অক্টোবর ০৬, ২০১৯ ১৩:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • অবশেষে যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
  • ‘আমি মানুষের আস্থার মর্যাদা রাখতে চাই’: স্পিকার-দৈনিক প্রথম আলো
  • ক্যাসিনো সম্রাটের বিরুদ্ধে যত অভিযোগ-দৈনিক যুগান্তর
  • দৃষ্টি অন্যদিকে ফেরাতে সম্রাটকে গ্রেপ্তার দেখানোর নাটক-রিজভী-দৈনিক মানবজমিন
  • তিস্তা অধরাই, তবু কেন ভারতকে ফেনী নদীর পানি দিলো বাংলাদেশ?-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • বংশপরম্পরাই কাল হল কংগ্রেসের, বলছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি-দৈনিক সংবাদ প্রতিদিন
  • চাকরি, দ্রব্যমূল্য নিয়ে মোদী সরকারের উপর আস্থা কমেছে মানুষের, জানাল আরবিআই-দৈনিক আনন্দবাজার
  • ‘রাঁধুনিকে বলেছি পেঁয়াজ বন্ধ’, ভারত রপ্তানি বন্ধ করায় এমন সিদ্ধান্ত নিলেন শেখ হাসিনা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

Image Caption

বেশ কয়েকদিন ধরে নানারকম আলোচনার অবসান হলো। অবশেষে যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার হয়েছে। এ খবরটি  আজকের প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোর প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছ। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাক লিখেছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোররাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

এ সম্পর্কে দৈনিক যুগান্তরের শিরোনাম-ক্যাসিনো সম্রাটের বিরুদ্ধে যত অভিযোগ।

যুবলীগ নেতা সম্রাট

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, ইসমাইল হোসেন সম্রাট যুবলীগ নেতা হিসেবে নিজেকে পরিচয় দিলেও ঢাকার বাসিন্দাদের কাছে ক্যাসিনো সম্রাট হিসেবেই বেশি পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা পড়েছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। সবশেষ ক্ষমতাসীন দল ও সরকারের সবুজ সংকেত পেয়েই তাকে আজ গ্রেফতার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, সম্রাটের সুবিধাভোগীদের তালিকায় মন্ত্রী, সংসদ সদস্য, প্রভাবশালী রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিই আছেন। এ কারণে তাকে গ্রেফতারে ইতস্তত করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

খবরটিতে আরও লেখা হয়েছে, চলমান মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযানে খালেদ মাহমুদ ভূঁইয়া ও জি কে শামীমসহ যুবলীগের কয়েকজন নেতা গ্রেফতার হওয়ার পরই সম্রাটের নাম উঠে আসে। তখন থেকেই গ্রেফতার এড়াতে দৌড়ঝাঁপ শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারলেন না সম্রাট। আটকা পড়লেন র‍্যাবের জালে।

জানা গেছে, প্রতি রাতে রাজধানীর ১৫টি ক্যাসিনো থেকে ৪০ লাখ টাকা চাঁদা হিসেবে নিতেন ইসমাইল হোসেন সম্রাট। সম্রাটের নেশা ও ‘পেশা’ জুয়া খেলা। তিনি একজন পেশাদার জুয়াড়ি। প্রতি মাসে অন্তত ১০ দিন সিঙ্গাপুরে যান জুয়া খেলতে। সেখানে টাকার বস্তা নিয়ে যান তিনি। আর দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, সম্রাট-আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী

দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, ‘দৃষ্টি অন্যদিকে ফেরাতে সম্রাটকে গ্রেপ্তার দেখানোর নাটক-রিজভী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এতদিন পর সম্রাটকে গ্রেপ্তার দেখানোর নাটক মঞ্চস্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে একতরফা চুক্তি করে প্রধানমন্ত্রী তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। এজন্য সরকারের পদত্যাগ করা উচিত। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তি ও সমঝোতা স্মারকে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, একতরফাভাবে সবকিছু দিয়ে আসা হয়েছে।

দেশ ছেড়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি-দৈনিক ইত্তেফাক

দেশ ছেড়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি

রাজধানীসহ সারা দেশে ক্যাসিনো-মদ ও জুয়ার আসরসহ অবৈধ ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে এপথে বিপুল অর্থ বিত্তের মালিক বনে যাওয়া বেশ কয়েকজন সরকারি দলের নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়েছেন এসব অপকর্মের মূল হোতা ও জড়িত বিভিন্ন পর্যায়ের নেতারা। জানা গেছে, ইতিমধ্যে অর্ধ শতাধিক বিতর্কিত ব্যক্তি দেশ ছেড়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা বিদেশে পাঁচার, চাঁদাবাজি, চোরাচালান, মাদক, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরিবার-পরিজন ফেলে ওইসব নেতারা সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় গেছেন। এসব দেশে রয়েছে তাদের সেকেন্ড হোম। তবে এখন আর কেউ বিদেশে পালিয়ে যেতে পারবেন না। তাদের বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মধ্যরাতে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা পুলিশের-দৈনিক মানবজমিন

মধ্যরাতে রাজধানীর আজিমপুরে বাসায় ফেরার সময় এক সাংবাদিকের ভাইকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। একইসঙ্গে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও ভুক্তভোগী জানিয়েছেন। লালবাগের উপ কমিশনার মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পুলিশের এসআই কালামকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে।

তিস্তা অধরাই, তবু কেন ভারতকে ফেনী নদীর পানি দিলো বাংলাদেশ?-দৈনিক নয়া দিগন্ত

ফেনী নদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফরে তিস্তা নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি না-হলেও আর একটি অভিন্ন নদী ফেনী থেকে ভারতকে পানি দিতে রাজি হয়েছে বাংলাদেশ। দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, ফেনী নদী থেকে ১.৮৬ কিউসেক পানি ত্রিপুরার সাব্রুম শহরে সরবরাহ করা হবে, যাতে সেখানে খাবার পানির প্রয়োজন মেটানো যায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসিকে বলেছেন, সম্পূর্ণ মানবিক কারণেই প্রধানমন্ত্রী হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

চাকরি, দ্রব্যমূল্য নিয়ে মোদী সরকারের উপর আস্থা কমেছে মানুষের, জানাল আরবিআই-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে

দেশের অর্থনৈতিক পরিস্থিতি, চাকরিবাকরির অবস্থা, জিনিসপত্রের দাম আর মাইনে নিয়ে রীতিমতো হতাশ আমজনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উপর উত্তরোত্তর আস্থা হারিয়ে ফেলছেন সাধারণ মানুষ। সেই আস্থা গত সেপ্টেম্বরে যে তলানিতে পৌঁছেছে, গত ছয় বছরে আর নামেনি ততটা। যার অর্থ, দ্বিতীয় ইউপিএ জমানাতেও এই সব ব্যাপারে আমজনতার যেটুকু আস্থা ছিল, মোদী জমানায় সেইটুকুও নেই। রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) একেবারে হালের একটি সমীক্ষা এ কথা জানিয়েছে। নাগরিকরাই দেশের বাজারে পণ্যের প্রধান ক্রেতা (কনজিউমার)। তাই তাঁদের আস্থার (কনফিডেন্স) পরিমাপ করে নিয়মিতই দেশের অর্থনৈতিক স্বাস্থ্য পরীক্ষা করে আরবিআই। আর তা মাপা হয় ‘কারেন্ট সিচুয়েশন ইনডেক্স (সিসিআই)’ দিয়ে। দেশের প্রধান শহরগুলির নাগরিকদের মতামতের ভিত্তিতে।

বংশপরম্পরাই কাল হল কংগ্রেসের, বলছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি-দৈনিক সংবাদ প্রতিদিন

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী

বংশপরম্পরাই কাল হল কংগ্রেসের। এমনটাই জানাচ্ছে কংগ্রেসের অনুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং) কমিটির রিপোর্ট। মতিলাল নেহরুর পর জওহরলাল। তারপর জওহরকন্যা ইন্দিরা গান্ধী। ইন্দিরার পর পুত্র রাজীব। এবং এখন তাঁর স্ত্রী-সন্তানেরা। সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা। সাম্প্রতিক সময়ে কংগ্রেসের ব্যাটন যুগে যুগে পাল্টেছে ঠিকই, তবে গান্ধী পরিবারের বাইরে যায়নি। আর সেটাই গত লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির জন্য সবচেয়ে বড় কারণ। কেন হার হল ভোটে, জানতে যে তথ্য অনুসন্ধান কমিটি গড়েছিল কংগ্রেস, তারাই এই রিপোর্ট দিয়েছে। শীঘ্রই বিধানসভা ভোট দু’টি রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানায়। তার জন্য কংগ্রেসের তোড়জোড়, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। কংগ্রেসের তথ্য অনুসন্ধান কমিটি এ-ও বলেছে, এই সবের থেকে শিক্ষা নিয়েই এ বার প্রার্থী বাছাই করতে হবে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটে। আগামী মাসে যে কয়েকটি উপনির্বাচন রয়েছে, সেখানেও এই শিক্ষাকে মনে রাখতে হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬