নভেম্বর ১৭, ২০১৯ ১২:১৬ Asia/Dhaka
  • পিয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা কাদের সিদ্দিকীর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • চট্টগ্রামে বিস্ফোরণে দেয়ালধস, নিহত ৭-দৈনিক প্রথম আলো
  • চুক্তির তথ্য জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিল বিএনপি- দৈনিক কালেরকণ্ঠ
  • সরকারের দুর্নীতি-অদক্ষতায় পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি: ফখরুল- দৈনিক যুগান্তর
  • যুবলীগ নেতা সম্রাট রিমান্ডে-দৈনিক ইত্তেফাক
  • পিয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা কাদের সিদ্দিকীর- দৈনিক মানবজমিন
  • মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬০ বছরই থাকছে-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • সেনা-সম্পর্ক মেরামতে তত্পর হচ্ছে বিজেপি? বাল ঠাকরের মৃত্যুবার্ষিকীতে তেমনই ইঙ্গিত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • আগামী মার্চেই বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম, বললেন সীতারমণ-দৈনিক আজকাল
  • শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ, টুইটে শুভেচ্ছা নরেন্দ্র মোদির-দৈনিক সংবাদ  প্রতিদিন

 শ্রোতাবন্ধুরা এবার বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক প্রথমেই বাংলাদেশ

চট্টগ্রামে বিস্ফোরণে দেয়ালধস, নিহত ৭-দৈনিক প্রথম আলো

চট্টগ্রামের পাথরঘাটা এলাকার একটি ভবনের নিচতলায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর ভবনের একাংশের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১০ জন।

আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিক ফিল্ড রোডের ধনা বড়ুয়ার পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। এই ঘটনায় হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।

উদ্ধার–কাজে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর ভবনের একটি দেয়াল ধসে পাশের রাস্তা ও বাড়ির ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় দুই ভবনের বাসিন্দা ও পথচারীরা হতাহত হন।

গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে দেয়ালধস হয়। ছবি: জুয়েল শীলনিহত লোকজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম নুরুল ইসলাম (৩০)। তিনি পেশায় রাজমিস্ত্রি। ঘটনার সময় তিনি রাস্তায় ছিলেন। দেয়ালধসের ঘটনায় তিনি চাপা পড়ে মারা যান। আহত লোকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে দেয়ালধস হয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত লোকজনের মধ্যে দুজন নারী ও এক কিশোর রয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থা গুরুতর।

চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় বিস্ফোরণের ঘটনায় হতাহত হওয়া ব্যক্তিদের স্বজনদের আহাজারি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমির হোসেন বলেন, গ্যাসলাইনে বিস্ফোরণের পর একটি ভবনের দেয়াল ধসে রাস্তা ও পাশের বাসার ওপর পড়ে। এই কারণে হতাহত বেশি হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

চুক্তির তথ্য জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিল বিএনপি- দৈনিক কালেরকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত বিভিন্ন চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছে বিএনপি।

দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবীর খোকন আজ রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে  গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে বিএনপির চিঠিটি পৌঁছে দেন প্রধানমন্ত্রীর অফিসে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা সোয়া ১২টার দিকে চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন দুই নেতা। তাঁরা প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি-২ এর কাছে চিঠি পৌঁছে দেন। এরপর বেলা পৌনে ১টার দিকে অফিস থেকে বের হয়ে আসেন তাঁরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি প্রধানমন্ত্রী বরাবর নিয়ে এসেছিলাম। চিঠিতে বলা হয়েছে, অতি সম্প্রতি ভারত সফর ও অন্যান্য দেশে সফরকালীন সময়ে সেসব দেশের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে সংবিধান অনুযায়ী সেই চুক্তিগুলোকে জনসমক্ষে প্রকাশ করা এবং তার মধ্যে দেশের স্বার্থের হানিকর কিছু হয়েছে কি-না তা  পর্যালোচনা করার সুযোগ দেওয়া হোক। 

আলাল বলেন, আমরা দেখেছি শুধু জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলেছেন। কিন্তু এ সম্পর্কে জাতীয় সংসদে আলোচনা হয়নি, এমনকি রাষ্ট্রপতির কাছেও এই ফাইল গেছে কি-না, এ বিষয়ে সাধারণ জনগণ কিছু জানে না। কিন্তু সংবিধানের ১৪৫/ক ধারায় এটা সংসদে পেশ করার এবং জানার অধিকার রয়েছে জনগণের। জনগণের সমর্থিত দল হিসেবে বিএনপি এই দায়িত্ব পালনে অগ্রসর হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। অবিলম্বে এটা সংসদের আলোচনার টেবিলে নিয়ে আসা হোক। যেন এটা পাবলিক ডিসকাশনের ব্যবস্থা হয়।

এক প্রশ্নের জবাবে আলাল বলেন, জাতীয় সংসদে আমাদের যাঁরা সদস্য আছেন, তাঁরা কয়েক দফা এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন, নোটিশ দিয়েছেন। তাঁদের সে নোটিশ গ্রহণ করা হয়নি। কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমরা অন্য কোনও উপায় না পেয়ে এখানে চিঠি দিলাম।

সরকারের দুর্নীতি-অদক্ষতায় পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি: ফখরুল- দৈনিক যুগান্তর 

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি, অধক্ষতা ও তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই পেঁয়াজের দামে আজ ঊর্ধ্বগতি। শুধু পেঁয়াজ নয়, প্রত্যেকটি জিনিসপত্রের দামই ঊর্ধ্বগতি।

তিনি বলেন, কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। ধানের দাম অত্যন্ত কম। এর মূল কারণটাই হচ্ছে এই ব্যর্থ সরকার। তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তাই তাদের কাছে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফকরুল আরও বলেন, আমরা অগণত্রান্তিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে রয়েছি। খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তাকে মুক্ত করতে আমরা সব ধরনের আন্দোলনে মাঠে রয়েছি।

‘আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এ সরকার বাধ্য হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে।’

এসময় মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলস তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা সম্রাট রিমান্ডে-দৈনিক ইত্তেফাক : কাদের-দৈনিক ইত্তেফাক

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার আদালতে হাজির করে দুদক সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

দুদকের করা মামলায় বলা হয়েছে, অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট কিনেছেন সম্রাট। এছাড়া প্লট কিনে বাড়ি নির্মাণ করেছেন। নামে বেনামে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে তার প্রায় এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযান চলার পর আত্মগোপনে চলে যান যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সম্রাট। এরপর ৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র‌্যাব। তারা ভারত পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন।

পিয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা কাদের সিদ্দিকীর- দৈনিক মানবজমিন

পিয়াজ নিয়ে আওয়ামী লীগের ছায়াতলে কিছু মানুষ কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া পিয়াজ সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তিনি। 

বঙ্গবীর কাদের সিদ্দিকী

৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে আজ দুপুরে এসব মন্তব্য করেন বঙ্গবীর।‘তার বাড়িতে পিয়াজ ছাড়া রান্না হয়েছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী এমনটা বলতে পারেন না। এটা কোন প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না। এটাকে সুশাসন বলে না। এটা দুঃশাসন।তিনি আরও বলেন, আগে দোজখে যাবে কু-আলেম, এরপর যাবে কু-শাসক।মাজার জিয়ারতের সময় কাদের সিদ্দিকীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকাসহ (বীরপ্রতিক) এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬০ বছরই থাকছে-দৈনিক নয়াদিগন্ত

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স সরকার নির্ধারিত ৬০ বছরই থাকছে। সাত পৃষ্ঠার এ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রোববার প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। রায়টি লিখেছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চের অপর সদস্যরা এতে একমত পোষণ করেছেন।

হাইকোর্টের রায় বাতিল করে পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, হাইকোর্ট বিভাগ বয়স নির্ধারণে জাতীয় সংসদকে আইন প্রণয়ন বা সংশোধনের নির্দেশ দিতে পারে না। আইন প্রণয়নে আইনসভার (জাতীয় সংসদ) ক্ষমতাই সর্বোচ্চ তা সংবিধানে বলা হয়েছে।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

সেনা-সম্পর্ক মেরামতে তত্পর হচ্ছে বিজেপি? বাল ঠাকরের মৃত্যুবার্ষিকীতে তেমনই ইঙ্গিত-দৈনিক আনন্দবাজার পত্রিকা

শিবসেনার সঙ্গে সম্পর্ক মেরামতের প্রক্রিয়া কি এ বার শুরু করে দিল বিজেপিবাল ঠাকরের সপ্তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন জল্পনা উস্কে দিল বিজেপি। মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে ঝামেলার জেরে দীর্ঘ তিন দশকের জোটে ইতি টানার পর থেকে গত তিন সপ্তাহে দুই দলের কাউকেই এক সঙ্গে দেখা যায়নি। বাল ঠাকরেকে শ্রদ্ধা জানাতে কিন্তু সটান মুম্বইয়ের শিবাজি পার্কে পৌঁছে যান বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবীস। তিনি ঢোকার কিছু ক্ষণ আগেই যদিও ছেলে আদিত্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন উদ্ধব ঠাকরে। তাই মুখোমুখি হতে হয়নি তাঁদের। তবে উদ্ধবরা না থাকলেও তখন সেখানে উপস্থিত ছিলেন শিবসেনার একাধিক নেতা।

বাল ঠাকরেকে শ্রদ্ধা জানাচ্ছেন ফডণবীস

শ্রদ্ধা জানাতে যাওয়ার আগে এ দিন টুইটারেও বাল ঠাকরেকে শ্রদ্ধা জানান ফডণবীস। তাতে তিনি লেখেন, ‘আত্মবিশ্বাসের গুরুত্ব বালাসাহেবই আমাদের বুঝিয়েছিলেন।’ তাঁর এই সেই মন্তব্যও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। কারণ এর আগে, এনসিপি-কংগ্রেস মিলে শিবসেনাকে বোকা বানাচ্ছে বলে মন্তব্য করেছিলেন বিজেপি নেতা নারায়ণ রানে। তাই বাল ঠাকরের কথা উল্লেখ করে বিজেপি আসলে শিবসেনাকে সতর্ক করতে চাইছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীও এ দিন টুইটারে বাল ঠাকরেকে শ্রদ্ধা জানান।

যদিও  এ সবে লাভ নেই বলে জানিয়েছেন শিবসেনার সচিন আহির। ফডণবীসের টুইট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আজ সম্মান দেখিয়েছেন বটে, কিন্তু এটা আগে কাজে করে দেখাতে পারতেন। আমরা অনেক দূর চলে এসেছি।’’

অন্য দিকে, এ দিন সকালে মুম্বইয়ের শিবাজি পার্কে বালাসাহেবকে শ্রদ্ধা জানিয়ে সেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ‘‘বালাসাহেবের জন্য সবকিছু করতে পারি আমরা। মহারাষ্ট্রে শিবসেনার প্রার্থীই মুখ্যমন্ত্রী হবেন বলে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন উদ্ধবজি। খুব শীঘ্রই তা হতে দেখবেন আপনারা।’’ তবে বিজেপির সঙ্গে নতুন করে সম্পর্ক জোড়া লাগানো নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। উদ্ধব ঠাকরে ও তাঁর পরিবার এবং শিবসেনার নেতাদের পাশাপাশি এ দিন শিবাজি পার্কে বালাসাহেবকে শ্রদ্ধা জানাতে জান এনসিপি নেতা ছগন ভুজবল এবং জয়ন্ত পাটিলও।

মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপি এবং শিবসেনার মধ্যে সমস্যার শুরু। শিবসেনা মুখ্যমন্ত্রীর পদটি নিজেদের দখলে রাখতে চাওয়াতেই এর সূত্রপাত। বিজেপি তাদের দাবি না মানায়, তাদের সঙ্গে দীর্ঘ তিন দশকের জোট ভেঙে দিয়েছে শিবসেনা। ইস্তফা দিয়েছে মন্ত্রিসভা থেকে। এমনকি শীতকালীন বৈঠকের আগে রবিবার এনডিএ-র বৈঠকে বাজির না থাকার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী মার্চেই বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম, বললেন সীতারমণ-দৈনিক আজকাল’

আগামী মার্চেই দেনার ভারে জর্জরিত রাষ্ট্রায়ত্ত দুই কোম্পানি এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল বিক্রি করে দিতে পারে সরকার। একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

তিনি বলেছেন, ‘‌আমরা চাইছি দুটোই যেন এবছরের মধ্যে হয়ে যায়। আসল সত্যিটা ক্রমে স্পষ্ট হবে।’‌ ৫৮০০০০ কোটি টাকা দেনার ভারে ঝুঁকে পড়া এয়ার ইন্ডিয়াকে কিনতে অনেক কোম্পানি ইচ্ছুক বলে জানিয়েছেন সীতারমণ। এই মাসের শুরুতেই কোম্পানির চেয়ারম্যান অনিল লোহানি কর্মীদের খোলা চিঠিতে বলেছিলেন বিলগ্নীকরণের ফলে কোম্পানির ভালোই হবে।

অন্যদিকে, ভারত পেট্রোলিয়ামের মধ্যে তাদের পুরো ৫৩.‌২৯ শতাংশ শেয়ারই বিক্রি করে দেবে বলে অক্টোবরেই জানিয়েছে কেন্দ্র। বিপিসিএল–এর বাজারে মূলধনের পরিমাণ ১.‌০২ লক্ষ কোটি টাকা। ৫৩ শতাংশ বিক্রির শেয়ার রয়েছে বিপিসিএল–এর।    

শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ, টুইটে শুভেচ্ছা নরেন্দ্র মোদির-দৈনিক সংবাদ  প্রতিদিন

শনিবারই কিছুটা আভাস পাওয়া গিয়েছিল। আর রবিবার বেলা একটু বাড়তেই স্পষ্ট হয়ে গেল যে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হচ্ছেন গোতাবায়া রাজাপক্ষ। রবিবার এই কথা জানিয়ে দিলেন রাজাপক্ষের মুখপাত্র কহেলিয়া রম্বুকওয়েলা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ‘আমরা ৫৩ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়েছি। এর ফলে আমাদের জয় সম্পর্কে আর কোনও সন্দেহ রইল না। সরকারি ভাবে ফল প্রকাশের পর আগামীকাল অথবা তার পরেরদিন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন গোতাবায় রাজাপক্ষ। তাঁর জয়ের বিষয়ে নিশ্চিত হতেই খুব খুশি হয়েছি আমরা।’

শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ

রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমদাসাকে হারিয়ে গোতাবায় রাজাপক্ষ শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হচ্ছেন। এরপরই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ‘গোতাবায়া রাজাপক্ষ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই। আমি আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। এই অঞ্চল তথা আমাদের দুটি দেশের নাগরিকদের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলঙ্কায় চিন ঘনিষ্ঠ পরিবার বলেই পরিচিত রাজাপক্ষ পরিবার। এর আগে ২০১৫ সালে গোতাবায়ার দাদা ও শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষ যখন প্রধানমন্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তখন চিন প্রচুর টাকা ঢেলেছিল বলেও অভিযোগ। পরিবার ও ঘনিষ্ঠদের কাছে ‘টারমিনেটর’ নামে পরিচিত গোতাবায়া একসময়ে শ্রীলঙ্কান সেনার প্রধান কর্তাও ছিলেন। তাঁর নেতৃত্বেই ১০ বছরের এলটিটিই সাম্রাজ্যকে ধ্বংস করতে সমর্থ হয় শ্রীলঙ্কা। এবছরও ইস্টারের দিনে জঙ্গি হামলার পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন তিনি। যার জেরেই দেশের বেশিরভাগ মানুষকে তাঁকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নিয়েছেন বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।#

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।