আজ থেকে বাণিজ্যিক যাত্রায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
- আজ থেকে বাণিজ্যিক যাত্রায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-দৈনিক প্রথম আলো
- ওয়েট করেন এত তাড়াহুড়ো করছেন কেন?-বাংলাদেশ প্রতিদিন
- এবার ‘ক্যাসিনো গুরুর’ বনানীর বাসায় অভিযান-দৈনিক যুগান্তর
- ‘সরকার মাত্র ২ জন টোকাই ধরেছে’-দৈনিক মানবজমিন
- দেশে-দেশে স্ত্রী ও সম্পদের পাহাড় ডনের-দৈনিক মানবজমিন
- বৃষ্টির পানিতে ঢাকার রাস্তা যেন খাল-দৈনিক নয়া দিগন্ত
- অবশেষে ভিসির পদত্যাগ-বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট--দৈনিক সংবাদ প্রতিদিন
- সরকার যে ছবি দেখাচ্ছে, তা ধোঁকা ছাড়া কিছু নয়, কাশ্মীর ঘুরে এসে বললেন আজাদ-দৈনিক আনন্দবাজার
- পুজোর আগেই হেঁশেল আগুন, ব্যাপক হারে বাড়ল রান্নার গ্যাসের দাম -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফর শেষে আবুধাবি হয়ে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি আজ মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রমুখ।
আজ থেকে বাণিজ্যিক যাত্রায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-দৈনিক প্রথম আলো
উৎক্ষেপণের এক বছর চার মাস পর আয়ের খাতায় নাম লেখাতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট–১। এতে করে দেশি টেলিভিশন চ্যানেলগুলোর খরচ কমবে। আজ ১ অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হচ্ছে। কয়েক দিন ধরে দর্শকদের জন্য এই তথ্য প্রচার করে যাচ্ছে টিভি চ্যানেলগুলো।
তার আগে কিছু সমস্যা থাকার কথা বলা হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষ থেকে। যদিও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বলছে, পর্যায়ক্রমে এগুলো দূর হয়ে যাবে।
টেলিভিশন চ্যানেলগুলোর সামনে বড় সমস্যা হচ্ছে, দেশি টিভি চ্যানেলগুলোর খরচ কমবে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চ্যানেলগুলো দেখতে সমস্যা হবে।
আজও জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালের পাতাজুড়ে আছে অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান এবং তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে সরকারের হুঁশিয়ারি সম্পর্কিত খবর। এ সম্পর্কে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম-
ওয়েট করেন এত তাড়াহুড়ো করছেন কেন?-ওবায়দুল কাদের
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে এখনও গ্রেফতার না করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ওয়েট করেন, এত তাড়াহুড়ো করছেন কেন।’ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এটা যে কথার কথা নয় এবং লোক দেখানো অভিযান নয় তা প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কাজেই এ নিয়ে কোনো সংশয়-সন্দেহের অবকাশ থাকার কারণ নেই।’
এবার ‘ক্যাসিনো গুরুর’ বনানীর বাসায় অভিযান-দৈনিক যুগান্তর
দেশে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম প্রধানের বনানীর বাসায়ও আবারও অভিযান চালিয়েছে। সোমবার রাতে গুলশানের বাসায় অভিযানের পর মঙ্গলবার দুপুরে বনানীর ২ নম্বর সড়কের ২২ নম্বর বাসায় র্যাবের অভিযান শুরু হয়। এর আগে গুলশান-২ এর ১১/এ রোডে সেলিম প্রধানের বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করে র্যাব।
আর দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, ক্যাসিনো, টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার মাত্র দু’জন ধরলেন। এদেরকে আমি চুনোপুটি বলি না, টোকাই ধরলেন মাত্র।
অবশেষে ভিসির পদত্যাগ-বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-দৈনিক সমকাল
'ওরা পারলে আমারে নামাক, কতদিন আর আন্দোলন করবে, এক সময় ঠিকই ক্লান্ত হয়ে ফিরে যাবে।'- এমন দম্ভোক্তি আর টিকল না। শিক্ষার্থীদের টানা আন্দোলনের ১৩ দিনের মাথায় অবশেষে পদত্যাগে বাধ্য হলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন। গতকাল সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আচার্য (রাষ্ট্রপতি) বরাবরে পদত্যাগপত্র জমা দেন তিনি
পুলিশের অপরাধ গোপনের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা-সদর দপ্তরের নির্দেশনা-দৈনিক সমকাল
কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নীতিবহির্ভূত কাজে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে দ্রুত তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিষয়টি জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এ ধরনের ঘটনা গোপন করার চেষ্টা হলে সংশ্নিষ্ট ইউনিট প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে পাঠানো এক চিঠিতে এমনই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অবৈধ আর্থিক লেনদেন বা ঘুষ-দুর্নীতি ঠেকাতে 'শূন্য সহনশীলতা' নীতি মেনে সংশ্নিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই আসামি-দৈনিক ইত্তেফাক
টেকনাফে আটক দুই আসামিকে নিয়ে সোমবার দিবাগত রাতে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হন। এসময় ৩ পুলিশ আহত হয়েছে।ঘটনাস্থলে তল্লাশি করে ৫ হাজার ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র এবং ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
বৃষ্টির পানিতে ঢাকার রাস্তা যেন খাল-দৈনিকনয়া দিগন্ত
রাস্তা সংস্কার ও মেট্রো রেলের মতো উন্নয়ন কাজ চলমান থাকায় দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীবাসী। তবে মেট্রোরেলের নির্মাণাধীন এলাকা ছাড়াও যেসব এলাকা মেট্রোরেলের রুটে পড়েনি সেখানকার মানুষেরও যেন দুর্ভোগের শেষ নেই। এমনিতেই ন্যূনতম বৃষ্টিতেও রাজধানীর অলি-গলি তো বটেই প্রধান প্রধান বিভিন্ন সড়কও তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে যাওয়ার এই অতিপরিচিত দুর্ভোগের সাথে রাজধানীবাসীর আবারো দেখা হয়েছে।এদিকে ভারী বৃষ্টিপাতে রাজধানীর প্রধান প্রধান বিভিন্ন সড়কসহ অলি-গলির রাস্তা তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নিয়মিত কর্মদিবস হওয়ায় জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের দুর্ভোগ যেন একটু বেশি। আর তাছাড়া রাস্তায় পানি জমে যাওয়া ও এর কারণে যানবাহনের ইঞ্জিনে পানি গিয়ে গাড়ি বিকল হওয়ার ফলশ্রুতিতে সৃষ্ট যানজটে অসহায় নগরবাসী। ফলে বাধ্য হয়ে মানুষজনকে নোংরা পানি ডিঙিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
উত্তরপ্রদেশে বাংলাদেশিদের শনাক্ত করে বিতাড়িত করার নির্দেশ-এনডিটিভি
ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশি ও অন্যান্য বিদেশিকে শনাক্ত করে তাদের বিতাড়িত করতে রাজ্যটির পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। সেখানকার হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার নতুন এ নির্দেশনা দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে। এ উদ্যোগকে আসামের জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের (এনআরসি) উত্তরপ্রদেশের সংস্করণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। জেলা পুলিশ প্রধানদের পাঠানো এক চিঠিতে উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিচালক বলেন, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এ অভিযান খুবই গুরুত্বপূর্ণ।এমন একসময় রাজ্যটিতে এই উদ্যোগ নেয়া হয়েছে, যখন বিজেপিশাসিত আসামের নাগরিকত্ব নিবন্ধন নিয়ে তুমুল বিতর্ক চলছে। নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে সেখানকার ১৯ লাখের বেশি লোককে রাষ্ট্রহীন হয়ে যেতে হবে।
সরকার যে ছবি দেখাচ্ছে, তা ধোঁকা ছাড়া কিছু নয়, কাশ্মীর ঘুরে এসে বললেন আজাদ-দৈনিক্ আনন্দবাজার
হিউস্টনে অন্য ভাষার সঙ্গে বাংলাতেও প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘(দেশে) সব খুব ভাল।’’ দেশে কাশ্মীর নিয়ে তাঁর সেনাপতি অমিত শাহ বলেন, ‘‘কাশ্মীরে কোনও বিধিনিষেধই নেই। বিধিনিষেধ তো কারও কারও মনে। সেখানে তো এ বারে পঞ্চায়েতের নীচের স্তরে ভোটও হবে।’’ রাতের মধ্যে ব্লক স্তরের ভোটও ঘোষণা করে দিয়েছে জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সদ্য ছ’দিন জম্মু-কাশ্মীরে কাটিয়ে এসেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। ঘুরেছেন জম্মু, শ্রীনগর, বারামুলা, অনন্তনাগের মতো এলাকা। আজ সেখানকার অভিজ্ঞতার কথা শুনিয়ে বললেন, ‘‘সব নাকি খুব ভাল? কোনও বিধিনিষেধই নাকি নেই? সরকার যে ছবি দেখাচ্ছে, তা ধোঁকা ছাড়া আর কিছু নয়। নেতারা বন্দি, আর ভোট করছে বিজেপি। অবিলম্বে এ সব বন্ধ হোক।’’
রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট, ধাক্কা খেল সিবিআই-দৈনিক্ আনন্দবাজার
সারদা-কাণ্ডে রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। চার দিনের ম্যারাথন শুনানির পর অবশেষে মঙ্গলবার ওই মামলার রায় ঘোষণা করে বিচারপতি শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে মনে করছে ডিভিশন বেঞ্চ।তবে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের রাস্তা খোলা রয়েছে সিবিআইয়ের কাছে। এ দিন রায় ঘোষণার সময়, জানিয়ে দেওয়া হয় রাজীবকে যদি গ্রেফতার করা হয়, তা হলে তিনি সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যাবেন। আগাম জামিন মঞ্জুর করা হলেও, কলকাতা ছেড়ে রাজীব যেতে পারবেন না বলেও রায়ে উল্লেখ রয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১