অক্টোবর ১১, ২০১৯ ১৩:৫৮ Asia/Dhaka
  • আর কোনো ছেলে হারাতে চাই না: আবরারের মায়ের আকুতি

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ‘আবরারের লাশ পুঁজি করে অ্যাজেন্ডা বাস্তবায়ন করা যাবে না’-দৈনিক প্রথম আলো
  • 'আবরার হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি'-দৈনিক কালেরকণ্ঠ
  • আবরার হত্যাকাণ্ডে জড়িত থাকায় অমিত সাহাকে গ্রেফতার: ডিএমপি: দৈনিক যুগান্তর
  • আবরার হত্যা: অমিত-তোহা পাঁচদিনের রিমান্ডে: দৈনিক ইত্তেফাক
  • বুয়েট প্রশাসন সতর্ক থাকলে আবরার হত্যাকাণ্ড ঘটতো না: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • আর কোনো ছেলে হারাতে চাই না: আবরারের মায়ের আকুতি-নয়া দিগন্ত

ভারতের খবর:

  • ’মাস পরে পর্যটকদের জন্যে খুলে দেওয়া হল কাশ্মীরের দরজা, আরও একটু শিথিল বিধিনিষেধ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ‘যোগীর রাজ্যে তীর্থযাত্রীদের পিষে দিল বেপরোয়া বাস, মৃত সাত -দৈনিক আজকাল
  • নজরে ‘ড্রাগন, বাংলাদেশ উপকূলে অত্যাধুনিক রাডার বসাচ্ছে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন        -দৈনিক সংবাদ প্রতিদিন 

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

আবরারের লাশ পুঁজি করে অ্যাজেন্ডা বাস্তবায়ন করা যাবে না-দৈনিক প্রথম আলো

আবরারের লাশ পুঁজি করে কেউ অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে তাকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের পঞ্চম দিনে এসে তাঁরা আজ শুক্রবার উপাচার্যের সঙ্গে বসতে যাচ্ছেন।

আবরার হত্যাকারীদর বিচারের দাবিতে বুয়েটে বিক্ষোভ। 

আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত তাঁরা আল্টিমেটামের সময়সীমা বাড়িয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় বুয়েট শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এসব কথা জানান। বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের পঞ্চম দিন আজ। শিক্ষার্থীরা বলেন, ‘আবরারের লাশকে পুঁজি করে বহিরাগত কেউ নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাবেন না। তাহলে প্রতিহত করা হবে। আমরা ওর হত্যার বিচার চাই। কাউকে যেন ওর পরিণতি বরণ করতে না হয়।

'আবরার হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি'-দৈনিক কালেরকণ্ঠ

আবরার ফাহাদ হত্যা নিয়ে বিএনপি নোংরা রাজনীতিতে মেতেছে। তারা একে নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে। আগেও সফল হয় নাই। এবারও সফল হবে না। আমরা ছাত্রছাত্রীদের আবেগের সঙ্গে একাত্মতা পোষণ করছি।'আজ শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'বিএনপিসহ কুচক্রী মহলের নানামুখী দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন' শীর্ষক কর্মসূচিতে এসব কথা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, 'বুয়েটের একজন ছাত্র (আবরার) নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটি একটি ন্যক্কারজনক ও নৃশংস ঘটনা। এদিকে, গত ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ও সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আবরার হত্যার দিনকে শহীদ দিবস' পালনের আহ্বান মওদুদের: দৈনিক যুগান্তর

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে যেদিন হত্যা করা হয়েছে, সেই দিনটিকে ‘শহীদ দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। মওদুদ বলেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য কথা বলায় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে আবরার।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগে থেকে যদি শিক্ষার্থীদের ওপর অত্যাচার, নির্যাতন ও র‍্যাগিং বন্ধ করা হতো তা হলে আবরার হত্যাকাণ্ডের মতো বর্বরোচিত ঘটনা ঘটত না। এ সময় তিনি বুয়েটের শিক্ষকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনে শিক্ষকদের জড়িত হওয়ার বিষয়টি নিয়েও কড়া সমালোচনা করেন শিক্ষামন্ত্রী।

আবরার হত্যা: অমিত-তোহা পাঁচদিনের রিমান্ডে: দৈনিক ইত্তেফাক-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা অমিত সাহা ও এজাহারভুক্ত আসামি হোসেন মোহাম্মদ তোহার পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এ সময় পলাতক আসামিদের গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। শুনানি শেষে হাকিম সরাফুজ্জামান আনছারী পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অমিত সাহা ও বিকাল ৩টার দিকে গাজীপুরের মাওনা থেকে তোহাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বুয়েট প্রশাসন সতর্ক থাকলে আবরার হত্যাকাণ্ড ঘটতো না: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন

বুয়েট প্রশাসন আরেকটু সতর্ক থাকলে আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন না ডাক দিলে পুলিশ ভেতরে ঢোকে না জানিয়ে তিনি বলেন, এ জায়গাটিতে বুয়েট কর্তৃপক্ষের আরেকটু সতর্ক থাকার দরকার ছিল। আরেকটু সতর্ক থাকলে হয়তো এ ধরনের ঘটনা নাও ঘটতে পারতো। ভবিষ্যতে প্রশাসন ছাত্রদের প্রতি আরও নজর দেবে, দায়িত্ববান হবে বলে মনে করি।

আর কোনো ছেলে হারাতে চাই না: আবরারের মায়ের আকুতি-নয়া দিগন্ত -নয়া দিগন্ত

ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া বেগম বলেছেন, ‘আমি এক ছেলেকে হারিয়েছি, আর কোনো ছেলেকে হারাতে চাই না।সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ছেলের জন্য সব ছেলেরা রাজপথে নেমেছে।

আবরার মায়ের আর্তনাদ 

আমি চাই না আমার মতো আর কোনো মায়ের বুক খালি হয়। আমার এক ছেলে নেই, এখন সব বিশ্ববিদ্যালয়, কলেজের ছেলেরা আমার ছেলে। ওদের ওপর যেন কোন অত্যাচার না হয়।আবরার হত্যাকাণ্ডের পর রাজপথে নেমে টানা পঞ্চম দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বুয়েটের শিক্ষার্থীরা। সহপাঠী হত্যার দ্রুত বিচারসহ ১০ দফা দাবি আদায়ে অনড় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়া আবরার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রাজপথে মানববন্ধন ও সমাবেশ করছে।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে বিজেপি-দৈনিক আনন্দবাজার পত্রিকা

রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে বিজেপি। রামনাথ কোবিন্দ এবং অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি জানাবেন দলের নেতারা। শুধু পরিস্থিতি অবগত করানোই নয়, কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করা হবে বলে বিজেপি সূত্রে খবর। সেই উদ্দেশেই আগামী ১৫ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

আগামিকাল শনিবার গাঁধী মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি রয়েছে বিজেপির। রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে প্রতিনিধি দলে কারা থাকবেন, ওই কর্মসূচির পরেই তা ঘোষণা করা হবে বলে মুরলী ধর লেন সূ্ত্রে খবর। এ ছাড়া নবান্ন অভিযানের কর্মসূচিও ঘোষণা করা হতে পারে শনিবার।

যোগীর রাজ্যে তীর্থযাত্রীদের পিষে দিল বেপরোয়া বাস, মৃত সাত -দৈনিক আজকাল

যোগী আদিত্যনাথের রাজ্যে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন সাত তীর্থযাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায়। নারোরার গঙ্গা ঘাটের পাশে ফুটপাথে শুয়েছিলেন একই পরিবারের সাতজন। যার মধ্যে চারজন মহিলা ও তিনজন শিশু ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, তীর্থযাত্রীরা উত্তরপ্রদেশের হাতরাসের বাসিন্দা। গঙ্গাপুজো সেরে তাঁরা ফিরছিলেন। রাত হয়ে যাওয়ায় ফুটপাথেই তাঁরা শুয়ে পড়েন। সকালে একটি বেসরকারী বাস বেপরোয়া গতিতে আসতে গিয়েই বিপত্তি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফুটপাথের উপর চলে আসে। পিষে দেয় ঘুমিয়ে থাকা সাত তীর্থযাত্রীকে। ঘটনার পরেই বাস চালক পালিয়ে যায়। তার খোঁজ চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নজরে ড্রাগন, বাংলাদেশ উপকূলে অত্যাধুনিক রাডার বসাচ্ছে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন   

দিল্লিতে মোদি-হাসিনা বৈঠক ঘিরে প্রতিরক্ষামহলে জল্পনা ছিলই। কাশ্মীর নিয়ে টানাপোড়েন ও ডোকলামে ‘ড্রাগনের’ আগ্রাসী মনোভাবে ভারতের কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব যে অনেকটাই তা বলাই বাহুল্য। বাংলাদেশের ক্ষেত্রেও তা বলা যায়। ফলে দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা যে বাড়বে তা জানাই ছিল।

তবে এবার আর রাখঢাক না করে বাংলাদেশ উপকূলে বিশেষ রাডার বসাচ্ছে ভারতীয় নৌবাহিনী। এর জন্য দু’দেশের মধ্যে একটি মউ স্বাক্ষর হয়েছে। গত শনিবার নয়াদিল্লিতে মোদি ও হাসিনার মধ্যে রাডার বসানো নিয়ে মউ স্বাক্ষরিত হয়। ফলে চিনের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের উপর নজরদারি চালাতে বাংলাদেশ উপকূলে ২০টি উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষ রাডার বসাচ্ছে ভারতীয় নৌসেনা। পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকুলেও এই রাডার বসানো হবে। এই ভারতীয় নেটওয়ার্কের নাম দেওয়া হয়েছে, ‘কোস্টাল সার্ভেইল্যান্স রাডার সিস্টেম ইন বাংলাদেশ’।#

পার্সটুডে/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।