ডিসেম্বর ২৪, ২০১৯ ১২:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আমারও প্রশ্ন, নুরু কেন বারবার মার খাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে, উদ্বিগ্ন ৭৮ শতাংশ তরুণ-দৈনিক প্রথম আলো
  • নুরদের উপর হামলার ঘটনায় মামলা-দৈনিক মানবজমিন
  • শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর-বাংলাদেশ প্রতিদিন
  • ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার না করার আহ্বান বিএনপির-দৈনিক ইত্তেফাক
  • নিজেদের মধ্যে সমস্যা থাকলে মাদক নির্মূল চ্যালেঞ্জিং হবে: র‌্যাব মহাপরিচালক-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • ধর্মের নামে বিভাজনের রাজনীতি বিজেপির, বললেন মমতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার DNA পচে গিয়েছে’, ফের ঘেরাও হয়ে বিস্ফোরক রাজ্যপাল-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘আমাদের গুলিতেই মৃত্যু হয় আইএএস পরীক্ষার্থীর’, মানল উত্তর প্রদেশ পুলিস-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার কথাও ভাবছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আমারও প্রশ্ন, নুরু কেন বারবার মার খাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমারও প্রশ্ন– তার (ভিপি নুর) ওপর কেন বারবার হামলা হচ্ছে? তবে এটি খতিয়ে দেখব।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। নুরকে ভোট দিয়ে নেতা বানিয়েছে শিক্ষার্থীরা। আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে।ডাকসু ভিপি এ পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন, শুরু থেকে ব্যবস্থা নেয়া হলে হামলার পুনরাবৃত্তি নাও হতে পারত– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ বার না দুবার সেটি আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো– তার ওপরে হামলা হবে কেন?

নুরদের উপর হামলার ঘটনায় মামলা-দৈনিক মানবজমিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।মামলায় ৮ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী শাহবাগ থানার উপ-পরিদর্শক রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার না করার আহ্বান বিএনপির-দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা দুই সিটি নির্বাচনে ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি এটা ব্যবহার না করার আহবান জানিয়েছে। গতরাতে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনীতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা অত্যন্ত আপত্তিজনক। আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। ইভিএমে নির্বাচনের ফলাফল পাল্টানো এবং কারচুপির যথেষ্ট সুযোগ রয়েছে। এই নির্বাচনেও ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি।

পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে, উদ্বিগ্ন ৭৮ শতাংশ তরুণ-দৈনিক প্রথম আলো

মা-বাবা ও পরিবারের সঙ্গে তরুণদের দূরত্ব বাড়ছে। দুর্বল হচ্ছে পারিবারিক বন্ধন। তরুণদের একটা বড় সময় কাটছে সামাজিক মাধ্যমে বা ইন্টারনেটে। বর্তমান সময়ের তরুণেরা নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের সঙ্গে দূরত্ব কমানোর দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, দূরত্ব বৃদ্ধির কারণে বঞ্চনা, মাদকে আসক্তি, অবসাদগ্রস্ততা, যৌথ পরিবার ভেঙে যাচ্ছে।প্র থম আলোর উদ্যোগে পরিচালিত তারুণ্য জরিপ-২০১৯-এ তরুণেরা পরিবারের সঙ্গে দূরত্ব বৃদ্ধি নিয়ে তাঁদের এই মতামত দিয়েছেন। ১ হাজার ২০০ তরুণের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়েছে। তাঁদের বয়স ১৫ থেকে ২৯ বছর।

সমাজতত্ত্ব ও মনস্তত্ত্ব নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা অনেক দিন ধরেই পারিবারিক বন্ধন ও মূল্যবোধকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন। এখন দেখা যাচ্ছে, তরুণেরাও একই বিষয় নিয়ে চিন্তিত। তাঁরা মনে করছেন, মা–বাবার সঙ্গে সন্তানের মানসিক যোগাযোগ ক্রমেই কমে যাচ্ছে।

নিজেদের মধ্যে সমস্যা থাকলে মাদক নির্মূল চ্যালেঞ্জিং হবে: র‌্যাব মহাপরিচালক-দৈনিক সমকাল

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাদকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা থাকলে মাদক নির্মূল চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাদকের সঙ্গে যেন কোনো রকম সংশ্লিষ্টতা না থাকে। বাহিনীর মধ্যে যেন কেউ মাদক সেবন না করে কিংবা মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকে।

মঙ্গলবার ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে ১০ কিলোমিটারব্যাপী ম্যারাথনের আয়োজন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।দেশের উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে মাদক, জঙ্গিবাদ, ও দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে হবে বলে জানান তিনি। 

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে বার বার জিরো টলারেন্সের কথা বলেছেন। মাদক নির্মূল করতে সব শ্রেণির মানুষকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। 

এবারে ভারতের কয়েকটি খবর:

ধর্মের নামে বিভাজনের রাজনীতি বিজেপির, বললেন মমতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে ফের পথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ দুপুরে বিধান সরণি থেকে করবেন বেলেঘাটা পর্যন্ত। মিছিল শুরু হওয়ার আগে আজ বিধান সরণিতে এক জনসমাবেশে বিজেপির বিরুদ্ধে কড়াভাষায় বলেন, বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি হবে না। এখানে নাগরিকত্ব আইন বলবৎ করা হবে না। বিজেপি ধর্ম নিয়ে খেলছে, ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন। মমতা বলেন, বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ও কর্নাটকে আগুন জ্বলছে। ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে জবাব দিয়েছে। দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন চলছে। বিজেপির ফাঁদে কাউকে পা না দেয়ার আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের এ আন্দোলন ভারতের অধিকার রক্ষার আন্দোলন। মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সারা দেশে এনআরসি হবে। আর প্রধানমন্ত্রীর কথা উল্টো। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী দু’জনেই মিথ্যে কথা বলছেন।

‘আমাদের গুলিতেই মৃত্যু হয় আইএএস পরীক্ষার্থীর’, মানল উত্তর প্রদেশ পুলিশ-দৈনিক আজকাল

মিথ্যা প্রমাণিত হল রাজ্য পুলিসের ডিজির ‘একটাও গুলি ছুড়িনি’ দাবি। অবশেষে মঙ্গলবার উত্তর প্রদেশের বিজনৌর জেলার পুলিস সুপার সঞ্জীব ত্যাগী স্বীকার করে নিলেন, গত সপ্তাহে সিএএ–এনআরসি–র প্রতিবাদে হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছিলেন পুলিসকর্মীরা। আর সেই গুলিতেই যে ২০ বছরের আইএএস পরীক্ষার্থী সুলেমান মালিকের মৃত্যু হয়েছে সেকথাও এদিন স্বীকার করে নিয়েছেন ত্যাগী। তবে আরেক বিক্ষোভকারী আনিস ভিড়ে থেকে চলা গুলিতেই মারা গিয়েছেন বলে দাবিতে অনড় থেকেছেন তিনি।একইসঙ্গে তাঁর কনস্টেবলরা আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিল বলেও সাফাই গেয়েছেন বিজনৌরের এসপি।

‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার DNA পচে গিয়েছে’, ফের ঘেরাও হয়ে বিস্ফোরক রাজ্যপাল-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়

আশঙ্কা ছিলই। তা সত্যি করে আজ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকড়।ঠিক সকাল সাড়ে ১০টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে তাঁর গাড়ি ভিতরে প্রবেশ করতেই ঘিরে ধরেন তৃণমূলের কর্মী সংগঠনের সদস্যরা। তারপর তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিষয়টিকে কেন্দ্র করে নিমিষে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪