বার বার আঘাত করেও কেউ ধ্বংস করতে পারে নি আ.লীগকে: হাসিনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেছেন শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
- আ’লীগের সম্মেলনে ক্যাসিনো সম্রাটের মুক্তির পোস্টার!-দৈনিক যুগান্তর
- ভোজ্যতেলের দাম বাড়ছেই -দৈনিক প্রথম আলো
- শীতে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত-দৈনিক মানবজমিন
- ভুয়া ওয়ারেন্টের রাজনীতি ও মনস্তত্ত্ব-ড.জিয়া-দৈনিক সমকাল
- যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল তা সবই এখন অনুপস্থিত: আমির খসরু-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- পুলিশের হাত ফস্কে মিছিলে ভীম আর্মি প্রধান, দিল্লিতে আজও জনস্রোত-দৈনিক আনন্দবাজার
- উন্নাও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড কুলদীপের, দিতে হবে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও-দৈনিক সংবাদ প্রতিদি
- প্রতিবাদ চলবে তৃণমূলের, বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে এককাট্টা হতে ডাক মমতার-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেছেন শেখ হাসিনা
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরুর খবরটি আজকের সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে। এসম্পর্কে ইত্তেফাক, প্রথম আলোসহ প্রধান দৈনিকগুলোর শিরোনাম এরকম যে, আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেছেন শেখ হাসিনা। খবরটিতে লেখা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৩টায় তিনি সম্মেলনের উদ্বোধন করেন। প্রথম আলো লিখেছে, উৎসবের আমেজে সোহরাওয়ার্দী উদ্যান। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের কমিটিতে বড় পরিবর্তন হতে যাচ্ছে। তবে টানা নবমবারের মতো দলের সভাপতি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কেন্দ্রীয় নেতাদের চোখে ঘুম নেই, আছে উৎকণ্ঠা। উৎসবের সম্মেলন ঘিরে চাপা উত্তেজনায় শেষ মুহূর্ত পার করছেন তাঁরা। কারণ, নতুন কমিটিতে কে আসছেন, কে বাদ পড়ছেন—কোনো আভাস নেই কারও কাছে।
আ’লীগের সম্মেলনে ক্যাসিনো সম্রাটের মুক্তির পোস্টার!-দৈনিক যুগান্তর
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় ক্যাসিনো গডফাদার যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মুক্তি চেয়ে প্রচারণা চালানো হচ্ছে!
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলের চারপাশ ‘সম্রাট ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই’ পোস্টারে ছেয়ে গেছে! ঢাকার তৃণমূলের সর্বস্তরের যুবসমাজ ও ঢাকার সর্বস্তরের যুবসমাজ নাম দিয়ে পোস্টারগুলো লাগানো হয়েছে। শুক্রবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনস্থলের চারপাশ ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল তা সবই এখন অনুপস্থিত: আমির খসরু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
১৯৭১ সালে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল বর্তমানে তা কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে এখন সেই গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার সবই অনুপস্থিত।
ভোজ্যতেলের দাম বাড়ছেই-দৈনিক প্রথম আলো
বাজারে এখন এক লিটার খোলা সয়াবিন তেল ৮৬ থেকে ৯০ টাকা চাচ্ছেন খুচরা বিক্রেতারা, যা এক মাস আগের তুলনায় লিটারে ৬ টাকার মতো বেশি। অন্য দিকে পাম সুপার তেলের দাম লিটারে ১০ টাকা বেড়ে ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে।
নভেম্বর ও ডিসেম্বর মাসে বোতলজাত তেলের দাম লিটারে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানোর এই ঘটনা ঘটছে অনেকটা নীরবে। কারণ, কোম্পানিগুলো বোতলের মোড়কে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) পরিবর্তন করছে না। ফলে সরকারের হিসাবে মূল্যবৃদ্ধির হিসাব আসছে না।
বিশ্ববাজারে দামসহ নানা কারণে দেশে সয়াবিন তেলের দাম এত দিন বেশ কম ছিল। কিন্তু কোম্পানি বোতলের মোড়কে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যে কোনো পরিবর্তন করেনি। এতে একজন খুচরা বিক্রেতা লিটারে ৮ থেকে ১০ টাকা মুনাফার সুযোগ পেতেন। সেটাই কমিয়েছে কোম্পানিগুলো।
শীতে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত-দৈনিক মানবজমিন
হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মৃদু শৈত্য প্রবাহ আর হিমেল হাওয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। হঠাৎ জেঁকে বসা শীতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে দিন-মুজুর ও খেটে খাওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। শীতবস্ত্রের অভাবে শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
পুলিশের হাত ফস্কে মিছিলে ভীম আর্মি প্রধান, দিল্লিতে আজও জনস্রোত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে আজও প্রতিবাদে উত্তাল দিল্লি। দুপুর ২টো নাগাদ জামা মসজিদ থেকে দলিতদের সংগঠন ভীম আর্মির বিশাল মিছিল স্লোগান তুলে রওনা দিয়েছে যন্তরমন্তরের উদ্দেশে।
এ দিনের মিছিলের জন্য পুলিশের তরফে কোনও অনুমতি মেলেনি। তা সত্ত্বেও দুপুরে নামাজ পড়ার পর পুলিশি বাধার তোয়াক্কা না করেই জামা মসজিদ থেকে বিশাল জনস্রোত রওনা দেয়। মিছিলের সামনে ছিলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। তাঁর হাতে ভারতীয় সংবিধানের একটি প্রতিলিপিও ছিল। তিনি যাতে জামা মসজিদ পৌঁছতে না পারেন সে জন্য আগে থেকেই প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে জামা মসজিদের সমাবেশে ঢুকে পড়েন চন্দ্রশেখর।
উন্নাও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড কুলদীপের, দিতে হবে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও-দৈনিক সংবাদ প্রতিদিন
উন্নাও কাণ্ডে দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেনেগারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। শুক্রবার দিল্লির তিসহাজারি আদালতের বিশেষ সিবিআই এজলাসে বিচারক ধর্মেশ শর্মা তার সাজা ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে কুলদীপকে। ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের বাঙ্গেরমউয়ের চারবারের বিধায়ক কুলদীপ সেনেগারের বিরুদ্ধে।
প্রতিবাদ চলবে তৃণমূলের, বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে এককাট্টা হতে ডাক মমতার-দৈনিক আজকাল
রানী রাসমনির সভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বার্তায় বলেছিলেন, আগুন জ্বালাবেন না। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে আগুন জ্বলছে। আপনি ব্যবস্থা নিন, তা নেভানোর ব্যবস্থা নিন। কিন্তু তারপরও দেশের সার্বিক পরিস্থিতি একটুও পাল্টায়নি। তাই এবার তৃণমূল ভবনে দলের সবাইকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশের শান্তি প্রতিষ্ঠায় এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। মমতা বলেন, ‘তৃণমূল কংগ্রেস বন্ধ–অবরোধ সমর্থন করে না। জনজীবনে শান্তি বজায় রেখে তৃণমূল আন্দোলন করবে। তিনি ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০