ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১২:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • দুই সিটির কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণ -প্রায় ৪০ লাখ ভোটার কাউকে ভোট দেননি -দৈনিক ইত্তেফাক
  • নির্বাচনে সাংবাদিক নির্যাতনে শঙ্কিত সিপিজে -দৈনিক মানবজমিন
  • পুনর্নির্বাচন মামা বাড়ির আবদার নাকি: কাদের -দৈনিক যুগান্তর
  • কেউ কেউ শিক্ষার্থীদের নোট-গাইড কিনতে বাধ্য করছে: শিক্ষামন্ত্রী -দৈনিক প্রথম আলো
  • করোনাভাইরাসে আক্রান্ত ৮৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন -দৈনিক সমকাল
  • করোনাভাইরাসে আক্রান্ত ৮৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন -দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ‘শাহিনবাগ আত্মঘাতী জঙ্গিদের জন্মস্থল’, বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ -দৈনিক সংবাদ প্রতিদিন
  • দিল্লির ক্ষমতায় ফের কেজরীই, বলছে সমীক্ষা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • অদম্য ইচ্ছাশক্তি!‌ ১০৫ বছর বয়সে পরীক্ষায় স্টার মার্কস পেয়ে নজির কেরলের ভাগীরথী আম্মার, অঙ্কে বাজিমাত -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

দুই সিটির কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণ-প্রায় ৪০ লাখ ভোটার কাউকে ভোট দেননি-দৈনিক ইত্তেফাক

Image Caption

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ৫৪ লাখ ৬৬ হাজার ২৮৫ জন ভোটারের মধ্যে ৩৯ লাখ ৯০ হাজার ৪৪৭ জন ভোটার অর্থাত্ প্রায় ৪০ লাখ ভোটার কাউকে ভোট দেননি। মাত্র ১৪ লাখ ৭৫ হাজার ৮৩৮ জন ভোটারের ভোট পেয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৩ জন মেয়র প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ-বিএনপির চার প্রার্থী ছাড়া বাকী ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়ার তথ্য পাওয়া গেছে। সর্বনিম্ন ভোট পড়েছে ১ শতাংশ।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ইভিএমে যা ভোট পড়েছে সেই অনুযায়ী ফল প্রকাশিত হয়েছে। কারণ এখানে অতিরিক্ত ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। ভোটার কেন্দ্রে না গেলে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচন বাতিলের কোনো সুযোগ নাই। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কেউ যদি চান, আদালত পর্যন্ত যেতে পারেন।

পুনর্নির্বাচন মামা বাড়ির আবদার নাকি: কাদের-দৈনিক যুগান্তর

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকার দুই সিটির ফল প্রত্যাখান করে পুনর্নির্বাচনের যে দাবি বিএনপি করেছে সেটিকে মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কি মামা বাড়ির আবদার নাকি। যদি ইলেকশনে কোনো প্রকার জালিয়াতি বা কারচুপি হত, তাহলে ভোটার উপস্থিতি অনেক বেশি হতে পারত। কারচুপি জালিয়াতি হলে তো উপস্থিতি এত কম হওয়ার কথা না। বিএনপির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন বলার জন্য এসব বলছে। বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। বিএনপি নিজেও জানে এই নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হয়নি। আমি বলব শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে।

নির্বাচনে সাংবাদিক নির্যাতনে শঙ্কিত সিপিজে-মানবজমিন

ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও তাদের সরঞ্জাম কেড়ে নেয়ায় শঙ্কিত সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের রিপোর্ট কাভার করতে যাওয়া কমপক্ষে ১৫ জন সাংবাদিককে প্রহার করা হয়েছে। হুমকি দেয়া হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় নি। অথবা তাদের সরঞ্জাম ভেঙে ফেলা হয়েছে না হয় কেড়ে নেয়া হয়েছে।

কেউ কেউ শিক্ষার্থীদের নোট-গাইড কিনতে বাধ্য করছে: শিক্ষামন্ত্রী-দৈনিক প্রথম আলো

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কোনো কোনো গাইড ও নোট বই মুদ্রণকারী প্রতিষ্ঠান অনৈতিকভাবে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিকভাবে প্রলুব্ধ করে। তারা এসব নোট ও গাইড শিক্ষার্থীদের কিনতে বাধ্য করে। এই নোট ও গাইড বন্ধে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা গাইড ও নোট বই ব্যবহার বন্ধ করতে চাই। সৃজনশীল পদ্ধতিতে এগুলোর প্রয়োজন হওয়ারও কথা না। শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে এসব বন্ধ করা সম্ভব না। সবার সহযোগিতা দরকার।’

চলিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে ভুলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সংখ্যার হিসাবে এটা নগণ্য। কিন্তু তাও-বা কেন হবে?

করোনাভাইরাসে আক্রান্ত ৮৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন-দৈনিক সমকাল

প্রতিদিন বাড়ছে নভেলা করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। তবে আশার খবর হলো এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ বাড়িও ফিরছেন। 

বুধবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ৮৯২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনের হেলথ কমিশন তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ২৬২ জন মঙ্গলবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ১২৫ জন করোনাভাইরাসের উৎসস্থল হুবে থেকে ছাড়া পেয়েছে।

দেড় মাসে ভারত সীমান্তে ১১ বাংলাদেশি হত্যা-দৈনিক ইত্তেফাক

দেড় মাসে দেশের সীমান্ত এলাকায় ১১ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বাহিনীর পরিচালক (পরিকল্পনা) লে. কর্নেল সৈয়দ আশিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ১১ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে। জানুয়ারি মাসে সারাদেশের সীমান্ত এলাকায় অভিযান নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

 এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দিল্লির ক্ষমতায় ফের কেজরীই, বলছে সমীক্ষা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

তিন দিন পরে শাহিন বাগ কি হাসি ফোটাতে পারবে অমিত শাহের মুখে? শনিবার দিল্লি ভোটের আগে এবিপি নিউজ-সি ভোটারের শেষ জনমত সমীক্ষা বলছে, ‘না’। ২৬ জানুয়ারি থেকে গত কাল পর্যন্ত দিল্লির ৭০টি বিধানসভায় ১১,১৮৮ জন মানুষের মধ্যে করা সমীক্ষার ফল, ফের অনায়াসে জিতে মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরীবাল। গত ভোটের থেকে অবশ্য আসন বাড়বে বিজেপির। তবে কংগ্রেসের লাভ সামান্যই।

গত ভোটে আপ ৬৭ ও বিজেপি বাকি তিনটি আসন পেয়েছিল। শতকরা হিসেবেও আপ পেতে পারে ৪৫.৬ ভাগ ভোট। বিজেপি ৩৭.১ শতাংশ, কংগ্রেস ৪.৪ শতাংশ ও বাকি ১২.৯ শতাংশ।

অথচ কয়েক মাস আগে লোকসভা ভোটে দিল্লির ৭টি আসনই জিতেছিল বিজেপি। প্রচারে অমিত বলছেন, ‘‘কেজরীবাল এক বার ফাঁকতালে জিতে গিয়েছেন। বাকি সব ভোটে হেরেছেন।’’ কেজরীবাল বলছেন, ‘‘লোকসভায় নরেন্দ্র মোদী, বিধানসভায় কেজরীবালকে ভোট দেবে জনতা। ওড়িশাতেও এক সঙ্গে লোকসভা-বিধানসভা ভোট হয়েছে। মানুষ আলাদা ভাবে ভোট দিয়েছেন।’’

তবে সমীক্ষার ব্যাপারে কেজরীবালের মত, ‘‘আপের আসন আরও বাড়বে। মানুষ আপকে জেতানোর মন তৈরি করে ফেলেছেন।

অদম্য ইচ্ছাশক্তি!‌ ১০৫ বছর বয়সে পরীক্ষায় স্টার মার্কস পেয়ে নজির কেরলের ভাগীরথী আম্মার, অঙ্কে বাজিমাত-দৈনিক আজকাল

পড়াশোনার কোনও বয়স হয় না। আর ইচ্ছা থাকলেই উপায় হয়। আর সেই অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই ১০৫ বছরে বয়সে এসে ফের পড়াশোনা শুরু করে দিলেন কেরলের ভাগীরথী আম্মা। শুধু শুরু করা বললে ভুল হবে। রীতিমতো স্টার নম্বর পেয়ে পাশ করে দেখালেন তিনি। আর সবচেয়ে বড় কথা, অঙ্কে ফুল মার্কস পেয়ে দেখালেন কেরলের এই বৃদ্ধা। এই খবর প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন তিনি। গত নভেম্বর মাসে চতুর্থ শ্রেণীর পরীক্ষায় বসেই কামাল করেছিলেন তিনি। ছোট থেকেই পড়ার ইচ্ছে থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার সেই স্বপ্ন পূরণ করছেন আম্মা।তাঁর এই অসাধারণ কৃতিত্বকে স্যালুট জানাচ্ছেন অনেকেই।

‘শাহিনবাগ আত্মঘাতী জঙ্গিদের জন্মস্থল’, বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় শাহিনবাগ। এবার CAA বিরোধী আন্দোলনের কেন্দ্র শাহিনবাগ’আত্মঘাতী  জঙ্গীদের জন্ম দিচ্ছে বলে কটাক্ষ করলেন মন্ত্রী গিরিরাজ সিং। এখান থেকেই দেশ বা জাতির বিরুদ্ধে ষড়য়ন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর বিধানসভা নির্বাচনে বিজেপির হাতিয়ার শাহিনবাগ আন্দোলন। একের পর এক নেতা-মন্ত্রীরা এই CAA বিরোধী আন্দোলনের বিরদ্ধে তোপ দেগেছেন। এবার সেই বিতর্কে গিরিরাজ সিংয়ের মন্তব্য আরও ইন্ধন জোগাল বলে মনে করা হচ্ছে। গত দু’মাস ধরে দিল্লির শাহিনবাগে CAA’র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ চলছে। সেই আন্দোলনকে কটাক্ষ করে বৃহস্পতিবার টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী। হিন্দিতে করা টুইটে গিরিরাজ সিং লেখেন, “শাহিনবাগ আর শুধু আন্দোলনের কেন্দ্রস্থল নয়। এটা আসলে আত্মঘাতী বোমা হামলাকারীদের জন্মভূমি। দেশের রাজধানীতে বসে গোটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬