১০ বছরে পাচার ৯ লাখ হাজার কোটি টাকা-মেনন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৯ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- মেয়র পদে মনোনয়ন পেয়ে যা বললেন তাপস -দৈনিক যুগান্তর
- রাজনীতিতে বাড়ি-গাড়ির মালিক হওয়ার সংস্কৃতি চালু হয়েছে: গণপূর্তমন্ত্রী -দৈনিক প্রথম আলো
- ‘১০ বছরে পাচার ৯ লাখ হাজার কোটি টাকা’ -দৈনিক মানবজমিন
- 'বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি উন্নত ও দক্ষ' -প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশে-দৈনিক ইত্তেফাক
- দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-'খালি কলসী বাজে বেশি' অবস্থা বিএনপির: তথ্যমন্ত্রী
- জনগণের সহযোগিতা চাই: আতিকুল -দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- ‘আজকের যুবরা স্বজনপোষণ, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না’ -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- যোগীরাজ্যে প্রিয়াঙ্কাকে পুলিশি হেনস্তা! রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের -দৈনিক সংবাদ প্রতিদিন
- দিল্লিতে লাল সতর্কতা, নাগাল্যান্ডে তুষারপাত, উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
তাপস-আতিকে কেন আস্থা, জানালেন কাদের-দৈনিক যুগান্তর
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস ও বর্তমান মেয়র আতিকুল ইসলাম। দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়ন দৌঁড়ে ছিটকে পড়েছেন। বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে তাপস ও আতিকের প্রতি দল আস্থা রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। তাপস ও মেয়র আতিককে প্রার্থী করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পপুলার ও উইনেবল প্রার্থীকেই আওয়ামী লীগ বেছে নিয়েছে। জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নেয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।’
যে কারণে মনোনয়ন পেলেন না সাঈদ খোকন- এ শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, ঢাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ, ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল না হওয়া ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারাসহ বিভিন্ন কারণে সাঈদ খোকনকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে সমালোচিত দক্ষিণের এই মেয়র। তবে মেয়রের দাবি, কর্তব্যে কখনও তিনি অবহেলা করেননি।
মনোনয়ন পাওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনর (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জনগণের সহযোগিতা চেয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাপস বলেছেন, ঢাকা-১০ আসনের জন্য কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করেছি যে, আমাদের প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত বাংলাদেশ গড়তে একটি উন্নত রাজধানী প্রয়োজন। আমি সেই সুযোগটি গ্রহণ করতে চাই।’
তিনি বলেন, ‘বৃহত্তর পরিসরে ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে পুরান ঢাকাকে নতুনভাবে গড়ে তুলব। পুরান ঢাকার অবহেলিত মানুষদের সকল সুযোগ-সুবিধা দিয়ে উন্নত শহর গড়ে তুলব।’ তিনি অবশ্য এরইমধ্যে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন।
'বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি উন্নত ও দক্ষ'-প্রধানমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ সেনাবাহিনী অবকাঠামোগত, কৌশশগত এবং প্রযুক্তিগত দিক থেকে অতীতের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি উন্নত, স্বয়ংসম্পূর্ণ, চৌকস ও পেশাগতভাবে দক্ষ।
আজ রবিবার সকালে ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) বাংলাদেশ সেনাবাহিনীর ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপ্তি ও অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে সামরিক বাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এবং অনস্বীকার্য। এ কারণেই একটি প্রশিক্ষিত, শক্তিশালী ও দক্ষ সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৪ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমির শুভ উদ্বোধন করেন; যা ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ।
'খালি কলসী বাজে বেশি' অবস্থা বিএনপির: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
বিএনপির বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ও সরকারবিরোধী 'তুমুল' আন্দোলনের ঘোষণাকে 'খালি কলসী বাজে বেশি' বলে আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপির 'তুমুল আন্দোলন' আমরা দেখেছি। তাদের যতো সমাবেশ, নিজেদের মধ্যে মারামারিও ততো। নেতাদের ওপর কর্মীদের আস্থা নেই। যে নেতারা বোরখা পরে আদালতে জামিন নিতে যান, তাদের ওপর কর্মীদের আস্থা না থাকাই স্বাভাবিক। তাদের আন্দোলনের ডাক শুনে মনে হয় একেই বলে, খালি কলসী বাজে বেশি।'
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান আরও বলেন, 'খালেদা জিয়া কোনও রাজনৈতিক বন্দী নন যে তাকে আন্দোলন করে মুক্ত করা যাবে।'
‘১০ বছরে পাচার ৯ লাখ হাজার কোটি টাকা’-রাশেদ খান মেনন-দৈনিক মানবজমিন
দেশে যে উন্নয়ন হচ্ছে তার নেপথ্যে শ্রমজীবী মানুষ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, বিশ্বব্যাংকের হিসেবে ২০১৫ সালে বিদেশি বাণিজ্যের নামে ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আর আমি হিসাব দিচ্ছি, গত ১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেনন বলেন, নতুন ২২ পরিবারের হাতে সব সম্পদ। এই নতুন দুর্নীতিবাজ ও রাজাকারদের প্রতিহত করতে হবে।
বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশে-দৈনিক ইত্তেফাক
২০০৯ সালের পর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে কম হবে চলতি অর্থবছরে। এই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৯ শতাংশ। আবার গত ছয় মাসে বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগ গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ওইসিডি) এক প্রতিবেদনে বিশ্ব অর্থনীতির এমন দুরবস্থার কথা তুলে ধরা হয়েছে। আর বিশ্ব অর্থনৈতিক এই মন্দার প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছাড়া বাংলাদেশের অর্থনীতির প্রায় সব সূচকই নিম্নমুখী হয়ে পড়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। দীর্ঘদিন ধরেই দেশে বাণিজ্য ঘাটতি থাকলেও সাম্প্রতিক সময়ে তা আরো বেড়ে যাচ্ছে
রাজনীতিতে বাড়ি-গাড়ির মালিক হওয়ার সংস্কৃতি চালু হয়েছে: গণপূর্তমন্ত্রী-দৈনিক প্রথম আলো
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বৈষয়িক উন্নয়ন বাংলাদেশে অনেক হয়েছে। আমাদের অর্থনৈতিক মুক্তি এসেছে অনেকটাই। কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের মুক্তির কাঙ্ক্ষিত জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধ করতে না পারলে সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। জাতিকে এ অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হবে।’
গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘আলোকিত ৫০ বছর’ শিরোনামে শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতিতে একটি খারাপ সংস্কৃতি চালু হয়েছে। রাজনীতিতে এলেই বিত্তবৈভব, বাড়ি-গাড়ি, কয়েকটি কোম্পানির মালিক, শত শত কোটি টাকার মালিক হতে হবে।
এবারে ভারতের কয়েকটি খবর:
‘আজকের যুবরা স্বজনপোষণ, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না’-মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
এখনকার যুবক, যুবতীরা স্বজনপোষণ পছন্দ করেন না। পছন্দ করেন না সরকারের স্থায়িত্বের অনিশ্চয়তা। উচ্ছৃঙ্খলতা। জাতপাতের রাজনীতি। বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে রবিবার এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর)-এর বিরুদ্ধে যখন তোলপাড় গোটা দেশ, বিক্ষোভ ও হিংসা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে, তখন কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে নিয়ে বিকল্প ভাবনাচিন্তা শুরু হলে কী পরিণতি ঘটতে পারে, সম্ভবত সে কথাই মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
যোগীরাজ্যে প্রিয়াঙ্কাকে পুলিশি হেনস্তা! রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের-দৈনিক সংবাদ প্রতিদিন
‘যোগী আদিত্যনাথের শাসনে উত্তরপ্রদেশে জোরজুলুম চালাচ্ছে পুলিশ।’ ঠিক এই ভাষাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার যাবতীয় পুলিশি বাধা উপেক্ষা করে প্রাক্তন আইপিএস অফিসার তথা সমাজকর্মী এসআর দারাপুরীর পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। কিন্তু, তাঁর সেই যাত্রা সহজ হয়নি। তাঁকে আটকানোর জন্য পুলিশ গলা টিপে ধরে বলেও অভিযোগ। এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলে কংগ্রেস। রবিবার এই ঘটনার প্রতিবাদে উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করা হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি শনিবারই এই ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। যেসব পুলিশকর্মী জড়িত ছিল, তাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে।
দিল্লিতে লাল সতর্কতা, নাগাল্যান্ডে তুষারপাত, উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ-দৈনিক আজকাল
সারা উত্তর ভারতজুড়ে চলছে প্রবল শৈত্য প্রবাহ। রবিবার দিল্লির লোধি রোডের তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে কোনও বিমানের ওঠানামার সূচিতে কোনও পরিবর্তন হয়নি বলে জানানো হয়েছে দিল্লি বিমানবন্দরের তরফে। রাজধানী এবং সংলগ্ন অঞ্চলে শনিবার থেকেই পারদ দুই ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ায় সেখানে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। যার অর্থ, আবহাওয়ার চরম পরিস্থিতি। কনকনে ঠান্ডার কারণে ফুটপাথবাসী, ভিনরাজ্যের শ্রমিক, হকার এবং বস্তিবাসীদের সরাই কালে খান এলাকার শরণার্থী শিবিরে এনে রেখেছে দিল্লি প্রশাসন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯