ডিসেম্বর ১৭, ২০১৯ ১৩:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম-দৈনিক প্রথম আলো
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কেই দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • মুন সিনেমা হল: ৯৯ কোটি টাকার চেক পেল ইতালিয়ান মার্বেল-দৈনিক যুগান্তর
  • দেশে দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ: পরিকল্পনামন্ত্রী-দৈনিক মানবজমিন
  • 'ভালোবাসা ও বক্তব্যের দিন শেষ, এখন শুধু জরিমানা'-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • জামিয়া কাণ্ডের শুনানি এখানে নয়, প্রয়োজনে হাইকোর্টে যান: সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার
  • ‘বিপুল সংখ্যক আসন মানেই জনমতের আধিক্য নয়’, মোদি-শাহর সমালোচনা প্রণবের-দৈনিক সংবাদ প্রতিদি
  • জামিয়াতে বাচ্চা ছেলেমেয়েদের নৃশংস ভাবে মেরেছে ওরা’, যাদবপুরে ছাত্র আন্দোলনের পাশে মমতা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কেই দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

Image Caption

রাজাকারদের তালিকার বিষয়ে আগেই নোট দেওয়া হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তা সংশোধন করে নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, 'রাজাকারদের তালিকার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নোট দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা সংশোধন করেনি। তাদের আরো যাচাই-বাছাই করা উচিত ছিল।'

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

এদিকে ইত্তেফাকসহ অন্যান্য দৈনিকে লেখা হয়েছে,  সম্প্রতি প্রকাশ করা রাজাকারদের তালিকায় কয়েকজন মুক্তিযোদ্ধার নাম আসার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই ঘটনার পুরো দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। বেশ কয়েকটি অভিযোগ ইতোমধ্যে আমাদের হাতে এসেছে। অভিযোগের পরিমাণ বেশি হলে তালিকা প্রত্যাহার করা হবে। এরপর তদন্ত করে আবার যখন নতুন করে তালিকা ছাপাবো, অবশ্যই দুঃখ প্রকাশ করে ছাপাবো।'

৯৯ কোটি টাকার চেক পেলেন মুন সিনেমা হলের মালিক-দৈনিক প্রথম আলো

৯৯ কোটি টাকার চেক পেলেন মুন সিনেমা হলের মালিক মাকসুদুল আলম

অবশেষে পুরান ঢাকার মুন সিনেমা হলের জায়গা ও সম্পত্তি বাবদ টাকার চেক হাতে পেলেন মাকসুদুল আলম। আজ মঙ্গলবার আপিল বিভাগের এক আদেশে চেকটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। মুন সিনেমা হলের মালিকানা নিয়ে মামলার পর সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায় এসেছিল। এটি মুন সিনেমা হল মামলা নামে বহুল পরিচিত। এই মামলার বাদী ছিলেন মাকসুদুল আলম। তিনি ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মামলায় মুন সিনেমা হলের সম্পত্তির মালিকানা দাবি করেন মাকসুদুল। আদালত থেকে বেরিয়ে মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, চেক হাতে পেয়েছি। আমার ছেলেমেয়েরা এখন দেশের বাইরে থাকেন। এই অর্থ আমি ব্যবসায় বিনিয়োগ করব।’

'ভালোবাসা ও বক্তব্যের দিন শেষ, এখন শুধু জরিমানা'-মেয়র আতিকুল ইসলাম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম

পরিবেশের ক্ষতি করে এমন কোনো ব্যবসা কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান রাজধানীতে করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেয়র আতিক বলেন, ভালোবাসা ও বক্তব্যের দিন শেষ, এখন শুধু ফাইন। রাস্তায় ব্যবসা করলেই জরিমানা করা হবে। ব্যবসা করতে হলে পরিবেশকে বাঁচিয়ে রেখে ব্যবসা করতে হবে।

মেয়র আতিক আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেরে ফেলতে চাই না এবং তাদের কাছে দায়ী থাকতে চাই না। ঢাকা শহরের পরিবেশ আজ হুমকির মুখে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জামিয়াতে বাচ্চা ছেলেমেয়েদের নৃশংসভাবে মেরেছে ওরা’ যাদবপুরে ছাত্র আন্দোলনের পাশে মমতা-দৈনিক আজকাল

Image Caption

‌বিস্তারিত খবরে লেখা হয়েছে, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের নৃশংসভাবে পিটিয়েছে ওরা।’ সিএএ–র প্রতিবাদে জেএমআইইউ এবং এএমইউ–তে রোববার ছাত্রবিক্ষোভে পুলিসি তাণ্ডবের তীব্র নিন্দা করে মঙ্গলবার যাদবপুর এইট–বি থেকে এ ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর প্রশ্ন এধরনের কাজ কীভাবে কোনও সরকার করতে পারে। ‌জেএমআইইউ এবং এএমইউ–র সমর্থনে সোমবার যাদবপুরের ছাত্রবিক্ষোভের পাশে দাঁড়িয়েছেন মমতা। মিছিল থেকে তিনি বলেন, গায়ের জোরে যা ইচ্ছে তাই করছে বিজেপি। আজ সিএএ–র বিরোধিতায় যাদবপুর এইট–বি থেকে যদুবাবুর বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটেন মমতা ব্যানার্জি।

জামিয়া কাণ্ডের শুনানি এখানে নয়, প্রয়োজনে হাইকোর্টে যান: সুপ্রিম কোর্ট-দৈনিক আন্দবাজার

ভারতের সুপ্রিম কোর্ট

জামিয়া কাণ্ডের শুনানি এখানে নয়, প্রয়োজনে হাইকোর্টে যান। জামিয়া কাণ্ডে আবেদনকারীদের মঙ্গলবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে এ দিন এই মামলার শুনানি ছিল। বেঞ্চ তখন বলে, “ছাত্রদের উপর পুলিশি অভিযানের বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্টে জানালেই ভাল হয়। নিশ্চিত যে, হাইকোর্টের প্রধান বিচারপতিরা এর যথাযথ উত্তর দেবেন।”  

জামিয়া মিলিয়া এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি অভিযান নিয়ে সোমবার শীর্ষ আদালতে আবেদন করেছিলেন আইনজীবী ইন্দিরা জয়সিং এবং কলিন গনসালভেস। প্রধান বিচারপতি এস এ বোবদে তখন জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে শোনা হবে মঙ্গলবার।

বিপুল সংখ্যক আসন মানেই জনমতের আধিক্য নয়’, মোদি-শাহর সমালোচনা প্রণবের-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জী

ভোটব্যাংক বিপুল সংখ্যায় ভরিয়ে কোনও একটি রাজনৈতিক দলকে স্থায়ী সরকার গঠনের সুযোগ করে দেন দেশবাসী। কিন্তু তার অর্থ এই নয় যে, সেটাই সংখ্যাগুরু জনতার মত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর স্মরণে গতকাল ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত এক বক্তৃতায় এই মন্তব্য করে পরোক্ষে মোদি সরকারকে বিঁধলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

তাঁর সতর্কবার্তা, ১৯৫২ সাল থেকেই বিভিন্ন দল বিপুল সংখ‌্যাগরিষ্ঠতা নিয়ে দেশের ক্ষমতায় এসেছে। কিন্তু কখনও কোনও দল ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসেনি। অর্থাৎ সংখ‌্যাগরিষ্ঠ মানুষ সর্বদাই নির্বাচিত সরকারের বিপক্ষেই থেকেছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭