ডিসেম্বর ২৮, ২০১৯ ১২:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন-দৈনিক ইত্তেফাক
  • ২ মেয়েসহ নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী-ছেলের অবস্থা সংকটাপন্ন-দৈনিক যুগান্তর
  • বায়ুদূষণে বিষণ্নতা-রাগ-ক্ষোভ বাড়ছে-দৈনিক প্রথম আলো
  • আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর চ্যালেঞ্জ-দৈনিক মানবজমিন
  • জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন, চেয়ারম্যান জিএম কাদের-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • ‘নোটবন্দির দ্বিগুণ ক্ষতিকারক হবে এনপিআর, এনআরসি’, তোপ রাহুলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ডিটেনশন ক্যাম্প তৈরির টাকা দিয়েছে মোদি সরকারই, দাবি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে একজন বিক্ষোভকারী মরেছে, বাকিদের মৃত্যু হয়েছে তাঁদেরই আনা বেআইনি অস্ত্রে’ -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. আগামী মাসে ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজগুলোর মধ্যে অন্যতম হবে ভারত-বাংলাদেশের সেই সম্পর্ককে পুনঃনির্মাণ করা। হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এমন খবর দিয়েছে মানবজমিন পত্রিকা। সম্পর্ক পুনঃনির্মাণ কী সম্ভব হবে বলে মনে করেন আপনি?

২.  ভারত  মহাসাগর এবং ওমান সাগরে ইরান, চীন ও রাশিয়া যৌথ নৌ মহড়া চালাচ্ছে। এই মহড়ার আন্তর্জাতিক গুরুত্ব কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন-দৈনিক ইত্তেফাক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন। সকাল ১০টা ২০মিনিটে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এর আগে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি উড়োজাহাজ ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেন তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে সবার প্রত্যাশার একটি সুন্দর ও অত্যাধুনিক বিমানবন্দর। আগামী ৪৮ মাসের মধ্যে এ টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন হবে।'

২ মেয়েসহ নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী-ছেলের অবস্থা সংকটাপন্ন-দৈনিক যুগান্তর/প্রথম আলো

নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু

আনন্দভ্রমণ শেষে সপরিবারে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশুকন্যাসহ নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু। গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন মা ও ছোট ছেলে। তাদের অবস্থাও আশংকাজনক। একটি সড়ক দুর্ঘটনা বেড়ানোর আনন্দকে বিষাদে ভরিয়ে দিল। গোটা পরিবারকে করে ফেলল তছনছ।আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া দুর্ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর চ্যালেঞ্জ-দৈনিক মানবজমিন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনা জমের দুয়ার বাইন্ধা আসে নাই। এই দেশে কেউ চিরস্থায়ী না। শেখ হাসিনাও চিরস্থায়ী না। এই কথাটা কেন যে আওয়ামী লীগের লোকেরা ভাবতেছে না, আমি সেটাই বুঝি না। আমি এখান থেকে তাদের চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোন নির্বাচনে চুরি না করে নৌকা যদি পাশ করে তাহলে আমি সমুদ্রে গিয়া ডুব দেব। আজ শনিবার রাজধানীর মহানগর নাট্য মঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে কোন ভোট হয় নাই দাবি করে কাদের সিদ্দিকী বলেন, আমি বলি গত ৩০শে ডিসেম্বর এই দেশে কোন ভোট হয় নাই। দেশের মানুষ তাদের ভোট দিতে পারে নাই। সাড়ে তিনশ সদস্যের এই অবৈধ সংসদ।

রাজনৈতিক সঙ্কট উত্তরণে জনগণের আন্দোলনের বিকল্প নেই: ফখরুল-দৈনিক মানবজমিন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বর্তমান সময়ে দেশে রাজনৈতিক সঙ্কট চলছে উল্লেখ করে এই সংকট থেকে উত্তরণের জন্য জনগণের আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জাসদ সৃষ্টি হয়েছিল স্বাধীনতার মূল চেতনাকে গড়ে তোলার জন্য। সেই লড়াইয়ে জাসদ এখনও চালিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের ঠিক একই কথা স্বাধীনতার ৪৮ বছর পর এসেও বলতে হচ্ছে যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে চাই। বর্তমানে দেশে যে রাজনৈতিক গভীর সংকট চলছে সেই সংকট সমাধানের জন্য জনগণের অভ্যুত্থান বা জনগণের আন্দোলনের কোন বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এখন খালেদা জিয়া আইনগত জামিন পাওয়ার যোগ্য কিন্তু তাকে জামিন দেয়া হচ্ছে না। আজকে যারা জোর করে ক্ষমতায় বসেছে তারা জানে বেগম খালেদা জিয়া বাইরে থাকলে তাদের যে রাজনৈতিক নীলনকশা সেটা তারা পরিপূর্ণ করতে পারবেন না।

জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন, চেয়ারম্যান জিএম কাদের-দৈনিক সমকাল

Image Caption

জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটিতে রওশন এরশাদ প্রধান পৃষ্ঠপোষক ও জিএম কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাপার নবম কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করেন। এ সময় উপস্থিত কাউন্সিলররা কণ্ঠভোটে তা পাস করেন। এরপর জাতীয় পার্টির মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গাঁকে নির্বাচন করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। জোর চেষ্টা চালালেও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হতে পারেননি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার দলের কাউন্সিলেও যোগ দেননি তিনি। তার অনুপস্থিতিতেই প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদেরকেই চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। আর দেবর-ভাবির বিরোধ সামাল দিয়ে এরশাদপত্নী রওশনকে সন্তুষ্ট করতে তার জন্য 'প্রধান পৃষ্ঠপোষক' পদ সৃষ্টি করা হয়েছে। আমৃত্যু তিনি এ পদে থাকবেন।

বায়ুদূষণে বিষণ্নতা-রাগ-ক্ষোভ বাড়ছে-দৈনিক প্রথম আলো

বায়ু দূষণ

বায়ুদূষণের কারণে মানুষের শরীরে নানা রোগবালাই যেমন বাসা বাঁধছে, তেমনি মনেও রোগশোকের জন্ম দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে মানুষের বিষণ্নতা। বাড়ছে রাগ-ক্ষোভ ও মেজাজ বিগড়ে যাওয়ার মতো সমস্যা। সব মিলিয়ে বায়ুদূষণের কারণে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে বলে জানালেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের কিংস কলেজ ও ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের পাঁচ বিজ্ঞানীর করা গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে আসে, তাদের মধ্যে ১০ শতাংশ বেশি মানুষ বিষণ্নতায় ভোগে। আর এসব মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। আমাদের দেশেও বিভিন্ন স্বাস্থ্য জরিপ ও গবেষণায় প্রায় একই ধরনের তথ্য পাওয়ার কথা জানালেন গবেষকেরা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ডিটেনশন ক্যাম্প তৈরির টাকা দিয়েছে মোদি সরকারই, দাবি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

“মোদী মিথ্যুক।২০১৮ সালে তাঁর সরকারই গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্পের জন্য ৪৬ কোটি টাকা অনুদান দিয়েছিল। আবার তিনিই বলছেন, দেশে কোনও ডিটেনশন সেন্টার নেই।” বক্তা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা তরুণ গগৈ।দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই বলে সম্প্রতি দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর শুক্রবার তা নিয়ে প্রশ্ন তুললেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ (Tarun Gogoi)। তিনি বলেন, মোদি ক্ষমতায় আসার পর, ৩ হাজার মানুষের থাকার মতো দেশের সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য ৪৬ কোটি টাকা দেওয়া হয়। এখন কীভাবে তিনি বলতে পারেন, দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই?’’

‘নোটবন্দির দ্বিগুণ ক্ষতিকারক হবে এনপিআর, এনআরসি’, তোপ রাহুলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

কংগ্রেস নেতা রাহুল গান্ধী

২০১৬ সালের নোটবন্দির চেয়েও ভয়ঙ্কর হবে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) আর জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)। নোটবন্দির সিদ্ধান্ত আমাদের যতটা ক্ষতি করেছে, এনপিআর এবং এনআরসি হবে তার দ্বিগুণ ক্ষতিকারক। দিল্লিতে এআইসিসি-র সদর দফতরে আজ কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এনপিআর এবং এনআরসি নিয়ে এভাবেই তোপ দাগলেন রাহুল গাঁধী। তিনি বললেন,এই দুটি আইনই গরিব মানুষের কাঁধে করের বোঝা আরও বাড়াবে।  বন্দিশালা প্রসঙ্গে বিজেপি যে তাঁকে ‘মিথ্যাবাদী’ বলেছে, তার জবাব দিতে গিয়ে রাহুল এ দিন এআইসিসি দফতরে সাংবাদিকদের বলেন, দেশজুড়ে ডিটেনশান সেন্টার খোলা হয়েছে। আরও বেশি করে খোলার তোড়জোড় চলছে।

‘উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে একজন বিক্ষোভকারী মরেছে, বাকিদের মৃত্যু হয়েছে তাঁদেরই আনা বেআইনি অস্ত্রে’-দৈনিক আজকাল

উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিংয়ের

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল গোটা দেশ। সবচেয়ে বেশি বিক্ষোভের আগুন ছড়িয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। সাধারণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অভিযোগও উঠেছে যোগীর পুলিশের বিরুদ্ধে। মারা গিয়েছেন ২১ জন। তবে এর মধ্যে নাকি একজনই মারা গিয়েছেন পুলিশের গুলিতে। বাকিরা নাকি বিক্ষোভকারীদের আনা বেআইনি অস্ত্রেই মারা গিয়েছেন। এমনই হাস্যকর দাবি করলেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিংয়ের।

১১৮ বছরের মধ্যে শীতলতম ডিসেম্বর, দিল্লিতে তাপমাত্রা নামল ২.৪ ডিগ্রিতে-দৈনিক আনন্দবাজার

দিল্লি শীতে কাঁপছে

হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে দিল্লি। একই সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত। শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা গত ১১৮ বছরের মধ্যে শীতলতম ডিসেম্বর। রাজনীতির ‘উত্তাপ’ যতই থাকুক, তরতরিয়ে পারদ নামছে দিল্লিতে।প্রবল ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। এ দিন ভোরবেলা থেকেই গোটা রাজধানী কুয়াশার চাদরে মোড়া। আর তার জেরে কার্যত থমকে যায় দিল্লি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮