নতুন বছরে মন্ত্রিসভার পুনর্বিনাস হতে পারে: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-দৈনিক ইত্তেফাক
- ডাকসুর গেট বন্ধ করে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা, রক্তাক্ত ভিপি নুরসহ ৬ জন-দৈনিক যুগান্তর
- নতুন বছরে মন্ত্রিসভার পুনর্বিনাস হতে পারে: ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
- অতীতে দীর্ঘদিন রেল সেক্টর অবহেলিত ছিলো, বর্তমানে উচ্চ অগ্রাধিকার পেয়েছে- এম এ মান্নান-আমাদের অর্থনীতি
- ‘এয়ারপোর্টে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেয়ার দাবি’-দৈনিক মানবজমিন
- নৌবাহিনী বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ তৈরি করবে, আশা প্রধানমন্ত্রীর-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- বৈচিত্রের মধ্যে ঐক্যই এ দেশের বৈশিষ্ট, বললেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘রাজ্য না চাইলে কেন্দ্রের লোক দিয়ে NPR হবে’, ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের-দৈনিক সংবাদ প্রতিদি
- ১৪৪ ধারা জারি আছে, আসবেন না’, তৃণমূল প্রতিনিধি দলকে বার্তা উত্তর প্রদেশের ডিজির-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
ডাকসুর গেট বন্ধ করে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা, রক্তাক্ত ভিপি নুরসহ ৬ জন-দৈনিক যুগান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। রোববার বেলা পৌনে ১টার দিকে হামলার সময় এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েন। এতে নুরসহ বেশ কয়েকজন রক্তাক্ত হন।
আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার ঘোষণা করা হতে পারে: ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগের দ্বিতীয় দফার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। এ ছাড়া নতুন বছরে মন্ত্রিসভা পুনর্বিন্যাস হতে পারে। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি। এই বিষয়টিকে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে দেখছেন ওবায়দুল কাদের।
নৌবাহিনী বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ তৈরি করবে, আশা প্রধানমন্ত্রীর-দৈনিক সমকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে বাণিজ্যিকভাবে যুদ্ধজাহাজ নির্মাণ করতে পারবে এবং এভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে। রোববার চট্টগ্রামের নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন
ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-দৈনিক ইত্তেফাক
ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাবুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ গুলিতে আহত হয় ওই যুবক। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সকাল ১১টায় তার মৃত্যু হয়।বলে জানান হরিপুর উপজেলার ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম।
অতীতে দীর্ঘদিন রেল সেক্টর অবহেলিত ছিলো, বর্তমানে উচ্চ অগ্রাধিকার পেয়েছে- এম এ মান্নান-আমাদের অর্থনীতি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রেলপথকে অবহেলা করা ঠিক হয়নি। কিন্তু আমরা অতীতে যেতে পারবো না। বর্তমানে রেলকে অতীতের খারাপ অবস্থা থেকে তুলে আনতে চাচ্ছি। আমাদের সরকার রেলে গুরুত্ব দিয়ে এখন বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্যের মূল হচ্ছে ঢাকা চট্টগ্রাম রেললাইন। সেখানে খুব দ্রুততার সঙ্গে ডাবল লাইনের কাজ চলছে।
বিশ্বে মানব অঙ্গের অবৈধ বাণিজ্য ১৯০ কোটি ডলার-দৈনিক যুগান্তর
বিশ্বব্যাপী মানব অঙ্গ বেচাকেনার অবৈধ বাণিজ্য চলছে রমরমা। প্রতিনিয়ত এ ব্যবসার আকার বাড়ছে। প্রতি বছর বিশ্বে গড়ে প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন বা ১৯০ কোটি ডলারের মানব অঙ্গ-প্রত্যঙ্গ অবৈধভাবে বেচাকেনা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ১৫০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। মানব অঙ্গের সবচেয়ে বেশি বিক্রি হয় পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এগুলো হচ্ছে- কিডনি, লিভার, হার্ট, ফুসফুস এবং অগ্ন্যাশয়। এর মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা হয় কিডনি। কালোবাজারে এটির দামও পড়ে অনেক কম। কারণ এ অঙ্গ সমাজের দরিদ্র মানুষই বিক্রি করে থাকে। জিএফআইর প্রতিবেদনে বলা হয়েছে, কিডনি বিক্রির বিনিময়ে বাংলাদেশের একজন ক্রেতা গড়ে পেয়ে থাকেন ২ হাজার থেকে ৩ হাজার ডলার, ভারতের একজন বিক্রেতা পান ১ হাজার থেকে ৫ হাজার ডলার
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘মেরে ফেল সবক’টাকে,’ শুনেই ট্রিগারে চাপ, যোগী-রাজ্যে পুলিশের গুলি চালানোর ভিডিয়ো প্রকাশ্যে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
মোটরবাইকের আগুন থিতিয়ে এসেছে খানিকটা। তবে দাউ দাউ করে জ্বলছে দু’টি গাড়ি। উল্টো দিক থেকে তখনও ইটের টুকরো এসে পড়ছে রাস্তায়। সেফটি জ্যাকেট ও হেলমেট পড়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ। বিক্ষোভকারীদের হঠাতে ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। তার মধ্যেই বন্দুকের ‘সেফটি ক্যাচ’ খুলে সামনের দিকে ছুটে গেলেন এক অফিসার। পিছন থাকা পুলিশদের মধ্যে থেকে তখন উড়ে আসছে, ‘‘মেরে ফেল সবক’টাকে।’’ সে কথা কানে যেতেই ট্রিগারে চাপ দিলেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিক্ষোভে মধ্যে এক দিকে গুলি চালানোর কথা যখন উড়িয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ, ঠিক সেইসময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় তাদের এমনই রণংদেহি মূর্তি ধরা পড়ল। শনিবার কানপুরে বিক্ষোভ চলাকালীন ওই ভিডিয়োটি তোলা হয় বলে জানা গিয়েছে।
বৈচিত্রের মধ্যে ঐক্যই এ দেশের বৈশিষ্ট, বললেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ-হিংসায় উত্তপ্ত দরিয়াগঞ্জের থেকে মাত্র এক কিলোমিটার দূরে রামলীলা ময়দান। রবিরার দুপুরে সেখান থেকেই দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়েছে মোদী সরকার। বিক্ষোভ-মিছিল ঘিরে হিংসায় উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশ থেকে দিল্লি দরিয়াগঞ্জ। উত্তরপ্রদেশে হিংসার জেরে নিহত হয়েছেন ১৬ জন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী জনসভা হলেও একে ঘিরে মোদী সরকারের পক্ষে জনশক্তির প্রদর্শন করাই বিজেপি শিবিরের লক্ষ্য। সিএএ পাশের পর থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,বৈচিত্রের মধ্যে ঐক্যই এ দেশের বৈশিষ্ট।
‘রাজ্য না চাইলে কেন্দ্রের লোক দিয়ে NPR হবে’, ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের-দৈনিক সংবাদ প্রতিদিন
এনআরসির (NRC) প্রাথমিক পদক্ষেপ অর্থাৎ এনপিআর (NPR) নিয়ে ফের সংঘাতের পথে কেন্দ্র ও রাজ্য! ইতিমধ্যেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (National Population Register) অর্থাৎ এনপিআরের কাজ বন্ধ হয়েছে। বাংলার দেখাদেখি কেরলেও বন্ধ রাখা হয়েছে এনপিআরের কাজ। কেন্দ্রকে একপ্রকার চ্যালেঞ্জ করেই এনপিআরের কাজ বন্ধ রেখেছে রাজ্য সরকার। কিন্তু, কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, এনপিআর নিয়ে রাজ্যের আপত্তি গ্রাহ্য করা হবে না। প্রয়োজনে আলাদা করে লোক নিয়ে করা হবে জনসংখ্যার নিবন্ধন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২