অর্থ পাচার: সন্দেহজনক লেনদেনে আমরা কোথায়!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক : তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- সবাই চাকরির পেছনে ছুটবে কেন?-দৈনিক মানবজমিন
- ইলিয়াস কাঞ্চনের মামলায় শাজাহান খানকে আদালতে হাজিরের নির্দেশ-দৈনিক যুগান্তর
- অর্থ পাচার: সন্দেহজনক লেনদেনে আমরা কোথায়-দৈনিক প্রথম আলো
- মন্ত্রিসভায় রদবদল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- মোদির নিরাপত্তায় প্রতি ঘণ্টায় খরচ ৬ লক্ষ ৭৫ হাজার টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন
- ওয়েবসাইট-সোশ্যাল মিডিয়ায় দিতে হবে প্রার্থীর অপরাধের রেকর্ড: সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- রাজনীতিতে হিংসা বেড়ে গিয়েছে, অপরাধীকে প্রার্থী করলে কারণ জানাতে হবে দলকে: শীর্ষ আদালত-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
সবাই চাকরির পেছনে ছুটবে কেন?-দৈনিক মানবজমিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তরুণদের চাকরির পেছনে না ছুটে স্বকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে অন্যদের জন্যও কর্মসংস্থান গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার সরকার এখন পর্যন্ত দেশের দুই কোটি মানুষের চাকরির সুযোগ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু দেশের অনেক শিক্ষার্থী ও ছেলেমেয়ের মধ্যে এমন প্রবণতা রয়েছে, যেনতেনভাবে লেখাপড়া শেষ করেই চাকরির খোঁজে নেমে পড়ে। সবাই চাকরির পেছনে ছুটবে কেন? বরং এদেশের ছেলেমেয়েরা যেন নিজেরাই ব্যবসা-বাণিজ্য করে আত্মকর্মসংস্থান এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করে। নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যের চাকরির ব্যবস্থা করে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে বাবা-মাসহ অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেছেন, ছেলেরা তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, ঠিকমতো ক্লাসে যাচ্ছে কিনা, মাদক ও জঙ্গিবাদে জড়াচ্ছে কিনা- এসব বিষয়ে নজর রাখতে হবে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ইসলাম ধর্মের অপব্যাখ্যা ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করা হচ্ছে।
খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক : তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেয়ার জন্য সরকার আন্তরিকভাবে সব সময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নিয়মিত তার (খালেদা) স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার পরিবার তার মুক্তি চায়। কিন্তু বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো দাবি এখনো পর্যন্ত উপস্থাপন করা হয়নি।
করোনার প্রভাব নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি: বাণিজ্যমন্ত্রী-দৈনিক মানবজমিন
করোনাভাইরাসের কারণে কী পরিমাণ চাপ আসতে পারে তা নিয়ে দুশ্চিন্তার কথা জানালের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, আমরা একটু দুশ্চিন্তার মধ্যে আছি। তারপরও আমরা সব দিকে লক্ষ্য রাখছি। সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। এর প্রভাব গার্মেন্টস সেক্টরে কী পরিমাণ... সে ব্যাপারে খুব সম্ভবত ১৬ তারিখে একটা রিপোর্ট পাবো। পাশাপাশি লক্ষ্য রাখছি ফ্যাক্টরিগুলোর সাপ্লাইয়ের দিকে। চায়নাতে হলিডে শেষ হলো। আজ খবর পেলাম চায়নার মার্কেটগুলো খুলতে শুরু করেছে।আমরা সেটা অবজার্ভ করছি।বিজিএমইএর পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়েছে করোনাভাইরাসের কারণে চীন থেকে ম্যানুফ্যাকচারিং মালামাল বিভিন্ন ইকুইপমেন্ট ও কাঁচামাল আমদানি ঝুঁকির মধ্যে পড়েছে। এ বিষয় সমাধানে মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে বলা মুশকিল, এটা অত্যন্ত গভীর সমস্যা।
ইলিয়াস কাঞ্চনের মামলায় শাজাহান খানকে আদালতে হাজিরের নির্দেশ-দৈনিক যুগান্তর
নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় সাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্জ মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ইলিয়াস কাঞ্চন।উল্লেখ্য, সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের বেশ কিছু দিন ধরে বাদানুবাদ চলছিল। ইলিয়াস কাঞ্চনের অভিযোগ গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে তার ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট তথ্য দিয়েছেন।
সেদিন শাজাহান খান বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কি উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরবো’- যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শাহজাহান খানের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানায় নিরাপদ সড়ক চাই।
অর্থ পাচার: সন্দেহজনক লেনদেনে আমরা কোথায়-দৈনিক প্রথম আলো
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান তার একটি মন্তব্য প্রতিবেদনে লেখা হয়েছে,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) সদ্য প্রকাশিত প্রতিবেদনে বছরে প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা পাচার হয় বলে দাবি করা হয়েছে। টাকার অঙ্কটা এত বেশি কি না, সে বিষয়ে সন্দেহ আছে। তবে এটা অর্ধেকের কাছাকাছি হলেও এটা যে গভীর উদ্বেগজনক, তাতে সন্দেহ নেই। বিষয়টি সরাসরি অর্থ পাচারের সঙ্গে জড়িত। এভাবে অর্থ পাচারের ঘটনায় শুধুই অর্থনৈতিক বিধিবিধান লঙ্ঘনের বিষয় নেই, এর সঙ্গে সন্ত্রাসী কর্মে অর্থ জোগানের ঝুঁকিটাও থাকে।
বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ তফসিলি ব্যাংক কর্তৃক গ্রাহকের হিসাব খোলা ও পরিচালনাকালে তাঁদের পরিচিতি নিশ্চিতকরণ ও সংরক্ষণের রীতি-পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করে থাকে। যদিও কিছু কিছু তফসিলি ব্যাংক এ নিয়মগুলো কঠোরভাবে অনুশীলন করছে না। এ কারণে বেশ কিছু ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বেশ কিছু অপরাধের কারণে মামলা হয়েছে এবং বর্তমানে সেগুলো চলমান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঠিক ও পূর্ণাঙ্গ গ্রাহক পরিচিতি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।অনেক সময় দেখা যায়, বিভিন্ন সংস্থার পরিচালকের পদের আড়ালে অনেকে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনপূর্বক সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবৈধভাবে বিনিয়োগ করছেন।
মন্ত্রিসভায় রদবদল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সরকার মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর দপ্তরে পরিবর্তন এনেছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
রাজনীতিতে হিংসা বেড়ে গিয়েছে, অপরাধীকে প্রার্থী করলে কারণ জানাতে হবে দলকে: শীর্ষ আদালত-দৈনিক আজকাল
যেসব প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, সংশ্লিষ্ট দলকে সেই প্রার্থী সম্পর্কে সমস্ত তথ্য তাদের নিজস্ব ওয়েবসাইটে তুলতে হবে। বৃহস্পতিবার ঠিক এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, তাঁদের কেন ভোটে দাঁড় করাচ্ছে সংশ্লিষ্ট দল, সেই কারণও ওয়েবসাইটে ব্যাখ্যা করতে হবে। জানাল দেশের শীর্ষ আদালত। রাজনীতিতে হিংসার পরিমাণ মাত্রা ছাড়িয়েছে। সেই দিকেই ইঙ্গিত করে সুপ্রিম কোর্টের আজকের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, তাঁদের সম্পর্কে সমস্ত তথ্য দলের নিজস্ব ওয়েবসাইটে ৪৮ ঘন্টার মধ্যে আপলোড করতে হবে। আর ৭২ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে সেই তথ্য দিয়ে দিতে হবে। কোনও ব্যক্তিকে তাঁর যোগ্যতার ভিত্তিতেই নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা করা উচিত। তিনি নির্বাচনে সাফল্য পাবেন কিনা, তার ভিত্তিতে নয়। পাশাপাশি শীর্ষ আদালত এও জানিয়েছে, যদি রাজনৈতিক দলগুলি সেই তথ্য দিতে অপারগ হয় এবং নির্বাচন কমিশন যদি এই নির্দেশ পালন করতে ব্যর্থ হয়, তাহলে সেটি আদালত এবং আইনি ব্যবস্থার বিরুদ্ধাচরণ বলে বিবেচিত হবে।
মোদির নিরাপত্তায় প্রতি ঘণ্টায় খরচ ৬ লক্ষ ৭৫ হাজার টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন
আর্থিক ‘দুরবস্থা’য় জর্জরিত ভারত, বিরোধীরা কমপক্ষে এমনই দাবি করেন। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় কত টাকা খরচ হয়, তা নিয়ে প্রশ্ন তুললেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থের অঙ্ক শুনলে আঁতকে ওঠার জোগাড় প্রায় সকলেরই। কারণ, হিসাব বলছে মোদির নিরাপত্তায় প্রতি ঘণ্টায় খরচ হয় ৬ লক্ষ ৭৫ হাজার টাকা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগেই গান্ধী পরিবারের থেকে এসপিজি নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছিল। সেক্ষত্রে ওই পরিবারের জন্য নিযুক্ত এসপিজি বর্তমানে একজনের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এসপিজি সুরক্ষা দেওয়া হয়।
দেশজুড়ে ঝাড়ু ঝড়, ২৪ ঘণ্টায় আপে যোগ দিলেন ১১ লাখ নতুন সদস্য-সংবাদ প্রতিদিন
এযেন এক নিঃশব্দ বিপ্লবের গল্প! ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর রাতারাতি বিজেপির সদস্য সংখ্যা বেড়েছিল কয়েকগুণ। এবার আপে সেই জোয়ার। দিল্লির তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পরই আপে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। দলের টুইটার হ্যান্ডেলে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় আম আদমী পার্টিতে যোগ দিয়েছেন ১১ লাখ সদস্য। প্রসঙ্গত, দলের ব্যানারে একটি মোবাইল নম্বর দেওয়া ছিল। তাতে মিসড কল দিলেই আপে যোগ দেওয়া যাবে। তাতেই ব্যাপক সাড়া মিলেছে।এ প্রসঙ্গে পরপর কয়েকটি টুইট করে আপ। তাতেই নিজেদের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন তাঁরা
চ্যালেঞ্জের মুখে অমিত শাহের ‘চাণক্য’ তকমা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ফল প্রকাশের পরের দিনও দিল্লি ভোট নিয়ে নীরবই রইলেন নরেন্দ্র মোদী। এ দিন সন্ধেয় এক অনুষ্ঠানে তিনি ফিরিস্তি দিলেন গত আট মাসের কাজের। বললেন, দুনিয়ার সব থেকে যুব দেশে ‘টোয়েন্টি-টোয়েন্টি’ ম্যাচের গতিতে খেলছে সরকার। ৩৭০ থেকে রামমন্দির, এমনকি নাগরিকত্ব আইনের কাজও শেষ। তবে এ সব স্রেফ ‘নমুনা’। আসল কাজ শুরু এখান থেকেই। এমন অনেক ফয়সালা হবে, সেঞ্চুরি নয়, ডবল সেঞ্চুরি হবে।
কিন্তু এ দিনও দেখা গেল না অমিত শাহকে। স্বরাষ্ট্র মন্ত্রকে এলেন না। তবে কাল সকাল সাড়ে ৯টায় বিমস্টেক দেশগুলির সম্মেলন উদ্বোধন করার কথা তাঁর। দিল্লিরই বিজ্ঞান ভবনে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩