ইরানের প্রতিশোধ থেকে কি যুদ্ধ শুরু হবে?
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৫ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সোলাইমানি হত্যা: যুক্তরাষ্ট্রের ৭০ শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ-দৈনিক যুগান্তর
- ইরানে সোলাইমানির মরদেহ ঘিরে মাতম-দৈনিক প্রথম আলো
- ইরানের প্রতিশোধ থেকে কি যুদ্ধ শুরু হবে?-দৈনিক মানবজমিন
- সোলাইমানি হত্যার কী ধরনের প্রতিশোধ নিতে পারে ইরান?-বাংলাদেশ প্রতিদিন
- পুলিশ জনগণের সেবক : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- ইরাকে সোলেমানির শেষ যাত্রায় ‘বদলা’র দাবি, বাড়ছে ইরান-মার্কিন ছায়াযুদ্ধের আশঙ্কা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ফের দিল্লির পথে মমতা, CAA ইস্যুকে সামনে রেখে একজোট হচ্ছে বিরোধীরা-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
জেনারেল সোলাইমানির কফিন তেহরানে এসেছে। গোটা ইরানজুড়ে চলছে শোকের ছায়া। ক্ষোভে ফুঁসছে মানুষ। সোলাইমানি সম্পর্কে আজও বাংলাদেশ ও ভারতের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে বিশেষ গুরুত্বসহ খবর পরিবেশিত হয়েছে।
ইরানে সোলাইমানির মরদেহ ঘিরে মাতম-দৈনিক প্রথম আলো
জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ ইরানে পৌঁছেছে। আজ রোববার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে পৌঁছায় তাঁর মরদেহ। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাত দিয়ে দৈনিকটি এ তথ্য জানিয়েছে।
তারা লিখেছে, ইরানের বার্তা সংস্থা ইসনা জানায়, জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ আহভাজ শহরে আনা হবে—এই খবরে সেখানে আগেই হাজারো মানুষ জড়ো হন। তাঁদের হতে ছিল ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানির ছবি। এ সময় তাঁরা বুক চাপড়ে মাতম করেন। ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেন।
কাশেম সোলাইমানি ছাড়াও মার্কিন ড্রোন হামলায় নিহত রেভল্যুশনারি গার্ডের অন্য পাঁচ সদস্যদের মরদেহ আজ আহভাজ বিমানবন্দরে পৌঁছায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভ সম্প্রচারে দেখা যায়, কালো পোশাক পরে হাজারো শোকার্ত মানুষ আহভাজ শহরে জড়ে হচ্ছেন। তাদের হাতে সবুজ, সাদা ও লাল রঙের পতাকা। শহীদের রক্ত বোঝাতে এই পতাকা প্রদর্শন করা হয়।
বার্তা সংস্থা ইসনা জানায়, শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সন্ধ্যায় কাশেম সোলাইমানিসহ অন্যদের মরদেহ রাজধানী তেহরানে নেওয়ার কথা।
আগামীকাল সোমবার তেহরান ইউনিভার্সিটিতে কাশেম সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ইমামতি করার কথা রয়েছে। পর আজাদি স্কয়ার অভিমুখে শোক মিছিল বের করা হবে।
মঙ্গলবার জন্মস্থান কেরমান শহরে কাশেম সোলাইমানিকে দাফন করা হবে। দাফনের আগে ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য তাঁর মরদেহ পবিত্র কোম শহরে নিয়ে যাওয়া হবে।
ইরানের ক্ষমতাধর রেভল্যুশনারি গার্ডের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন মেজর জেনারেল কাশেম সোলাইমানি। গত শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় তাঁকে হত্যা করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিহত হন ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবির নেতাসহ আরও নয়জন।
কাশেম সোলাইমানিকে হত্যার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ‘চরম প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ৫২টি স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন।
সোলাইমানি হত্যা: যুক্তরাষ্ট্রের ৭০ শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ-দৈনিক যুগান্তর
ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর সারাদিন টুইট করে ডোনাল্ড ট্রাম্প যখন নিজের জনপ্রিয়তা বাড়াতে ব্যস্ত, তখন মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দেশটির কয়েক ডজন শহরে বিক্ষোভ হয়েছে। কুদস ফোর্সের প্রধানকে হত্যা ইরানের সঙ্গে যুদ্ধের উসকানি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের একটা বড় সংখ্যক নাগরিক। যুদ্ধ ও বর্ণবাদবিরোধী জোট অ্যান্সার যুক্তরাষ্ট্রের ৭০টি শহরে বিক্ষোভের আয়োজন করেছে। নিজ ওয়েবসাইটে দেয়া এক বিবৃবিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধের বিরুদ্ধে তারা বিক্ষোভের পরিকল্পনা করেছে। এসময় ওই অঞ্চল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।-খবর ডেইলি বিস্টের তারা বলেন, আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, তাদের সবার দায়িত্ব এই বিপর্যয়কর যুদ্ধের বিরোধিতা করা। এখনই পদক্ষেপ নেয়ার সময়। যদিও যুদ্ধ বন্ধ করতেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের ৫২ লক্ষ্যবস্তু চিহ্নিত, হামলার হুমকি ট্রাম্পের-দৈনিক ইত্তেফাক
পাল্টা আঘাতের জন্য ইরানের ৫২টি লক্ষ্যবস্তু চিহ্নিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। কোন আমেরিকান ব্যক্তি বা সম্পত্তির ওপর আঘাত এলে ওইসব লক্ষ্যবস্তুতে আক্রমণের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় একের পর এক টুইটার বার্তায় ইরানকে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের রেভ্যুলুশনারি গার্ড কোরের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র বিরোধিতা করেছে ডেমোক্রেট শিবির। কয়েক সপ্তাহের মধ্যে ইরান সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবে, ডেমোক্র্যাটদের এমন আশঙ্কার পর ট্রাম্প শনিবার একের পর এক টুইট বার্তায় এমন হুঁশিয়ারি দেন।
ইরানের প্রতিশোধ থেকে কি যুদ্ধ শুরু হবে?-দৈনিক মানবজমিন
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা-দৈনিক প্রথম আলো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। আসামিদের গ্রেপ্তার করা গেল কি গেল-না, সে-সংক্রান্ত প্রতিবেদন ২২ জানুয়ারির মধ্যে জানাতে বলেছেন আদালত। গত ৯ ডিসেম্বর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল দুদক।
পুলিশ জনগণের সেবক : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ জনগণের সেবক। এটা জাতির পিতাও বলে গেছেন। রবিবার রাজারবাগে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীবলেন, জাতির পিতা রাজারবাগে দেওয়া বক্তব্যে বলেছিলেন, স্বাধীনতা যুদ্ধে পুলিশের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতির পিতা পুলিশ বাহিনীর অনেক প্রশংসা করেছিলেন। বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনী তাদের জীবনবাজী রেখে দেশের মানুষ ও জাতীয় সম্পদ রক্ষা করেছে। এজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ।
‘সুলতানা কামাল সবসময় কড়া কড়া কথা বলে দৃষ্টিতে আসার চেষ্টা করেন’-দৈনিক যুগান্তর
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামালের সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সুলতানা কামাল সবসময় কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘ক্ষমতায় গেলে রাজনীতিবিদরা পরিবেশের কথা বেমালুম ভুলে যান, শুধু ভুলে যাওয়া নয়, কখনও কখনও তারা বৈরি অবস্থানও গ্রহণ করেন’-সুলতানা কামালের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্রও বটে। সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি সবসময় কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তিনি যেভাবে ঢালাওভাবে কথাটি বলেছেন এটি, কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’ সুলতানা কামালকে তথ্যের ভিত্তিকে কথা বলার আহবান জানান হাছান মাহমুদ।
এবারে ভারতের কয়েকটি খবর:
ইরাকে সোলাইমানি শেষ যাত্রায় ‘বদলা’র দাবি, বাড়ছে ইরান-মার্কিন ছায়াযুদ্ধের আশঙ্কা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির শেষ যাত্রাতেও দাবি উঠল ‘বদলা’র। ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগানে কার্যত ভেসে গেল ইরাকের রাজপথ। সোলেমানির হত্যার পর নতুন করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। নতুন করে ইরান-আমেরিকা ছায়াযুদ্ধের আশঙ্কাও দেখছেন অনেকে।
নানকানা সাহিব গুরুদ্বারে হামলাই সিএএ বিরোধীদের জবাব, বললেন অমিত শাহ-দৈনিক আনন্দবাজার
উপলক্ষ ছিল দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে দলীয় সভা। কিন্তু সেখানেও বিজেপি সভাপতির বক্তব্যে শুধুই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। নিশনায় সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারে হামলার প্রসঙ্গ টেনে আপ- কংগ্রেসকে এক বন্ধনীতে বসিয়ে অমিত শাহের হুঙ্কার, যাঁরা সিএএ-র বিরোধিতা করছেন, নানকানা সাহিব গুরুদ্বারে হামলাই তাদের ‘জবাব’। সম্প্রতি পাকিস্তানের এই গুরুদ্বারে হামলা চালানোর অভিযোগ ওঠে। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় কর্মীদের চাঙ্গা করতে রবিবার বিজেপির ‘কার্যকর্তা সম্মেলন’-এ যোগ দেন অমিত শাহ।
ফের দিল্লির পথে মমতা, CAA ইস্যুকে সামনে রেখে একজোট হচ্ছে বিরোধীরা-দৈনিক সংবাদ প্রতিদিন
সংশোধিত নাগরিকত্ব আইনকে সামনে রেখে ফের এক ছাতার তলায় আসার চেষ্টা শুরু বিরোধীদের। সব ঠিক থাকলে আগামী ১৩ জানুয়ারি সংসদের অ্যানেক্স ভবনে বিরোধী শিবিরের মহাবৈঠক আয়োজিত হবে। উপস্থিত থাকবেন বিরোধী শিবিরের একেবারে শীর্ষস্তরের নেতারা। এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi), এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার এবং ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। আমন্ত্রণ জানানো হয়েছে বাম দলগুলিকেও। আরজেডি এবং জেএমএমের তরফেও বৈঠকে প্রতিনিধি উপস্থিত থাকবেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫