সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৫:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ক্যাসিনোতে জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলিতে সতর্কতা-দৈনিক ইত্তেফাক
  • জীবনমান উন্নয়নে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে-দৈনিক যুগান্তর
  • ‘শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে-আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • যৌথ বিবৃতি-সরকারের পদত্যাগ ও জাতীয় সরকারের দাবি ঐক্যফ্রন্টের-দৈনিক মানবজমিন
  • শাসনে ক্যাসিনো সহযোগিদের চিহ্নিত করুন : খন্দকার মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ‘যুদ্ধ নয়, ভারত বুদ্ধ দিয়েছে’, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে নতুন ভারতের স্বপ্ন বিপণন মোদীর-দৈনিক আনন্দবাজার
  • ভারতীয় ক্রিকেটে চমকপ্রদ প্রত্যাবর্তন আজহারের, পেলেন গুরুত্বপূর্ণ পদ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • রাজ্যে ফের খুন তৃণমূল নেতা, অভিযোগের তীর বিজেপির দিকে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ফেরি নেই, ঘাট বানিয়ে চলছে চাঁদাবাজি….চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাংলাবাজার এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে কালের কন্ঠ পত্রিকা খবর দিয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

২. মার্কিন কর্মকর্তারা জানতেন ইয়েমেনে সৌদি আরব ব্যর্থ হবে- এরকম একটি খবর আজ আন্তর্জাতিক গণমাধ্যমে বেরিয়েছে। মার্কিন কর্মকর্তাদের এই‌ বক্তব্য সম্পর্কে আপনার মত কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

‘শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে’-আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

সমাজে শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তাঁর মতে, এমন কোনো অপরাধ নেই যা শিক্ষিত লোকের মাধ্যমে হচ্ছে না। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে এবং এমন কোনো অপরাধ নেই যেটা শিক্ষিত লোকের মাধ্যমে ঘটছে না।’ তিনি আরও বলেন, ‘যে জাতি যত বেশি শিক্ষিত ও উন্নত, সে জাতির মধ্যে অপরাধ করার প্রবণতা তত কম। কিন্তু বাংলাদেশে উন্নয়নের গতি ও শিক্ষার হার বাড়লেও সামাজিক অপরাধ না কমার ব্যাপারে চিন্তিত আমরা। এটা কেন হচ্ছে, তা ভাবার সময় এসেছে। আমাদের পরিবার, সমাজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

ক্যাসিনোতে জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলিতে সতর্কতা-দৈনিক ইত্তেফাক

ক্যাসিনো কেলেঙ্কারীতে জড়িতরা বাংলাদেশি অভিযুক্তরা দিনাজপুরের হিলি সীমান্ত ও চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে না পারে সেজন্য সতর্কতা জারী করা হয়েছে। হিলি ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন নির্দেশনা পেয়ে সীমান্তে ও চেকপোস্ট এলাকায় এই নজরদারী শুরু করেছে।

জীবনমান উন্নয়নে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে-দৈনিক যুগান্তর

জনগণের জীবনমান উন্নত ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে তথ্য অধিকার নিশ্চিত করার বিকল্প নেই। জনগণের তথ্য জানার আগ্রহ ও প্রয়োজনকে মাথায় রেখে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন জরুরি। এজন্য জনগণকে সচেতন করে তুলতে হবে। সেই সঙ্গে যারা তথ্য প্রদান করবেন তাদের সুরক্ষার জন্য সাক্ষী সুরক্ষা আইনের মতো আলাদা আইন প্রণয়ন করা প্রয়োজন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘তথ্য সবার অধিকার: থাকবে না কেউ পেছনে আর’ এই স্লোগানকে সামনে রেখে তথ্য কমিশন আয়োজিত এ সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ।

যৌথ বিবৃতি--সরকারের পদত্যাগ ও জাতীয় সরকারের দাবি ঐক্যফ্রন্টের-দৈনিক মানবজমিন

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্ট সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে। আজ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়ে বলা হয়, গত কয়েক দিনে পুলিশি অভিযানে রাষ্ট্রের ক্ষত ও বেআইনী কার্যকলাপের চিত্র এবং রাষ্ট্রীয় সম্পদ লুষ্ঠনে অবাধ বাণিজ্য, আইনের শাসনকে অবজ্ঞা করার যে রূপ প্রকাশিত হয়েছে তা ভয়াবহ এবং ভয়ংকর। কেবল সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এবং মদতে রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরণের অনিয়ম অপকর্ম সম্ভব। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বর্তমান অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র বড় ধরণের অভ্যন্তরীণ সংকটে নিপতিত হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ধ্বংসপ্রাপ্ত শাসন-প্রশাসন ব্যবস্থা পুনরুদ্ধার, সংবিধান-গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনর্বহাল ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে

১) দ্রুত বর্তমান সরকারের পদত্যাগ করে জাতীয় সরকার ঘোষণা করুন।

২) অবিলম্বে খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দিন এবং বিদ্যমান রাজনীতি ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে আন্দোলনরত রাজনৈতিক দল  ও পেশাজীবি সংগঠন সমূহকে নিয়ে জাতীয় সংলাপ করে পথ নির্ধারণ হবে সময়ের দাবি।

৩) বর্তমান সরকারের গুম, খুন রাতের আঁধারে ভোট ডাকাতি এবং দুর্নীতি লুটপাট তদন্তে গ্রহণযোগ্য জাতীয় কমিশন গঠন করুন।

শাসনে ক্যাসিনো সহযোগিদের চিহ্নিত করুন : খন্দকার মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত

ক্যাসিনোকাণ্ডে সহযোগিতাকারী প্রশাসনের ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ব্রি.জে (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রি.জে (অব.) আ স ম হান্নান শাহ'র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে' এ স্মরণ সভা আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘যুদ্ধ নয়, ভারত বুদ্ধ দিয়েছে' রাষ্ট্রপুঞ্জের মঞ্চে নতুন ভারতের স্বপ্ন বিপণন মোদীর-দৈনিক আনন্দবাজার

পাকিস্তানের নাম করলেন না। কিন্তু রাষ্ট্রপুঞ্জের ৭৪তম সাধারণ সভার মঞ্চ থেকে ইসলামাবাদের দিকেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শান্তি এবং উন্নয়নে ভারত তথা তাঁর সরকারের গত পাঁচ বছরের ভূমিকার কথা ব্যাখ্যা করে জানালেন, “আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলি, তখন তার মধ্যে গোটা বিশ্বকে সতর্ক করার জন্য আমাদের আক্রোশ এবং দায়বদ্ধতা থাকে। আমি বিশ্বাস করি, কোনও একটি দেশ নয়, গোটা বিশ্বমানবতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সন্ত্রাসবাদ”  এ দিন কুড়ি মিনিটের বক্তৃতাকে দু’টি ভাগে ভাগ করে নিয়েছিলেন মোদী। একটি উন্নয়ন, অন্যটি সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ানো। এক দিকে বলেছেন দূষণ রোধ থেকে ডিজিটাল ভারত গড়ার কথা। অন্য দিকে সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়ে প্রবল হাততালির মধ্যে বলেন, ‘‘আমাদের দেশ যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে বিশ্বকে।’’

ইমরানের বক্তৃতা প্ররোচনামূলক, ঘৃণায় ভরা, কড়া প্রতিক্রিয়া ভারতের-দৈনিক আনন্দবাজার

প্রত্যাশিত ছিলই রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে ভারতের বিরুদ্ধে তিনি সুর চড়াবেন। কিন্তু সেই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান যে ভাষায় ভারতকে আক্রমণ করলেন, তা এক জন রাষ্ট্রনেতার পক্ষে কোনও ভাবেই শোভন নয়। এ ধরনের মন্তব্য তাঁকে ধ্বংসের মুখে টেনে নিয়ে যেতে পারে। পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়ে এমনটাই জানাল ভারত। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে আরও এক বার ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন ইমরান। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইমরান। তিনি বলেন, “আমি কোনও হুমকি দিচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে ,তারা ১৩০ কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবে, না কি নিরাপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বে। তা না হলে ভাল আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন।” এখানেই থামেননি ইমরান। শুধু আন্তর্জাতিক মঞ্চই নয়, রাষ্ট্রপুঞ্জকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাঁর মন্তব্য, “প্রথাগত যুদ্ধ শুরু হলে যা কিছু হতে পারে। যখন দুটো পরমাণু শক্তিধর দেশ পরস্পরের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন ফলাফল সীমান্তেই আটকে থাকে না। এখন এটা রাষ্ট্রপুঞ্জের কাছে পরীক্ষা, তারা কী চাইছে!”

রাজ্যে ফের খুন তৃণমূল নেতা, অভিযোগের তীর বিজেপির দিকে-দৈনিক আজকাল

রাজ্যে ফের এক তৃণমূল নেতাকে হত্যা করা হল। দুষ্কৃতী হামলায় শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। সন্তোষ দাস নামে ওই তৃণমূল নেতা শুক্রবার রাতে সাংগঠনিক বৈঠক সেরে ফিরছিলেন। গঙ্গারামপুর কালদিঘী এলাকায় তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউই।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮