন্দ্রীয় সংগঠন বিলগ্নিকরণের প্রতিবাদে এবার পথে নামবে তৃণমূল। রাষ্ট্রীয় এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির সামনেই হবে প্রতিবাদ, বিক্ষোভ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রমিক দিবসের অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা জানিয়ে দিলেন, আগামী ২৬ তারিখ কাশীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এবং ২৭ তারিখ কোল ইন্ডিয়ার সামনে প্রতিবাদ সভা হবে। ১৮ অক্টোবর শিয়ালদা থেকে ফেয়ারলিপ্লেসের সামনে পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। তারপর দিল্লিতে ৪৮ ঘণ্টা ধরনা দেবে তৃণমূল। তারপর চেন্নাই, মুম্বই সহ দেশের বিভিন্ন রাজ্যে বিরোদী দলগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে তৃণমূল।
মমতা এদিন বলেছেন, ‘আমার প্রতি ক্ষোভ থাকতে পারে। আমি কিন্তু কারও চাকরি খাইনি। ত্রিপুরায় ভোটের আগে বলেছিল সব ডিএ দিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত তা হয়নি। বিএসএনএল–এর কর্মীদের বেতন না পাওয়া, এয়ার ইন্ডিয়া বন্ধের চেষ্টা, প্রতিরক্ষা এবং ব্যাঙ্কিং ক্ষেত্রকে বিলগ্নিকরণের চেষ্টা, রেলের বেসরকারিকরণের প্রতিবাদ জানাতে সবাইকে স্বর ওঠাতে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, ‘কথা বলতে ভয় পেলে সোশ্যাল সাইটে প্রতিবাদ জানান। আপনারা যদি সাহসী হন, আমি তাহলে দুঃসাহসী হব।’ রাজ্যের বিরোধী দলগুলির প্রতি উষ্মা প্রকাশ করে মমতা এদিন বলেছেন, তৃণমূলের কোনও ছোট ঘটনাতে বিক্ষোভ দেখালেও বিজেপির এধরনের জাতীয় ইস্যুগুলি নিয়ে কখনও প্রতিবাদ করেনি তারা।
জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে এদিন রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে মমতা বলেছেন, ‘এনআরসি নিয়ে অযথা ভয় পাবেন না।’ এরাজ্যে ইতিমধ্যেই এআরসি–র জন্য ৬ জনের মৃত্যুর জন্য আক্ষেপ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য, ‘রাজ্য সরকারের অনুমোদন ছাড়া এনআরসি সম্ভব নয়। আমরা তো কখনওই তা করতে দেব না। বন্যায় নথি হারিয়ে গেলে থানায় একটা ডায়রি করে রাখুনন। ভোটার লিস্টে নাম তোলার কাজ চলছে। সেখানে সব জানান। ভয় পাবেন না। কোনও অসুবিধা হলে দিদিকে বলো–তে অভিযোগ জানান। দ্রুত পদক্ষেপ করা হবে।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩