আ.লীগের দুই নেতার বাড়িতে কোটি টাকা, ৭২০ ভরি সোনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৪ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আ.লীগের দুই নেতার বাড়িতে কোটি টাকা, ৭২০ ভরি সোনা-দৈনিক প্রথম আলো
- জি কে শামীম সরকারি সব টেন্ডার পায় কী করে: পূর্তমন্ত্রী-দৈনিক যুগান্তর
- বিএনপি আমলে ক্যাসিনো সংস্কৃতির শুরু : তথ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অর্জনের কথা বিশ্ববাসীকে শোনালেন শেখ হাসিনা দৈনিক ইত্তেফাক
- নারায়ণগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর ছাত্রলীগ নেতার হামলা-দৈনিক নয়া দিগন্ত
- প্রতি রাতে উড়তো কোটি কোটি টাকা-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ৯/ ১১ পরবর্তী আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে যোগ দেওয়া ভুল হয়েছিল’, বিস্ফোরক ইমরান-দৈনিক আনন্দবাজার
- ‘হাউডি মোদি’র পরই ভোলবদল ট্রাম্পের, ইমরানের সুরেই দিলেন মধ্যস্থতার বার্তা-দৈনিক সংবাদ প্রতিদিন
- মুখ্যমন্ত্রীই থাকতেন অবৈধ বাড়িতে! ভাঙা পড়বে চন্দ্রবাবুর অমরাবতীর বাড়ি-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অর্জনের কথা বিশ্ববাসীকে শোনালেন শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
স্বল্প আয়ের মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশের নেওয়া পরিকল্পনার কথা বিশ্ববাসীকে শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি (ইউএইচসি) অর্জনে অভিন্ন লক্ষ্যের অগ্রগতি ত্বরান্বিত করতে জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইকোসক চেম্বারে সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি (ইউএইচসি)’র ওপর উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি ‘সকলে মিলে স্বাস্থ্যসম্মত বিশ্ব গড়ে তুলতে বৈশ্বিক স্বাস্থ্যসেবা’ শীর্ষক একটি অনুষ্ঠানে সহসভাপতিত্ব করছিলেন।বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী জানান কীভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ অর্জনকে সাধুবাদ জানান সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেওয়া অর্থ সত্যিকারের গরিব মানুষের কাছে পৌঁছাতে হবে। যেন সেই অর্থ ধনীদের আরো ধনী করতে না খরচ হয়।
আ.লীগের দুই নেতার বাড়িতে কোটি টাকা, ৭২০ ভরি সোনা-দৈনিক প্রথম আলো
ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গেন্ডারিয়ার মুরগিটোলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা এনামুল হক ও রুপন ভূঁইয়ার বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাব ৩ অভিযান চালিয়েছে। আজ মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ১ কোটি ৫ লাখ অবৈধ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়। ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রথম আলোকে বলেন, ‘এনামুল হক ও রুপন ভূঁইয়া গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের দুই নেতা।’
প্রতি রাতে উড়তো কোটি কোটি টাকা-দৈনিক মানবজমিন
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এ ক্লাবের প্রধান কার্যালয়ে রোববার অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় বিপুল ক্যাসিনো সামগ্রী ও নথিপত্র। ঐতিহ্যবাহী এ ক্লাবে গড়ে ওঠা ক্যাসিনোর চিত্র দেখে অনেকে হতবাক হয়েছেন। ওই ক্লাব থেকে উদ্ধার হওয়া নথিপত্র থেকে দেখা যায়, প্রতিদিন এখানে কয়েক কোটি টাকা লেনদেন হতো ক্যাসিনোতে। ক্লাবে প্রতিদিন কমন রুমে জুয়া খেলতে আসতেন প্রায় হাজার লোক।
এদিকে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে ও ডোবায় পড়ে থাকা বিপুল পরিমান কুচি (কাটা) করা টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত ১০ বস্তা কেটে ফেলা টাকা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কোথা থেকে কিভাবে এখানে এসব কাটা টাকা এলো তা স্থানীয়রা বলতে পারেনি।
জি কে শামীম সরকারি সব টেন্ডার পায় কী করে: পূর্তমন্ত্রী-দৈনিক যুগান্তর
s
সরকারের প্রায় সব ঠিকাদারি কাজ জি কে শামীম কিভাবে পেয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এক্ষেত্রে কারো দুর্নীতি বরদাশত করা হবে না। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, দেশে ক্লাব ব্যবসার আড়ালে ক্যাসিনোর বৈধতা দিতে সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সরকারের আমলে ক্যাসিনো সংস্কৃতির শুরু। আর সে সময় এ দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও এর সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘হাউডি মোদি’র পরই ভোলবদল ট্রাম্পের, ইমরানের সুরেই দিলেন মধ্যস্থতার বার্তা-দৈনিক সংবাদ প্রতিদিন
‘হাউডি মোদি’র মঞ্চ থেকে নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের আখড়া বলেছিলেন মোদি। ট্রাম্পকে সাক্ষী করে সন্ত্রাস দমনে ভারত অগ্রণী ভূমিকা নেবে বলেও জানান মোদি। ট্রাম্পও সন্ত্রাস বাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের ডাক দেন। কিন্তু, সেই বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভোলবদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করে ট্রাম্প বললেন, তিনি পাকিস্তানকে বিশ্বাস করেন। এবং ভারত ও পাকিস্তান চাইলে তিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে পারেন। ‘হাউডি মোদি’র পর সোমবারই ইমরানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।‘হাউডি মোদি’র পর সোমবারই ইমরানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে পাক প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি পাকিস্তানের উপর ভরসা করি।
৯/ ১১ পরবর্তী আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে যোগ দেওয়া ভুল হয়েছিল’, বিস্ফোরক ইমরান-দৈনিক আনন্দবাজার
৯/১১ এর ঘটনার পরে বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ভুল করেছিল পাকিস্তান। সোমবার নিউইয়র্ক থেকে এমনটাই স্বীকারোক্তি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খানের। পারভেজ মুশারফের সরকারের ওই সিদ্ধান্তের সমোলচনায় মুখর ইমরান এদিন কাউন্সিল অব ফরেন রিলেশনের মঞ্চ থেকে বলেন, ‘যা করা সম্ভব নয়, সেই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হয়নি।’ মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের তালিবান সরকার মাত্র তিনটি দেশের সমর্থন পেয়েছিল। তাদের একটি ছিল পাকিস্তান। ৯/১১ এর ঘটনা সেই সমীকরণ বদলে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেয় পাকিস্তান। সোমবার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে ব্যখ্যা করেন ইমরান।
মুখ্যমন্ত্রীই থাকতেন অবৈধ বাড়িতে! ভাঙা পড়বে চন্দ্রবাবুর অমরাবতীর বাড়ি-দৈনিক আজকাল
অমরাবতীতে কৃষ্ণা নদীর পাড়ে তৈরি হওয়া অবৈধ বাড়ি ভাঙার কাজে নিযুক্ত কর্মীরা দ্রুত এগোচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বাড়ির দিকে। ২০১৬ সালে হায়দরাবাদ থেকে চলে আসার পর অমরাবতীর ওই বাড়িতেই থাকতেন নাইডু। অন্ধ্র প্রদেশ ক্যাপিটাল রিজিওনাল ডেভেলপমেন্ট অথরিটি বা এপিসিআরডিএ–র পাঠানো ওই নোটিসে বলা হয়েছে, নদীতীরের ১০০ মিটারের মধ্যে ৬ একর জমির উপর নাইডুর বাড়িটি কোনও অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছিল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন