বছরে ২০ লাখ যুবক শ্রমবাজারে প্রবেশ করছে: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- যেখানেই অবৈধ ক্যাসিনো, সেখানেই অভিযান: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- অনুসন্ধান চলছে, ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়: কাদের-দৈনিক যুগান্তর
- বছরে ২০ লাখ যুবক শ্রমবাজারে প্রবেশ করছে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- প্রতি বছর কাজ হারাচ্ছে এক লাখ পোশাককর্মী-দৈনিক নয়া দিগন্ত
- সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না: মওদুদ-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- সফ্ট ল্যান্ডিং নয়, চাঁদের বুকে আছড়েই পড়েছিল ‘বিক্রম’, জানাল নাসা-দৈনিক আনন্দবাজার
- নৌ মহড়ার আড়ালে হামলার ছক পাকিস্তানের! যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত -দৈনিক সংবাদ প্রতিদিন
- আকাশছোঁয়া পেঁয়াজের দাম! স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি নিয়ে শুরু হয়েছে কেন্দ্র–রাজ্য বিরোধ -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
বছরে ২০ লাখ যুবক শ্রমবাজারে প্রবেশ করছে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রতি বছর ২০ লাখ যুবক বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) দেওয়া ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনিসেফ ভবনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সম্মানজনক এই পুরস্কার তুলে দেন সংস্থাটির নির্বাহী পরিচালক হেনরিটা ফোর। সম্মাননা পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার দেশবাসী এবং বাংলাদেশ ও সারাবিশ্বের শিশুদের জন্য উৎসর্গ করেন। তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনও জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানে উপযোগী করে গড়ে তুলতে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ স্বীকৃতি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে নিতে উৎসাহিত করবে।
অনুসন্ধান চলছে, ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়: কাদের-দৈনিক যুগান্তর
অবৈধ ক্যাসিনোবাণিজ্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে সিলেট সড়ক জোন অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকে, অনুসন্ধান চলছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
এরা সবাই আওয়ামী লীগে অনুপ্রবেশকারী-দৈনিক ইত্তেফাক
ক্যাসিনো পরিচালনা, নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি-টেন্ডারবাজি করে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগে গ্রেফতারকৃতরা প্রায় সবাই যুবলীগ-আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বলে দাবি করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এর আগে তারা বিভিন্ন সময় অন্যদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এসব দলের এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পদে ছিলেন তারা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ধীরে ধীরে তাদের অবস্থান পাল্টাতে থাকেন। টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে রোজগার করা কোটি কোটি টাকা দিয়ে প্রশাসন ও স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েন।
যেখানেই অবৈধ ক্যাসিনো, সেখানেই অভিযান: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সীমানার ভেতরে যেখানেই অবৈধ ক্যাসিনোর খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে রক্তদানের সংগঠন ‘আত্মীয়’-এর রক্তদাতা নিবন্ধনের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না: মওদুদ-দৈনিক মানবজমিন
সরকার দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন,আজকে যে প্রতিটা ক্ষেত্রে পতন ঘটেছে। এই পতনের কারণ হলো দেশে কোনো প্রতিনিধিত্ব সরকার নেই। যার কারণে আজকে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের নিজেদের দলের নেতাকর্মীদের দুর্নীতি এমন প্রসার লাভ করেছে যাতে সরকার তাদের নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুরের সেই ডিসি বরখাস্ত-দৈনিক ইত্তেফাক
নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় জামালপুরের ওএসডি হওয়া জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে। এখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।জামালপুরের ডিসি থাকাকালীন গত মাসে আহমেদ কবীরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
প্রতি বছর কাজ হারাচ্ছে এক লাখ পোশাককর্মী-দৈনিক নয়া দিগন্ত
গত দুই দশকে দেশে তৈরী পোশাকের উৎপাদন ও রফতানি তিন গুণ বাড়লেও বাড়েনি শ্রমিকের কর্মসংস্থান। উল্টো নতুন নতুন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছর কাজ হারাচ্ছে প্রায় দুই লাখ শ্রমিক। বিপরীতে কর্মসংস্থান হচ্ছে এক লাখের মতো। শ্রমিকের স্থান দখল করে নিচ্ছে উন্নত প্রযুক্তি। মানুষের পরিবর্তে রোবট ব্যবহারের উদ্যোগও নিচ্ছেন কোনো কোনো উদ্যোক্তা। চাকরি হারানো শ্রমিকদের বেশির ভাগই নারী। আর নতুন করে যাদের কর্মসংস্থান হচ্ছে তাদের বেশির ভাগই পুরুষ এবং প্রযুক্তিজ্ঞানসম্পন্ন। স্বাভাবিক কারণেই নারীশ্রমিকের সংখ্যা ৯০ শতাংশ থেকে কমে ৬০ শতাংশে দাঁড়িয়েছে। আর মোট শ্রমিকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৪৫ লাখে। বাংলাদেশের তৈরী পোশাক শিল্প খাতের ওপর একটি বেসরকারি গবেষণা সংস্থা কর্তৃক পরিচালিত জরিপে বেরিয়ে এসেছে এসব তথ্য। আগামী এক দশকে এ খাতের মোট জনবল অর্ধেকে নেমে আসবে বলে অনুমান সংশ্লিষ্টদের।
বাংলাদেশের রফতানিবাণিজ্যে ৮৪ শতাংশ অবদান রক্ষাকারী তৈরী পোশাক শিল্পে ঠিক কতজন শ্রমিক কাজ করেন তারা সঠিক পরিসংখ্যান সরকারি-বেসরকারি কোনো সংস্থার কাছেই নেই। সরকারে শ্রম অধিদফতর কিংবা উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ কিংবা বিটিএমএর কাছেও এর কোনো তথ্য নেই।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
আকাশছোঁয়া পেঁয়াজের দাম! স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি নিয়ে শুরু হয়েছে কেন্দ্র–রাজ্য বিরোধ-দৈনিক আজকাল
পেঁয়াজের দাম শুনে মাথায় হাত মধ্যবিত্তের। কাটার আগেই চোখে জল আসছে সাধারণ মানুষের। এবার সেই পেঁয়াজের দাম ঘিরেই শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্যের বিরোধ। কলকাতার বাজারে এখন এক কেজি পেঁয়াজের দাম ৭০ টাকা। এই স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি নিয়েও শুরু হল কেন্দ্র–রাজ্য চাপানউতোর। সরকারি বিপণন কেন্দ্রে পেঁয়াজ বিক্রি হচ্ছে কম দামে। সংবাদমাধ্যম সূ্ত্রে, ‘সুফল বাংলার’ স্টল থেকে স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৫১ টাকায়। এখানেই শুরু কেন্দ্র–রাজ্যের বিতর্ক। কেন্দ্র খাদ্যসরবরাহ মন্ত্রী রামবিলাস পাসওয়ানের দাবি, কেন্দ্রের হাতে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে।
সফ্ট ল্যান্ডিং নয়, চাঁদের বুকে আছড়েই পড়েছিল ‘বিক্রম’, জানাল নাসা-দৈনিক আনন্দবাজার
পাখির পালকের মতো নয়। চাঁদের বুকে আছড়েই পড়েছিল চন্দ্রযান ২-এর ল্যান্ডার ‘বিক্রম’। সেই অবতরণ স্থলের একটি ছবি টুইট করে এ কথা জানাল নাসা। এও জানানো হয়েছে, ঠিক কোন জায়গায় বিক্রম ভেঙে পড়েছে সেটা এখনও স্পষ্ট নয়। এর আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-র চেয়ারম্যান কে শিবনও জানিয়েছিলেন, ‘‘সফ্ট ল্যান্ডিং নয়, চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং (আছড়ে পড়া) হয়েছে বিক্রমের।’’ গত ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে ‘সিম্পেলিয়াস এন’ এবং ‘ম্যানজিনাস সি’, এই দু’টি ক্রেটারের মাঝে সমতলভূমিতে অবতরণের কথা ছিল ল্যান্ডার বিক্রম-এর। কিন্তু চাঁদের মাটি ছোঁয়ার আগেই সেটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও ইসরো প্রধান কে শিবন আশার কথা শুনিয়েছিলেন। তার পর থেকেই একটা সংশয় তৈরি হয়েছিল বিজ্ঞানী মহলে, বিক্রম কি তা হলে হারিয়েই গেল?
নৌ মহড়ার আড়ালে হামলার ছক পাকিস্তানের! যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত -দৈনিক সংবাদ প্রতিদিন
কাশ্মীর নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে হামলা চালাতে পারে পাকিস্তান। নৌ মহড়ার আড়ালে আক্রমণ চালাতে পারে পাকবাহিনী বলেই আশঙ্কা করছে ভারত। ফলে উত্তর আরব সাগরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যুদ্ধবিমান, রণতরী ও সাবমেরিন মোতায়েন করেছে ভারতীয় নৌসেনা। সম্প্রতি পণ্যবাহী জাহাজগুলির উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ইসলামাবাদ। পাক প্রশাসন জানিয়েছে, ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর উত্তর আরব সাগরে নৌ মহড়া চালাবে তারা। মিসাইল উৎক্ষেপণ থেকে শুরু করে ‘লাইভ ফায়ারিং’ সবই হবে সেখানে। তাই এই এলাকা যেন এড়িয়ে যায় পণ্যবাহী জাহাজগুলি। এই কথা জানার পরই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। কারণ নৌ মহড়ার আড়ালে পাকিস্তান হামলা চালাতে পারে বলে আশঙ্কা ভারতের।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭