ছাত্রলীগ-যুবলীগের ‘টর্চার সেল’ নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ অক্টোবর সোমাবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- তৌহিদি জনতা’র ৬ দফা দাবি মেনে নিল প্রশাসন-দৈনিক প্রথম আলো
- ১১ দফা দাবি: অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ!-দৈনিক কালেরকণ্ঠ
- বিএনপির এমপি হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড: দৈনিক যুগান্তর
- আইনজীবীর সহকারী হত্যা: ১২ জনের মৃত্যুদণ্ড-দৈনিক ইত্তেফাক
- ভোলার ঘটনার প্রতিবাদে মোহাম্মদপুরে সড়ক অবরোধ-দৈনিক মানবজমিন
- ছাত্রলীগ-যুবলীগের ‘টর্চার সেল’ নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- নজরে চিন, শব্দের পাঁচ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র তৈরির পথে ভারত-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ২০২৪–এর মধ্যেই আমেরিকাকে টপকে যাবে ভারত!-দৈনিক আজকাল
- ঘাসপাতা ছেড়ে মাছ-মাংস খাচ্ছে গরু! আজব দাবি গোয়ার মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন (২১ অক্টোবর, ২০১৯)
১. বিগত নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সম্প্রতি বরিশালে যে বক্তব্য দিয়েছেন তিনি তার ব্যাখ্যায় বলেছেন যে, তার বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করায় জাতীয় রাজনীতি এবং ১৪ দলের রাজনীতিতে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তার এ বক্তব্য সম্পর্কে আপনি কি বলবেন?
২. আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিকরণের ইসরাইলি পরিকল্পনা কখনো বাস্তবায়িত হবে না বলে হামাস নেতা ইসমাইল হানিয়া মন্তব্য করেছেন। তার এ বক্তব্য কতটা বাস্তব হয়ে দেখা দেবে?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
‘তৌহিদি জনতা’র ৬ দফা দাবি মেনে নিল প্রশাসন-দৈনিক প্রথম আলো
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সংঘর্ষের ঘটনায় ‘তৌহিদি জনতা’র ছয় দফা দাবি মেনে নিয়েছে প্রশাসন। দাবি মেনে নেওয়ায় ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে আজ সোমবার বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ বাতিল করা হয়।

ধর্ম অবমাননার অভিযোগে গতকাল রোববার ভোলার বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বলছে, এক যুবকের হ্যাক হওয়া আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত। একপর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হন। নিহত চারজনকে নিজেদের কর্মী-সমর্থক বলে দাবি করেছে তৌহিদি জনতা। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।
১১ দফা দাবি : অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ!-দৈনিক কালেরকণ্ঠ
১১ দফা দাবিতে আন্দোলনে নামলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নানান ইস্যুতে চাপা ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরে। সেটারই বিস্ফোরণ ঘটলো এবার। ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো সহ মোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ আরও অনেক ক্রিকেটার। তবে সামনে যেহেতু অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আছে, তাই তাদেরকে এই ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন তারা। ক্রিকেটারদের এই ঘোষণার পর আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প কার্যত অনিশ্চয়তার মুখে পড়ল।
বিএনপির এমপি হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড: দৈনিক যুগান্তর
বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদ এমপিকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় তাকে দণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার দুপুরে এ রায় দেন। হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব। একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

হারুন অর রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদে জোরালো বক্তব্য রেখে আসছিলেন। গত ১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে তার মুক্তির দাবি জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক করেন এমপি হারুন। খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে সরকারকে নমনীয় হতে ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন তিনি। পরে এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। আজ তাকে দুদকের মামলায় কারাগারে পাঠানো হলো।
আইনজীবীর সহকারী হত্যা: ১২ জনের মৃত্যুদণ্ড-দৈনিক ইত্তেফাক
ঢাকার জজ কোর্টের আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়াকে (৪৫) হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৭ অক্টোবর এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূঁইয়াবাড়ীর মৃত ইশাদ ভূঁইয়ার ছেলে মোবারক হোসেন ভূঁইয়া (৪৫)। ২০১৫ সালের ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে আসামিরা মোবারক হোসেনের পেটে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
ভোলার ঘটনার প্রতিবাদে মোহাম্মদপুরে সড়ক অবরোধ-দৈনিক মানবজমিন
আহমেদভোলার বোরহান উদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় তারা হত্যাকারীর বিচার দাবিতে স্লোগান দেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ্ করিম মসজিদ ও মসজিদ সংলগ্ন সড়কে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই বাদল জানান, বিক্ষোভে তারা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের (ইসকন) কার্যক্রম বন্ধের দাবি তোলেন। এছাড়া ‘রসুল (স.)-এর জন্য উৎসর্গ করা রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বর্মণ গণমাধ্যমকে বলেন, ভোলার ঘটনায় নিহতের বিচারের দাবিতে সকাল থেকে তারা আল্লাহ্ করিম মসজিদের সামনে জড়ো হতে থাকেন। সেখানে মাইকের ব্যবস্থা করে তারা বক্তৃতা দেন। বক্তৃতা শেষে তারা সবাই টাউনহলের সড়কে নেমে মিছিল করেন। মিছিলের পর সড়কে বসেই বক্তৃতা দেন। তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।
মুসল্লিদের বিক্ষোভের কারণে প্রায় ঘণ্টাখানেক সময় টাউনহল সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রলীগ-যুবলীগের ‘টর্চার সেল' নিয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা-দৈনিক নয়াদিগন্ত
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের নির্যাতন এমনকি টর্চার সেল গড়ে তোলার কথা জানা যাচ্ছে। কিছুদিন আগে যুবলীগের নেতাদের কার্যালয়ে অভিযান চালিয়ে পাওয়া গেছে নির্যাতনের জন্য টর্চার সেলের অস্তিত্ব। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের মধ্যে এই টর্চার সেল বা নির্যাতনের একটা সংস্কৃতি গড়ে উঠেছে বলে চলছে সমালোচনা। বুয়েটের হলে থাকা এক ছাত্র বিবিসিকে জানিয়েছেন, তাকেও শিবির সন্দেহে রাতভর দফায় দফায় পেটানো হয়েছিল। কিন্তু ভয়ে আতঙ্কে বিষয়টি গোপন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্র বলেন নির্মমভাবে তাকে পেটানো হয়।
আমি আমার এলাকার এক নেতার দুর্নীতি আর ব্যাংকের অর্থ চুরির খবর ফেসবুকে দিয়েছিলাম। এটাই ছিল আমার অপরাধ।" রাতে রুমে দশ বারোজন এসে আমাকে জেরা করে। বলে আমি শিবির কিনা! প্রথমে চড় মারে। এরপর স্ট্যাম্প দিয়ে মারে। আমার পেছনে মারছিল পায়ে মারছিল। ধরেন রাত ১২টা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এভাবে চলেছে।"
ভুক্তভোগী ছাত্ররা বলছেন, সরকারের সমালোচনা, অন্যায়ের প্রতিবাদ বা দুর্নীতি অনিয়মের খবর কেউ ফেসবুকে প্রচার করলেই সে ছাত্রলীগের জেরার নামে নির্যাতনের টার্গেট হয়েছেন। তুচ্ছ অপরাধেও নানারকম হয়রানি আর নির্যাতনের শিকার হতে হয়েছে বহু ছাত্রকে। এমনকি প্রতিবাদ করলে ছাত্রলীগের হল শাখার নেতারাও আক্রান্ত হয়েছেন। ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের অপসারণ এবং আবরার ফাহাদের ঘটনার পর পরিবর্তিত পরিস্থিতিতে নির্যাতনের শিকার ছাত্রদের কেউ কেউ প্রকাশ্যে আসছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
নজরে চিন, শব্দের পাঁচ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র তৈরির পথে ভারত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
রাশিয়ার সঙ্গে যৌথ ভাবে তৈরি সুপারসনিক প্রযুক্তির ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের প্রতিরক্ষা ভাণ্ডারে। এ বার আরও এক ধাপ এগিয়ে আরও দ্রুতগতি ও উন্নত হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু করল ভারত। এ বার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। ইতিমধ্যেই এ নিয়ে প্রাথমিক প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সেরে ফেলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। খুব শীঘ্রই রাজনাথ সিংহ এই হাইপারসনিক মিসাইল প্রযুক্তির সূচনা করবেন বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।
২০২৪–এর মধ্যেই আমেরিকাকে টপকে যাবে ভারত!-দৈনিক সংবাদ প্রতিদিন
বিশ্বজুড়ে চলছে আর্থিক মন্দা। আমেরিকা–চীন বাণিজ্যযুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল দশা। দ্রুত হারে পড়ছে ভারতীয় অর্থনীতিও। এর মধ্যেই এর মধ্যেই আন্তর্জাতিক অর্থনৈতিক তহবিল বা আইএমএফ–এর এই সপ্তাহের প্রকাশিত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে বৃদ্ধির দুর্বলতার ফলে বিশ্ব অর্থনীতি এবছর প্রায় তিন শতাংশ হারে হ্রাস পাবে।

বাণিজ্যযুদ্ধের খেসারত দিয়ে চীনের জিডিপি–ও ২০২৪ সালের মধ্যে প্রায় ৪.৪ শতাংশ হারে কমে হবে ২৮.৩। তবে তাহলেও ২০২৪–এ বিশ্ব অর্থনীতির তালিকায় চীন শীর্ষস্থানেই থাকবে। একইভাবে আমেরিকার অর্থনীতিও ২০২৪–এর মধ্যে ১৩.৮ থেকে কমে ৯.২ শতাংশ হবে। তার ফলে বিশ্ব অর্থনীতির তালিকায় ভারতের থেকে এক ধাপ নেমে ২০২৪ সালের মধ্যে তৃতীয়স্থানে চলে আসবে আমেরিকা। উল্টো দিকে, আগামী পাঁচ বছরে প্রায় ১৫.৫ শতাংশ বৃদ্ধি হয়ে ভারত তালিকার দ্বিতীয় স্থানে চলে আসবে।
ঘাসপাতা ছেড়ে মাছ-মাংস খাচ্ছে গরু! আজব দাবি গোয়ার মন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
গরু নাকি ঘাসপাতা ছেড়ে খাওয়া শুরু করেছে মাংস-আর মাছ ভাজা। না, আমরা বলছি না। একথা বলছেন গোয়ার মন্ত্রী তথা বিজেপি নেতা মাইকেল লোবো। তাঁর দাবি, গোয়ার দুটি গ্রামের ৭৬টি গরু ঘাসপাতা খাওয়া ছেড়ে মাংস খাওয়া শুরু করেছে। শুকনো ঘাস, এমনকী পশুখাদ্যও তাদের পছন্দ হচ্ছে না। শেষমেশ চিকিৎসকদের দিয়ে তাঁদের চিকিৎসা করিয়ে ফের নিরামিষাশী করার উদ্যোগ নিয়েছে গোয়ার বিজেপি সরকার। গোটা রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করা হয়েছে ওই ৭৬টি গরুর চিকিৎসার্থে।

শনিবার একটি অনুষ্ঠানে গোয়ার বর্জ্য ব্যবস্থাপনা মন্ত্রী মাইকেল লোবো বলেন, “কলঙ্গুট ও আশেপাশের গ্রামে কিছু রাস্তার বেওয়ারিশ গরুকে একটি গোশালায় নিয়ে যাওয়া হয়েছে। পশু চিকিৎসকদের দিয়ে তাঁদের চিকিৎসা করানো হচ্ছে। দেখাশোনা করা হচ্ছে। এই গবাদি পশুগুলি আমিষাশী হয়ে গিয়েছে। আগে এগুলি নিরামিষাশী ছিল। আমরা শুরু থেকেই বলে আসছি, গবাদি পশু মানেই নিরামিশাষী। কিন্তু কলাঙ্গুটের এই গরুগুলি বদলে গিয়েছে। ওরা আর ঘাসও খায় না, দানাও খায় না। এমনকী, সুস্বাদু পশুখাদ্যও খায় না।”#
পার্সটুডে/ বাবুল আখতার /২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।