ডিসেম্বর ১৬, ২০১৯ ১৩:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আজ মহান বিজয় দিবস, শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা-দৈনিক ইত্তেফাক
  • গেজেটেড মুক্তিযোদ্ধা এখন ৬৩ নম্বর রাজাকার! ফেসবুকে মেয়ের ক্ষোভ-দৈনিক যুগান্তর
  • অর্থনৈতিক–সামাজিক খাতের প্রায় সব সূচকে পাকিস্তানের ওপরে বাংলাদেশ-দৈনিক প্রথম আলো
  • ‘দেশের মানুষের ভোটের অধিকার নেই, যা দুর্ভাগ্যের’-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • আমার মৃতদেহের উপর দিয়ে এই আইন প্রয়োগ করতে হবে: মমতা-দৈনিক আনন্দবাজার
  • ‘অসাংবিধানিক ও উসকানিমূলক’, মমতার এনআরসি বিরোধী মিছিলের দিনই তোপ রাজ্যপালের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • তপ্ত আলিগড় বিশ্ববিদ্যালয়ে বন্ধ ইন্টারনেট, মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. জনাব...বাংলাদেশ আজ উদযাপিত হচ্ছে ৪৯তম স্বাধীনতা দিবস। দেশ আজ ৪৮ বছর পার করেছে। দেশের সামিগ্রিক অর্জন নিয়ে আপনার মূল্যায়ন কী?

২. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, ইরান-বিরোধী নিষেধাজ্ঞা আন্তর্জাতিক স্বৈরতান্ত্রিক মানসিকতার ফল। কীভাবে দেখছেন তার এ বক্তব্যকে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ছয়টা ৩৪ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা এবং শহীদ সন্তানরা। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

‘সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি’-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই। দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেয় হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন মন্ত্রী। এ সময় আরও শ্রদ্ধা জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশ এখনো নিরাপদ হয়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্পূর্ণরূপে শান্তি প্রতিষ্ঠার জন্য আর রাজাকার–সমর্থিত সরকার ক্ষমতায় আসবে না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। একাত্তরের যে লক্ষ্য ও চেতনা ছিল, সে লক্ষ্য অনুযায়ী আমরা সম্পূর্ণভাবে এগোতে পারিনি।’

‘দেশের মানুষের ভোটের অধিকার নেই, যা দুর্ভাগ্যের’-দৈনিক মানবজমিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও বাংলাদেশের গণতন্ত্র নেই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন বাংলাদেশ আজ গণতন্ত্রহীন। দেশের মানুষের ভোটের অধিকার নেই যা দুর্ভাগ্যের। আজ মহান বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৪৯ বছর আগে আজকের এই দিনে আমরা দীর্ঘ ৯ মাস একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন করেছিলাম। কিন্ত দুর্ভাগ্যের কথা, আজকে ৪৯ বছর পরে এ দেশ সম্পূর্ণ গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘সবচেয়ে দুঃখজনক ব্যাপার, স্বাধীনতাযুদ্ধের সময় যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার সহধর্মিণী (খালেদা জিয়া) সে সময় পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলাম, তাকে আজকে অন্ধকার কারাগারে আটক করে রাখা হয়েছে।

গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপসহীনভাবে। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে। আজকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে নির্মমভাবে, অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে।

আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকারদের তালিকা সম্পর্কে বলেছেন, এটা বিএনপিকে হেয় করতে করা হয়েছে। তিনি প্রকৃত তালিকা প্রকাশের দাবি জানান।

গেজেটেড মুক্তিযোদ্ধা এখন ৬৩ নম্বর রাজাকার! ফেসবুকে মেয়ের ক্ষোভ-দৈনিক যুগান্তর

ডা. মনীষা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার প্রকাশিত ওই তালিকায় গেজেটেড এক মুক্তিযোদ্ধার নাম পাওয়া গেছে। ওই মুক্তিযোদ্ধার নাম অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী। যার ক্রমিক নম্বর ১১২, পৃষ্ঠা নম্বর ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তী। এ ঘটনাকে নিজের ‘রাজনীতির খেসারত’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশালের সদস্য সচিব এই মুক্তিযোদ্ধা-কন্যা।

তিনি লেখেন, ‘মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ। ধন্যবাদ আওয়ামী লীগকে। সদ্য প্রকাশিত রাজাকারদের গেজেটে আমার বাবা এবং ঠাকুমার নাম প্রকাশিত হয়েছে।’

‘আমার বাবা এড. তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং ১১২ পৃষ্ঠা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা ও পেয়ে থাকেন। আজ রাজাকারের তালিকায় তিনি ৬৩ নাম্বার রাজাকার!’

ডা. মনীষা বলেন, ‘আমার ঠাকুরদা এড সুধির কুমার চক্রবর্ত্তীকে পাকিস্তানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তার সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নাম্বারে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আমার মৃতদেহের উপর দিয়ে এই আইন প্রয়োগ করতে হবে: মমতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ জোড়াসাঁকোর মঞ্চ থেকে ‘‘আমরা হিংসা সমর্থন করি না। আমার কাছে প্রমাণ আছে, আপনাদের-আমাদেরই কেউ কেউ বিজেপির টাকা খেয়ে এ দিক ও দিক আগুন জ্বালাচ্ছে।’’  ‘‘কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না।তিনি বলেন, ‘‘সিএবি প্রত্যাহার করতে হবে। যতক্ষণ না সিএবি প্রত্যাহার করা হবে, তত ক্ষণ আমরা রাস্তায় থাকব।’তিনি স্পষ্টভাষায় বলেন আমার মৃতদেহের ওপর দিয়ে গিয়ে তবে ক্যাপ আইন প্রয়োগ করতে হবে।

‘অসাংবিধানিক ও উসকানিমূলক’, মমতার এনআরসি বিরোধী মিছিলের দিনই তোপ রাজ্যপালের-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও রাজ্যপাল জগদীপ ধনকড়

সংশোধিত নাগরিকত্ব আইন আর এনআরসির বিরুদ্ধে আজ থেকে টানা প্রতিবাদে পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই এই মিছিল অসাংবিধানিক ও উসকানিমূলক বলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিতে সাতসকালেই মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে তলব করেন তিনি। সোমবার সকালে তিনি টুইট করেন, ‘মুখ্যমন্ত্রী ও রাজ্যের অন্য মন্ত্রীরা দেশের সংশোধিত নাগরিকত্ব আইনে বিরোধিতায় মিছিল করবেন শুনে আমি স্তম্ভিত। এটা অসাংবিধানিক। আমি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাব এই ধরনের সংবিধান বিরোধী ও উসকানিমূলক ঘটনা থেকে দূরে থাকুন। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দিকে মনোনিবেশ করুন।’

দাঙ্গা বন্ধ করুন’, পড়ুয়াদের কড়া বার্তা প্রধান বিচারপতির-দৈনিক আনন্দবাজার পত্রিকা

দাঙ্গা বন্ধ করুন। পড়ুয়াদের উদ্দেশে সোমবার এমনই বার্তা দিল সুপ্রিম কোর্ট। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকা। জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ও প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল একই দিনে। এই দুটি ঘটনা নিয়ে প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিংহ বিষয়টি দেখার জন্য সোমবার শীর্ষ আদালতে একটি আবেদন করেন। দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬