ধর্ম নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় হেফাজত
-
একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- ধর্মঘটকে ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে বিসিবি সভাপতির-দৈনিক প্রথম আলো
- মেননকে আওয়ামী লীগ কার্যালয়ে যেতে মানা: দৈনিক কালেরকণ্ঠ
- পদ হারিয়ে যা বললেন ওমর ফারুক চৌধুরী- দৈনিক যুগান্তর
- রাজধানীর চারদিকে নদীর তীরে প্লট-ফ্ল্যাট ক্রয়ে সাবধান: দৈনিক ইত্তেফাক
- দেখে শুনে রাস্তা পার হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
- ধর্ম নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় হেফাজত–দৈনিক নয়া দিগন্ত
ভারতের খবর:
- অভিজিতের কৃতিত্বে গর্বিত ভারত, নোবেলজয়ীর সঙ্গে সাক্ষাতের পর বললেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন, মহিলা সাংবাদিকের মন্তব্যে তোলপাড় দেশ-আজকাল
- আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় জামিন, তবে এখনই মুক্ত নন চিদম্বরম-দৈনিক সংবাদ প্রতিদিন
ধর্মঘটকে ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে বিসিবি সভাপতির-দৈনিক প্রথম আলো
বিসিবিকে সমস্যা সমাধানের সুযোগ না দিয়ে এভাবে ধর্মঘট করাকে ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানের। গতকাল বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের ১১ দফা আন্দোলনের মুখে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বিসিবি। এ সংবাদ সম্মেলনে সভাপতি বারবার ইঙ্গিত দিয়েছেন এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফসল এবং এটি বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধ ষড়যন্ত্রের অংশ।
ক্রিকেটারদের ১১ দফা দাবির একটি একটি করে দাবির জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন সভাপতি। প্রথম দাবির প্রসঙ্গেই বিতর্কিত এক মন্তব্য করেছেন। বলেছেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াবকে কিছুদিন আগ পর্যন্তও তারা স্বীকৃতি দিতেন না। ঢাকা প্রিমিয়ার লিগের দাবি গুলোর প্রসঙ্গে তাঁর মন্তব্য তিনি নাকি সিসিডিএমকে আগেই বলে দিয়েছেন, এসব দাবি মেনে নিতে। বিশেষ বিপিএল প্রসঙ্গে তাঁর মন্তব্য ক্রিকেটাররা নিজেরাই সিদ্ধান্তহীন তারা কী চান। কিন্তু দেশি বা বিদেশি ক্রিকেটারকে টাকা বেশি বা কম দেওয়ার সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর। এ ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নিতে পারে না।
মেননকে আওয়ামী লীগ কার্যালয়ে যেতে মানা: দৈনিক কালেরকণ্ঠ
একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে মন্তব্য করে ক্ষমতাসীনদের তোপের মুখে পড়েছেন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠায় আপাতত কয়েক দিন আওয়ামী লীগ কার্যালয়ে কোনো অনুষ্ঠানে না যেতে মেননকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা।

গতকাল সোমবার রাতে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসভবনে জোটটির শরিক দলগুলোর নেতাদের এক চা চক্র এমন পরামর্শ দেওয়া হয়। ১৪ দলের শরিক একাধিক দলের নেতারা কালের কণ্ঠকে এমনটা জানিয়েছেন।
পদ হারিয়ে যা বললেন ওমর ফারুক চৌধুরী- দৈনিক যুগান্তর
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ থেকে বাদ পড়েছেন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ক্যাসিনোকাণ্ডে যুবলীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের যুক্ত থাকার অভিযোগের মধ্যেই ওমর ফারুককে সংগঠনের শীর্ষ পদ থেকে বিদায় দেয়া হলো।

৭১ বছর বয়সী এ নেতা দীর্ঘ সাত বছর চেয়ারম্যান পদ আঁকড়ে ছিলেন সংগঠনটির। নানা বিতর্কিত কর্মকাণ্ড ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আওয়ামী লীগের বৃহৎ এই সহযোগী সংগঠনের নেতৃত্ব থেকে বিদায় নিতে হলো তাকে। যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর দুদিন চুপচাপ ছিলেন ওমর ফারুক। সোমবার তিনি গণমাধ্যমকে প্রতিক্রিয়া দেন। এ সময় তিনি পদচ্যুত হওয়ায় গণমাধ্যমকে দায়ী করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে এখনও তেমন কিছু প্রমাণ হয়নি। তবে যা হয়েছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হয়েছে।
রাজধানীর চারদিকে নদীর তীরে প্লট-ফ্ল্যাট ক্রয়ে সাবধান: দৈনিক ইত্তেফাক
রাজধানীর চারদিকে নদীর তীরবর্তী হাউজিং প্রতিষ্ঠান থেকে প্লট বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ অনুরোধ জানানো হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকার চারপাশের নদী তীরের অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করছে। এ অপসারণ কাজ পরিচালনার সময় লক্ষ্য করা গেছে, বহু বেসরকারি হাউজিং সোসাইটি নদীর জায়গা দখল করে লিজ গ্রহীতাদের প্রতারিত করে প্লট কিংবা ফ্ল্যাট বরাদ্দ করেছে। এসব অবৈধ স্থাপনা অপসারণ করার ফলে প্লট গ্রহীতারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দেখে শুনে রাস্তা পার হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
সড়কে দুর্ঘটনার জন্য শুধু চালক নয়, পথচারীদেরও দায় আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা পারাপারের সময় যাত্রীদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। বলেছেন, কাউকে অধৈর্য হলে চলবে না। ধীরে-সুস্থে, দেখে শুনে রাস্তা পার হতে হবে।
আজ রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নিয়মের বাইরে অহেতুক পরিবহনের আকার বাড়ানো হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রাস্তায় পরিবহন চলাচলের জন্য কতটুকু জায়গা লাগবে, তা সায়েন্টিফিকভাবে তৈরি করা হয়। কিন্তু অনেকেই সিট বাড়ানোর জন্য পরিবহনের আকার বাড়ায়। এটা বন্ধ করতে হবে।
ধর্ম নিয়ে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় হেফাজত–দৈনিক নয়া দিগন্ত
আল্লাহ, আল্লাহর রাসূল (সা:) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ।
ভোলার বোরহানউদ্দিনে ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান হেফাজতের নেতারা।

হেফাজতের নায়েবে আমীর নুর হোসাইন কাসেমী বলেন, অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই চলবে। এ দেশের মানুষ শান্তি চায়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, যারা গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্তি দিন। আমাদের এই শান্তিপূর্ণ দেশে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চায়। আমাদের দেশে বিরাজমান শান্তি নষ্ট করতে চায়। এই দেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এই দেশে কোনো অশুভ তৎপরতা দেশের শান্তিকামী তৌহিদী জনতা মেনে নিবে না। চলতে দিবে না।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
অভিজিতের কৃতিত্বে গর্বিত ভারত, নোবেলজয়ীর সঙ্গে সাক্ষাতের পর বললেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে উচ্ছ্বাসের মধ্যেই গত শনিবার দিল্লিতে পা রাখেন অভিজিৎ। তার পর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে অভিজিতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে পরে টুইট করে জানান নরেন্দ্র মোদী।
অভিজিতের সঙ্গে সাক্ষাতের পর এ দিন নিজের টুইটার হ্যান্ডলে মোদী লেখেন, ‘‘নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হল। বিভিন্ন বিষয়ে ওঁর সঙ্গে সুষ্ঠু ও সবিস্তার আলোচনা হয়েছে। মানবজাতির ক্ষমতায়ন নিয়ে আলাগা আবেগ রয়েছে ওঁর। ওঁর কৃতিত্বে ভারত গর্বিত। ভবিষ্যৎ কর্মসূচির জন্য ওঁকে শুভেচ্ছা জানাই।’
ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন, মহিলা সাংবাদিকের মন্তব্যে তোলপাড় দেশ
ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন। যদি ভাগ্যে তা থেকে থাকে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে বসলেন মহিলা সাংবাদিক অ্যানা লিন্ডা ইডেন। তিনি আবার কেরলের এক কংগ্রেস সাংসদের স্ত্রী। যা নিয়ে রীতিমতো তোলপাড় দেশ।
ধর্ষণ নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন অ্যানা। তিনি লেখেন, ‘ভাগ্যে থাকলে কিছু করার নেই। প্রতিরোধ করতে না পারলে উপভোগ করুন।’ সঙ্গে দুটো ভিডিও পোস্ট করেছেন অ্যানা। যে ভিডিওয় দেখা যাচ্ছে বন্যায় ভাসছে কোচি। আর বাড়ির ভিতরে নিশ্চিন্তে বসে আইসক্রিম খাচ্ছেন অ্যানার স্বামী হিবি ইডেন।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় জামিন, তবে এখনই মুক্ত নন চিদম্বরম-দৈনিক সংবাদ প্রতিদিন
সুপ্রিম কোর্ট জামিন দিলেও জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। সিবিআইয়ের দায়ের করা আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় মঙ্গলবার তাঁকে একলক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় সুপ্রিম কোর্ট। তবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে থাকার পর তিনি মুক্তি পাবেন বলে জানানো হয়। এরপর তদন্তের স্বার্থে তাঁকে প্রয়োজন মতো গোয়েন্দাদের সামনে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়। বিদেশে যেতে হলে আদালতের থেকে অনুমতি নিতে হবে বলেও জানানো হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।