ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ৪, গুলিবিদ্ধ ৯
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- মন্ত্রী হলে মেনন কি এ কথা বলতেন, প্রশ্ন কাদেরের-দৈনিক প্রথম আলো
- 'সত্য' বলায় মেননকে ধন্যবাদ জানালেন ড. কামাল-দৈনিক কালেরকণ্ঠ
- ‘জনগণ ভোট দিতে পারেনি' বক্তব্যের ব্যাখ্যা দিলেন মেনন-দৈনিক যুগান্তর
- ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ৪, গুলিবিদ্ধ ৯: দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়াকে দেখতে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা-দৈনিক মানবজমিন
- ঐক্যফ্রন্ট আন্দোলন করার মতো ইস্যু পাচ্ছে না : তথ্যমন্ত্রী–দৈনিক নয়া দিগন্ত
ভারতের খবর:
- ভারতীয় সেনার বড় প্রত্যাঘাত, অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস, হতাহত অনেক-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- অন্য নেতা নেই, তাই মোদিকে জিতিয়েছেন ভোটাররা, মন্তব্য অভিজিতের-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
- ‘বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে, জামিন পেয়ে কান্নায় ভেঙে পড়লেন কংগ্রেস নেতা সন্ময়-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা-এবার বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
মন্ত্রী হলে মেনন কি এ কথা বলতেন, প্রশ্ন কাদেরের-দৈনিক প্রথম আলো
২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলেরও নেতা। নিজেদের জোটের এক নেতার এমন মন্তব্যে বিব্রত ক্ষমতাসীনেরা।
কিন্তু এ নিয়ে ওই নেতাকে টিপ্পনীও কেটেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ রোববার সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, মন্ত্রী হলে কি রাশেদ খান মেনন এ কথা বলতেন?মেনন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। কিন্তু ২০১৮–এর নির্বাচনের পর তাঁকে আর মন্ত্রিত্ব দেওয়া হয়নি।
'সত্য' বলায় মেননকে ধন্যবাদ জানালেন ড. কামাল-দৈনিক কালেরকণ্ঠ:
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, দেরিতে হলেও মেনন সাহেব সত্য কথা বলেছেন। এ জন্য আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজ রবিবার দুপুরে মতিঝিলে নিজ কার্যালয়ে ঐক্যফন্টের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ড. কামাল অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের পর যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের আমি জিজ্ঞেস করেছি, আপনারা কেউ ভোট দিতে পেরেছেন কি না? এমন একজনকেও পাইনি যে কি না বলেছেন, তারা ভোট দিতে পেরেছেন। দেরিতে সত্য বললেও তাকে ধন্যবাদ।
‘জনগণ ভোট দিতে পারেনি' বক্তব্যের ব্যাখ্যা দিলেন মেনন-দৈনিক যুগান্তর
আমি সাক্ষ্য দিচ্ছি- গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি’, ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এই বক্তব্য তুমুল বিতর্কের সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনে। মেননের এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিত্ব পেলে কি মেনন নির্বাচন নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করতেন? ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন রাশেদ খান মেনন।
বিগত নির্বাচন প্রসঙ্গে বরিশালে দেয়া বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বরিশাল জেলা পার্টির সম্মেলনে আমার একটি বক্তব্য সম্পর্কে জাতীয় রাজনীতি ও ১৪ দলের রাজনীতিতে একটা ভুল বার্তা গেছে। আমার বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করে অংশ বিশেষ উত্থাপন করায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ৪, গুলিবিদ্ধ ৯: দৈনিক ইত্তেফাক
ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তি করা নিয়ে ভোলায় জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও ১০ পুলিশসহ প্রায় দের শতাধিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন।

এদের মধ্যে আহত প্রায় শতাধিক মুসল্লিকে বোরহানউদ্দিন হাসপাতালে এবং ৪০ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১০-১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।
খালেদা জিয়াকে দেখতে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা-দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। আজ রোববার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। সারা জাতি আজ উৎকন্ঠিত। যে কোন সময় খালেদা জিয়ার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওনার একটা হাত অবশ হয়ে গেছে। উনি স্বাভাবিকভাবে দেখতে পারেন না। হাঁটতেও পারেন না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় ঐক্যফ্রন্ট আহবায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে দেখতে যাব।
ঐক্যফ্রন্ট আন্দোলন করার মতো ইস্যু পাচ্ছে না : তথ্যমন্ত্রী–দৈনিক নয়া দিগন্ত
বিভিন্ন ইস্যুতে ঐক্যফ্রন্টের জনসভাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার বলেছেন, তবে, জোটটি রাজনীতির মাঠে সক্রিয় না থাকায় দেশবাসী আর তাদের ডাকে সাড়া দিচ্ছে না। রাজধানীর তথ্য ভবনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্ট রাজনীতির মাঠে ফেরার চেষ্টা করছে ; কিন্তু তারা আন্দোলন করার মতো কোন ইস্যু পাচ্ছে না।’তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র জোরদার করার জন্য আমরা শক্তিশালী বিরোধী দল চাই।
আমরা চাই, শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকুক।’ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান বলেন, ঐক্যফ্রন্ট ভিন্ন জনসভা করছে। তবে, তারা আন্দোলন গড়ে তোলার মতো কোন ইস্যু পাচ্ছে না। এ জন্য অত্যন্ত তুচ্ছ বিভিন্ন ঘটনাকেই তারা ইস্যু বানাতে চাইছে।’
এবার ভারতের বিস্তারিত কিছু খবর তুলে ধরছি
ভারতীয় সেনার বড় প্রত্যাঘাত, অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস, হতাহত অনেক-দৈনিক আনন্দবাজার পত্রিকা
অস্ত্রবিরতি লঙ্ঘনের কড়া প্রত্যাঘাত করল ভারত। তাংধার সেক্টরের উল্টো দিকে নীলম ভ্যালিতে ভারী গোলাবর্ষণে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেনা সূত্রে দাবি, অন্তত পাঁচ জন পাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও অসমর্থিত সূত্রের খবর, সেনা এবং জঙ্গি মিলিয়ে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। যদিও পাকিস্তানের দাবি, ভারতীয় সেনার গোলাবর্ষণে তাদের এক সেনা জওয়ান এবং তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। পাক সেনার গুলিতে ন’জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলেও দাবি পাকিস্তানের। রবিবার ভোর রাত থেকেই জম্মুর কুপওয়ারার তাংধার সেক্টরে বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। তাতে দুই ভারতীয় জওয়ান এবং এক গ্রামবাসীর মৃত্যু হয়।
অন্য নেতা নেই, তাই মোদিকে জিতিয়েছেন ভোটাররা, মন্তব্য অভিজিতের-দৈনিক আজকাল
বিরোধীদের মধ্যে ভালো কোনও নেতা ছিলেন না যাঁকে জেতানো যায়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সত্যিই খুব জনপ্রিয়’। সেকারণেই নরেন্দ্র মোদিকে জিতিয়েছেন ভোটাররা। শনিবার দিল্লিতে চাঁছাছোলা ভাষায় এই মন্তব্য করলেন অর্থনীতিতে এবছরের নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। অভিজিতের মতে, নির্বাচনে জয় কখনওই সরকারি নীতির সঙ্গে মেশানো উচিত নয়। তিনি বলেছেন, ‘মানুষ মোদিকে ভোট দিয়েছেন।
কিন্তু আমি মনে করি না তাঁর নেওয়া প্রতিটা সিদ্ধান্তকে মানুষ ভোট দিয়েছেন। মানুষের কাছে আর কোনও বিকল্প ছিল না। অন্যদিকে বিদেশি স্ত্রী নিয়ে কটাক্ষের পর ফের নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদকে আক্রমণ বিজেপি নেতা রাহুল সিনহার। এবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অর্থনীতি ছেড়ে রাজনীতির ঝান্ডা ধরার নিদান দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তাঁর মতে, অর্থনীতিবিদকে শুধু অর্থনীতি নিয়েই চিন্তা করা উচিত। রাজনীতি তাঁর বিষয় নয় আর যদি সেটা হয় তবে কোনও রাজনৈতিক দলের ঝান্ডা ধরার নিদান দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
‘বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে, জামিন পেয়ে কান্নায় ভেঙে পড়লেন কংগ্রেস নেতা সন্ময়-দৈনিক সংবাদ প্রতিদিন
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ অভিযেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই মামলায় জামিন পেলেন সন্ময়বাবু। জামিন মঞ্জুর করে পুরুলিয়া জেলা আদালত।
জামিন পাওয়ার খবরে আদালতের বাইরে দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এদিন সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন কংগ্রেস নেতা। এরপর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। অগণতান্ত্রিক ভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমার অপরাধ কী সেটাও পর্যন্ত আমাকে জানানো হয়নি। আমার খড়দহের বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বারাকপুর কমিশনারেটের পুলিশ।’#
পার্সটুডে/ বাবুল আখতার /২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।