কথাবার্তা:
মধ্যপ্রাচ্যের ৫ দেশে গৃহকর্মী না পাঠাতে রিট
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- নতুন সড়ক আইন প্রত্যাহারের দাবি- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় বাস চলাচল বন্ধ- মানবজমিন
- সিলেটে কম দামের পেঁয়াজ নিয়ে অপ্রীতিকর ঘটনা : একজন গুলিবিদ্ধসহ আহত ২- দৈনিক নয়াদিগন্ত
- মধ্যপ্রাচ্যের ৫ দেশে গৃহকর্মী না পাঠাতে রিট- দৈনিক যুগান্তর
- আবরার হত্যার চার্জশিট গ্রহণ, ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি -ইত্তেফাক
- এলডিপিতে ভাঙন, অলি-রেদোয়ানের বিপরীতে আব্বাসী-সেলিমের পাল্টা কমিটি মানবজমিনের আরেকটি খবর
- আমিরাতের উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর- বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ফারুখ আবদুল্লা কোথায়? শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তাল সংসদ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- জেলায় জেলায় অগ্নিমূল্য বাজাররুখতে ইবি-র অভিযান -আজকাল
- মহিন্দার পর এবার গোটাবায়া, শ্রীলঙ্কায় ফের রাজা পক্ষের সরকার -আজকালের আরেকটি
পাঠক/শ্রোতা! এবার বাছাইকৃত খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
নতুন সড়ক আইন প্রত্যাহারের দাবি- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় বাস চলাচল বন্ধ- মানবজমিন
নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার প্রতিবাদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল থেকে পূর্ব কোন ঘোষণা ছাড়াই এই কর্মবিরতি পালন করছে তারা। তাদের হঠাৎ এই কর্মসূচির ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাস স্ট্যান্ডে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে ফিরে গেছেন।
নতুন সড়ক পরিবহন আইন প্রত্যাহারের দাবি জানিয়ে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার পরিবহন শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছেন।
খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারশনের যুগ্ম সম্পাদক মোর্তজা হোসেন বলেন, শ্রমিকরা স্বেচ্ছায় এই কর্মবিরতি পালন করছেন। তবে তারা কাউকে ইচ্ছা করে হত্যা করে না। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদেরকে ঘাতক বলা হচ্ছে। তাদের জন্য এমন আইন করা হয়েছে যা সন্ত্রাসীদের ক্ষেত্রে প্রযোজ্য।
নতুন আইনের অনেক ধারার ব্যাপারে শ্রমিকদের আপত্তি রয়েছে। সরকার সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
গত বছর ঢাকায় বাসচাপায় দুই ছাত্রছাত্রীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের মুখে নতুন সড়ক পরিবহন আইন সংসদে পাস হয়। তবে তা এ বছর ১লা নভেম্বর থেকে কার্যকর করার কথা বলা হয়।#
সিলেটে কম দামের পেঁয়াজ নিয়ে অপ্রীতিকর ঘটনা : একজন গুলিবিদ্ধসহ আহত ২-নয়াদিগন্ত
সিলেটে টিসিবির ট্রাক থেকে কম দামে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কির সময় পুলিশের ‘মিস ফায়ারে’ চন্দ্রকান্ত সিংহ নামের এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ধাক্কাধাক্কির মধ্যে এক নারী ক্রেতা আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন।
আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে ৪৫ টাকা দরে রিকাবিবাজার পয়েন্টে পেঁয়াজ বিক্রি শুরু হয়। হঠাৎ ভিড়ের মধ্য থেকে ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে লাইন সাজাতে গিয়ে অনাকাক্সিক্ষত এ ঘটনাটি ঘটে।
সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিতা আক্তার জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ পাঁচজন করে ক্রেতাকে অডিটোরিয়ামের গেইট দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছিল। এর মধ্যে পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ বাধা দেয়। এ সময় লোড করা একটি শর্টগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়।#
মধ্যপ্রাচ্যের ৫ দেশে গৃহকর্মী না পাঠাতে রিট- দৈনিক যুগান্তর
যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিত না করে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে গৃহকর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। দেশগুলো হলো- সৌদি আরব, জর্ডান, লেবানন, সিরিয়া ও ইরাক।
একইসঙ্গে মানব পাচার দমন ও প্রতিরোধ আইনে করা মামলার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার বিদেশ ফেরত নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
১২ নভেম্বর কক্সবাজারের রাজিয়া খাতুন নামের এক নারী এই রিট আবেদন করেন। রাজিয়া বেগমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জামান আক্তার বুলবুল এই রিট করেন। রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদের। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হবে।#
আবরার হত্যার চার্জশিট গ্রহণ, ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি -ইত্তেফাক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে আসামি করে করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এরমধ্য দিয়ে আবরার হত্যার বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেন। সেই সঙ্গে পলাতম ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন আগামী ৩ ডিসেম্বর আদালতে উত্থাপনের কথা বলা হয়েছে।
যাদের বিরুদ্ধে পরোয়ারা জারি করা হয়েছে তারা হল- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মোস্তবা রাফিদ। এদের মধ্যে প্রথম তিনজন এজাহারভুক্ত ও শেষের জন এজাহারবহির্ভূত। এর আগে ১৩ নভেম্বর আবরার হত্যায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।#
এলডিপিতে ভাঙন, অলি-রেদোয়ানের বিপরীতে আব্বাসী-সেলিমের পাল্টা কমিটি মানবজমিনের আরেকটি খবর
ভেঙে গেলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গত ৯ই নভেম্বর কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদকে সভাপতি এবং ডক্টর রেদোয়ান আহমেদকে মহাসচিব করে দলটির নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন দলটির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারপর থেকেই মূলত দলটির মধ্যে ভাঙ্গনের সুর ওঠে। আজ তা চূড়ান্ত রূপ পেলো।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এলডিপির পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে অলি আহমেদ এবং রেদোয়ান আহমেদের বিপরীতে ৭ সদস্যের নতুন এই সমন্বয় কমিটি ঘোষণা দেয়। এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই কমিটি ঘোষণা করেন। আবদুল করিম আব্বাসীকে সমন্বয় কমিটির সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সেলিম বলেন, গত বছরের ৮ই ফেব্রুয়ারি থেকে বেগম খালেদা জিয়া সরকারের রোষানলে পড়ে কারাবন্দি রয়েছেন। তাকে মুক্ত করার জন্য যখন দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ার দরকার, তখন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য একটি পক্ষ তৎপর হয়ে উঠেছে।#
আমিরাতের উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর- বাংলাদেশ প্রতিদিন
পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্যোক্তাদের আরও বড় আকারের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের সরকার অর্থনৈতিক অঞ্চলে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এবং হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ গ্রহণ করেছে।’
রবিবার আবুধাবীর হোটেল সাংরি-লা’তে সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রীর সম্মানে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে যোগদান করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান স্টপ’ সার্ভিস সুবিধা এবং একশ’র অধিক অবকাঠামোসহ নানা প্রয়োজনীয় সুবিধাদি প্রদান করছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সব থেকে সহনীয় বিনিয়োগ নীতি বিদ্যমান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা তৈরি পোশাক শিল্প, ভবন অবকাঠামো নির্মাণ, নির্মাণ শিল্প, যোগাযোগ, জ্বালানি, তথ্য প্রযুক্তি, জাহাজ নির্মাণ, পর্যটন, হাল্কা প্রকৌশল, শিল্প পার্ক এবং পণ্য সরবারাহের কেন্দ্র হিসেবে বিনিয়োগ করতে পারে।’#
ভারতের পত্রিকার খবর...
ফারুখ আবদুল্লা কোথায়? শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তাল সংসদ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর ১০০ দিনের বেশি অতিক্রান্ত হলেও এখনও গৃহবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ ফারুখ আবদুল্লা। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোটে ঝাঁপিয়ে পড়ল বিরোধীরা। তাদের দাবি, সম্পূর্ণ বেআইনি ভাবে ফারুখ আবদুল্লাকে বন্দি করে রাখা হয়েছে। তাঁকে সংসদের অধিবেশনে উপস্থিত থাকতে দেওয়া হোক বলেও দাবি তোলা হয়।
সোমবার সকালে অধিবেশনের শুরুতেই ফারুখ আবদুল্লার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘স্যর, ফারুখ আবদুল্লা আসেননি। হয় সরকারকে নির্দেশ দিন, ওঁকে মুক্তি দিতে, নইলে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনই এ বিষয়ে বিবৃতি দিতে বলুন।’’
স্পিকার ওম বিড়লা, ‘নতুন সদস্যেরা আগে শপথ নিন, তার পর দেখা যাবে’— বলে তাঁকে নিরস্ত করার চেষ্টা করলে একজোটে হিন্দিতে ‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক, ফারুখ আবদুল্লাকে রেহাই দেওয়া হোক’ স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং ডিএমকে সাংসদরা। স্লোগান দিতে দিতে সকলে ওয়েলে নেমে আসতে শুরু করলে ওম বিড়লা বলেন, ‘‘সব কিছু নিয়ে আলোচনায় প্রস্তুত আমি। কিন্তু আগে নিজেদের আসনে ফিরে আসুন। সংসদ স্লোগান দেওয়ার জায়গা নয়। তর্ক বিতর্ক এবং আলোচনা করতেই এখানে আসা।’’#
জেলায় জেলায় অগ্নিমূল্য বাজাররুখতে ইবি-র অভিযান -দৈনিক আজকাল
শাকসব্জির নিত্য বেড়ে চলা দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। যদিও বাজারে বিক্রেতাদের একাংশ দাবি করছেন, অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের জেরেই ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে সব্জির এই অতিরিক্ত মূল্যবৃদ্ধি। কিন্তু গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করে অগ্নিমূল্য বাজারে রাশ টানতে টাস্ক ফোর্স গঠনের কথা বলেছিলেন। সেই মতো গত সপ্তাহে প্রথমে কলকাতার বাজারগুলিতে অভিযান চালিয়েছিল টাস্ক ফোর্স। তারপর অভিযান শুরু হয় জেলার বাজারগুলিতে। সোমবার শেওড়াফুলি, নাগেরবাজার সহ কলকাতা সংলগ্ন জেলাগুলির কয়েকটি বাজারে অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, বুলবুল মূলত উপকূলবর্তী তিন জেলাতেই তাণ্ডব চালিয়েছিল। তাহলে অন্যান্য জেলায় উৎপন্ন শাকসব্জিরও কীভাবে এতো চড়া দাম তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তারপরই ব্যবসায়ী এবং ফড়েদের বিরুদ্ধে অভিযান চালাতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অভিযানে নামে ইবি।
মহিন্দার পর এবার গোটাবায়া, শ্রীলঙ্কায় ফের রাজা পক্ষের সরকার (আজকালের আরেকটি খবর)
শ্রীলঙ্কায় ফের রাজাপক্ষ সরকার হতে চলেছে। স্থানীয় সময় রবিবার সকালের গণনাতেই দেখা যায় গোটাবায়া রাজাপক্ষের ঝুলিতে প্রায় ৫৪ শতাংশ ভোট চলে গিয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা বর্তমান সরকারের প্রেসিডেন্ট পদপ্রার্থী সাজিত প্রেমদাসা সকাল পর্যন্ত পেয়েছিলেন মাত্রই ৪৪.৪ শতাংশ ভোট। রবিবার সকালেই বিবৃতি দিয়ে সাজিত গোটাবায়াকে অভিনন্দন জানিয়ে বলেছেন তিনি জনাদেশ মেনে নিচ্ছেন। স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ সরকারিভাবে ফল ঘোষণা করা হবে বলে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। ১০ বছর আগে এলটিটিই সমূলে বিনাশ করার মূল কারিগর ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষের ভাই তথা প্রাক্তন প্রতিরক্ষা সচিব গোটাবায়া রাজাপক্ষ। নির্বাচনী প্রচারে সেই ঘটনার সঙ্গেই শ্রীলঙ্কার ধুঁকতে থাকা অর্থনীতি এবং বর্তমান ইউএনপি সরকারের দুর্নীতিগ্রস্ত কাজকর্মের উপরই আলোকপাত করেছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোটাবায়া রাজাপক্ষ। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহিন্দা দেশপ্রিয় জানিয়েছেন, শনিবারের ভোটে ১৫.৯৯ মিলিয়ন বৈধ ভোটারদের মধ্যে কমপক্ষে ৮০ শতাংশই অংশ নিয়েছিলেন।
গোটাবায়া রাজাপক্ষের জয়ের খবর পেয়ে রবিবার টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘প্রেসিডেন্সি নির্বাচন জেতার জন্য আপনাকে অভিনন্দন গোটাবায়া। আমি আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি যাতে আমাদের দুদেশের মধ্যে সৌভাতৃত্বের সম্পর্ক আরও মজবুত হয় এবং দুদেশের নাগরিকদের মধ্যে শান্তি, সমৃদ্ধি বজায় থাকে এবং আমাদের অঞ্চল সুরক্ষিত থাকে।’#
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।