আবরার হত্যা: ক্ষতিপূরণের রিট কার্যতালিকায় রাখার আদেশ
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- শিবির সন্দেহে আবরারকে মারপিট করে চারজন: পুলিশ-দৈনিক প্রথম আলো
- প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে আবরারের বাবা-মা-দৈনিক কালেরকণ্ঠ
- দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন তাপস-দৈনিক যুগান্তর
- আবরার হত্যা: ক্ষতিপূরণের রিট কার্যতালিকায় রাখার আদেশ-দৈনিক ইত্তেফাক
- ইয়াবা সেবনের অভিযোগ, মোটরসাইকেল ফেলে পালালেন এএসআই-দৈনিক মানবজমিন
- ছাত্রলীগের কারণে সমগ্র ছাত্ররাজনীতি দায়ী হতে পারে না : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বাঙালির ফের নোবেল জয়, অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- আচমকাই মহানায়কের উত্থান! ‘দাদা’-কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন বাংলার মুখ্যমন্ত্রী
- ‘ইমরান চাইলে পাকিস্তানে সেনা পাঠিয়ে সাহায্য করবে ভারত’, বললেন রাজনাথ-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন (১৪ অক্টোবর ২০১৯)
১. বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অমিত সাহাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে আজ থেকে আবার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। এসব বিষয়ে আপনি কি বলবেন?
২.পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল ইরান সফরে গেছেন এবং আজকে তিনি তেহরান থেকে সৌদি আরব সফরে যাবেন। বলা হচ্ছে- এই সফরে তিনি দু'দেশের মধ্যকার চলমান উত্তেজনা কমানোর বিষয়ে মধ্যস্থতা করবেন। বাংলাদেশের পত্রপত্রিকাসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন উঠেছে- তিনি কতটা সফল হবেন। আপনার কি মনে হয়?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
শিবির সন্দেহে আবরারকে মারপিট করে চারজন: পুলিশ-দৈনিক প্রথম আলো
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্ত শেষে নভেম্বরের শুরুর দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল এ কথা বলেন। মনিরুল বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের আদালতে দেওয়া জবানবন্দিতে এসেছে যে, তাঁরা শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে মারধর করছিলেন।

একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, আবরারকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে, নাকি মারধরের জন্য মারধর করা হয়েছে, সে ব্যাপারে তথ্য–উপাত্ত বিশ্লেষণ শেষে জানা যাবে। পুলিশের এই কর্মকর্তা বলেন, কারও কারও জবানবন্দিতে এসেছে, কয়েক ঘণ্টা ধরে মারধর করা হয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করা হয়। আবরার ফাহাদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ১৫ জন রয়েছেন। পুলিশের তদন্তে নাম আসায় বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করলেন আবরারের বাবা-মা-দৈনিক কালেরকণ্ঠ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে আইনমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত আবরারের পরিবার সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ‘মামলার দ্রুত নিষ্পত্তির উপায় খোঁজার জন্য আমি ইতিমধ্যে আইনমন্ত্রীকে নির্দেশনা দিয়েছি।’ সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, একজন মায়ের অবস্থান থেকে বিষয়টি দেখায় আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুন প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার জন্য প্রশাসন, পুলিশ ও দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞা জানান।
শেখ হাসিনা আবরারের বাবা-মাকে বলেন, ঘটনা ঘটার পর কে কোন দলের তা দেখা হয়নি। ‘তারা কোন দলের তা আমি জানতে চাই না। আমার কাছে হত্যাকারী একজন হত্যাকারীই, সন্ত্রাসী কেবল সন্ত্রাসীই।’ ‘আপনারা যা হারিয়েছেন, তাতে সান্ত্বনা দেয়ার ভাষা আমার কাছে নেই। আমার দিকে দেখুন, এক রাতে আমি সবকিছু হারিয়েছি। নিকট আত্মীয় হারানোর ব্যথা আমি বুঝি,’ বলেন তিনি।
হত্যাকারীরা মানুষ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কীভাবে তাকে হত্যা করতে পারে, যার সাথে তারা পড়াশোনা করছিল?
দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন তাপস-দৈনিক যুগান্তর
বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মামলা না হওয়ায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তাপস বলেন, আদালতের নির্দেশ সত্ত্বেও বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই বাচ্চুর বিরুদ্ধে মামলা না করার দায়ে সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনার মামলায় বাচ্চুকে আসামি করে চার্জশিট দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা থাকলেও তা অমান্য করেছে দুদক। কী কারণে দুদক এ রকম কাজ করেছে, এটি জাতি জানতে চায়।
আবরার হত্যা: ক্ষতিপূরণের রিট কার্যতালিকায় রাখার আদেশ-দৈনিক ইত্তেফাক
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট আগামীকাল কার্যতালিকায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রিট আবেদন উপস্থাপনের পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। বাসস

আদালতে আবেদনটি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ। তিনি জানান, আবেদনটি আজ উপস্থাপন করা হয়েছে। আদালত কাল মঙ্গলবারের কার্যতালিকায় রাখার আদেশ দিয়েছেন।
জনস্বার্থে রিট আবেদনটি গতকাল রবিবার দায়ের করেন আইনজীবী শাহীন বাবু। রিটে ক্ষতিপূরণসহ ওই ঘটনা বিচারিক কমিটি দিয়ে তদন্তের নির্দেশনা ও তার পরিবারের নিরপাত্তা নিশ্চিতে নির্দেশনা জারির আর্জি জানানো হয়।
ইয়াবা সেবনের অভিযোগ, মোটরসাইকেল ফেলে পালালেন এএসআই-দৈনিক মানবজমিন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালাদী এলাকায় এক ইয়াবা ব্যবসায়ীকে সেল্টার দেয়াসহ মাদক সেবনের অভিযোগে উঠেছে ভোলাব তদন্ত কেন্দ্রের এক এএসআইয়ের বিরদ্ধে। গত শনিবার রাতে আল-আমিন নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে বসে এএসআই রাশিদুল হাসান মাদক সেবন করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজের মোটরসাইকেল ফেলে পালিয়ে যান এএসআই রাশিদুল হাসান।

পরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমদুল হাসান।পরে আল আমিনের দেয়া তথ্য অনুযায়ী কাঞ্চন এলাকার আরও ২ মাদক ব্যবসায়ী সামছুলের ছেলে অলিউর রহমান অলি ও রতন মিয়ার ছেলে শাজালালকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরও বলেন, আল আমিন একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীর বাড়িতে সে কেন গিয়েছিল এবং তার সঙ্গে এএসআই রাশিদুলের কি সম্পর্ক এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপার তাকে ডেকেছেন। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেয়া হবে।
ছাত্রলীগের কারণে সমগ্র ছাত্ররাজনীতি দায়ী হতে পারে না : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
ছাত্রলীগের কারণে সমগ্র ছাত্ররাজনীতি দায়ী হতে পারে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি এবং রক্তপাতের অজুহাতে সমগ্র ছাত্ররাজনীতি নিষিদ্ধের চক্রান্ত গভীর মাস্টারপ্লানের অংশ। তিনি আজ সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এছাড়া আজ ঝিনাইদহ জেলার মহেষপুর ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের সেখানে ঢুকতে দেয়া হয়নি। মহেশপুরে প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধর ও বের করে দেয়া হয়েছে এবং রাস্তার মোড়ে-মোড়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আওয়ামী সন্ত্রাসীরা। একই অবস্থা সাতকানিয়াতেও। এই দুই উপজেলাতে আওয়ামী সন্ত্রাসীদের সাথে পাল্লা দিয়ে পুলিশও ভোটারদের বের করে দিচ্ছে। এই দুই উপজেলায় ভোটের নামে প্রকাশ্যে ভোট জালিয়াতির উৎসব শুরু হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
বাঙালির ফের নোবেল জয়, অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পরে দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতির ক্ষেত্রে এই সম্মানে ভূষিত হলেন অভিজিৎ বিনায়ক। একই সঙ্গে নোবেল সম্মান পেলেন তাঁর স্ত্রী এস্থার ডাফলোও। পুরস্কৃত হলেন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারও। নোবেল কমিটি জানাচ্ছে, দারিদ্র দূরীকরণ নিয়ে গবেষণার জন্যেই পুরস্কার দেওয়া হল এই ত্রয়ীকে। এস্থার অর্থনীতিতে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক। বিশ্বের দ্বিতীয় মহিলা হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি।

এদিন নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ‘‘ওঁদের গবেষণা গোটা বিশ্বকে দারিদ্রের বিরুদ্ধে লড়ার নতুন হাতিয়ারের সন্ধান দিয়েছে। মাত্র দুই দশকে ওঁদের গবেষণা পদ্ধতি উন্নয়ন অর্থনীতির রূপরেখা বদলে দিয়েছে। এখন অর্থনীতির গবেষণায় এটি অন্যতম পাথেয় মডেল।’’
আচমকাই মহানায়কের উত্থান! ‘দাদা’-কে শুভেচ্ছা জানিয়ে কী বললেন বাংলার মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
পুজোর পরই বাঙালিকে সেরা উপহারটি দিলেন সৌরভ গাঙ্গুলি। এ যেন আচমকাই এক মহানায়কের উত্থান। বাংলার ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদ থেকে একেবারে জাতীয় স্তরে নায়ক ‘দাদা। বিসিসিআইয়ের সিংহাসনে বসতে চলেছেন মহারাজ। এই নিয়ে মহারাজকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী।

নিজের টুইটার হ্যাণ্ডেলে তিনি লেখেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলিকে আন্তরিক অভিনন্দন। আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি ভারত ও বাংলাকে গর্বিত করেছেন। সিএবির সভাপতি থাকাকালীন আপনি যা কাজ করেছেন, তা নিয়ে আমরা সত্যিই গর্বিত। এবার জাতীয় স্তরে আপনার নতুন ইনিংসের দিকে তাকিয়ে আমরা সবাই।’
‘ইমরান চাইলে পাকিস্তানে সেনা পাঠিয়ে সাহায্য করবে ভারত’, বললেন রাজনাথ-দৈনিক সংবাদ প্রতিদিন
জঙ্গি দমনে পাকিস্তানের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে একাধিক ফোরামে ভারত নালিশ করেছে। কিন্তু, তাতেও সুবিধা হয়নি খুব একটা। পাকিস্তানের স্বাভাব বদলায়নি। এখনও, পাক ভূমিকে সন্ত্রাসবাদের আতুড়ঘর বললে অত্যুক্তি হয় না। পাকিস্তানের মাটিতে অবাধ বিচরণ জঙ্গিদের। এদিকে, পাক প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে শান্তির বার্তা আওড়ে যাচ্ছেন। এবার তাঁকে তীব্র কটাক্ষ শানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
বিদ্রুপের সঙ্গে তিনি বললেন, পাকিস্তান চাইলে ভারত সেনাও পাঠাতে পারে পাকিস্তানে। হরিয়ানার কার্নলে একটি নির্বাচনী জনসভায় গিয়ে রাজনাথ বলেন, “আমি পাকিস্তানকে একটা পরামর্শ দিতে চাই। আপনারা যদি সন্ত্রাসদমনে সত্যি সত্যি ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আমরা আপনাদের সাহায্য করতে রাজি আছি। আপনারা যদি আমাদের সেনার সাহায্য চান, তাহলে আমরা আপনাদের সাহায্যের জন্য সেনাও পাঠাতে পারি।” তবে, সাহায্যের আশ্বাস দেওয়ার পাশাপাশি ইমরানকে হুঁশিয়ারিও দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।#
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।