আ.লীগ জাতীয় সম্মেলন: শেখ হাসিনা সভাপতি, সাধারণ সম্পাদক কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- শেখ হাসিনা সভাপতি, সাধারণ সম্পাদক থাকছেন কাদেরই-দৈনিক প্রথম আলো
- আওয়ামী লীগে আছি, থাকবো: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
- এই নির্লজ্জ সরকার ক্ষমতায় থাকে কি করে : রব-বাংলাদেশ প্রতিদিন
- দমতে চাই না, এ দায়িত্বে থাকলে রাজাকারের তালিকা প্রকাশ করব-দৈনিক ইত্তেফাক
- সিএনজি থেকে নামিয়ে দুই নারীকে ধর্ষণের অভিযোগ-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- অশান্ত যোগী-রাজ্যে কাল দল পাঠাচ্ছেন মমতা-দৈনিক আনন্দবাজার
- ‘ভারতের নাগরিকত্ব চাই না’, CAA নিয়ে সুর চড়ালেন পাকিস্তানি হিন্দুরা-দৈনিক সংবাদ প্রতিদিন
- অগ্নিগর্ভ যোগী–রাজ্যে বাড়ছে মৃত্যু, বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
শেখ হাসিনা ফের আওয়ামী লীগের সভাপতি-দৈনিক যুগান্তর
বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দিলেন দলটির কাউন্সিলররা। এ নিয়ে টানা নবম বারের মতো সভানেত্রী নির্বাচিত হলেন তিনি।
অন্যদিকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের শনিবার সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ সম্পর্কে দৈনিক মানবজমিনের খবর এরকম, নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দলের নেতাকর্মীদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি একথা বলেন।
দমতে চাই না, এ দায়িত্বে থাকলে রাজাকারের তালিকা প্রকাশ করব-দৈনিক ইত্তেফাক
প্রকাশের পর বিতর্কের কারণে স্থগিত হয়ে যাওয়া রাজাকারের তালিকা প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমি বল্লার গায়ে হাত দিয়েছি। গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ সমালোচনা করতেই পারেন। তবে আমি সাহস হারাইনি। অন্য যার যতটুকুই সম্পৃক্ততা থাকুক না কেন, মন্ত্রী হিসেবে ভুলত্রুটির সম্পূর্ণ দায়দায়িত্ব আমি এককভাবেই নিয়েছি। এর জন্য ইতিমধ্যে দুঃখ প্রকাশও করেছি। যাই হোক, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আমি দমতে চাই না, মনোবল ঠিক আছে। যদি এই দায়িত্বে থাকি, তাহলে রাজাকারের তালিকা ইনশাআল্লাহ প্রকাশ করে যাব।
এই নির্লজ্জ সরকার ক্ষমতায় থাকে কি করে : রব-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অস্ত্র হাতে নিয়েছিলাম জাতিকে শোষণ মুক্ত করার জন্য। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। স্বাধীনভাবে মিছিল-মিটিং করার অধিকারের জন্য। কিন্ত এই সরকার মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছে। এই নির্লজ্জ সরকার ক্ষমতায় থাকে কি করে?
তিনি শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস। এটা কি জনগণের সরকার। না এ সরকার ক্যাসিনো, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুটেরাদের সরকার। গ্রাম-পাড়া মহল্লায় যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতাকর্মীদের চাঁদা না দিলে গ্রামের থাকতে পারবেন না।
উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত-দৈনিক প্রথম আলো
কক্সবাজারের উখিয়া সীমান্তে আজ শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবি বলছে, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশ ঢোকার সময় উখিয়ার নববিলা সীমান্তে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটেছে। গত বছরের ৪ মে থেকে সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু হলে আজ পর্যন্ত বন্দুকযুদ্ধের ঘটনায় কক্সবাজার জেলায় তিনজন নারীসহ ১৯৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই নারীসহ ৫৪ জন রোহিঙ্গা নাগরিক আছেন।
এবারে ভারতের কয়েকটি খবর:
অগ্নিগর্ভ যোগী–রাজ্যে বাড়ছে মৃত্যু, বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা-দৈনিক আজকাল
শনিবারও বিক্ষোভের আগুনে জ্বলছে যোগী আদিত্যনাথের রাজ্য। এদিন সকাল থেকে রামপুরে ইদগাহ–র সামনে সিএএ–র প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিসের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় তাঁদের। পুলিসকে লক্ষ্য করে ইট–পাথর ছোড়া হয়। পুলিসের গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিস। মৃত্যু হয়েছে একজনের। জখম হয়েছেন আরও ৬ জন। এনিয়ে এপর্যন্ত মোট ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে সারা রাজ্যে। ফিরোজাবাদ, বিজনৌর, সম্ভল এবং কানপুরে দুজন করে এবং মেরঠে চারজন মারা গিয়েছেন।যদিও রাজ্য পুলিসের ডিজি ওপি সিং এদিন দাবি করেছেন, একজন বিক্ষোভকারীর মৃত্যুও পুলিসের গুলিতে হয়নি।
‘ভারতের নাগরিকত্ব চাই না’, CAA নিয়ে সুর চড়ালেন পাকিস্তানি হিন্দুরা-দৈনিক সংবাদ প্রতিদিন
এবার নগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে সুর চড়ালেন পাকিস্তানি হিন্দুরা। এই আইনটিতে মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যের অভিযোগ এনে সরব হয়েছেন তাঁরা। একই সঙ্গে নাগরিকত্বের প্রস্তাবও খারিজ করেছেন সে দেশের হিন্দুদের একাংশ। পাকিস্তানের হিন্দুরা সবসময় সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এর আগে ভারতের নগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরব হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আইনটির বিরোধীতায় পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি।
অশান্ত যোগী-রাজ্যে কাল দল পাঠাচ্ছেন মমতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
এক দিন আগেই বিক্ষোভ প্রশমনে যোগী আদিত্যনাথের গুলিচালনার নিদানের কড়া সমালোচনা করেছিলেন। এ বার সে রাজ্যে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে জনতা-পুলিশ সংঘর্ষে নিহতদের পরিজনের সঙ্গে দেখা করবে তৃণমূলের এক প্রতিনিধিদল। আগামিকাল, রবিরারই ওই প্রতিনিধিদল পৌঁছবে লখনউ। শনিবার তৃণমূলের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে গত কয়েক দিন ধরেই অশান্ত যোগী আদিত্যনাথের রাজ্য।
জামিয়ায় নতুন করে বিক্ষোভ, পুলিশের হেফাজতে চন্দ্রশেখর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
দিল্লি পুলিশের হাত ছাড়িয়ে মিশে গিয়েছিলেন জনতার ভিড়ে। কিন্তু, পুলিশের সঙ্গে লুকোচুরি খেলায় শেষ পর্যন্ত ছেদ টানতে হল ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে। শনিবার তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গ্রেফতার করা হয়েছে আরও পনেরো জনকে। ‘মিশন চন্দ্রশেখর’ সফল হলেও, দিল্লি পুলিশকে নতুন করে ভাবিয়ে তুলেছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জামিয়া মিলিয়ার পড়ুয়ারা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১