ডিসেম্বর ৩০, ২০১৯ ১২:৪৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ফের আমরণ অনশনে পাটকল শ্রমিকরা-দৈনিক ইত্তেফাক
  • ঢাবিতে ককটেল বিস্ফোরণ বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন ঘটনা: কাদের-দৈনিক যুগান্তর
  • বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা, হাতাহাতি-দৈনিক প্রথম আলো
  • ‘থার্টি ফার্স্ট নাইটে কোনো অশ্লীলতা নয়’-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • সিএএ-র জের! ভারত ছেড়ে বাংলাদেশে ফেরা শুরু, ও পারে গ্রেফতার ৩০০-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • নেপথ্যে প্রশান্ত কিশোর, এবার বিহারে জোট জটে বিজেপি-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘দেশের ‌স্বাধীনতা বিপদের মুখে দাঁড়িয়ে’, পুরুলিয়ায় জাতীয় স্তরে আন্দোলনের ইঙ্গিত মমতার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের একটি কলাম প্রকাশিত হয়েছে আজকের দৈনিক প্রথম আলো পত্রিকার উপসম্পাদকীয় পৃষ্ঠায়। ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে লেখা এ কলামের শিরোনাম দেয়া হয়েছে- “নির্বাচন আবার কবে বিশ্বাসযোগ্য হবে”। কী বলবেন আপনি?

২. ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা, হাতাহাতি-সাকিসহ আহত ২০-দৈনিক প্রথম আলো/যুগান্তর

বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে লাঠিচার্জ করে পণ্ড করে দিয়েছে পুলিশ

একাদশ নির্বাচনের বার্ষিকীতে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে লাঠিচার্জ করে পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হামলায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোটের কালো পতাকা মিছিলে এ হামলা হয়।

৩০ ডিসেম্বরের নির্বাচনের প্রথম বার্ষিকী আজ। এদিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালনের অংশ হিসেবে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হন বাম জোটের নেতারা।

মিছিলটি কদম ফোয়ারার সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যান নেতাকর্মীরা। বেলা ১টার দিকে মৎস্য ভবনের সামনে আবারও পুলিশি বাধার মুখে পড়েন বাম জোটের নেতাকর্মীরা। তারা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তিতে আজ সোমবার বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তা ছাড়া নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রাখা হয়েছে। এর প্রতিবাদে আজ সমাবেশ না করে বিএনপি কাল মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় কর্মসূচি পালন করবে।

আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ২টায় বিক্ষোভ সমাবেশ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি ছিল।

ঢাবিতে ককটেল বিস্ফোরণ বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন ঘটনা: কাদের-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত চার দিনের মধ্যে তিন দিন ককটেল বিস্ফোরণের ঘটনাকে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটি বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন ঘটনা। এখানে পলিটিক্সও কাজ করে। সোমবার দুপুরে বনানীর সেতু ভবনের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন। ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।

‘থার্টি ফার্স্ট নাইটে কোনো অশ্লীলতা নয়’-ডিএমপি কমিশনার-দৈনিক মানবজমিন

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

তারকা হোটেলের ইনডোরে থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান করতে হলে ডিএমপির অনুমতি নিতে হবে। তাহলে আমরা সেখানে নিরাপত্তা দেবো। তবে হোটেলের  ভেতরে কোনো অশ্লীলতা নয়। আমাদের দেশের কালচারের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠান করতে হবে। আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফাস্ট নাইট উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তার মোড়ে, ফ্লাইওভারে বা কোনো খোলা জায়গায় থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠান থেকে বিরত থাকতে হবে। এছাড়া ফটকা আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। ৩১শে ডিসেম্বর ভোর ৬টা থেকে পহেলা জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত প্রতিটি বারে মদ কেনাবেচা বন্ধ থাকবে। এছাড়া প্রকাশ্য কেউ অস্ত্র বহন করতে পারবে না। কমিশনার বলেন, গুলশান-বনানী এলাকায় রাত ৮টার পর বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হবে না।

ফের আমরণ অনশনে পাটকল শ্রমিকরা-দৈনিক ইত্তেফাক

ফের আমরণ অনশনে পাটকল শ্রমিকরা

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে ফের আমরণ অনশন শুরু করেছেন দেশের বিভিন্ন স্থানের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গতকাল রবিবার বেলা দুটায় গেট মিটিংয়ের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা করে সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ। খুলনা, চট্টগ্রাম, নরসিংদী ও রাজশাহীর মিল গেটে এ অনশন কর্মসূচিতে অসংখ্য শ্রমিক অংশগ্রহণ করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

সিএএ-র জের! ভারত ছেড়ে বাংলাদেশে ফেরা শুরু, ও পারে গ্রেফতার ৩০০-দৈনিক আনন্দবাজার পত্রিকা

Image Caption

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও নয়া নাগরিকত্ব আইন (সিএএ) বিতর্কে গোটা দেশ উত্তপ্ত হলেও ভারত ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করলেন বিএসএফ ও বিজিবি— দুই সীমান্তরক্ষী বাহিনীর ডিজি। তবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার পরে কিছু মানুষকে সম্প্রতি আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বিজিবি সূত্রের দাবি এই প্রবণতা আগে দেখা যায়নি। গত চার দিন ধরে দিল্লিতে দুই বাহিনীর বৈঠকের শেষে আজ বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)-এর ডিজি সাফিনুল ইসলাম জানান, ‘‘ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পরে গত এক বছরে প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে।

‘দেশের ‌স্বাধীনতা বিপদের মুখে দাঁড়িয়ে’, পুরুলিয়ায় জাতীয় স্তরে আন্দোলনের ইঙ্গিত মমতার-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

মানুষকে দেশ থেকে উৎখাত করার চেষ্টা করছে বিজেপি। বিজেপিকে হঠাতে জোট বাঁধুন। সোমবার পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া গ্রাউন্ড থেকে এনআরসি–সিএএ প্রতিবাদ মিছিল শুরুর আগে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মঞ্চ থেকে সিএএ–এনআরসি–র বিরুদ্ধে তাঁর আন্দোলনকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে মমতা বলেছেন, ‘দেশের স্বাধীনতা আজ বিপদের মুখে দাঁড়িয়ে।’জনতার কাছে তাঁর আবেদন, ‘ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে সরিয়ে দিয়েছে। আমি সবার কাছে আবেদন করছি, বিজেপিকে একা করতে একজোট হন। সারা দেশ থেকে বিজেপিকেই সরে যেতে হবে।

‘জোর খাটালে’ আলোচনা নয়, রাজ্যপালকে চিঠি শিক্ষামন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা

রাজ্যপাল জগদীপ ধনখড় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যপাল জগদীপ ধনখড় ‘জোর খাটালে’ কোনও বিষয়েই আলোচনা করা যাবে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে চেয়ে রাজ্যপাল যে চিঠি দিয়েছিলেন, তার জবাবে এ কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী আরও লিখেছেন, রাজ্য সরকার প্রস্তুত। কিন্তু আলোচনার জন্য আগ্রহে রাজ্যপালের ‘আন্তরিকতা’ থাকতে হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ঢুকতে না পেরে শিক্ষা সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল ধনখড়। সেই চিঠির যে জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন, তা সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেন রাজ্যপাল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০