সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১২:২৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম: 

  • পূজায় ভারতকে ৫০০ টন ইলিশ দিচ্ছে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক
  • বিএনপি ক্যাডার থেকে আন্ডারওয়ার্ল্ডের ডন ফিরোজ-দৈনিক ইত্তেফাক
  • সম্রাট কোথায়?-দৈনিক প্রথম আলো
  • নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছি: কাদের-দৈনিক যুগান্তর
  • ক্যাসিনো ইস্যুতে রাশেদ খান মেননকে আইনি নোটিশ-দৈনিক মানবজমিন
  • প্রশাসনের ব্যর্থতার কারণেই ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছে : নাসিম-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • জঙ্গিদের নিশানায় মোদী, দাবি গোয়েন্দাদের-দৈনিক আনন্দবাজার
  • মোদিকে ‘দেশের জনক’ না মানলে আপনি ভারতীয়ই নন, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • অপপ্রচার করলেই ব্যবস্থা-মমতা বন্দোপাধ্যায়-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছি: কাদের-দৈনিক যুগান্তর

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে

আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে বলেছে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির সময়েই ক্যাসিনোর বিস্তার হয়। কিন্তু তারা অবৈধ ক্যাসিনো পরিচালনাকারীদের বিচার করতে পারেনি। বিএনপি যা পারেনি আওয়ামীলীগ সেটা করে দিখিয়েছে। সেজন্য বিএনপির উচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া। বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে বিএনপির আমল থেকেই টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু তখন তারা নিজেদের দলের কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন।

এদিকে, নয়া দিগন্তের একটি খবরে লেখা হয়েছে, ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করে বলেছেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছে। একই সময় ক্যাসিনো, জুয়া, অনৈতিক কাজের বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানান তিনি। আর প্রথম আলোর একটি খবরের শিরোনাম এরকম যে, অবৈধ ক্যাসিনো ও জুয়া থেকে লাভবান হওয়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তালিকা হচ্ছে।

সম্রাট কোথায়?-দৈনিক প্রথম আলো

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট কোথায় তা নিয়ে প্রশ্ন

১৮ সেপ্টেম্বর থেকে ঢাকায় ক্লাবগুলোতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়েছে। র‍্যাব এই অভিযান শুরু করে। পরে পুলিশও যোগ দেয়। প্রথম থেকেই বলা হচ্ছে, এই অভিযানের উদ্দেশ্য সারা দেশে ক্যাসিনো ব্যবসা বন্ধ করা। ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত লোকজনকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতারাই মূলত এই ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। প্রথম দিন ফকিরাপুরের ইয়ংমেনস ক্লাবে অভিযান চালায় র‍্যাব। এর পরই গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ক্লাবটির সভাপতি খালেদ হোসেন ভুঁইয়াকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক অঙ্গনের লোকেরা মনে করেন, ঢাকায় ক্যাসিনো ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট।

ইতিমধ্যে এই অভিযান শুরুর পর যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা র‍্যাব ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু সম্রাট এখনো ধরাছোঁয়ার বাইরে। অভিযান শুরুর প্রথম তিন দিন তিনি দৃশ্যমান ছিলেন। ফোনও ধরতেন। কিন্তু এখন তিনি কোথায় আছেন, তা তাঁর সংগঠনের কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছেন না।অভিযান শুরুর পর কয়েক দিন কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানের পর অন্য স্থানে চলে গেছেন সম্রাট। তিনি কোথায় গেছেন, সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সম্রাট পুলিশের নজরদারিতে রয়েছেন। তিনি ঢাকাতেই আছেন। সম্রাটের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সবাই সবুজ সংকেতের অপেক্ষায় আছেন।

বিএনপি ক্যাডার থেকে আন্ডারওয়ার্ল্ডের ডন ফিরোজ-দৈনিক ইত্তেফাক

ধানমন্ডির কলাবাগান ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজ একসময় বিএনপির এক নেতার ক্যাডার ছিলেন। পরে তিনি হন আন্ডারওয়ার্ল্ডের ডন। চার জনকে হত্যা করাসহ তার বিরুদ্ধে চাঞ্চল্যকর নানা তথ্য বের হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য উঠে এসেছে।

আর দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, টেন্ডারমুঘল জিকে শামীমের টাকার ভাগ পেতেন প্রভাবশালী কয়েক নেতা এমনকি মন্ত্রীও

পূজায় ভারতকে ৫০০ টন ইলিশ দিচ্ছে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক

পূজায় ভারতকে শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ দিচ্ছে বাংলাদেশ

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ইলিশ ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো হস্তান্তর নয়।

একে একে তিন সহকারী প্রক্টরের পদত্যাগ, বহাল তবিয়তে ভিসি নাসির-দৈনিক যুগান্তর

ভিসি নাসির এখনও বহাল তবিয়তে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) তিন সহকারী প্রক্টর একে একে পদত্যাগ করেছেন। কিন্তু যার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের লাগাতার এই আন্দোলন সেই ভিসি নাসির এখনও বহাল তবিয়তে। তিনি গদি না ছাড়তে অনঢ় অবস্থানে। উল্টো তিনি শিক্ষার্থীদের শাসিয়ে যাচ্ছেন। করছেন অকথ্য ভাষায় গালাগাল। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পদত্যাগ করেছেন ড. মোহাম্মদ তরিকুল ইসলাম। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টর পদত্যাগ করলেন। তাদের মধ্যে আজই দুজন পদত্যাগ করলেন।

৪৮ কর্মকর্তার পদোন্নতি আটকে দিল পিএসসি-দৈনিক প্রথম আলো

স্বাক্ষর জালিয়াতি করে এবং নম্বর বাড়িয়ে দিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৪৮ জন কর্মকর্তাকে প্রথম শ্রেণিতে পদোন্নতি দেওয়ার চেষ্টা আটকে দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এসব কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) নানা ধরনের জালিয়াতি চিহ্নিত করে পিএসসি পদোন্নতির ফাইলটি ফেরত পাঠিয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ ব্যাপারে গত মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কক্সবাজারে এক পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা-দৈনিক প্রথম আলো/দৈনিক ইত্তেফাক

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং গ্রামে রোকন বড়ুয়া নামে এক কুয়েতপ্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাঁর মা-স্ত্রীসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে। গতকাল বুধবার গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করছে পুলিশ। রোকন বড়ুয়ার বাড়ির আশপাশে শতাধিক বড়ুয়া পরিবারের বসতি অবস্থিত।

খুলনায়  বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

এদিকে, খুলনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী বিকাশ কুমার দে (৪০) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত একটার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জঙ্গিদের নিশানায় মোদী, দাবি গোয়েন্দাদের-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মঘাতী জঙ্গি নিশানায়

ফের উরি-পঠানকোটের মতো সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কা করছে কেন্দ্র। ঝুঁকি না নিয়ে তাই ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও উত্তরপ্রদেশের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে। সেনা ছাউনির পাশাপাশি নরেন্দ্র মোদী, অমিত শাহ ও অজিত ডোভালের উপরে জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর জঙ্গিরা হামলার ছক কষেছে বলে সতর্ক করে দিয়েছেন গোয়েন্দারা। এরই মধ্যে আজ উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর গিয়েছেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা ডোভাল।

দু’দিন আগেই সেনাপ্রধান বিপিন রাওয়ত জানিয়েছিলেন, প্রায় পাঁচশো জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র বলছে, সীমান্তে কড়া পাহারা সত্ত্বেও ৪৫-৫০ জন জঙ্গির একটি দল ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে। গোয়েন্দাদের দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের ‘বদলা’ নিতে  প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ডোভালের উপরে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে জইশের জঙ্গিরা। আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে যে চ্যালেঞ্জই আসুক না কেন সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা তার জবাব দিতে প্রস্তুত।’’ পঞ্জাব পুলিশের দাবি, জম্মু-কাশ্মীর সীমান্তে কড়া পাহারা রয়েছে।

মোদিকে ‘দেশের জনক’ না মানলে আপনি ভারতীয়ই নন, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বললেন,  মোদিকে দেশের জনক না মানলে আপনি ভারতীয়ই নন..

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দেশের জনক’ না মানলে আপনি ভারতীয়ই নন। এমনটাই দাবি, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে ‘দেশের জনক’ আখ্যা দিয়েছিলেন। তাতে বিরোধীরা প্রবল আপত্তি তোলে। বিরোধীদের দাবি, নরেন্দ্র মোদিকে ‘দেশের জনক’ বলা মানে মহত্মা গান্ধীকে অপমান করা। বিরোধী শিবিরের এই বক্তব্যকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বললেন, ‘যাঁরা বিদেশে থাকেন তাঁরা আজ ভারতীয় হওয়ার জন্য গর্বিত। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও প্রচারের জন্য। এই প্রথম বার একজন মার্কিন প্রেসিডেন্ট এমন প্রশংসাসূচক মন্তব্য করলেন। যদি কেউ এতে গর্বিত না হয়, তা হলে তাঁর নিজেকে ভারতীয় ভাবা উচিত নয়।’

অপপ্রচার করলেই ব্যবস্থা-মমতা বন্দোপাধ্যায়-দৈনিক আজকাল

মানুষ এনআরসি নিয়ে আতঙ্কে রয়েছেন। এ নিয়ে বুধবার ডেবরার প্রশাসনিক সভা থেকে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘এনআরসি আতঙ্কে ১১ জন মারা গেছেন। তঁাদের কী অপরাধ ছিল? নাগরিক হতে পারব কী পারব না এই চিন্তায় তঁারা মারা গেছেন। যে কোনও একটা ডকুমেন্ট থাকলেই হবে। কেউ তঁাদের তাড়াতে পারবে না। একটা মানুষকেও কোথাও যেতে হবে না।’‌

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

এই প্রসঙ্গে তিনি জানান, এনআরসি নিয়ে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। মানুষের মনে ভয় ধরাচ্ছে পরিকল্পনা করে। পুলিশ প্রশাসন তাদের চিহ্নিত করবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এক শ্রেণির ফড়েরা নেমে পড়েছে। তারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছে, ভোটারলিস্টে নাম তুলে দেব। রেশন কার্ড করে দেব। এজন্য তারা টাকা তুলছে। এরা কোনও রাজনৈতিক দলের লোক নয়। এরা বিভিন্ন এজেন্টের হয়ে কাজ করছে। এর পরিবর্তে টাকা নেওয়া হচ্ছে।’ এদিনের সভায় উপস্থিত ডিজিকে তিনি নির্দেশ দেন, ‘এই ফড়েদের আটকাতে হবে। তারা পাড়ায় পাড়ায় গিয়ে আতঙ্ক তৈরি করছে। বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের গতিবিধির ওপর নজর রাখতে হবে।’ সাধারণ মানুষকে সচেতন করে তিনি বলেন, ‘সরকারি কর্মী ছাড়া কেউ পাড়ায় গিয়ে রেশন কার্ড, ভোটার লিস্ট নিয়ে কথা বললেই পুলিশকে জানান। কারণ এই কাজের জন্য নির্দিষ্ট লোককে দায়িত্ব দেওয়া হয়েছে।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬