নভেম্বর ০২, ২০১৯ ১৫:০৪ Asia/Dhaka
  • ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
    ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা -দৈনিক প্রথম আলো
  • স্বৈরাচার-স্বেচ্ছাচারিতার পতন অনিবার্য : ফখরুল- দৈনিক কালেরকণ্ঠ
  • আবরারকে কেন হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলো না? জানেন না আনিসুল- দৈনিক যুগান্তর
  • আমার চরিত্র সারা জীবনের অর্জন, সততা পরীক্ষার প্রয়োজন নেই: মেনন: দৈনিক ইত্তেফাক
  • মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন

ভারতের খবর:

  • মুঘলদের মতো হুমকি দিচ্ছে বিজেপি, তোপ দাগল শিবসেনা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ‘‌রাস্তায় এক টাকা কুড়িয়ে পেয়েছিলাম, ফিরিয়ে দিলাম’‌, শোভনকে কটাক্ষ দিলীপের-দৈনিক আজকাল
  • ফুটবল খেলে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন ধোনি! ভাইরাল মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা -দৈনিক প্রথম আলো

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, তবুও ফাঁস হচ্ছে বলে গুজব রটানো হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের পেছনে না ঘুরে শিক্ষার্থী ও অভিভাবকদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আজ শনিবার সকালে ঢাকার অদূরে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

আজ সারা দেশে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। ছবি: মানসুরা হোসাইনসংবাদ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক ও ক্যামেরাম্যানের ওপর হামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং পরিচালনাকারী শিক্ষকদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালে সব ধরনের কোচিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম সহযোগিতা করছে কোচিংয়ের বিরুদ্ধে। অথচ তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজধানীর লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এক শিক্ষার্থী পরীক্ষা শুরুর আগে পড়ছে। ছবি: মানসুরা হোসাইনকোচিং–বাণিজ্য করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক কানিজ ফাতেমার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক

স্বৈরাচার-স্বেচ্ছাচারিতার পতন অনিবার্য : ফখরুল- দৈনিক কালেরকণ্ঠ-

অনিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করলে তাদের নিশ্চয়ই একদিন পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্র, সমাজ, রাজনীতি সবকিছুই একটি নিয়মের মধ্যে চলবে এটাই স্বাভাবিক। নিয়ম বহির্ভূত কোনো কর্ম কারোর জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। আজ শনিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, যারা এই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারী মনোভাব পোষণ করে তারা বেশি দূর এগোতে পারে না, তাদের পতন অনিবার্য।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, অনিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠানকে বেশি দিন পরিচালনা করা যায় না। নিয়মের বাইরে যারা চলবে তাদের নিশ্চয়ই একদিন পতন হবে, তারা হারিয়ে যাবে।এ সময় নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সঠিকভাবে নেতৃত্ব ও সংগঠনকে আরো শক্তিশালী করে বেগম জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এ সময় সাক্ষাৎ করতে আসা নেতারা দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুলকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

আবরারকে কেন হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলো না? জানেন না আনিসুল- দৈনিক যুগান্তর

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর আনন্দ অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার শুক্রবার বিকালে বিদ্যুৎস্পর্শ হওয়ার পর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর আবরারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।তবে রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আবরারকে চিকিৎসার জন্য আশেপাশের হাসপাতালে নেয়া হলো না  ?কেউ কেউ বলছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আবরারকেরাস্তার উল্টো পাশেরই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আবরারকে আশেপাশের হাসপাতালে না নিয়ে কেন মহাখালীতে নেয়া হলো সে বিষয়ে কিছু জানেন না কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ইউনিভার্সাল হাসপাতাল আমাদের স্পন্সর নয়। তারা আমাদেরকে জরুরি মেডিকেল সার্ভিস দেবার জন্য ওখানে ছিলেন। দুজন এফসিপিএস ডাক্তার ছিলেন।

একটা অ্যাম্বুলেন্স রেডি করা ছিল। সেই অ্যাম্বুলেন্সেই নাইমুল আববারকে হাসপাতালে নেয়া হয়। কেন তাকে হৃদরোগ ইন্সিটিউটে নেয়া হলো না, এই প্রশ্নের উত্তর অবশ্য আমার জানা নেই।’ তবে নাম প্রকাশ না করার শর্তে রেসিডেনসিয়ালে কলেজের একজন শিক্ষক বলেন, ‘আয়োজকরা তাকে কাছের সোহরাওয়ার্দী হাসপাতালে না নিয়ে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।’

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ওই অনুষ্ঠান আয়োজনের অংশীদার ছিল বলে জানান তিনি।

আমার চরিত্র সারা জীবনের অর্জন, সততা পরীক্ষার প্রয়োজন নেই: মেনন: দৈনিক ইত্তেফাক

ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী অভিযানের পর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নাম চলে এসেছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, আজকে আমার কর্মীদের বলে যেতে চাই, আমার সমস্ত চরিত্র সারা জীবনের অর্জন। আমি আমার জীবনে সৎ ছিলাম, সৎ আছি। আমার সততার পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করি না।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস শুরু হয়েছে। কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মেনন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে। আজ আমি যেহেতু ঢাকা-৮ আসনের এমপি, সেই আসন ঘিরেই ক্যাসিনো নিয়ে তোলপাড়। মিথ্যা সূত্র উদ্ধৃতি দিয়ে আজকে পত্রিকায় কথা বলা হচ্ছে।

২০১২ সালে মন্ত্রিত্বের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন বলে জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে যখন দেশে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছিল, সেই বিশেষ বাস্তবতায় স্বাধীনতার সপক্ষের শক্তির সঙ্গে পার্টির ঐক্য গড়ে ওঠে। তখন রাজনৈতিক প্রয়োজনে পার্টি মন্ত্রিত্ব গ্রহণ করেছিল। এটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, কারও একক সিদ্ধান্ত নয়।

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্যের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দল ঐক্যবদ্ধ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে। সেই বাস্তবতা এখনো শেষ হয়নি। দেশের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু সেই উন্নয়নে দেশের সব মানুষ ভাগীদার হয়নি। কিছু মুষ্টিমেয় মানুষদের হাতে প্রচুর অর্থবিত্ত হয়েছে। তারাই অর্থ বিদেশে পাচার করছে।

মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন

মিয়ানমার সরকার স্বেচ্ছায় রোহিঙ্গাদের ফিরে যাওয়ার দাবি করলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশি শিবিরের রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থীদের একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত নেয়নি। তাদের ফেরানোর কোন বন্দোবস্তও তারা করছে না। মিয়ানমার মানুষকে ধোঁকা দেবার জন্য মাঝে মাঝেই নানা কথা বলে।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

শুক্রবার কলকাতায় বাংলাদেশ বইমেলার উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেছেন, মিয়ানমার ঘোষণা করেছে, প্রায় ৪০০ রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় রাখাইন প্রদেশে ফিরে গিয়েছেন। কিন্তু তার প্রমাণ কোথায়? বিদেশি সাংবাদিকদের নিয়ে গিয়ে দেখাতে পারবে তারা? কিংবা জাতিসংঘের প্রতিনিধিকে দেখাতে পারবে? মোমেন জানিয়েছেন, শরণার্থীদের ফেরানোর জন্য দু-দু’বার চেষ্টা করা হলেও একজনও ফিরতে চায়নি। তার অভিযোগ, শরণার্থীদের আস্থা অর্জনের জন্য কোনও পদক্ষেপ নেয় নি মিয়ানমার সরকার। মোমেন এদিন আরও বলেছেন, সীমান্তের ও পারে মিয়ানমারের ভূখন্ডে ক্যাম্পে যে ৪ লাখ রোহিঙ্গা রয়েছেন, তাদেরই ঘরে ফেরায় নি মিয়ানমার সরকার। এখন ৪০০ রোহিঙ্গা ঘরে ফিরেছে বলে মিথ্যা ঘোষণা করে বিশ্বকে বিভ্রান্ত করতে চাইছে তারা।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

মুঘলদের মতো হুমকি দিচ্ছে বিজেপি, তোপ দাগল শিবসেনা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

সরকার গড়া নিয়ে সমঝোতা তো দূরের কথা, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা দড়ি টানাটানি যেন থামছে না। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে অনড় থাকা শিবসেনা এ বার বড় শরিকের বিরুদ্ধে ‘মুঘলদের মতো হুমকি’র অভিযোগ আনল।

তাদের স্পষ্ট মত, এই ‘হুমকি অসাংবিধানিক, গণতন্ত্রের পক্ষে অশুভ। শিবসেনার পক্ষ থেকে দলীয় মুখপত্র ‘সামনা'য় লেখা হয়েছে, ‘আইন বা সংবিধান কারও দাসানুদাস নয়। মহারাষ্ট্রের মানুষ খুব ভাল জানেন, এই অচলাবস্থার জন্যে আমরা দায়ী নই। হুমকিগুলি মুঘল জমানার মতো শোনাচ্ছে। আমরা আইন ভাঙব না, সংবিধান লঙ্ঘন করব না।’

রাস্তায় এক টাকা কুড়িয়ে পেয়েছিলাম, ফিরিয়ে দিলাম, শোভনকে কটাক্ষ দিলীপের-দৈনিক আজকাল

ফের একবার বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তিনি নিজের দলের সহকর্মীকেই কটাক্ষ করে বসলেন। গত আগস্টে দলে যোগ দেওয়া প্রাক্তন কলকাতার মেয়র তথা বর্তমানে বেহালার বিধায়ক শোভন চ্যাটার্জিকে রাস্তায় পড়ে থাকা এক টাকার কয়েনের সঙ্গে তুলনা করলেন। শুক্রবার তিনি প্রথমেই বলেন, ‘আমরা শোভন চ্যাটার্জিকে স্বীকার করেছি মাত্র। সাংবাদিকেরা যখন তাকে বলেন, ‘আপনারা এত ঢাকঢোল পিটিয়ে শোভনকে দলে নিলেন, সংবর্ধনা দিলেন, এতে তো বিজেপি–র মুখ পুড়ল!‌’ দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের কেন মুখ পুড়বে? তিনি আমাদের সদস্য হয়েছিলেন। কিন্তু নিষ্ক্রিয় ছিলেন। আমরা রাস্তায় একটা টাকা কুড়িয়ে পেয়েছিলাম। সেটা ফিরিয়ে দিলাম। আমরা তাকে স্বীকার করেছিলাম, এর বেশি কিছু নয়।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন কলকাতার মেয়র তথা বর্তমানে বেহালার বিধায়ক শোভন চ্যাটার্জি

তৃণমূল ছাড়লেও গত মঙ্গলবার ভাইফোঁটায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে ফোঁটা নিতে গিয়েছিলেন শোভন। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে গিয়ে দেখা করেছিলেন বৈশাখীও। শুধু তাই নয়, ভাইফোঁটার পর শোভনের নিরাপত্তাও ফিরিয়ে দেয় রাজ্য সরকার। এরপরই রাজ্য রাজনীতিতে শুরু হয় জল্পনা। তাহলে কি ফের পুরনো দলেই ফিরছেন শোভন–বৈশাখী?‌ যদিও তৃণমূল বা শোভনের পক্ষ থেকে  এই প্রসঙ্গে সরাসরি কিছু বলা হয়‌নি।

ফুটবল খেলে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন ধোনি! ভাইরাল মুখ্যমন্ত্রীর ভাষণের ভিডিও-দৈনিক সংবাদ প্রতিদিন 

মহেন্দ্র সিং ধোনি। নামটাই যথেষ্ট। আট থেকে আশি- ধোনির পরিচয় জানেন না, গোটা দেশে এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। শুধু দেশ কেন, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্ত। তাই তো ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এমনকী জনপ্রিয়তার নিরিখে বিরাট কোহলি-শচীন তেণ্ডুলকরকেও পিছনে ফেলে দিয়েছেন জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিন্তু অবাক কাণ্ড। ধোনির পরিচয় নাকি জানেন না তাঁরই রাজ্যের মুখ্যমন্ত্রী! বিশ্বাস হচ্ছে না? নিচের ভিডিওটি দেখলে নিশ্চয়ই হবে। কারণ একটি জনসভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বেশ জোর গলাতেই বলছেন যে ধোনি একজন ফুটবলার।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বেশ জোর গলাতেই বলেছেন যে ধোনি একজন ফুটবলার

হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মিম ভিডিও। যেখানে বেশ স্পষ্টভাষাতেই রঘুবর দাসকে বলতে শোনা যাচ্ছে, ফুটবল খেলে গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছেন ধোনি। রাজ্যের ছেলেকে নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। ভিডিওতে মুখ্যমন্ত্রী বলছেন, “ফুটবলে যেভাবে ধোনি গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছে, আমার স্বপ্ন, আমাদের রাজ্যের বাকি বাচ্চারাও একইভাবে গোটা দুনিয়ায় ফুটবল খেলে খ্যাতি পাবে।” ভিডিওটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন অনেকেই। প্রশ্ন ওঠে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এমন মূর্খের মতো মন্তব্য করেন তিনি? জনসভায় ভাষণ দেওয়ার আগে অনেকে তাঁকে হোমওয়ার্ক করার পরামর্শও দিয়েছেন।

ক্রিকেটপ্রেমীরা ভালবেসে ধোনিকে রাঁচির রাজপুত্র বলে ডাকেন। বর্তমানে ভারতীয় দলে না থেকেও তিনি সবসময় চর্চায় রয়েছেন। তাঁর অনুরাগীরা চান না, অদূর ভবিষ্যতে ক্রিকেটকে বিদায় জানান ক্যাপ্টেন কুল। যাঁর প্রতিভায় মুগ্ধ গোটা বিশ্ব, সেই ক্রিকেটারকেই নাকি একঝটকায় ফুটবলার বানিয়ে দিলেন মু্খ্যমন্ত্রী! হায় রে, এমন ভাষণ ভাগ্যিস ধোনিকে শুনতে হয়নি। তিনি যদিও এসব নিয়ে কখনওই মাথা ঘামান না। তবে তাঁর হয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন তাঁর অগণিত ভক্তরাই।#

পার্সটুডে/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।