সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১৫৩ বাংলাদেশি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- অনুপ্রবেশকারীদের তালিকা করেছে আওয়ামী লীগ -দৈনিক প্রথম আলো
- সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১৫৩ বাংলাদেশি- দৈনিক কালেরকণ্ঠ
- সাকিবের শাস্তি কমাতে আইনি পরামর্শ নেবে বিসিবি- দৈনিক যুগান্তর
- সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে সবই জানতেন পাপন : সাবের হোসেন: দৈনিক ইত্তেফাক
- রয়টার্সের প্রতিবেদন-দেশে ফিরে বিচার পাচ্ছে না মধ্যপ্রাচ্যে নির্যাতিত গৃহকর্মীরা: ওকাপ-দৈনিক মানবজমিন
- দেশে বর্তমানে ২৮ শতাংশ যুবক বেকার : প্রতিমন্ত্রী–দৈনিক নয়া দিগন্ত
ভারতের খবর:
- ‘উপত্যকায় উন্নয়নের নবযুগ শুরু হবে, বল্লভভাইয়ের জন্মজয়ন্তীতে কাশ্মীর বার্তা মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- আজ আনুষ্ঠানিকভাবে ভাগ হল উপত্যকা! তৈরি হল দু’টি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল-দৈনিক আজকাল
- ছোট থেকে আমিষ খেলে নরখাদক তৈরি হবে, আজব যুক্তি বিজেপি নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন
অনুপ্রবেশকারীদের তালিকা করেছে আওয়ামী লীগ -দৈনিক প্রথম আলো
জাতীয় সম্মেলন সামনে রেখে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করেছে আওয়ামী লীগ। জেলা থেকে শুরু করে প্রতিটি সম্মেলনে এ তালিকা ধরে অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেওয়া হবে। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওবায়দুল কাদের। মন্ত্রী কাদের বলেন, ‘আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে বিতর্কিতদের যাতে অনুপ্রবেশ না ঘটে, সে জন্য সতর্ক আছি। নিজস্ব কিছু লোকজন ও গোয়েন্দা সংস্থা দিয়ে অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১৫৩ বাংলাদেশি- দৈনিক কালেরকণ্ঠ
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ১৫৩ বাংলাদেশি। গতকাল বুধবার রাত ১১.২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ বিমানে দেশে ফেরেন তারা। গতকালও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ী পৌছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়।
গতকাল ফেরত আসা কুমিল্লার শাহজাহান মিয়া বলেন, মাত্র দেড় মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু ধরপাকড়ের শিকার হয়ে শুন্য হাতে দেশে ফিরতে হলো তাকে। কুষ্টিয়ার রুহুল আমিন শুধু শূন্য হাতে ফিরেছেন তাই নয়, তার পায়ে স্যাণ্ডেলটাও ছিল না। তিনি জানান, ১১ মাস আগে গিয়ে খালি হাতে ফিরতে হলো।
সাকিবের শাস্তি কমাতে আইনি পরামর্শ নেবে বিসিবি- দৈনিক যুগান্তর
সাকিব আল হাসানের শাস্তি কমাতে আইসিসির কাছে আপিলের জন্য আইনি পরামর্শ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বৃহম্পতিবার দুপুরে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদকিদের এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, সাকিবেরবিষয়ে বিসিবির করণীয় সীমিত। কারণ, সে ঘটনা স্বীকার করেছে।

ফলে একটা তালিকার মধ্যে চলে গেছে ও। তবুও আমরা এটা দেখবো। আইনি বিষয়গুলো নিয়ে কাজ করব। ইতিমধ্যে আমাদের আইন বিভাগের (লিগ্যাল কমিটি) সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে কোনো সুযোগ থাকলে ওয়ার্ক আউট করব। প্রয়োজনে লিগ্যাল অ্যাডভাইজরি নিয়োগ দেব। তিনি বলেন, সাকিবের শাস্তি নিশ্চিত কমবে এটা বলা যাচ্ছে না। এ বিষয়ে প্রথমে সবার সঙ্গে যৌক্তিক আলোচনা করব আমরা।এর পর কোনো পথ খোলা থাকলে সেটি অনুসরণ করব। এ মুহূর্তে এর চেয়ে বেশি মন্তব্য করা ঠিক হবে না।
সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে সবই জানতেন পাপন:সাবের হোসেন: দৈনিক ইত্তেফাক
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কর্মকাণ্ডে রীতিমতো ত্যক্ত-বিরক্ত সাবেক বোর্ড প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। সম্প্রতি ক্রিকেটারদের ধর্মঘটকে পাপনের ব্যর্থতা বলে আখ্যায়িত করেন তিনি। এবার সাকিব ইস্যুতে পাপনকে রীতিমতো ধুয়ে দিলেন সাবের হোসেন। সাকিবের নিষেধাজ্ঞার শাস্তির বিষয়ে আগে থেকে পাপন কিছুই জানতেন না—বিসিবি সভাপতির এ কথা বিশ্বাসই করতে পারছেন না তিনি।

ক্রিকেটারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২২ অক্টোবর সংবাদ ব্রিফিংয়ে বর্তমান বিসিবি সভাপতি বলেন, শিগগির ম্যাচ পাতানোর গোমর ফাঁস করা হবে। সাকিবের নিষেধাজ্ঞার নেপথ্যে একেই দায়ী করছেন সাবের। তার মতে, পাপন সব কিছু জানতেন। তবু আইসিসির কাছে দেনদরবার করেননি উনি।
রয়টার্সের প্রতিবেদন-দেশে ফিরে বিচার পাচ্ছে না মধ্যপ্রাচ্যে নির্যাতিত গৃহকর্মীরা: ওকাপ-দৈনিক মানবজমিন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা গৃহকর্মীরা ন্যায়বিচার পাচ্ছেন না। দালালদের ভয়ে ও দরিদ্রতার কারণে নির্যাতিত হয়েও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বুধবার এমনটা জানিয়েছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে গিয়ে নির্যাতন ও কর্মস্থলে হেনস্থার শিকার হওয়া দেশে ফিরে আসার পর তাদের দালালরা তাদের ভয় দেখায়। এছাড়া আইনি সহায়তার খরচ জোগাতে না পারায় ন্যায়বিচার পাচ্ছে না তারা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা ১১০ জন অভিবাসী কর্মীর সাক্ষাৎকার নিয়েছে ওকাপ। তাদের মধ্যে ৮৬ শতাংশ জানিয়েছে, তারা পূর্ণ বেতন পায়নি। ৬১ শতাংশ শারীরিকভাবে নির্যাতনের কথা জানিয়েছে। ২৪ শতাংশ জানিয়েছে, তাদের নিয়মিত খাবার দেয়া হয়নি ও ১৪ শতাংশ যৌন নির্যাতনের কথা জানিয়েছে।
দেশে বর্তমানে ২৮ শতাংশ যুবক বেকার : প্রতিমন্ত্রী–দৈনিক নয়া দিগন্ত –দৈনিক নয়া দিগন্ত
দেশে বর্তমানে ২৮ শতাংশ যুবক বেকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ২০৩০ মধ্যে বেকার যুবকের হার ৩ শতাংশের নিচে নামিয়ে আনার জন্য কাজ করছে সরকার। একটি গ্রামেরও বেকার যুবক রাখবে না সরকার। সেজন্য বেকারমু্ক্ত গ্রাম সৃজন প্রকল্প হাতে নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় যুব দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাহিদ আহসান রাসেল জানান, বেকারমুক্ত গ্রাম সৃজন প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় ৪৯২ গ্রামকে নেয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) হয়ে গেছে। শিগগিরই এটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
উপত্যকায় উন্নয়নের নবযুগ শুরু হবে, বল্লভভাইয়ের জন্মজয়ন্তীতে কাশ্মীর বার্তা মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তীতেও কাশ্মীর বার্তা প্রধানমন্ত্রীর। জোর সওয়াল করলেন ৩৭০ অনুচ্ছেদ রদের পক্ষে। গুজরাতের কেভাডিয়াতে পটেল মূর্তি প্রাঙ্গনে জন্মজয়ন্তীর অনুুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এত দিন পর্যন্ত কাশ্মীরে ছিল শুধুই সন্ত্রাসবাদ আর বিচ্ছিন্নতাবাদ। কিন্তু এ বার ৩৭০ অনুচ্ছেদ রদের সঙ্গে সঙ্গেই তার অবসান ঘটেছে। এ বার উপত্যকায় উন্নয়নের নবযুগ শুরু হবে।

সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তী উপলক্ষে এ দিন একতা দিবস প্যারেডের সূচনা করেন প্রধানমন্ত্রী। তার পর পটেল মূর্তির পাদদেশে অনুষ্ঠানে মোদী বলেন, পটেল ছিলেন ঐক্য ও সংহতির প্রতীক। বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের দেশের চিরন্তন বৈশিষ্ট্য। সেই ধারণার ধারক-বাহক ছিলেন তিনি। তিনি তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন দেশের সংহতির জন্য। ৩৭০ অনুচ্ছেদ রদকে তাঁর উদ্দেশে উৎসর্গ করেন মোদী।
আজ আনুষ্ঠানিকভাবে ভাগ হল উপত্যকা! তৈরি হল দু’টি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল-দৈনিক আজকাল
বুধবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে জম্মু–কাশ্মীর রাজ্য ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলরূপে আত্মপ্রকাশ করল। জম্মু–কাশ্মীর এবং লাদাখ। বিগত ৫ আগস্ট জম্মু–কাশ্মীরে কয়েকদশকের পুরনো ৩৭০ ধারার বিলোপ ঘটিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। তিমমাস পর আজ থেকে উপত্যকা একটি কেন্দ্রশাসিত অঞ্চল। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকীতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার মধ্যরাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জম্মু–কাশ্মীর ও লাদাখকে দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে। পাশাপাশি উপত্যকায় রাষ্ট্রপতি শাসনও বাতিল করা হয়েছে। জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের রাজ্যের সংখ্যা কমে দাঁড়িয়ে হয়েছে ২৮ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংখ্যা বেড়ে ৯ হয়েছে। পুদুচেরির মতোই জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকবে। কিন্তু চণ্ডীগড়ের মতো লাদাখে কোনও বিধানসভা থাকবে না।
ছোট থেকে আমিষ খেলে নরখাদক তৈরি হবে, আজব যুক্তি বিজেপি নেতার-দৈনিক সংবাদ প্রতিদিন
‘যদি ছোট থেকে আমরা আমিষ খাবার খাই, তাহলে একদিন নরখাদকে পরিণত হব। নিরামিষ খাবারের পক্ষে সওয়াল করতে গিয়ে অদ্ভুত এই যুক্তি দিলেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক গোপাল ভার্গব। সম্প্রতি মধ্যপ্রদেশের স্কুলগুলির মিড ডে মিলে ডিম খাওয়ানোর সিদ্ধান্ত নেয় কমল নাথ মন্ত্রিসভা। এর প্রেক্ষিতে বুধবার সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা গোপাল ভার্গব।
আমিষ খাবারের কুফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘ভারত যে সংস্কার মেনে চলে সেই সনাতন সংস্কৃতিতে মাংস খাওয়া নিষিদ্ধ। এটা না মেনে যদি ছোটবেলা থেকে আমরা মাংস খাই তাহলে একদিন নরখাদকে পরিণত হব। তবে অপুষ্টিতে ভোগা একটি সরকারের কাছ থেকে এর থেকে বেশি কী আশা করতে পারি? যারা ডিম খেতে চাইছে না তাদেরও ডিম দিচ্ছে ওরা। এভাবে মানুষকে যা খুশি খাওয়ার জন্য জোর করা যায় না।’
পার্সটুডে/বাবুল আখতার/ ৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।