ক্যাসিনো-কাণ্ড: ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ‘ক্যাসিনো-কাণ্ড: ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা-দৈনিক প্রথম আলো
- ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত বোর্ড-দৈনিক কালেরকণ্ঠ
- ক্রিকেটারদের আন্দোলনে বিস্মিত প্রধানমন্ত্রী!: দৈনিক যুগান্তর
- ফিটনেস নবায়ন না করা গাড়িকে জ্বালানি নয়: হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
- নুরের ফেসবুক আইডি হ্যাকড, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে-দৈনিক মানবজমিন
- আবরারের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- ফের ন্যাম সম্মেলন এড়াচ্ছেন প্রধানমন্ত্রী, বিদেশনীতিতে বদল, উঠছে প্রশ্ন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ভারতে অশান্তি ছড়াতে ‘কে–টু’ পরিকল্পনা করেছে পাকিস্তান, নেপথ্যে আছে আইএসআই-দৈনিক আজকাল
- আত্মঘাতী বোমায় মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি পাক অভিনেত্রীর, ভাইরাল ছবি-দৈনিক সংবাদ প্রতিদিন
কথাবার্তার প্রশ্ন 23 অক্টোবর
১. দৈনিক প্রথম আলো পত্রিকার একটি শিরোনাম হচ্ছে- ছাত্রলীগ নেতারা হলের সিট মন্ত্রী। এই শিরোনামের ভেতর দিয়ে অনেক কথাই পরিষ্কারড় হচ্ছে।আপনি কি বলবেন?
২.সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়ায় আগে লুট করতো, এখন দখলদারিত্বের পরিকল্পনা করছেন। বাশার আসাদের এ অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
‘ক্যাসিনো-কাণ্ড: ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা-দৈনিক প্রথম আলো
সিনো-কাণ্ডে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে।
দুদক সূত্র ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুদকের এ সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ চিঠি পাঠিয়েছেন।
যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁদের মধ্যে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া কয়েকজনের পাশাপাশি অনুসন্ধান চলমান থাকা ব্যক্তিদের নামও রয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে দুদক জেনেছে, অভিযোগসংশ্লিষ্টরা দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাই তারা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রামের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী আছেন।
গ্রেপ্তার হওয়া কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম, মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূইয়া, মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভূইয়া, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান, কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম (ফিরোজ), অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধান এবং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানের (মিজান) বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তাঁর ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুপন ভূইয়া, কেন্দ্রীয় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী কাজী আনিছুর রহমান ও তাঁর স্ত্রী সুমি রহমান, লোকমান হোসেন ভূইয়ার স্ত্রী নাবিলা লোকমান, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই , ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিদেশযাত্রায়।
এ ছাড়া এনামুল হকের সহযোগী ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ (আজাদ রহমান), রাজধানীর কাকরাইলের জাকির এন্টারপ্রাইজের মালিক মো. জাকির হোসেন ও সেগুনবাগিচার শফিক এন্টারপ্রাইজের মালিক মো. শফিকুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, অনুসন্ধানে যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যাবে তাদের সবারই বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। আগামী কয়েক দিনে নিষেধাজ্ঞার আওতায় আসবেন আরও অনেকে।
গত ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো কাণ্ডে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের অনুসন্ধান দল গঠন করে। পরে আরও দুজনকে দলে যুক্ত করা হয়। অনুসন্ধান দলের সদস্যরা গণমাধ্যমে আসা বিভিন্ন ব্যক্তির নাম যাচাই-বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করে। সংস্থার গোয়েন্দা শাখার পক্ষ থেকে এসব তথ্য যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি র্যাব ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানেরা দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেন। সেসব তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে সোমবার জিকে শামীম ও খালিদ মাহমুদ ভূইয়ার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক দল।
আজ বুধবার আরও দুটি মামলা হয়েছে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনু ও তাঁর ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুপন ভূইয়ার বিরুদ্ধে। কাল বৃহস্পতিবার আরও মামলা হতে পারে।
ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত বোর্ড-দৈনিক কালেরকণ্ঠ
প্রধানমন্ত্রীর দরজা সব সময় খেলোয়াড়দের জন্য খোলা, তাহলে তারা কেন না জানিয়ে আন্দোলনে গেলেন?’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে এ প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি দেখা করতে গেলে তিনি এ প্রশ্ন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত বোর্ড।’

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ডাকা হয় মাশরাফী বিন মুর্তজাকে। সেখানে মাশরাফীর কাছ থেকে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন প্রধানমন্ত্রী। এরপর মাশরাফীকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। বিসিবির সহসভাপতি মাহবুবুল আনামের বরাতে এ খবর প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক।
ক্রিকেটারদের আন্দোলনে বিস্মিত প্রধানমন্ত্রী!: দৈনিক যুগান্তর
কোনো আলোচনা ছাড়াই ক্রিকেটারদের সরাসরি আন্দোলন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এ খবর দিয়েছেন।
দেশের চলমান ক্রিকেট সংকট নিরসনে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বিসিবি বস পাপন। এসময় প্রধানমন্ত্রীকে ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ডাকা ধর্মঘট সম্পর্কে বিস্তারিত বলেন তিনি।
বৈঠক শেষে নাজমুল হাসান বলেন, সবকিছু শুনে বিস্ময় প্রকাশ করেছেন শেখ হাসিনা। আলোচনার জন্য খেলোয়াড়দের বিসিবিতে ডাকার কথা বলেছেন তিনি। আমরা সেটা অনুযায়ী কাজ করব। আমরা ক্রিকেটারদের দাবি-দাওয়া মেনে নিতে প্রস্তুত। আমি নিশ্চিত টাকার জন্য ক্রিকেটাররা এমনটা করছেন না। নেপথ্য অন্য যড়যন্ত্র আছে।
বুধবার দুপুরে পাপনের নেতৃত্বে গণভবনে পৌঁছায় বিসিবির একটি প্রতিনিধি দল। কিছুক্ষণ পরই শুরু হয় বৈঠক। প্রতিনিধি দলে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং কয়েকজন বোর্ড পরিচালক। শোনা যাচ্ছে, এ বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

চাউর হয়েছে, এরই মধ্যে ক্রিকেটার ও বিসিবির বরফ গলেছে। উভয় পক্ষই আলোচনায় বসতে সম্মত হয়েছে। এ থেকে ইতিবাচক কিছুর প্রত্যাশা করা হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আজ বিকালে (৫টা নাগাদ) ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবে বিসিবি। এখানেই চলমান ক্রিকেট সংকটের সুরাহা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গেল সোমবার কারো সঙ্গে কোনো আলোচনা ছাড়াই দেশের ক্রিকেটের দুর্বল দিকগুলো বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ১১ দফা দাবি উত্থাপন করেন ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরবেন না বলেও হুমকি দেন তারা। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন সাকিব-তামিমরা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।
ফিটনেস নবায়ন না করা গাড়িকে জ্বালানি নয়: হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
ফিটনেস নবায়ন না করা গাড়িকে পেট্রোল পাম্প থেকে জ্বালানি না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফিটনেস নবায়নে সময় বেধে দেওয়ার পর এ সংক্রান্ত বিআরটিএ’র প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
আদালতে বিআরটিএ’র পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী, রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী এটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
আইনজীবী মঈন ফিরোজী জানান, ফিটনেসবিহীন যত গাড়ি রাস্তায় চলছে তাদেরকে পেট্রোল স্টেশন থেকে গ্যাস-ফুয়েল সাপ্লাই বন্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
প্রতিবেদনে বিআরটিএ জানায়, হাইকোর্টের বেধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে শুধুমাত্র ৮৯ হাজার ২৬৯ গাড়ি ফিটনেস নবায়ন করেছে। গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে আদালতে দাখিল করা বিআরটিএর প্রতিবেদনে বলা হয়, ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি। এর মধ্যে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০, রংপুর বিভাগে ৬ হাজার ৫৬৮, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি গাড়ি মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন রয়েছে।
নুরের ফেসবুক আইডি হ্যাকড, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে-দৈনিক মানবজমিন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। আজ বুধবার ভোর থেকে কোনোভাবেই তিনি তার আইডিতে প্রবেশ করতে পারছেন না।ভিপি নুর ফেসবুক আইডি হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ তার আইডি হ্যাকড করেছিলো। তারাই এটা করে থাকতে পারে।
নুর বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদের বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনই সফল হবে না।এদিকে এ ব্যাপারে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করবেন বলে জানিয়েছেন।
আবরারের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে-দৈনিক নয়াদিগন্ত
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
ফের ন্যাম সম্মেলন এড়াচ্ছেন প্রধানমন্ত্রী, বিদেশনীতিতে বদল, উঠছে প্রশ্ন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ফের নির্জোট (ন্যাম) সম্মেলন এড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বদলে সম্মেলনে যোগ দিচ্ছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। মঙ্গলবার রাতের দিকে সরকারের তরফে এ খবর জানানো হয়েছে। এ বছর ২৫ ও ২৬ অক্টোবর এই সম্মেলন বসছে আজারবাইজানের বাকু-তে। পর পর দু’বার মোদীর এই সম্মেলন এড়ানোয় প্রশ্ন উঠেছে, ভারত কি তবে নির্জোট থেকে বহুজোট কূটনীতির দিকে এগোচ্ছে?
তবে কি উন্নয়নশীল দেশগুলির সঙ্গে বিদেশনীতিতে ধীরে ধীরে বদল আনতে চলেছে মোদী সরকার? উন্নত দেশগুলির বাণিজ্যিক ও অর্থনৈতিক শোষণ, পেশিশক্তির আস্ফালন, ঔপনিবেশিকতা, বিদ্বেষ-সহ নানা বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে ১৯৬১ সালে গঠিত হয় নন অ্যালাইনড মুভমেন্ট বা ন্যাম। পাশাপাশি নিজ নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক ঐক্য গড়ে তোলা এবং মজবুত করাও ছিল এই আন্তর্জাতিক সংগঠন গঠনের উদ্দেশ্য।
ভারতে অশান্তি ছড়াতে ‘কে–টু’ পরিকল্পনা করেছে পাকিস্তান, নেপথ্যে আছে আইএসআই-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
জম্মু–কাশ্মীরকে নতুন করে উত্তপ্ত করতে নয়া ছক কষেছে পাকিস্তান। এমনকী পাঞ্জাব রাজ্যও যাতে অশান্তির মধ্যে পড়ে তারও নীল–নকশা তৈরি করা হয়েছে। এই বিষয়ে নির্ভরযোগ্য খবর মিলতেই গোয়েন্দারা সতর্ক করে দিল রাজ্যের প্রশাসনকে। পাকিস্তান এখন খালিস্তানপন্থী জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে বলে খবর। তারা একটি যৌথ সংগঠনও তৈরি করেছে। যার নাম কাশ্মীর খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্ট(কেকেআরএফ)।
গোয়েন্দা সূত্রে খবর, এই কাশ্মীর খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্ট(কেকেআরএফ) তৈরির পেছনে হাত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। এই সংগঠনের প্রথম কাজ হচ্ছে যুবকদের নিয়োগ করা। আর দ্বিতীয় কাজ হল, তাদের আগ্নেয়াস্ত্র দিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া। তৃতীয় তথা শেষ হল, জঙ্গি কার্যকলাপে নামিয়ে দেওয়া। তবে কোথায়, কবে এবং কিভাবে হামলা চালানো হবে তার পথ দেখাবে বা নির্দেশ দেবে আইএসআই। এই কাজ করতে গেলে প্রয়োজন অস্ত্রের। যা পাকিস্তান থেকে পাঞ্জাবের মধ্যে দিয়ে পৌঁছে যাবে জঙ্গিদের হাতে। এই পরিকল্পনাকে বলা হচ্ছে ‘কে–টু’।
আত্মঘাতী বোমায় মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি পাক অভিনেত্রীর, ভাইরাল ছবি-দৈনিক সংবাদ প্রতিদিন
গতমাসেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়েছিলেন পাক গায়িকা তথা অভিনেত্রী রবি পীরজাদা। সে ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল লাহোরের একটি আদালত। কিন্তু তা থেকেও শিক্ষা নেননি তিনি। এবার মোদিকে আত্মঘাতী বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তিনি। আরও একধাপ এগিয়ে এবার হিটলারের সঙ্গে মোদির তুলনা টেনেছেন তিনি।
মঙ্গলবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন পীরজাদা। যেখানে দেখা যাচ্ছে, পোশাকের উপর দিয়ে গোটা শরীরে বোমা জড়িয়ে রেখেছেন তিনি। সঙ্গে লেখা, “মোদি হিটলার। আমার আশা…।” নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেছেন তিনি। ছবিটি পোস্ট করার পর থেকেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয়দের অনেকেই অভিনেত্রীর কার্যকলাপকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন। অনেকে আবার বলছেন, এমন কাণ্ডজ্ঞানহীনভাবে ছবি পোস্ট করে পাকিস্তানের ভাবমূর্তিই নষ্ট করছেন পীরজাদা।#
পার্সটুডে/ বাবুল আখতার /২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।