বাংলাদেশে বিনিয়োগ করলে বিশেষ সুযোগ-সুবিধা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ২০২১ সালে বিজয়ের মাসে চালু হবে উত্তরা-মতিঝিল মেট্রোরেল-দৈনিক ইত্তেফাক
- ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুলের চ্যালেঞ্জ-দৈনিক যুগান্তর
- বিনা মূল্যে বই বিতরণ উৎসব শুরু-দৈনিক প্রথম আলো
- বাংলাদেশে বিনিয়োগ করলে বিশেষ সুযোগ-সুবিধা: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- রাজ্যের হস্তক্ষেপ এড়াতে নয়া কৌশল, অনলাইনে CAA চালুর ভাবনা কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন
- রাজ্যকে এড়াতে অনলাইনে সিএএ, ভাবনা মোদী সরকারের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- মুসলিমদের প্রার্থনার জন্য গির্জার দরজা খুলে দেওয়া হল! সিএএ বিক্ষোভের মধ্যে বিরল দৃশ্য কেরলে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. আজকের প্রথম আলো পত্রিকার প্রধান যে শিরোনামটি করা হয়েছে তা হলো- "সত্যিকার ন্যায়ভিক্তিক বাংলাদেশ দেখতে চাই"। বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক রেহমান সোবহান একথা বলেছেন। প্রশ্ন হচ্ছে- কেন এই আবেদন? তাহলে বাংলাদশে কী ন্যায়ভিত্তিক দেশ নয়?
২. ইরান, চীন ও রাশিয়ার যৌথ নৌমহড়ায় ক্ষুব্ধ হয়েছে আমেরিকা- একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আপনারও কী তাই মনে হয়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বিনা মূল্যে বই বিতরণ উৎসব শুরু-দৈনিক প্রথম আলো
নতুন বছরের প্রথম দিনে আজ বুধবার সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। সেখানে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে চলছে এই বই উৎসব। মন্ত্রী, সাংসদ, সচিব ছাড়াও উৎসবে শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে এসে নতুন বই হাতে বাড়ি ফিরছে।
বাংলাদেশে বিনিয়োগ করলে বিশেষ সুযোগ-সুবিধা: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
সারা বিশ্বের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি। বাংলাদেশে যারা বিনিয়োগ করবে, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে। বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগবান্ধব নীতি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিদেশি মার্কেট খোঁজার জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান তিনি। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছতে হলে ব্যবসা-বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে ‘বাণিজ্যে বসতি লক্ষ্মী’ আমরা নিজেরা ব্যবসা করি না, কিন্তু ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য যে সুযোগ-সুবিধা দরকার তা করে দিচ্ছি। বাংলাদেশের রপ্তানি শুধু একটা দুটো পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আরও বাড়াতে হবে। এজন্য যে সুযোগ-সুবিধা দরকার, তা আমরা করে দেবো।
ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুলের চ্যালেঞ্জ-দৈনিক যুগান্তর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সৎ সাহস থাকলে পেটুয়া বাহিনী ছেড়ে রাস্তায় আসুন। দেখুন জনগণ কাদের সঙ্গে আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি– জনগণ আপনাদের সঙ্গে নেই, আপনাদের ভালোবাসে না। মঙ্গলবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আজ অনেক লম্বা লম্বা কথা শুনতে পাই। অনেকেই মিডিয়ায় বড় বড় কথা বলছেন। এসব কথা বলার নৈতিক অধিকার তাদের নেই। ‘আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই– আসুন, দেখুন মানুষ আপনাদের ভালোবাসে কিনা। অস্ত্র ছেড়ে, নিরাপত্তা ছেড়ে; আসুন– দেখুন মানুষ কী বলে’-যোগ করেন ফখরুল।
এক বছরে রাঙামাটিতে ৪৩ খুন-দৈনিক মানবজমিন
বিগত ২০১৯ সালে পার্বত্য জেলা রাঙামাটিতে আধিপত্যের লড়াইয়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা পাহাড়ি সন্ত্রাসীদের মধ্যে হামলা-পাল্টা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। জেলার অরণ্যে ঘাপটি মেরে থাকা বেপরোয়া এ সকল আঞ্চলিক সন্ত্রাসীদের হাতে সেনাবাহিনীর সদস্যকেও প্রাণ দিতে হয়েছে। এছাড়া নিহত অপর ব্যক্তিরা প্রায় সকলেই অত্রাঞ্চলের স্থানীয় উপজাতীয় সম্প্রদায়ের বাসিন্দা এবং তথাকথিত অধিকার আদায়ের নামে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সক্রিয় সদস্য ও সমর্থক। মূলত: ভাতৃঘাতি সংঘাত ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংগঠিত সশস্ত্র হামলার মাধ্যমে ২০১৯ সালের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ে এই হত্যাকা-গুলো ঘটানো হয়। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ৪ জন, মার্চে ১০ জন, এপ্রিলে ৭ জন, মে-তে ২ জন, জুনে ১ জন, জুলাইয়ে ২ জন, আগস্টে ৪ জন, সেপ্টেম্বরে ২ জন, অক্টোবরে ২ জন, নভেম্বরে ৩ জন এবং ডিসেম্বর মাসে ৩ জনসহ সর্বমোট ৪২ জনকে হত্যা করা হয়েছে। রাঙামাটি জেলার পুলিশ বাহিনী, বিভিন্ন সংস্থাসহ নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
দুদক কারও প্রেসক্রিপশনে চলে না: ইকবাল মাহমুদ-দৈনিক যুগান্তর
দুর্নীতি দমন কমিশন (দুদক) কারও প্রেসক্রিপশনে চলে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দুদক কারও প্রেসক্রিপশন ও নির্দেশনায় চলে না। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বুদ্ধি-বিবেক খাটিয়ে যতটুকু সম্ভব পেরেছি, আমরা ততটুকু করেছি। ভবিষ্যতে পদক্ষেপ আরও জোরদার করব। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাটি খুঁড়ে শিকড় বের করতে হবে। মাটির নিচে অনেক শিকড় থাকে, সেখান থেকে মূল শিকড় বের করতে দরকার সঠিক অনুসন্ধান। আর সেটি করবে সাংবাদিকরা। সাংবাদিকরাই আমাদের প্রাথমিক তথ্যের উৎস। আমাদের নিজেদের তথ্যভাণ্ডার খুব সীমিত। আলোচিত ক্যাসিনোকাণ্ডের প্রাথমিক সব তথ্য আমরা নিয়েছি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে।
২০২১ সালে বিজয়ের মাসে চালু হবে উত্তরা-মতিঝিল মেট্রোরেল-দৈনিক ইত্তেফাক
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আশা করছি ২০২১ সালে বিজয়ের মাসে ইনশাআল্লাহ এমআরটি লাইন ৬, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রয়োরিটি প্রজেক্ট, মেগা প্রকল্প, ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট, মেট্রো রেলের নির্মাণ কাজ সমাপ্ত হবে, বিজয়ের মাসে উদ্বোধন হবে, এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা। ইংরেজি নতুন বছরের প্রথম দিন আজ বুধবার উত্তরার দিয়াবাড়িতে এই লাইনের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রেল-ট্র্যাক বসানোর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, এমআরটি লাইন ৬ মেট্রোরেল প্রকল্পের সাড়ে ৮ কিলোমিটার এখন দৃশ্যমান।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
রাজ্যের হস্তক্ষেপ এড়াতে নয়া কৌশল, অনলাইনে CAA চালুর ভাবনা কেন্দ্রের-দৈনিক সংবাদ প্রতিদিন
• বাংলা-সহ একাধিক রাজ্য সরকারের আপত্তি এড়িয়ে ঘুরপথে নাগরিকত্ব আইন চালু করতে পারে কেন্দ্র।
• প্রয়োজনে রাজ্য সরকারের কোনও পরিকাঠামো ব্যবহার না করে অনলাইনে শেষ করা হতে পারে পুরো প্রক্রিয়া।
• এমনটাই ইঙ্গিত দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা।
বাংলা-সহ একাধিক রাজ্য সরকারের আপত্তি এড়িয়ে ঘুরপথে নাগরিকত্ব আইন চালু করতে পারে কেন্দ্র। প্রয়োজনে রাজ্য সরকারের কোনও পরিকাঠামো ব্যবহার না করে, অনলাইনে চালু করা হতে পারে পুরো প্রক্রিয়া। এমনটাই ইঙ্গিত দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। ইতিমধ্যেই অনলাইনে তথ্য আদান-প্রদান এবং নথি যাঁচাইয়ের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা যাবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে।
স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “নাগরিকত্বের জন্য আবেদন। আবেদনকারীদের তথ্য আদান-প্রদান এবং সর্বোপরি নথি যাঁচাই করে নাগরিকত্ব দেওয়ার পুরো প্রক্রিয়াটিই অনলাইনে করার ভাবনা চলছে। ভাবা হচ্ছে, জেলাশাসকের পরিবর্তে পুরো বিষয়টির উপর নজরদারির জন্য নতুন করে লোক নিয়োগ করার কথাও।” স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের দাবি, এভাবে অনলাইনে প্রক্রিয়া সম্পন্ন হলে, রাজ্যের আপত্তিতে কোনও অসুবিধা হবে না। কেন্দ্র যেহেতু রাজ্য সরকারের পরিকাঠামো ব্যবহারই করছে না, তাই রাজ্যের হস্তক্ষেপ করারও কোনও সুযোগ থাকছে না।
সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act, 2019) পাশ হওয়ার পরই বাংলা-কেরল-সহ বেশ কয়েকটি রাজ্য জানিয়ে দিয়েছে, তাঁদের রাজ্যে এই আইন চালু করা হবে না। কেরল সরকার আবার এই আইন বাতিলের দাবিতে বিধানসভায় একটি প্রস্তাব পাশ করিয়েছে। রাজ্যগুলির এত আপত্তি সত্ত্বেও দমে যায়নি কেন্দ্র। এই আইন বাতিলের কোনও প্রশ্নই নেই, আগেই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি ছিল, সংবিধান অনুযায়ী নাগরিকত্ব সম্পর্কিত কোনও আইন পাশ হলে, তা কোনওভাবেই আটকে দিতে পারে না রাজ্য সরকার। কিন্তু আইন যাই বলুক, রাজ্য সরকারের পরিকাঠামো ব্যবহার না করে, এত বড় প্রক্রিয়া সম্পূর্ণ করা একপ্রকার অসম্ভব। আর সেটা অনুধাবন করতে পেরেই হয়তো বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইনের পথ খোঁজা হচ্ছে।
মুসলিমদের প্রার্থনার জন্য গির্জার দরজা খুলে দেওয়া হল! সিএএ বিক্ষোভের মধ্যে বিরল দৃশ্য কেরলে-দৈনিক আজকাল
এই মুহূর্তে গোটা দেশে দু’রকম পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে দেশজুড়ে ক্ষোভে ফুঁসছে মানুষ নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে। অন্যদিকে নতুন বছরকে আলিঙ্গন করতে রাস্তায় নেমেছে মানুষজন। কিন্তু তার মধ্যেও দেখা গেল এক বিরল দৃশ্য। আর তা হল, সর্বধর্মসমন্বয়। কেরলের পিনারাই বিজয়নের সরকার আগেই এই আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করিয়েছে বিধানসভায়। এবার দেখা গেল, সে রাজ্যের গির্জার দ্বার খুলে দেওয়া হল মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের প্রার্থনার জন্য।
শুনতে অবাক লাগলেও আজ এটাই বাস্তবে পরিণত হয়েছে। ১০০ জন মুসলিম ধর্মাবলম্বী মানুষ সেখানে প্রার্থনা করলেন বিনা বাধায়। বরং গির্জার দ্বার খুলে দেওয়া হল প্রার্থনা করার জন্য। আর প্রমাণিত হল, এটাই ভারতবর্ষ। এটাই তার সংস্কৃতি। বিবিধের মাঝে মিলন। ইউনিটি ইন ডাইভারসিটি। ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম জেলার কোথামঙ্গলম এলাকায়। ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে খবর, নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে মিছিল সমাবেশ করছিল রাজনৈতিক দলগুলি। সেই মিছিল পৌঁছে যায় কোথামঙ্গলম এলাকায়। তখন সন্ধ্যের প্রার্থনা করার সময় মুসলিম সম্প্রদায়ের মানুষের। কিন্তু রাস্তায় মিছিল থাকায় তা করা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে সেন্ট থমাস চার্চ কর্তৃপক্ষ এগিয়ে আসে। আর বিনা বাধায় প্রায় ১০০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষকে প্রার্থনা করার জন্য গির্জার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এই ঘটনায় আপ্লুত হয়ে পরে ফেসবুকে ঘটনাটি পোস্ট করেন তাঁরা। লেখেন এত উদার হৃদয়ের মানুষ সত্যিই বিরল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১