দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী -দৈনিক ইত্তেফাক
- গ্রেফতার এড়াতে মরিয়া ক্যাসিনো সম্রাট -দৈনিক যুগান্তর
- কক্সবাজারে ৯ প্রকল্পে এক টাকাও খরচ হয়নি খরচ ধরা হয় ২৮৮ কোটি টাকা -দৈনিক প্রথম আলো
- মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ করতেন পল্টনের ওসি -দৈনিক মানবজমিন
- সাড়ে ৪ হাজার কোটি টাকা উদ্ধার করতে এনবিআরকে দুদকের চিঠি -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- রাজীব মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট, ঝুলেই রইল আগাম জামিনের আবেদন -দৈনিক আনন্দবাজার
- পাকিস্তানকে ধাক্কা দিয়ে ভারতে বিপুল লগ্নির ভাবনা সৌদির -দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘যদি প্রয়োজন হয়, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে মারব’, বিপিন রাওয়াত -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ধীরে ধীরে কেঁচো খুঁড়তে সাপ বের হচ্ছে- নিউইয়র্কের সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন?
২. সৌদি সেনা এবং তাদের সমর্থিত ইয়েমেনি গেরিলাদের বিরুদ্ধে ইয়েমেনের হুথি যোদ্ধারা ও তাদের সমর্থিত সেনারা বিশাল অভিযান চালিয়ে বড় সফলতা পেয়েছে। অভিযানে বহু সৌদি সেনা এবং ভাড়াটে গেরিলা নিহত হয়েছে। পাশাপাশি কয়েক হাজার আটক হয়েছে? ঘটনাটি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে সমাজে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। শিশু থেকে শুরু করে সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে সমাজে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। স্থানীয় সময় রবিবার বিকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি গত আট দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান, সাধারণ পরিষদে ভাষণ এবং বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দুর্নীতির প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের আর যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি। এসব অনিয়ম শুরু হয়েছে বহু আগে। জাতির পিতাকে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারাই দুর্নীতি প্রশ্রয় দিয়েছে এবং পৃষ্ঠপোষকতা করেছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। দুর্নীতির কারণে সেটা নষ্ট হতে দেয়া যায় না। প্রকল্পের প্রতিটি পয়সা যাতে যথাযথভাবে ব্যয় হয় সেই পদক্ষেপও নেয়া হবে।
‘দেরীতে হলেও সরকারের বোধদয় হয়েছে’-দৈনিক মানবজমিন
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ক্যাসিনোভিত্তিক কর্মকাণ্ড নিয়ে যদি অভিযান সীমাবদ্ধ থাকে তাহলে রাজনীতির দুর্বৃত্তায়ন বাদ পড়ে যাবে। তার মানে শুধুমাত্র উপসর্গ নিয়েই সরকার ব্যতিব্যস্ত থাকবে, রোগ চিহ্নিত হবে না। মানবজমিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলে। তিনি মন্তব্য করেন, রোগ হচ্ছে এখানে রাজনীতির দুর্বৃত্তায়ন। সুজন সম্পাদক বলেন, আমরা চাই, যে নষ্ট রাজনীতি এই সকল অপরাধ কর্মকাণ্ডের জন্ম দিয়েছে সেগুলো মূল উৎপাটন করা হোক। সরকার বলছে, তারা এটা করবে, আমরা নাগরিক হিসেবে দেখতে চাই, এর বাস্তবায়ন। বদিউল আলম আরও বলেন, বিচারপতি হাবিবুর রহমান অনেক আগেই বলেছিলেন এই দেশটি বাজিকরদের হাতে। আমরাও বলছি- দেশটি বাজিকরদের হাতে।
গ্রেফতার এড়াতে মরিয়া ক্যাসিনো সম্রাট-দৈনিক যুগান্তর
গ্রেফতার এড়াতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। তিনি নিজ সংগঠন যুবলীগ ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী মহলে তদবির অব্যাহত রেখেছেন। নেতাদের ফোন করে সংশোধনের জন্য শেষ সুযোগটুকু প্রার্থনা করছেন। গত দুদিন ধরে সম্রাট নানাভাবে চেষ্টা করছেন নিজেকে বাঁচাতে। সরকারের উচ্চ মহলে ঘনিষ্টদের দিয়ে বার্তা পাঠিয়েছেন যে, তিনি গুরুতর অসুস্থ। তার চিকিৎসা দরকার। মানবিক কারণে হলেও তাকে দেশ ছাড়ার অনুমতি দেয়া হোক। তবে সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের অনঢ় অবস্থানের কারণে তদবিরে খুব একটা সুবিধা করতে পারছেন না ঢাকায় ক্যাসিনো ব্যবসার কিং সম্রাট। অনেকে সম্রাটের ফোন ধরছেন না। আবার অনেকে যোগাযোগই বন্ধ রেখেছেন। কেউ কেউ বলে দিয়েছেন এই মুহূর্তে কিছুই করার নেই। শেষ পর্যন্ত গ্রেফতার এড়াতে পারবেন কিনা এ নিয়ে সন্দিহান সম্রাট। কারণ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুতর।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ করতেন পল্টনের ওসি-দৈনিক মানবজমিন
ফেসবুকে পরিচয়। তারপর প্রায়ই ফোনে কথা বলতেন। তরুণীর প্রয়োজন একটি চাকরি। চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েই তাকে ঢাকায় ডেকে আনেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক। তারপর হোটেলে রেখে তরুণীকে ধর্ষণ করেন। অতঃপর তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাসের পর মাস শারীরিক সম্পর্ক করেছেন ওসি। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে না করে যোগাযোগ বন্ধ করে দেন তরুণীর সঙ্গে। বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছে পুলিশের মহাপরিদর্শক পর্যন্ত। তদন্তে সত্যতাও মিলেছে। এ খবর দিয়েছে সারাবাংলা। ভুক্তভোগী তরুণী বলেন, আমি সরকারি একটি কলেজ থেকে পড়ালেখা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওসি মাহমুদুল হক আমার সঙ্গে ফোনে কথা বলতেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তিনি চাকরি দেওয়ার কথা বলে আমাকে ঢাকায় ডেকে আনেন। আমাকে রাখার জন্য পল্টনের ক্যাপিটাল হোটেলের একটি রুমে নিয়ে যান। সেখানে হোটেল বয়কে দিয়ে আমার জন্য স্যুপ আনান। আমি খেতে না চাইলেও জোর করে খাওয়ান। এরপরই আমি ঘুমিয়ে পড়ি।’
ওই তরুণী বলেন, ঘুম ভাঙলে দেখি রাত ২টার মতো বাজে। ওই সময় মাহমুদুল হক আমার পাশেই শুয়ে ছিলেন। আমি বুঝতে পারি, ঘুমিয়ে থাকা অবস্থায় ধর্ষণের শিকার হয়েছি। মাহমুদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি আমাকে ভালোবাসেন। তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয় জানিয়ে তিনি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
নির্যাতিতা তরুণীর অভিযোগ, এরপর প্রতি সপ্তাহেই তাকে ঢাকায় ডেকে এনে একই হোটেলে নিয়ে যেতেন মাহমুদুল হক। গত বছরের অক্টোবর মাসে তিনি বুঝতে পারেন, অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছেন। এ কথা মাহমুদুল হককে জানালে তিনি ওই তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গর্ভপাত করতে বলেন এবং একপর্যায়ে তার কথায় রাজি হয়ে গর্ভপাত করান ওই তরুণী। তিনি জানান, দু’জনের সম্মতিতে তাদের মধ্যেকার শারীরিক সম্পর্কের ভিডিও ও ছবিও ধারণ করা হয়েছে, যেগুলো ওই তরুণীর কাছে রয়েছে।
সাড়ে ৪ হাজার কোটি টাকা উদ্ধার করতে এনবিআরকে দুদকের চিঠি-দৈনিক নয়া দিগন্ত
বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রায় চার হাজার ৩৭৮ কোটি টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) ফাঁকিতে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সাথে ফাঁকির রহস্য উন্মোচন ও ফাঁকিকৃত রাজস্ব আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠিতে তাগিদ দিয়েছে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থাটি। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ভূঁইয়া বারবার পাঠানো চিঠিতে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে দুদককে অবহিত করারও অনুরোধ করা হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মূলত ২০১৮-১৯ অর্থবছর শেষে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ, ভ্যাট) ইন্টেলিজেন্স ওয়ার্ক, দাখিলপত্র যাচাই ও প্রতিষ্ঠান নিরীক্ষার মাধ্যমে মোট চার হাজার ৩৭৭ কোটি ৭৬ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করে। বিভিন্ন মাধ্যমে বিষয়টি দুদকের নজরে আসে। এ জন্য রাষ্ট্রীয় স্বার্থে দুদক থেকে পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
পাকিস্তানকে ধাক্কা দিয়ে ভারতে বিপুল লগ্নির ভাবনা সৌদির -দৈনিক সংবাদ প্রতিদিন
‘মুসলিম ভাবাবেগে’র কথা তুলে ভারতের বিরুদ্ধে যাঁকে সব থেকে বেশি উসকেছিলেন সেই সৌদি আরবের যুবরাজ ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানই উলটে এবার বুড়ো আঙুল দেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। ভারতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি করার চিন্তাভাবনা করছে সৌদি আরব। রবিবার নিজের মুখেই একথা ঘোষণা করেছেন ভারতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সউদ বিন মহম্মদ আল সাতি। সাতি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সবিস্তার জানিয়েছেন, একটু মন্দার মধ্য দিয়ে যাওয়া ভারতীয় অর্থনীতির জন্য সুখবর। ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করার চিন্তাভাবনা করছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ লক্ষ কোটি। ভারতের পেট্রোকেম, তেল শোধন পরিকাঠামো, কৃষি এবং খনন শিল্প-সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে লগ্নির পরিকল্পনা আছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের।
‘যদি প্রয়োজন হয়, সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে মারব’, বিপিন রাওয়াত-দৈনিক আজকাল
ভারত–পাক ডাক যোগাযোগ বন্ধ করে বার্তা দিতে চেয়েছিল ইমরান খানের সরকার। কিন্তু পাল্টা চরম হুঁশিয়ারি পেতে হবে তা কল্পনাও করেননি পাক প্রধানমন্ত্রী। জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই তার বিরোধিতা শুরু করেছে পাকিস্তান। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও অনেক বেড়েছে। এবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ’অনেক লুকোচুরি খেলা হয়েছে। প্রয়োজন পড়লে সীমান্ত পেরিয়ে ঢুকে মারব।’ এই মন্তব্যের পর থেকেই আরও তীব্র হল সম্পর্কের দড়ি টানাটানি। রাজীব মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট, ঝুলেই রইল আগাম জামিনের আবেদন-দৈনিক আনন্দবাজার
চার দিন শুনানির পরেও নিষ্পত্তি হল না রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার। সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হয়। তবে রায়দান স্থগিত রাখে বিচারপতি শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। ফলে কলকাতার প্রাক্তন কমিশনারের জামিনের বিষয়টি সেই ঝুলেই রইল।
গত তিন দিন ধরে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছিল আদালতে। সোমবার সকালেও রুদ্ধদ্বার কক্ষে, শুনানি শুরু হয়। সেখানে সিবিআইয়ের আইনজীবীরা তাঁর জামিনের বিরোধিতা করলেও, এ দিনই রায় ঘোষণা হয়ে যাবে বলে আশা করেছিলেন রাজীবের শুভান্যুধায়ীরা। কিন্তু শেষমেশ নিরাশই হতে হল তাঁদের।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০