৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- এনআরসিতে বাংলাদেশে আরেকটি সংকট ঘনীভূত হতে পারে: রিজভী-দৈনিক যুগান্তর
- প্রধান চার প্রার্থীই উচ্চশিক্ষিত ও সম্পদশালী-দৈনিক প্রথম আলো
- নতুন পররাষ্ট্র সচিব বললেন,রোহিঙ্গা সংকট মোকাবিলাই বড় চ্যালেঞ্জ-দৈনিক মানবজমিন
- সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে : তোফায়েল আহমেদ-বাংলাদেশ প্রতিদিন
- বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না: কাদের-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- গাঢ় অন্ধকার দিয়ে বছর শুরু, দিশাহীন ভাবে হাতড়ে বেড়াচ্ছে সরকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ফের সংঘাতের পথে কেন্দ্র-রাজ্য, প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে থাকছে না বাংলার ট্যাবলো-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘চোখের সামনে বাবাকে মেরে ফেলল পুলিশ’! মুসলিম বিরোধী স্লোগান তুলে পুলিশি তাণ্ডব ম্যাঙ্গালুরুতে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
প্রধান চার প্রার্থীই উচ্চশিক্ষিত ও সম্পদশালী-দৈনিক প্রথম আলো
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপির চার প্রার্থীই উচ্চশিক্ষিত ও সম্পদশালী। উত্তরে দুই দলের প্রার্থীই ব্যবসায়ী, দুজনেরই শতকোটি টাকার ব্যবসায়িক ঋণ আছে। চার প্রার্থীর মধ্যে সবচেয়ে সম্পদশালী দক্ষিণের আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। সবচেয়ে কম সম্পদের মালিক দক্ষিণ সিটিতে বিএনপির ইশরাক হোসেন। সবচেয়ে বেশি ঋণ উত্তরের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের।
পাঁচ বছরের ব্যবধানে আতিকুলের প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়ালের আয় ও সম্পদ যেমন বেড়েছে, তেমনি ঋণও বেড়েছে। ফজলে নূর পেশায় আইনজীবী। বাকি তিনজনই ব্যবসার সঙ্গে যুক্ত।
৩০ জানুয়ারির এ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে আর্থিক অবস্থার এই চিত্র পাওয়া গেছে।
মেয়র পদে দক্ষিণে সবাই বৈধ, উত্তরে বাতিল ১-দৈনিক ইত্তেফাক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দুই সিটিতেই সাতজন করে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ঢাকা উত্তরে জাতীয় পার্টি (জাপা) মনোনীত জি এম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না: কাদের-দৈনিক সমকাল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ক্ষমতায় চায় না। বৃহস্পতিবার দলের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই শতাংশের মাত্রা আরো বাড়বে।’ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিকে স্বাগতও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে। ক্ষমতা পেলে সব ঠিক আর ক্ষমতা না পেলে কোন কিছুই ঠিক না। তাদের একমাত্র লক্ষ্য যেনতেন উপায়ে ক্ষমতা দখল করা এবং দেশ লুটপাট করা।
বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্যই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করা। নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে অংশ না নিয়ে, জয় লাভের উদ্দেশ্যে নির্বাচনে অংশ নিতে তিনি বিএনপির প্রতি আহবান জানান। তিনি আজ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা এবং গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা।
এনআরসিতে বাংলাদেশে আরেকটি সংকট ঘনীভূত হতে পারে: রিজভী-দৈনিক যুগান্তর
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিকার মুখেও ছাত্রদল শিক্ষা ও গণতন্ত্রের আদর্শের অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে। সরকারের ব্যর্থতায় রোহিঙ্গা সমস্যার সমাধান প্রশ্নে বর্তমান নতজানু সরকার কিছুই করতে পারেনি। এর ওপর ভারতে এনআরসির কারণে বাংলাদেশে আরেকটি সংকট ঘনীভূত হতে পারে।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের উদ্যোগে সংগঠনটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন,‘মুক্তিযুদ্ধের চেতনা বিক্রেতা আওয়ামী লীগ সরকার কেবল ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করে পরদেশের মুখাপেক্ষী হয়ে পড়েছে। সে জন্য আওয়ামী সরকার গণতন্ত্রকে লাশ বানিয়ে বিরোধী দলমতশূন্য বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছে বাকশালী নব্য সংস্করণে।’
নতুন পররাষ্ট্র সচিব বললেন,রোহিঙ্গা সংকট মোকাবিলাই বড় চ্যালেঞ্জ-দৈনিক মানবজমিন
দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই নব নিযুক্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, নতুন বছরে আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম। বুধবার কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিকাবের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা চ্যালেঞ্জের ডায়মেনশন আরও বাড়ছে। এই ইস্যুতে আগে আমরা দ্বিপক্ষীয় সমাধানের পথে হেঁটেছি। এরপর বহুপক্ষীয় সমাধানের চেষ্টা হয়েছে। সামপ্রতিক সময়ে আমরা এই ইস্যুতে জবাবদিহিতা নিশ্চিতের জন্য বিচারিক পথেও চলছি। এগুলোর সবগুলোই আসলে একটির সঙ্গে আরেকটি জড়িত।
এবারে ভারতের কয়েকটি খবর:
মোদী-শাহের বিরুদ্ধে বিরূপ মন্তব্য, গ্রেফতার তামিলনাড়ুর বিশিষ্ট ব্যক্তি কান্নান-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গ্রেফতার হলেন তামিলনাড়ুর বিশিষ্ট ব্যক্তিত্ব নেল্লাই কান্নান। কংগ্রেসপন্থী কান্নানের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিভঙ্গে উস্কানি, হুমকি-সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। পাশাপাশি তাঁর গ্রেফতারের দাবিতে চেন্নাইয়ে মিছিলও করেছিল বিজেপি। তার পর মঙ্গলবার রাতে পেরাম্বালুর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন কান্নান।
‘চোখের সামনে বাবাকে মেরে ফেলল পুলিশ’! মুসলিম বিরোধী স্লোগান তুলে পুলিশি তাণ্ডব ম্যাঙ্গালুরুতে-দৈনিক আজকাল
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ আটকাতে ম্যাঙ্গালুরু পুলিশের নৃশংস তাণ্ডব দেখেছে গোটা দেশ। সেখানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দু’জনের। ‘চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলল পুলিশ’, জানাচ্ছেন আব্দুল জালিলের ছেলে সাবিল। পুলিশের গুলিতে মৃত দুই ব্যক্তির মধ্যে আব্দুল জালিল একজন। গত ১৯ ডিসেম্বর বিকেল চারটের সময়ে নমাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিল সাবিল। বেরনোর সময়েই গুলি লাগে তাঁর। গুলি তাঁকে ভেদ করে গিয়ে লাগে আব্দুলের শরীরে। সাবিল বাঁচলেও বাঁচেননি আব্দুল। সেই ঘটনার পর এখনও আতঙ্কে রয়েছে সাবিলের পরিবার।পরিবারের সদস্য সাকিনা জানিয়েছেন, ‘পুলিশ আমাদের ওপর যা অত্যাচার করেছে, মনে হয় এখনই আমাদের ছেড়ে দেবে না।’ ম্যাঙ্গালুরুর ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, মসজিদে ঢুকে গুলি চালিয়েছে ম্যাঙ্গালুরুর পুলিশ। সামনে এসেছে হাসপাতালে পুলিশি তাণ্ডবের ভিডিও।
ফের সংঘাতের পথে কেন্দ্র-রাজ্য, প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে থাকছে না বাংলার ট্যাবলো-দৈনিক সংবাদ প্রতিদিন
ফের সংঘাতের পথে হাঁটছে কেন্দ্র-রাজ্য । দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়ল পশ্চিমবঙ্গের ট্যাবলো। এর আগে ২০১৮-এর কুচকাওয়াজ থেকে বাংলার ট্যাবলো বাদ পড়েছিল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, দু’দফায় আলোচনার পরও পশ্চিমবঙ্গের প্রস্তাব খারিজ করে দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। বুধবার রাজ্যকে সরকারিভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) এবং NRC নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছেই। এই পরিস্থিতিতে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাংলার ট্যাবলো বাদ পড়ায় সেই সংঘাত আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
গাঢ় অন্ধকার দিয়ে বছর শুরু, দিশাহীন ভাবে হাতড়ে বেড়াচ্ছে সরকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
অর্থনীতি বিষয়ক এ প্রতিবেদনে লেখা হয়েছে, অর্থনীতির অন্ধকার। ধরা যাক নোটবন্দির কথাই। হঠাৎ প্রধানমন্ত্রী কালোবাজারি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দাবিতে হাজার আর পাঁচশ টাকাকে অচল ঘোষণা করে দিলেন। আমরা কিন্তু তখন বুঝিনি এর কুফল। শুধু লাইনে দাঁড়িয়ে টাকা তোলার ভোগান্তিটাই মাথায় থেকে গিয়েছে।
এর কুফলটা বুঝছি কখন? আজ যখন সেই ডান্ডায় চাকরির বাজার খোঁড়া তখন আমাদের টনক নড়েছে— ‘তাই তো!’ এটাও ঠিক যে নোটবন্দি আজকের দুরবস্থার জন্য একমাত্র দায়ী নয়। কিন্তু আমাদের আলোচনার জন্য অন্যতম উদাহরণ। আমাদের বাজারে পেঁয়াজের দাম যখন একশ টাকা ছাড়িয়ে আরও উপরে দৌড়োয়, তখন কিন্তু চাষির ঘরে ঢুকছে কেজি প্রতি আট টাকাই। তা হলে, চাষির ঘরে ঢোকা দাম আর খুচরো বাজারের দামের মধ্যে এই ফারাকের ব্যাখ্যা তো রয়েছে কালোবাজারিতেই! নোটবন্দিতে ছোট ব্যবসা মার খেয়েছে। তা নিয়ে লেখালিখিও হয়েছে। পক্ষে বিপক্ষে আকচাআকচি কম চলেনি। কিন্তু আজ তো নিজেদের অভিজ্ঞতা দিয়ে বুঝছি যে, কালোবাজারি রোখার লক্ষ্যে যাকে এক পদক্ষেপ বলে দাবি করা হয়েছিল, তা আসলে ছিল পদস্খলন। এই আঁধারের বোধ তো রান্নাঘরের সঙ্কট হয়ে আমাদের ঘাড় ধরে বুঝিয়ে ছাড়ছে!
বছরটাই শুরু হল আরও অন্ধকার দিয়ে। গত বছরের শেষ মাসে আমরা জেনেছিলাম বাজারে সাধারণ চাহিদা কমেছে। এমনকি দৈনন্দিন বাজারের খরচও মানুষ কমানোর চেষ্টা করছে। আর আজ দেখছি অর্থনীতির মূল ক্ষেত্র আরও ঝিমিয়ে যাচ্ছে। সরকার যেখান থেকে পারছে টাকা বার করে নাকি বাজারকে চাগাড় দেওয়ার চেষ্টা করে চলেছে। এখন তো সেবি-র কোষাগারেও হাত দেওয়ার চেষ্টার কথা শোনা যাচ্ছে। কিন্তু বাজার সাড়া দিচ্ছে না। বাজার কোনও নির্দিষ্ট দিশা খুঁজছে না তো! এ কি তবে সেই দিশার অভাবে ঘন হতে থাকা অন্ধকার!।
একই সঙ্গে বছরের প্রথম দিনের খবরের খবরের শিরোনাম জানাচ্ছে, এক দিকে যখন পরিকাঠামো খাতে ১০২ লক্ষ কোটি টাকার খরচের কথা বলছে, তখনই দেখা যাচ্ছে রাজকোষ ঘাটতি (ফিসকাল ডেফিসিট) ইতিমধ্যেই গোটা বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। এরই পাশাপাশি যখন দেখি কেন্দ্র রাজ্যের প্রাপ্য করের টাকা মেটাতে পারছে না, তখন কেন্দ্রের পরিচালন ব্যবস্থা নিয়ে সংশয়ের মেঘ জমলে কি খুব দোষের?
বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতা— সবাই এখন এক অনিশ্চয়তার শিকার। নোটবন্দি থেকে শুরু করে ৩৭০— সরকারের পদক্ষেপে বাজারের সবাই কিন্তু নীতি অনিশ্চয়তাই দেখছে।
নোটবন্দির পর থেকে যে ভাবে নীতি আরোপ করা হচ্ছে বলে ধারণা গেঁড়ে বসছে, তাতে সবার মনকেই একটা আজানা বিপদের আশঙ্কা তাড়িয়ে ফিরছে। নীতি আঁধার ক্রমাগত ঘন থেকে আরও ঘন হচ্ছে। এই আরও ঠিক ততটাই, যাতে ব্যবসার ঝাঁপ বন্ধ করতে হয়। আর এই মুহূর্তে এটাই কিন্তু এই বাজারের বড় চাপ। আর বছরের প্রথমটাই যে ভাবে শুরু হল, আর্থিক সমস্যা আরও তীব্র হওয়ার আশঙ্কা দিয়ে, তাতে এই চাপ কমল কি?#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২