অক্টোবর ০৩, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়া কারও দয়ায় মুক্ত হবেন না: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • ভাগ্যগুণে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক -দৈনিক প্রথম আলো
  • ভারত-বাংলাদেশ সম্পর্কে আস্থা থাকলেও অব্যাহত আছে অস্বস্তি -দৈনিক মানবজমিন
  • জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • দিল্লিতে ঢুকে পড়েছে ৪ সশস্ত্র জইশ জঙ্গি, গোয়েন্দাদের সতর্কবার্তা পেয়েই নিরাপত্তার চাদরে রাজধানী-দৈনিক আনন্দবাজার
  • রপ্তানি বন্ধ করেছে ভারত, পেঁয়াজের জন্য হাহাকার এশিয়ায়-দৈনিক সংবাদ প্রতিদিন
  • আইনি যুদ্ধে সাময়িক স্বস্তি মিলতেই প্রকাশ্যে এলেন রাজীব কুমার -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছেছেন

চারদিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল৯টা ৫০ মিনিটে তিনি নয়াদিল্লি পৌঁছান। এর আগে তিনি নয়াদিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী দিল্লির পালাম বিমান ঘাঁটিতে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফর। সফরের প্রথম দুই দিনে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিট’-এ যোগ দেবেন। সফরের শেষ দুই দিন ৫ ও ৬ অক্টোবর শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফর করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আসাম রাজ্যে প্রণীত নাগরিক পঞ্জি (এনআরসি), ঝুলে থাকা তিস্তা ইস্যুসহ সব বিষয়ে কথা বলবেন।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় সীমান্ত হত্যা, সন্ত্রাসবাদবিরোধী, সহায়তা বাণিজ্য, নৌপরিবহন, বন্দর ব্যবস্থাপনা, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে নিয়ে গঠিত উপ-আঞ্চলিক জোট, অভিন্ন নদীর পানি বণ্টন-সংক্রান্ত কাঠামো চুক্তি, রোহিঙ্গা, উন্নয়ন, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া যুব ও ক্রীড়া, সমুদ্র গবেষণা, অর্থনীতি, বাণিজ্য, পণ্যের মান নিয়ন্ত্রণ, শিক্ষাসহ কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারকে সইয়ের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ১০-১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মাধ্যমে দেশের জনগণ সুখবর চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারত-বাংলাদেশ সম্পর্কে আস্থা থাকলেও অব্যাহত আছে অস্বস্তি-দৈনিক মানবজমিন

Image Caption

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে চমৎকার আস্থা বিদ্যমান। কিন্তু একই সঙ্গে অব্যাহত রয়েছে অস্বস্তিকর অবস্থা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নয়া দিল্লি তিস্তা চুক্তি তুলে দিতে সক্ষম হবে না বলেই মনে হচ্ছে। এসব মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। স্ট্রাটেজিক নিউজ ইন্টারন্যাশনালকে (এসএনআই) দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন।

খালেদা জিয়া কারও দয়ায় মুক্ত হবেন না: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারও দয়ায় মুক্ত হবেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশনেত্রীর অবশ্যই জামিন পাওয়ার যে ন্যায্য অধিকার, সেই অধিকারেই মুক্ত হবেন। মিথ্যা মামলা দিয়ে আর যাই হোক, তাকে আটকে রাখা যাবে না। জনগণ তাদের আপোষহীন প্রিয় নেত্রীকে অবশ্যই আন্দোলনের মাধ্যমে বের করে আনবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কাবাবন্দি খালেদা জিয়ার জামিনে মুক্তি নিয়ে দুদিন ধরে বেশ আলোচনা চলছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা-দৈনিক নয়া দিগন্ত

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নামফলক পুনঃস্থাপন ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নেতাকর্মীরা। এসময় ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসায় মধুর ক্যান্টিন থেকে চেয়ার টেবিল সরিয়ে ফেলা হয়েছে। তারপরও ছাত্রদলের নেতৃবৃন্দ ক্যান্টিনের ফ্লোরে বসে প্রতিবাদ জানাছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

আরো অনেক রাঘব বোয়াল ধরা পড়বেন: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে আরো অনেক রাঘব বোয়াল ধরা পড়বেন। আজ বৃহষ্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সারা বাংলাদেশে অপকর্ম যারা করেছে তাদের তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে। বিগত দিনে যারা গ্রেফতার হয়েছেন তারা কেউ ছোট খাটো অপরাধী নন। অভিযানে আরো অনেক রাঘব বোয়াল ধরা পড়বে।’

ভাগ্যগুণে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক-দৈনিক প্রথম আলো

বৈচিত্র্যপূর্ণ জীবন তাঁর। তামাকের বিকল্প ‘টেন্ডু পাতা’ থেকে শুরু করে তৈরি পোশাকের ব্যবসা করেছেন। কিন্তু ব্যবসা তাঁকে ঋণখেলাপি করেছে। রাজনীতিও তাঁকে হতাশ করেছে লম্বা সময়। বিড়ি শ্রমিক লীগ, জাতীয় পার্টির যুব সংগঠন, আওয়ামী লীগ করেও লম্বা সময় ছিলেন পেছনের কাতারে। তবে যুবলীগ তাঁকে নিয়ে গেছে শীর্ষে। যুবলীগের চেয়ারম্যান হওয়ার পর শোধ করেছেন পুরোনো ব্যর্থতার দেনা।ভাগ্যগুণে ওমর ফারুক চৌধুরী এমন সাফল্য পেয়েছেন বলে মনে করছেন যুবলীগের অনেক নেতা। এরশাদের আমলে যুব সংহতি করেন। ব্যবসা করে ঋণখেলাপি হন। ২০০৯ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। ২০১২ সালে হন চেয়ারম্যান।

যুবলীগে ওমর ফারুকের সিদ্ধান্তই চূড়ান্ত।ওমর ফারুকের বয়স এখন ৭১ বছর।একাধিকবার দল পরিবর্তন এবং ৭১ বছর বয়সেও যুবলীগের চেয়ারম্যান পদে থাকার বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।এত বয়সেও যুব সংগঠনের নেতৃত্বে থাকাকে ‘রাজনীতিবিদদের কাণ্ডজ্ঞানের সমস্যা’ বলে মনে করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

পেঁয়াজের দাম দ্রুত বেড়েছিল, কমলও দ্রুত-দৈনিক প্রথম আলো

ভারতের রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম লাফিয়ে বেড়েছিল। সেটা আবার দ্রুত কমেও গেল। মসলাজাতীয় পণ্যের সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে গত দুই দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কেজিপ্রতি ২৫-৩০ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অবশ্য খুচরা বাজারে ততটা প্রভাব পড়েনি। মিয়ানমার থেকে আসা পেঁয়াজ নিয়ে দেশের বিভিন্ন জায়গার উদ্দেশে রওনা দিয়েছে প্রচুর ট্রাক। গতকাল টেকনাফ স্থলবন্দরে।  প্রথম আলো মিয়ানমার থেকে আসা পেঁয়াজ নিয়ে দেশের বিভিন্ন জায়গার উদ্দেশে রওনা দিয়েছে প্রচুর ট্রাক। গতকাল টেকনাফ স্থলবন্দরে। প্রথম আলো

ভারতের রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম লাফিয়ে বেড়েছিল। সেটা আবার দ্রুত কমেও গেল। মসলাজাতীয় পণ্যের সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে গত দুই দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কেজিপ্রতি ২৫-৩০ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অবশ্য খুচরা বাজারে ততটা প্রভাব পড়েনি। 

শ্যামবাজারে গতকাল বুধবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০–৭৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৬৫-৭০ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ ৫৮-৬০ টাকা দরে বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। ঢাকার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে আগের চেয়ে দাম কেজিপ্রতি ১০ টাকার মতো কমেছে। অবশ্য কোথাও কোথাও সেরা মানের দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১২০ টাকায় উঠেছিল, যা এখন ১১০ টাকায় নেমেছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধের পর অনেকেই হুজুগে বাড়তি পেঁয়াজ কিনেছিলেন। এতে বাড়তি চাহিদা তৈরি হয়। ফলে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। এখন বাজারে চাহিদা কম। এ ছাড়া মিসর ও তুরস্ক থেকে কম দামে পেঁয়াজ আমদানির খবর আসছে। এতে দাম কমে গেছে। 

ভারত রপ্তানি বন্ধের আগে শ্যামবাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫৫-৫৬ এবং দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় বিক্রি হতো।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দিল্লিতে ঢুকে পড়েছে ৪ সশস্ত্র জইশ জঙ্গি, গোয়েন্দাদের সতর্কবার্তা পেয়েই নিরাপত্তার চাদরে রাজধানী-দৈনিক আনন্দবাজার

দিল্লিতে ঢুকে পড়েছে চার পাক জঙ্গি। চার জনই অস্ত্রধারী। এই মর্মে কেন্দ্রকে সতর্ক করল গোয়েন্দা বিভাগ। আর সতর্কবার্তা পাওয়ার পরই রাজধানী জুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক করা হয়েছে উত্তর-পূর্বের সমস্ত বিমানবন্দরকেও। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি শীর্ষ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে ইনপুট এসেছে, পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ১০-১২ জনের একটি দল জম্মু-কাশ্মীরের কোনও বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে। বিভিন্ন সূত্রে জইশের এই মডিউলের খবর পাওয়ার পরই কেন্দ্রকে সতর্কবার্তা পাঠিয়েছেন গোয়েন্দারা। তার পরই রাজধানীতে জারি করা হয়েছে সতর্কতা।বৃহস্পতিবার গোয়েন্দারা কেন্দ্রকে জানায়, রাজধানী দিল্লিতে ঢুকে পড়েছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের চার সক্রিয় সদস্য। এই খবর পাওয়ার পরেই চূড়ান্ত সতর্কবার্তা জারি করে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন পুলিশ।

রপ্তানি বন্ধ করেছে ভারত, পেঁয়াজের জন্য হাহাকার এশিয়ায়-দৈনিক সংবাদ প্রতিদিন

এশিয়া জুড়ে সব দেশে রান্নাঘরে আপাতত নিরামিষি হাবভাব। কারণ রান্নাঘর থেকে গায়েব আমিষ রান্নার মূল উপকরণ পেঁয়াজেরই। ভারত রপ্তানি বন্ধ করায় এশিয়ার সমস্ত দেশে পেঁয়াজের দামে পড়েছে বিপুল প্রভাব। চড়চড়িয়ে বেড়েছে দাম। বিশেষ করে প্রভাব পড়েছে বাংলাদেশে। ভারত থেকে আসা পেঁয়াজের অভাব পূরণ করতে আর পেঁয়াজের দাম মধ‌্যবিত্তের নাগালে রাখতে মায়ানমার, ইজিপ্ট, তুরস্ক, চিনের মুখাপেক্ষী হয়েছে।

বাংলাদেশের মতোই পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো পেঁয়াজের প্রয়োজনে অন‌্য এশীয় দেশগুলিও ইজিপ্ট, তুরস্ক, চিনের শরণাপন্ন হয়েছে। তবে এই দেশগুলি থেকে আসা সরবরাহ, কোনও ভাবেই ভারতের অভাব পূরণ করতে পারছে না। গত অর্থবর্ষে ২২ লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করেছিল ভারত। কিন্তু, এবার দেশের বাজারে পেঁয়াজের দাম ৪৫০০ টাকা প্রতি একশো কেজি পেরোতেই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত।

আইনি যুদ্ধে সাময়িক স্বস্তি মিলতেই প্রকাশ্যে এলেন রাজীব কুমার-দৈনিক আজকাল

প্রায় ১ মাস অজ্ঞাতবাসের পর প্রকাশ্যে এলেন রাজ্যের গোয়েন্দা প্রধান তথা কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। আগাম জামিনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পঞ্চমীর সকালে আলিপুর আদালতে যান তিনি। বৃহস্পতিবার আগাম জামিনের ফলে আপাতত তাঁর গ্রেপ্তারির সম্ভাবনা রইল না।

১ অক্টোবর রাজীব কুমারের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। সারদা মামলায় আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। শুনানির পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজীব মামলার শুনানির পর বিচারপতির পর্যবেক্ষণ ছিল ‘যথেষ্ট সহযোগিতা করেছেন গোয়েন্দা প্রধান। তাই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ নিষ্প্রয়োজন।’ তারপর জামিন পান তিনি। আইনি যুদ্ধে সাময়িক স্বস্তি পেতেই প্রকাশ্যে এলেন রাজীব কুমার।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩