জানুয়ারি ১২, ২০২০ ১৩:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির প্রচারণায় হামলা হচ্ছে: তাবিথ-দৈনিক যুগান্তর
  • ধর্ষণের শিকার পরিবার: ভোগান্তি পিছু ছাড়ে না-দৈনিক প্রথম আলো
  • সীমান্ত হত্যায় উদ্বেগ, প্রতিমন্ত্রীর ভারত সফর বাতিলের খবরে মিডিয়ার প্রতি ক্ষোভ-দৈনিক মানবজমিন
  • বিএনপি প্রার্থীদের মোকাবিলায় আমাদের দুই মেয়র প্রার্থীই যথেষ্ট: কাদের-দৈনিক সমকাল-দৈনিক সমকাল
  • রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করতে ইভিএম: রিজভী-বাংলাদেশ প্রতিদিন
  • রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১-দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • ‘গো ব্যাক মোদী, গো ব্যাক মমতা’, স্লোগান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বিক্ষোভ অব্যাহত দ্বিতীয় দিনেও, অবরুদ্ধ চৌরঙ্গি রোডের একাংশ, ধর্মতলায় পুলিসি ঘেরাটোপ-দৈনিক আজকাল
  • বেলুড় মঠে CAA’র পক্ষে জোর সওয়াল মোদির, বিঁধলেন বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

বিএনপি প্রার্থীদের মোকাবিলায় আমাদের দুই মেয়র প্রার্থীই যথেষ্ট: কাদের-দৈনিক সমকাল

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচার প্রচারণায় বিএনপি প্রার্থীদের মোকাবিলায় আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থীই যথেষ্ট।' ওবায়দুল কাদের বলেন, 'সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। আচরণবিধি মেনেই তারা প্রচারণা চালাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে কী উদ্দেশ্য হাসিল করতে চান?'

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির প্রচারণায় হামলা হচ্ছে: তাবিথ-দৈনিক যুগান্তর

ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ 

ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ বলেন, ইটপাটকেল নিক্ষেপের কারণে তার প্রচারণার কাজ ঠিকমতো চালাতে পারছেন না। আমরা নির্বাচন কমিশনারের দিকে তাকিয়ে আছি। তাবিথ বলেন, প্রতিপক্ষের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের প্রচারণায় হামলা চালিয়ে বাধা দিচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে চাই। তাবিথ বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রতিটি স্তরে ‘দুর্নীতিতে ভরে গেছে’। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা হবে, হামলা হবে আওয়ামী লীগের ক্যাডারদের পক্ষ থেকে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করতে ইভিএম চাপিয়ে দেয়া হয়েছে।

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১-দৈনিক ইত্তেফাক

রাজধানী ঢাকায় বন্দুকযুদ্ধে ১ জন নিহত

রাজধানীর মালিবাগ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইকবাল আহমেদ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল ৭ টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়াও বন্দুকযুদ্ধে রাফিজা জেসমিন (২৯) ও মাসনুর হাসান (২২) নামে দু’জন আহত হন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধি যেই হোন, অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেননি, সমাজে সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। 

সীমান্ত হত্যায় উদ্বেগ -পররাষ্ট্রমন্ত্রীর-দৈনিক মানবজমিন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সীমান্ত হত্যা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ। ভারতীয় শীর্ষ  নেতৃত্ব সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর প্রাণঘাতি নয় এমন অস্ত্র ব্যবহারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়ন দেখতে চায় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এক সংবাদ সম্মেলেন মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশের নীতি হলো একজনও যেন সীমান্তে মারা না যায়। ভারত এ বিষয়ে একমত হয়েছে। তারপরও মৃত্যু হচ্ছে। বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা হওয়ায় বাংলাদেশ উদ্বিগ্ন। এ অবস্থায় ভারতের যে অঙ্গীকার আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।

শিক্ষাপ্রতিষ্ঠানে এন্টি র‌্যাগিং স্কোয়াড ও কমিটি গঠনের নির্দেশ-দৈনিক মানবজমিন

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধে এন্টি র‌্যাগিং স্কোয়াড ও কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী তিন মাসের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি র‌্যাগিং থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিবাদীদের নিষ্ক্রীয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

ধর্ষণের শিকার পরিবার: ভোগান্তি পিছু ছাড়ে না-দৈনিক প্রথম আলো

ধর্ষণ হচ্ছে একইসাথে ধর্ষণের শিকার নারীর পরিবারেও চলছে ভোগান্তি

গত রোববার রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এ সপ্তাহে ঢাকাতেই শিশু গণধর্ষণসহ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত আসামি ধরেছে। তবে ধর্ষণের শিকার নারী ও শিশু এবং পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি ভোগান্তি যাচ্ছে না। নতুন করে যে কারও ধর্ষণের শিকার হওয়ার আশঙ্কা তো আছেই। ধর্ষণের শিকার নারী ও শিশু (ভিকটিম) ও তার পরিবারের সদস্যদের পদে পদে নাজেহাল হতে হচ্ছে। ভোগান্তি পিছু ছাড়ছে না।

এবারে ভারতের কয়েকটি খবর:

বেলুড় মঠে CAA’র পক্ষে জোর সওয়াল মোদির, বিঁধলেন বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন

বেলুড় মাঠে নরেন্দ্র মোদি বললেন নগারিকত্ব আইন , নাগরিকত্ব ছিনিয়ে নেয়ার জন্য নয়

বেলুড় মঠে দাঁড়িয়ে ফের সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি এই আইনের বিরোধিতা করায় বিরোধী শিবিরের সমালোচনা করলেন। আমি আরও একবার বলছি, নাগরিকত্ব আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। এটা নাগরিকত্ব দেওয়ার মঞ্চ। আর সংশোধিত নাগরিকত্ব আইন শুধু আগের আইনের সংশোধনী মাত্র। তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেগে দিচ্ছেন অনেকে। 

বিক্ষোভ অব্যাহত দ্বিতীয় দিনেও, অবরুদ্ধ চৌরঙ্গি রোডের একাংশ, ধর্মতলায় পুলিসি ঘেরাটোপ-দৈনিক আজকাল

প্রধানমন্ত্রীর বাংলা সফরের দ্বিতীয় দিনেও কলকাতায় ছাত্র এবং নাগরিক বিক্ষোভ অব্যাহত। রোববার সকালে কলকাতা পোর্ট ট্রাস্ট বা কেপিটি–র সার্ধ শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নেতাজি ইন্ডোরে পৌঁছতেই সেখানে বিক্ষোভ চরমে ওঠে। আন্দোলনকারীদের আটকায় পুলিস। বামপন্থী ছাত্র সংগঠনের কয়েকজন সদস্যকে আটক করা হয়। ধর্মতলা চত্বরে রাতভর অবস্থান বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দিনেও জারি থাকে তাঁদের বিক্ষোভ, প্রতিবাদ। জাতীয় পতাকাসহ কালো পতাকা, কালো বেলুন, ‘গো ব্যাক মোদি’ এবং  সিএএ–এনআরসি বিরোধী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনকারীরা। শুধু বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নয়, বিক্ষোভে যোগ দিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনেরা এবং সাধারণ নাগরিকরাও।

আর এ সম্পর্কিত খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে ‘গো ব্যাক মোদী, গো ব্যাক মমতা' স্লোগান ছাত্রদের। পশ্চিমবঙ্গ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গতকালও বিভিন্ন জায়গায়  গো ব্যাক মোদি, গো ব্যাক মমতা  স্লোগান দিয়েছিল। নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে শহরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল বাম, কংগ্রেসসহ একাধিক বিরোধী দল ও তাদের শাখা সংগঠনের। তারা প্রধানমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন করে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২