সেপ্টেম্বর ২৫, ২০১৯ ১৪:০১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ -দৈনিক ইত্তেফাক
  • আ’লীগ ফেঁসে গেলে দোষ চাপায় বিএনপির ওপর: রিজভী -দৈনিক যুগান্তর
  • রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে চার দফা প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • অনিয়ম-দুর্নীতির কারণে সারাদেশে ডেঙ্গু ছড়িয়েছে: টিআইবি -দৈনিক মানবজমিন
  • এডিবির পূর্বাভাস : জিডিপি প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ -দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • চিন্ময়ানন্দকাণ্ডে গ্রেফতার অভিযোগকারী তরুণী, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ-দৈনিক আনন্দবাজার
  • চাকরি বা জমি হারানোর ভয় নেই, কাশ্মীরিদের আশ্বাস মোহন ভাগবতের -দৈনিক সংবাদ প্রতিদিন
  • তিন রাজ্যের বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক জৈশ–ই–মহম্মদের, জারি উচ্চ সতর্কতা -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. চুনোপুঁটি থেকে রাঘববোয়াল কেউই রেহাই পাবে না- একথা বলেছেন আ. লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনি কী মনে করেন সরকার এই ঘোষণা বাস্তবায়ন করতে পারবে? 

২. ইরান এবং আমেরিকাকে আলোচনায় বসা উচিত- একথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। আপনার কী মনে হয় এ ধরনের কোনো বৈঠকের সম্ভাবনা আছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে চার দফা প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রলম্বিত রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি এই বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে চার দফা প্রস্তাব উত্থাপন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও ওআইসি সেক্রেটারিয়েট যৌথভাবে জাতিসংঘ সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাবগুলো আমি জাতিসংঘের চলতি ৭৪তম অধিবেশনে উত্থাপন করব, সেগুলো উল্লেখ করছি। প্রস্তাবগুলো হচ্ছে—

১. রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারকে অবশ্যই তাদের রাজনৈতিক ইচ্ছা সুস্পষ্ট করতে হবে। এ জন্য রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার কর্তৃপক্ষ কী করছে, সেটাও সুস্পষ্টভাবে বলতে হবে।

২. বৈষম্যমূলক আইন ও চর্চা পরিত্যাগ করতে হবে। এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন রাজ্যে ‘যাও ও দেখ’—এই নীতিতে পরিদর্শনের অনুমতি দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই তাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।

৩. রাখাইন রাজ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেসামরিক পর্যবেক্ষক মোতায়েন করে মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই রোহিঙ্গাসহ সবার নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা বিধান করতে হবে।

৪. আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গা সংকটের মূল কারণ ও রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা দূর করা হয়েছে।

অতীতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছিলেন বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, সেই প্রস্তাবে কফি আনান কমিশনের সুপারিশসমূহের পরিপূর্ণ বাস্তবায়নসহ রাখাইন রাজ্যে একটি বেসামরিক নিরাপদ পর্যবেক্ষণ এলাকা প্রতিষ্ঠার প্রস্তাবও ছিল।

‘দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’-দৈনিক ইত্তেফাক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসস্থ শুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'যাদেরকে ধরা হয়েছে তারা সত্যিকার অর্থে অপকর্মকারী। মাদক, দুর্নীতি সন্ত্রাস-চাঁদাবাজি টেন্ডারবাজি যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে চুনোপুঁটি-রাঘব-বোয়াল কেউই ছাড় পাবে না।'

তিনি আরও বলেন, 'ব্যক্তি ছোট চুনোপুঁটি হলেও অনেকে দুর্নীতিতে রাঘব বোয়াল হয়েছেন। অপরাধী যত বড় আর যত ছোট হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।' এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লোক দেখানো নয়, দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকার।

আ’লীগ ফেঁসে গেলে দোষ চাপায় বিএনপির ওপর: রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের চিরাচরিত নীতি হচ্ছে- তারা কোনো বড় কেলেঙ্কারি করে ধরা খাওয়ার পর যখন আর সামাল দিতে পারে না, তখন তারা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে দোষ চাপায় বিএনপির ওপর। তারা ফেঁসে গেলে সব দোষ চাপায় বিএনপির ওপর। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা একবার বলেন- ক্যাসিনো নাকি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আবার কদিন পর বলেন- না ক্যাসিনো চালু করেছেন মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক হোসেন ফালুরা।

ব্যর্থতা ঢাকতে অযথা সমালোচনা নয়, বিএনপিকে তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ব্যর্থতা ঢাকার জন্য অযথা সমালোচনা না করার জন্য বিএনপিকে অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ অনুরোধ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দেশ থেকে অনাচার নির্মূলে বিএনপিকে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি অনুরোধ- আসুন, আমরা দেশের জন্য কাজ করি। ব্যর্থতা ঢাকার জন্য অযথা সমালোচনা করবেন না।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রেখেছেন, আবার মদ-জুয়াও চালু করেছেন। মানুষ এখন অনেক সচেতন, এসব বোঝে। বিএনপিই দেশে মদ-জুয়া চালুর হোতা।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল সাহেবকে বলব- আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে একটু তাকান, কীভাবে তিনি রাষ্ট্রকে কলুষিত করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান অভিযান প্রশংসনীয়। কিন্তু যারা এ অভিযানকে স্বাগত জানাচ্ছেন না, প্রশংসা করছেন না; এটি রাজনৈতিক হীনমন্যতা।

অনিয়ম-দুর্নীতির কারণে সারাদেশে ডেঙ্গু ছড়িয়েছে: টিআইবি-দৈনিক মানবজমিন

Image Caption

অনিয়ম-দুর্নীতির কারণে এবার সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এর ফলে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং দুই শতাধিক মানুষ মারা গেছেন। ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে বা নিধনের জন্য একই ওষুধ কিনতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চেয়ে দক্ষিণ সিটি ৪০ শতাংশ বেশি খরচ করেছে। টিআইবি বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কীটনাশক কেনাসহ বার্ষিক পরিকল্পনায় অনিয়ম ছিল তাদের। দরপত্র পদ্ধতি, নথি ও দাখিলেও অনিয়ম দেখা গেছে। কীটনাশক কেনার আগে মাঠপর্যায়ে পরীক্ষায় অনিয়ম ও সীমাবদ্ধতা ছিল। মশক নিধন কার্যক্রমেও অনিয়ম দুর্নীতি আছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

চিন্ময়ানন্দকাণ্ডে গ্রেফতার অভিযোগকারী তরুণী, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ-দৈনিক আনন্দবাজার

চিন্ময়ানন্দকাণ্ডে এ বার গ্রেফতার অভিযোগকারিণী আইনের শিক্ষার্থী

চিন্ময়ানন্দকাণ্ডে এ বার গ্রেফতার অভিযোগকারিণী। গ্রেফতারের পরে তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  শাহজাহানপুরের ওই আইনের ছাত্রীকে বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তোলাবাজির অভিযোগে। পড়ুয়ার পরিবারের অভিযোগ, পুলিশ জোর করে কার্যত টানতে টানতে তাঁকে বাড়ি থেকে নিয়ে যায়। এমনকি, তাঁকে চটি পরার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, প্রথমে তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর গ্রেফতার করা হয়। তরুণী যাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন, সেই ৭২ বছর বয়সি বিজেপি নেতা চিন্ময়ানন্দ  গ্রেফতারির পর থেকেই রয়েছেন হাসপাতালে।

স্থানীয় এক আদালত মঙ্গলবার ওই ছাত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন শুনতে রাজি হয়। শুনানির দিন ধার্য হয় বৃহস্পতিবার। তার আগেই গ্রেফতার করা হল তাঁকে। তাঁর অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে তাঁকে ধর্ষণ করেছেন চিন্ময়ানন্দ। গত ২৪ অগস্ট বিজেপি নেতার বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন এই ছাত্রী। তিনি বারবারই দাবি করেছেন, চিন্ময়ানন্দ তাঁকে ব্ল্যাকমেল করেছেন। তাঁকে বন্দুক দেখিয়ে দিনের পর দিন নিপীড়ন চালানো হয়েছে। দেশে আলোড়ন ফেলে দেওয়া এই মামলায় গত ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয় সিট।

তিন রাজ্যের বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক জৈশ–ই–মহম্মদের, জারি উচ্চ সতর্কতা-দৈনিক আজকাল

তিন রাজ্যের বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক জৈশ–ই–মহম্মদের

সীমান্ত পেরিয়ে হামলার ছক ধরে ফেলেছে ভারত। ড্রোন পাঠানোর কথাও জেনে গিয়েছে। সীমান্তে জঙ্গি মজুত করে রেখেও কোনও লাভ হচ্ছে না। উলটে ভূমিকম্পে ক্ষতি হয়ে গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। তাই বিকল্প এবং ভয়াবহ পথ বেছে নিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদ। এবার তারা ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালাবার ছক কষেছে। গোপন এই খবর জানতে পেরে ইতিমধ্যেই সতর্ক করেছে। 

গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, জম্মু–কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে থাকা বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাবার ছক কষেছে। তাই এই জায়গাগুলিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। 

অমিত শাহ-নরেন্দ্র মোদি ও অজিত দোভাল

আর সংবাদ প্রতিদিন লিখেছে, নরেন্দ্র মোদি, অমিত শাহ ও অজিত দোভালকে খুনের পরিকল্পনা করেছে জইশ-ই-মহম্মদ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ৩৭০ ধারা বাতিলের ঘটনা কোনওভাবেই মেনে নিতে পারছে পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা। কোনও কিছুতেই কাজ হচ্ছে না দেখে শেষে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও অজিত দোভালকে খুনের পরিকল্পনা নিয়েছে তারা। সম্প্রতি দ্য ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের কাছে একটি চিঠি এসেছে। তাতে বর্তমান ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তির নাম জইশ-ই-মহম্মদের হিট লিস্টে আছে বলে উল্লেখ করা হয়েছে।

চাকরি বা জমি হারানোর ভয় নেই, কাশ্মীরিদের আশ্বাস মোহন ভাগবতের-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত

কাশ্মীরের যুবাদের মন থেকে ভয় দূর করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীরিদের একাত্ম করা যাবে বলেই মনে করছেন তিনি।

মঙ্গলবার বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেছেন, “জম্মু-কাশ্মীরে বাসিন্দাদের ভরসা দিতে হবে যে, রাজ্যের বিশেষ মর্যাদা না থাকলেও তাদের চাকরি বা জমির উপর কোনও বিপদ নেই। ৩৭০ ধারা রদের পরে জম্মু-কাশ্মীরের যুবদের মনে চাকরি ও জমি হারানোর যে ভয় রয়েছে তা দূর করা প্রয়োজন। কাশ্মীরের মানুষদের মনে এই বিশ্বাস জাগাতে হবে যে ৩৭০ ধারা রদের ফলে ভারতের বাকি অংশের সঙ্গে তারা একাত্ম হতে পারবে।” ৩৭০ ধারা বিলোপের পক্ষে সওয়াল করে ভাগবত বলেন, এই ধারা আসলে কাশ্মীরিদের দেশের থেকে আলাদা করে রেখেছিল।

এদিকে কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা করেছে ভারত। নয়া দিল্লি সাফ জানিয়েছে, কাশ্মীর নিয়ে পাকিস্তান অযথা এ নিয়ে সবাইকে ভুল বোঝাচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫