এবার বালিশের কাভারের দাম ২৮ হাজার টাকা!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- রূপগঞ্জে একটি বাড়ি থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার জামিন নিয়ে প্রধানমন্ত্রীর মনোভাব জানালেন কাদের-দৈনিক যুগান্তর
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন প্রধানমন্ত্রীর-দৈনিক প্রথম আলো
- এবার বালিশের কাভারের দাম ২৮ হাজার টাকা!-দৈনিক মানবজমিন
- ভিসির পদত্যাগ দাবিতে জাবিতে ‘সর্বাত্মক’ ধর্মঘট-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গান্ধীজির ১৫০তম জন্মদিবসে ‘স্বচ্ছ ভারত’ গড়ার ডাক প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার
- ‘ভারত হিন্দু রাষ্ট্র, এ নিয়ে কোনও সন্দেহ নেই’, দাবি সংঘপ্রধান মোহন ভাগবতের-দৈনিক সংবাদ প্রতিদিন
- দু'মাস পরে বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মুর নেতারা! এখনও নজরে মুফতি–আবদুল্লারা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তি পুরস্কার দেবে ভারত। এমন খবর দিয়েছে দৈনিক মানবজমিন। কী কারণে এই পুরস্কার দিতে যাচ্ছে ভারত?
২. গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা আঙ্গিকে খবর বের হচ্ছে যে, ইরান ও সৌদি আরবের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি:
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন প্রধানমন্ত্রীর-দৈনিক প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে সুইচ চেপে প্রধানমন্ত্রী একযোগে এই সম্প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এর মাধ্যমে দেশের সম্প্রচারশিল্প এক নতুন যুগে প্রবেশ করল। কারণ, এর ফলে বিদেশি স্যাটেলাইট সংস্থাগুলোকে দেওয়া বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সক্ষম হবে দেশীয় বেসরকারি টিভি চ্যানেলগুলো।
খালেদা জিয়ার জামিন নিয়ে প্রধানমন্ত্রীর মনোভাব জানালেন কাদের-দৈনিক যুগান্তর
কারাবন্দি খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপির একজন সংসদ সদস্যের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব সাংবাদিকদের সঙ্গে তুলে ধরেন সেতুমন্ত্রী। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির একজন এমপি (হারুন উর রশিদ) আমার সঙ্গে দেখা করে খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছেন। তিনি তাদের দলের অভিপ্রায়ের কথা বলেছেন যে, খালেদা জিয়াকে জামিন দিলে তিনি (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার জন্য যাবেন।’
‘এ বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর জন্য ওই এমপি বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। তিনি বলেছেন, এটা আদালতের বিষয়। আদালত জামিন না দিলে আমি কীভাবে করব?,’ যোগ করেন ওবায়দুল কাদের।
এবার বালিশের কাভারের দাম ২৮ হাজার টাকা!-দৈনিক মানবজমিন
রূপপুর প্রকল্পের বালিশের চেয়ে পাঁচগুণ বেশি দামি বালিশ কেনার প্রস্তাব করা হয়েছে এবার। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি)। এতে ৭৫০ টাকার বালিশ ক্রয়ে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৭ হাজার ৭২০ টাকা। বালিশের কাভারের দাম ধরা হয়েছে ২৮ হাজার টাকা। ওই ডিপিপিতে এমন আরও অনেক অসঙ্গতি রয়েছে এরই মধ্যে মাত্র ১৫ টাকার টেস্টটিউব ধরা হয়েছে ৫৬ হাজার টাকা, ২০ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ধরা হয়েছে ৩৫ হাজার টাকা।
২০০ টাকা থেকে ৩০০ টাকার মূল্যের একটি সার্জিক্যাল ক্যাপ ও মাস্কের প্রতিটির দাম ৮৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। ৫৪ ইঞ্চি আকারের একটি সাদা গাউনের দাম ধরা হয়েছে ৪৯ হাজার টাকা, যার বর্তমান বাজারদর সর্বোচ্চ ২ হাজার টাকা। প্রকল্পে ২২ ইঞ্চি বাই ৩৬ ইঞ্চি আকারের কটন টাওয়েলের দাম ধরা হয়েছে ৫ হাজার ৮৮০ টাকা, যার বাজারমূল্য হলো মানভেদে ২৫০ থেকে সর্বোচ্চ এক হাজার টাকা। ৫৪ ইঞ্চি আকারের একটি ররক্সিনের দাম ধরা হয়েছে ৮৪ হাজার টাকা, যার বাজারদর ৩শ থেকে ৫শ টাকা।
বছরে ৩২৪ কোটি টাকা পাচারের কথা স্বীকার করলেন ক্যাসিনো সেলিম-দৈনিক যুগান্তর
বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছেন। তার টাকার ভাগ লন্ডনেও যেত। ক্যাসিনোর আয় থেকে এক বছরে প্রায় ৩২৪ কোটি টাকা পাচার করেছেন তিনি। র্যাবের কাছে প্রাথমিক এ স্বীকারোক্তি দিয়েছেন খোদ ক্যাসিনো ‘গুরু’। দেশ ছেড়ে পালানোর সময় সোমবার দুপুরে শাহজালাল বিমান্দরের থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগমুহূর্তে সেলিম প্রধানকে বিমান থেকে আটক করা হয়। তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসায়ের মূলহোতা বলে জানায় র্যাব।
রূপগঞ্জে একটি বাড়ি থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ-দৈনিক ইত্তেফাক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে তিনজনকে আটকও করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘ভারত হিন্দু রাষ্ট্র, এ নিয়ে কোনও সন্দেহ নেই’, দাবি সংঘপ্রধান মোহন ভাগবতের-সংবাদ প্রতিদিন
ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি আরও জোরাল করল আরএসএস। সংঘপ্রধান মোহন ভাগবত সাফ জানিয়ে দিলেন, ভারত হিন্দু রাষ্ট্র, আর এ নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। একই সঙ্গে আরও একবার সংঘ পরিবারের হিন্দু রাষ্ট্রের দাবি পুনঃপ্রতিষ্ঠিত হল। সংঘপ্রধান বলেন, আরএসএস শুরু থেকেই হিন্দু রাষ্ট্রের তত্ত্বে বিশ্বাসী। সংঘের বিশ্বাস হিন্দুস্তানে যারা বাস করে তাঁরা একটা সময় সকলেই হিন্দু ছিল। পরে হয় তাদের জোর করে ধর্মান্তরিত করা হয়, না হয় তাঁরা স্বেচ্ছাই ধর্মান্তকরণ করেন। ভারতে বসবাসকারী মুসলিমরাও একসময় হিন্দু ছিল বলেই বিশ্বাস সংঘ পরিবারের। তাই, ধর্মান্তকরণ বা ঘর ওয়াপসির মাধ্যমে অন্য ধর্মের মানুষদের হিন্দুতে পরিণত করতে কোনও আপত্তি করে না আরএসএস। যদিও, সংঘের এই মতবাদকে ভারতের সংবিধান স্বীকৃতি দেয় না। সংবিধান অনুযায়ী ভারত ধর্মনিরপেক্ষ দেশ। আপাতত, সংবিধানের ধর্মনিরপেক্ষতা বদলে দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণাই যে আরএসএসের মূল লক্ষ, তা আরও একবার বুঝিয়ে দিলেন সংঘপ্রধান।
দু’মাস পরে বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মুর নেতারা! এখনও নজরে মুফতি–আবদুল্লারা-দৈনিক আজকাল
জম্মু–কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সরকারি সিদ্ধান্তের আগে থেকেই গৃহবন্দি করা হয়েছিল উপত্যকার রাজনৈতিক নেতা নেত্রীদের। তারপর প্রায় দু’মাস কেটে গেছে, এখনও গৃহবন্দি আছেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লাসহ অনেক রাজনৈতিক নেতা নেত্রীরা। এদিকে আজ জম্মুর কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, ন্যাশনাল কনফারেন্সের দেবেন্দ্র রানা, জাভেদ রসুল, রমন ভাল্লা, বিকার রসুল, বিজেপির চৌধুরি লাল সিংহ এবং প্যান্থার্স পার্টির হর্ষদেব সিংসহ বেশ কয়েকজন নেতা। তবে কাশ্মীর উপত্যকার হেভিওয়েট নেতা নেত্রীদের মুক্তির দেওয়ার ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নেয় নি মোদি সরকার। তাঁদের কবে মুক্তি দেওয়া হবে, সেব্যাপারেও কিছু জানানো হয়নি।
গান্ধীজির ১৫০তম জন্মদিবসে ‘স্বচ্ছ ভারত’ গড়ার ডাক প্রধানমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার/আজকাল/সংবাদ প্রতিদিন
জাতিরজনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিবস আজ। এই উপলক্ষে সকালে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি টুইটও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘আসুন, আজকের দিনে আমরা সবাই স্মরণ করি বাপুজিকে। তাঁর স্বপ্ন সফল করার শপথ নিই। স্মরণ করি, কীভাবে তিনি অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা এনেছিলেন। তাঁর আদর্শই হবে উন্নত ভারত গড়ার পাথেয়।’ পাশাপাশি বুধবার সকালে গান্ধীজির সমাধিস্থল রাজঘাটে গিয়েও শ্রদ্ধা জানান তিনি। এদিন স্বচ্ছ ভারত গড়ারও ডাক দেন তিনি। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, পাঁচ বছরে এই অভিযান সফল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২