ডিসেম্বর ১৯, ২০১৯ ১৩:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সারা দেশে হাড়কাঁপানো শীত -দৈনিক প্রথম আলো
  • দুই লাখ শীতার্তদের জন্য সরকারের বরাদ্দ ২৮,০০০ কম্বল -বাংলাদেশ প্রতিদিন
  • রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা: মন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে নোটিশ-দৈনিক যুগান্তর
  • রাজাকারের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চ্যালেঞ্জ-দৈনিক মানবজমিন
  • এলাকায় গেলে মানুষ গালি দেয়, গাড়ির গ্লাস নামাতে পারি না: অর্থমন্ত্রী-সড়ক সচিবকে হুমকি-দৈনিক ইত্তেফাক
  • প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী -দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • ফুঁসছে দেশ, নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যে রাজ্যে বিক্ষোভ-দৈনিক আনন্দবাজার
  • CAB এর প্রতিবাদে মহামিছিল নাগরিক সমাজের, পথে নামলেন অপর্ণা-কৌশিক-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সিএবি–র প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষোভ বামেদের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

রাজাকারের তালিকা প্রকাশ সম্পর্কিত খবর আজও টক অব দ্যা কান্ট্রি। যদিও গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রকাশিত রাজকারদের তালিকা স্থগিত ঘোষণা করেছেন এবং আর আগে দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করেছেন। তবে আজকের দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম এরকম যে, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা: মন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে নোটিশ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দেশ ও জাতির কাছে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরেও নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

‘রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচের তথ্য গুজব'-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী-দৈনিক ইত্তেফাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হওয়ার তথ্যকে গুজব বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, 'এটা অপপ্রচার। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। রাজাকারের তালিকা প্রকাশে এক পয়সাও খরচ হয়নি।'তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এর স্বপক্ষে প্রমাণ দিতে হবে। না দিতে পারলে ক্ষমা চাইতে হবে, নতুবা তিনি মানহানীর মামলা করবেন। আজ সকালে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে মুক্তিযুদ্ধমন্ত্রী এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিদেশগামীরা যাতে প্রতারণার শিকার না হন, সেজন্য প্রতারক রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকে বলতে চাই, শুধু অর্থ উপার্জনের দিকে দৃষ্টি দিয়ে অযথা কর্মীদের বিদেশে পাঠাবেন না।’শেখ হাসিনা বলেন, ‘অনেক সময় দেখা যায়, রিক্রুটিং এজেন্সিগুলোর এজেন্টরা গ্রাম-বাংলার মানুষকে বিদেশে সোনার হরিণ পাওয়ার স্বপ্ন দেখায়। ফলে সহজে প্রতারণার শিকার হয়ে তারা সবকিছু ছেড়ে বা বিক্রি করে বিদেশে চলে যায়।’তিনি বলেন, ‘যারা এটি করেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকায় গেলে মানুষ গালি দেয়, গাড়ির গ্লাস নামাতে পারি না: অর্থমন্ত্রী-সড়ক সচিবকে হুমকি-দৈনিক ইত্তেফাক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই সাথে সড়ক সচিবকে প্রজেক্ট বন্ধের হুমকিও দিয়েছেন।‘মহাসড়কের লাইফ টাইম চ্যলেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী বলেছেন, রাস্তার অবস্থা এতো খারাপ যে এলাকায় গেলে মানুষ গাল দেয়, গাড়ির গ্লাস নামাতে পারি না। প্রধানমন্ত্রী হাজার বার বলার পরেও সড়কের কাজ ঠিক হয় না। প্রতি বছর সড়কের জন্য ২৫/৩০ হাজার কোটি টাকা বাজেটে দিচ্ছি। এর পরেও সড়ক ভালো হয় না। এত রাস্তার প্রকল্প নেয়া হচ্ছে কেনো? তিনি সড়ক সচিবকে উদ্দেশ্য করে বলেন, ‘মনের আনন্দে প্রজেক্ট নিয়ে আসেন! সব বন্ধ করে দেবো।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু আগামীকাল-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার। এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ। আর দৈনিক যুগান্তরের একটি খবরের শিরোনাম এরকম যে, কে হবেন সাধারণ সম্পাদক, জবাবে যা বললেন কাদের। এ খবরে লেখা হয়েছে, ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি নেত্রী আর আল্লাহ জানেন।

দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, আসন্ন কাউন্সিল উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির চার নেতাকে আজ দাওয়াতপত্র পাঠিয়েছে আওয়ামী লীগ।

সারা দেশে হাড়কাঁপানো শীত-দৈনিক প্রথম আলোর শিরোনাম

শীতের দাপটে বিপর্যস্ত মানুষ

শীত কই, শীত কই? এমন একটা রব উঠেছিল। হুট করে লাঠি ভর করে শীতের বুড়ি হাজির। তার হিমেল পরশে সবাই জবুথবু। সারা দেশে জেঁকে বসেছে শীত। চারপাশে ঘন কুয়াশা। সুয্যি মামাও নিয়েছে ছুটি। দৈনিকটি আরও লিখেছে, হি হি শীতে কষ্ট আর কষ্ট। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে। রাতে কুয়াশা বৃষ্টি পড়ে। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। বিভিন্ন এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

সিএএ–র প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষোভ বামেদের, আটক কয়েকজন-দৈনিক আজকাল

সিএএ এবং এনআইসি–র বিরোধিতায় আজ দেশজুড়ে বিক্ষোভ–প্রতিবাদে নেমেছে বামপন্থীরা। দিল্লিতে ‘হম ভারত কে লোগ’ ব্যানার হাতে লাল কেল্লা থেকে শহিদ ভগৎ সিং পার্ক পর্যন্ত মিছিল করে বামেরা। কিন্তু লালকেল্লা লাগোয়া অঞ্চলে ১৪৪ ধারা জারি থাকায় মিছিলে বাধা দেয় পুলিস। বাধা পেয়ে পুলিসের সঙ্গে বচসা তারপর ধ্বস্তাধ্বস্তি বাঁধে। বেশ কয়েকজন বাম নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ফুঁসছে দেশ, নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যে রাজ্যে বিক্ষোভ- এটি দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম। আর দৈনিক সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে, CAB এর প্রতিবাদে মহামিছিল নাগরিক সমাজের, পথে নামলেন অপর্ণা-কৌশিক। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে দেশের বিভিন্ন অংশে। NRC ও CAB র প্রতিবাদে আগুন জ্বলেছে অসমে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভে শামিল হয়েছে সাধারণ মানুষ। বিক্ষোভের তপ্ত আঁচ ছডিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যেও। ইতিমধ্যেই আন্দোলনের পথ দেখিয়েছে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এর ফলে আন্দোলনকে তো থামানো যায়নি, উলটে বিক্ষোভ শুরু হয়েছে আরও তীব্রভাবে। কলকাতায় এইসব ঘটনার বিরুদ্ধে বৃহস্পতিবার পথে নেমে বিক্ষোভ দেখালেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ। মিছিলে হাঁটলেন অপর্ণা সেন, কৌশিক সেনসহ অভিনেতা-অভিনেত্রীরা।

কোনও হিন্দুরাষ্ট্র নেই তাই CAB জরুরি’, বললেন নীতীন গড়করি-দৈনিক সংবাদ প্রতিদিন

কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি

এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) সমর্থনে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। তাঁর যুক্তি, যেহেতু বিশ্বে কোনও হিন্দুরাষ্ট্র নেই, তাই নিপীড়িত হিন্দুদের আশ্রয় দিতে এই আইনটির প্রয়োজনীয়তা রয়েছে।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে গড়করি বলেন, “আগে নেপাল একমাত্র হিন্দুরাষ্ট্র ছিল। কিন্তু এখন গোটা বিশ্বে একটিও হিন্দুরাষ্ট্র নেই। বিশ্বে অনেক মুসলিম দেশ আছে। মুসলমানরা সেখানে নাগরিকত্বের দাবি জানাতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, হিন্দুরা বা শিখরা কোথায় যাবে? এই গোটা বিষয়টি নিয়ে মানুষকে বিপথে চালনা করছে বিরোধীরা।” মুসলমানদের প্রতি বিজেপির বিমাতৃসুলভ আচরণের অভিযোগ নিয়ে তিনি বলেন, “আমরা কখনওই এদেশীয় মুসলমানদের বিরুদ্ধে নই। কয়েকটি দল সংখ্যালঘুদের মধ্যে ভয় ছড়াচ্ছে। আমাদের সরকার বৈষম্যের বিরুদ্ধে কাজ করে এসেছে।”

যে কোনও মুহূর্তে বাঁধতে পারে যুদ্ধ! সেনাপ্রধান রাওয়াতের বার্তায় বাড়ছে উদ্বেগ-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত

কাশ্মীর সীমান্তে যে কোনও সময় পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘কাশ্মীর সীমান্তে উত্তাপ বাড়ছে। সংঘর্ষ, পাক সেনার কমান্ডোদের চোরাগোপ্তা আক্রমণ, অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় যে কোনও মুহূর্তে অবস্থার সাংঘাতিক অবনতি হতে পারে। তবে তার জবাব দিতে পুরোপুরি তৈরি রয়েছে ভারতীয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯