মাহবুব তালুকদারের পদত্যাগ করে এসব বলা উচিত ছিল: তথ্যমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’-দৈনিক ইত্তেফাক
- মনোনয়নপত্র নিতে এসে অঝোরে কাঁদলেন মেয়র খোকন-দৈনিক যুগান্তর
- মাহবুব তালুকদারের পদত্যাগ করে এসব বলা উচিত ছিল: তথ্যমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- মনোনয়ন কিনলেন তাপস উদ্বিগ্ন নন খোকন-দৈনিক মানবজমিন
- গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের-দৈনিক সমকাল
- নুরকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাবি ভিসিকে নোটিশ-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ঢাকার মান ভাঙাতে মাঠে নামছে দিল্লি-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- জেজেপিতে বড়সড় ভাঙন, এবার সংকটে হরিয়ানার বিজেপি সরকার!-দৈনিক সংবাদ প্রতিদি
- ভয় দেখিয়ে আন্দোলন বন্ধের চেষ্টা মানুষ মেনে নেবে না।’-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’-প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারের জন্য বিমান বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার যশোরের বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৯ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শূন্যের কোঠা থেকে শুরু করে বন্ধু দেশগুলোর কাছ থেকে সাহায্য নিয়ে উন্নত বিমান বাহিনী গড়ে তোলান বঙ্গবন্ধু শেখ মুজিব। তার অক্লান্ত চেষ্টায় স্বাধীনতার পর পরই বিমান বাহিনীতে সংযুক্ত হয় সে সময়কার অত্যাধুনিক মিগ-২১ সুপারসনিক ফাইটার জেট, হেলিকপ্টার ও পরিবহন বিমান। তিনি আরও বলেন, এখনকার বিমান বাহিনী এক দশক আগের বিমান বাহিনীর থেকে অবকাঠামোগতভাবে, প্রযুক্তিগত ও কৌশলের দিক থেকে অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকষ। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন, প্রার্থী এবং নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে নানা খবর পরিবেশিত হয়েছে আজকের প্রায় সব জাতীয় দৈনিকে।
দৈনিক প্রথম আলোর শিরোনাম এরকম যে, মাহবুব তালুকদারের পদত্যাগ করে এসব বলা উচিত ছিল: তথ্যমন্ত্রী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে কমিশনার মাহবুব তালুকদার যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেছেন, মাহবুব তালুকদার যেসব কথা বলেছেন, তা তাঁর পদত্যাগ করে বলা উচিত ছিল। পদে থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা। আজ সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গতকাল বুধবার বলেন, খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি ঢাকার দুই সিটি নির্বাচনে তিনি দেখতে চান না। তাঁর অভিজ্ঞতা হচ্ছে নির্বাচন কমিশন আইনগতভাবে স্বাধীন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচনপ্রক্রিয়ার কাছে বন্দী। এ জন্য নির্বাচনপ্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়েছিল। সংস্কার চলমান প্রক্রিয়া। যুগের চাহিদা অনুযায়ী এটা হতেই পারে। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মাহবুব তালুকদারের বক্তব্য নির্বাচন কমিশনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করবে না।
এদিকে মনোনয়ন নিয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম- মনোনয়নপত্র নিতে এসে অঝোরে কাঁদলেন মেয়র খোকন
খবরটিতে লেখা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে অঝোরে কাঁদলেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের সামনে দোয়া প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন তিনি।
মেয়র খোকন বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে একটা কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময়ে ঢাকাবাসীকে আমি আহ্বান জানাই, আমার জন্য একটু দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া করবেন।’জীবনের কঠিন সময় পার করছেন জানিয়ে দক্ষিণের এই মেয়র বলেন, ‘এই সাড়ে চার বছর ঢাকা শহরে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। ঢাকাবাসী সুখে-দুঃখে, ঢাকাবাসীর আপদে-বিপদে পাশে ছিলাম।’
ভবিষ্যতেও নগরবাসীর পাশে থাকবেন জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহকে হাজির-নাজির করে বলি, আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি। এই শহরের মানুষের জন্য, এই কঠিন সময়ে ঢাকাবাসী, দেশবাসী যদি আমার পাশে দাঁড়ান, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব।’
তবে দৈনিক মানবজমিনের খবরে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন দুই সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস দলীয় সংকেত পেয়েই মনোনয়পত্র সংগ্রহ করেছেন বলে মনে করছেন অনেকে। এক্ষেত্রে বর্তমান মেয়র সাঈদ খোকন এবার মনোনয়ন বঞ্চিত হতে পারেন কেউ কেউ বলছেন। তবে শেষ পর্যন্ত দল কাকে বেছে নেবে এটি জানা যাবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর।
এদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে সরকার ও সরকারি দল। দুই সিটি করপোরেশনে জনগণের ভোট পেয়ে বিজয়ী হতে পারে এমন প্রার্থীকেই দল থেকে মনোনয়ন দেবে।’’
রবিশ কুমারের বর্ধিত দায়িত্ব পালন করেছেন কাদের: ফখরুল-দৈনিক প্রথম আলো
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি।
বিএনপি বলছে, তাদের ঘাড়ে দোষ চাপিয়ে ওবায়দুল কাদের প্রতিহিংসার রাজনীতি করছেন। ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘ভারত তোষণনীতি’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য কোনোভাবেই সমর্থযোগ্য নয়। তিনি মূলত ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রবিশ কুমারের বর্ধিত দায়িত্ব পালন করেছেন। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
উচ্চশিক্ষায় বছরজুড়ে অস্থিরতা-দৈনিক প্রথম আলো
বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা-চলতি বছর অনিয়ম–দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এতে লেখাপড়ায় বিঘ্ন ঘটে। ছাত্রলীগের একদল নেতা-কর্মী গত ৬ অক্টোবর আবরার ফাহাদ নামের এক ছাত্রকে পিটিয়ে হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই মাস বন্ধ ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পরে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলে বুয়েটে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার মধ্য দিয়ে বিভিন্ন স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংসহ বিভিন্ন কারণে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের চিত্র সামনে আসে। উপাচার্যের মধ্যস্থতায় উন্নয়নকাজের টাকার ভাগ ছাত্রলীগ নেতাদের দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত আগস্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে। এ কারণে গত ৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টি বন্ধ ছিল।
অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করে রাতের আঁধারে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। এখন দুদক তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। কিন্তু প্রায় তিন মাস হতে চললেও ওই বিশ্ববিদ্যালয়ে এখনো নিয়মিত উপাচার্য নিয়োগ দিতে পারেনি সরকার। একজন ডিন উপাচার্যের রুটিন কাজ করে যাচ্ছেন।
এক চাকরিপ্রার্থীর কাছ থেকে উপাচার্যের টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত অক্টোবরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক চাকরিপ্রার্থীর স্ত্রীর মুঠোফোনে সহ–উপাচার্য টাকা লেনদেনের কথা বলেন, যার অডিও রেকর্ড ফাঁস হলে আন্দোলন শুরু হয়। একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি বক্তব্য নিয়েও আন্দোলন হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষ না থাকায় প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। পরে নতুন উপাচার্য এসে ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করেন। সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছুটির নামে সাবেক উপাচার্য এস এম ইমামুল হক বিদায় নিতে বাধ্য হন।
গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের-দৈনিক সমকাল
গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কের রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত একই গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
নুরকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাবি ভিসিকে নোটিশ-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের জীবনের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ নোটিশ পাঠিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন তিনি। নোটিশে তিনি বলেন, ডাকসু ভিপির উপর হামলার ঘটনায় প্রত্যেকই উদ্বিগ্ন। এখন অবিলম্বে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। সবার জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভয় দেখিয়ে আন্দোলন বন্ধের চেষ্টা মানুষ মেনে নেবে না।’-মমতা-দৈনিক আজকাল
ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভয় পাচ্ছে বিজেপি। দিল্লিতে সেই ভয়ে হস্টেল বন্ধ করে দিচ্ছে। বৃহস্পতিবার রাজাবাজার থেকে সিএএ–এনআরসি বিরোধী প্রতিবাদ মিছিলের শুরুতে এমনটাই বললেন মমতা ব্যানার্জি। ছাত্রবিক্ষোভকে সমর্থন করে এদিন তিনি বলেছেন, ‘বিজেপি আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আন্দোলন করলে পড়ুয়াদের বাধা দেওয়া হচ্ছে। আন্দোলনের ভয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে হস্টেল। ভয় দেখিয়ে আন্দোলন বন্ধের চেষ্টা মানুষ মেনে নেবে না।’ কর্নাটকে সিএএ বিরোধী আন্দোলনে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবে আইএনটিটিইউসি–র সদস্যরা। সেকথা এদিন রাজাবাজারে ঘোষণা করেন মমতা। একইসঙ্গে উত্তর প্রদেশে বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের নোটিস এবং গ্রেপ্তারির ঘটনায় যোগী সরকারের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে পরোক্ষে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘গায়ের জোর দেখাবেন না।
ঢাকার মান ভাঙাতে মাঠে নামছে দিল্লি-দৈনিক আনন্দবাজার পত্রিকা
নয়া নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে ভারত-বাংলাদেশের চলতি টানাপড়েনের আবহেই মার্চে ঢাকা সফরের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০২০-র ১৭ মার্চ থেকে শুরু হয়ে এক বছর বাংলাদেশে চলবে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান। মূল অনুষ্ঠান ঠিক কোন সময়ে রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। মার্চ মাসেই তা হওয়ার সম্ভাবনা।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক অতীতে যে মন কষাকষি চলছিল তাতে ঘৃতাহুতি হয়েছে নয়া নাগরিকত্ব আইন পাশ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে এক বন্ধনীতে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার বার উল্লেখ, ফের ভারত থেকে শরণার্থী যাওয়ার আশঙ্কা, শেখ হাসিনার সাম্প্রতিক কলকাতা সফরে কেন্দ্রের কোনও প্রতিনিধির না থাকা— সব মিলিয়ে বাংলাদেশে ভারত-বিরোধিতা তীব্র হয়েছে। তার জেরে সম্প্রতি দু’জন বাংলাদেশের মন্ত্রী এবং একটি সরকারি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছে ঢাকা।
এই অবস্থায় প্রতিবেশীদের মধ্যে একমাত্র ভরসাযোগ্য রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্কের চলতি গ্রহণ-দশা কাটাতে, বাড়তি পদক্ষেপ করতে চাইছে সাউথ ব্লক। প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর অবশ্যই সেই উদ্যোগের প্রধান বিষয়। হর্ষবর্ধন শ্রিংলাকে পরবর্তী বিদেশ সচিবের দায়িত্বে এনেও বাংলাদেশ-সহ প্রতিবেশী দেশগুলিকে বার্তা দিতে চাইছে মোদী সরকার।
অগ্নিসংযোগ, হিংসায় নেতৃত্ব দিলে নেতা হওয়া যায় না, বললেন সেনাপ্রধান-দৈনিক আনন্দবাজার
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে দেশজুড়ে যাঁরা হিংসা ও অগ্নিসংযোগের ঘটনাগুলিতে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের কড়া সমালোচনা করলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়ত। বললেন, ‘‘যাঁরা হিংসা ও অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্ব দেন, তাঁরা আদৌ নেতা নন।’’ নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজোড়া হিংসার ঘটনার এই প্রথম সমালোচনা করেন সেনাপ্রধান। বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল রাওয়ত বলেন, ‘‘নেতৃত্ব মানেই সব কিছুকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই নেতৃত্ব বিষয়টা কিছুটা জটিলও। সব কিছুকেই কি নেতৃত্ব দেওয়া উচিত? নাকি সেটা সঠিক? নেতৃত্ব দেওয়ার কাজটা বেশ কঠিন। কারণ, কেউ নেতৃত্ব দিলে তাঁকে অনুসরণ করেন অনেকে। নেতৃত্ব দেওয়াটাকে খুব সহজ বলে মনে হয়। কিন্তু আদৌ নয়। কাজটা বেশ কঠিন।’’ রাওয়তের মতে, মানুষের মধ্যে নেতার অভাব হয় না। কিন্তু সকলেই সেই অর্থে নেতা হয়ে ওঠেন না। কারণ, যাঁরা অনুসরণ করছেন, তাঁদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় নেতাকে। সেটাই সঠিক নেতৃত্ব। মানুষকে ভুল দিক নিয়ে গেলে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়া যায় না। নাগরিকত্ব আইনের প্রতিবাদে যে ভাবে শামিল হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারও সমালোচনা করেছেন জেনারেল রাওয়ত। বলেছেন, ‘‘আমরা দেখছি, প্রচুর মানুষকে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেই নেতৃত্বে কিছু ভুল থেকে যাচ্ছে। এটাকে নেতৃত্ব দেওয়া বলে না।’’
জেজেপিতে বড়সড় ভাঙন, এবার সংকটে হরিয়ানার বিজেপি সরকার!-দৈনিক সংবাদ প্রতিদিন
মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর এবার হরিয়ানা! বিজেপি নেতৃত্বের মাথাব্যাথা বাড়াচ্ছে দুষ্মন্ত চৌটালার দল জেজেপির ভাঙন। বুধবার শীর্ষ নেতাদের উপর অসন্তোষ প্রকাশ করে দল ছেড়েছেন জননায়ক জনতা পার্টির (Jannayak Janata Party) বর্ষীয়ান নেতা তথা বিধায়ক রাম কুমার গৌতম (Ram Kumar Gautam)। তাঁর অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্ব কারও কথা শুনছে না। বিধায়কদের উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। গৌতমের দাবি, জননায়ক জনতা পার্টির সব বিধায়কই অসন্তুষ্ট। একে একে তাঁদের অনেকেই দল ছাড়বেন। হরিয়ানায় আপাতত জেজেপির সমর্থনে সরকারে আছে বিজেপি। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের (Manohar Lal Khattar) গদিতে টিকে থাকা নির্ভর করছে জেজেপির উপর। সেই জেজেপিতেই কিনা ভাঙন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬