ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৪:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • একেকটি বাতির দাম প্রায় আড়াই লাখ-দৈনিক প্রথম আলো
  • ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • 'বারবার খালেদাকে নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই'- দৈনিক কালেরকণ্ঠ
  • বিএনপি খালেদা জিয়ার মঙ্গল চায় না: হাছান মাহমুদ-দৈনিক যুগান্তর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নেপালের পররাষ্ট্রমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক
  • ভিপি নুরের হুঁশিয়ারি’-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার জামিন শুনানি রোববার-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:        

  • কোথায় ছিলেন মমতা, খোঁজ রাখতেন তাপসের? তীব্র আক্রমণে বিজেপি-বাম-কংগ্রেস-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভারতে আমরা ভাল আচরণ পাই না’‌ সফর শুরুর আগেই মোদিকে বিঁধলেন ট্রাম্প-দৈনিক আজকাল
  • করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ২০০০, আক্রান্তের সংখ্যা প্রায় ৭৪ হাজার -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথার্বাতর প্রশ্ন
১. কচুরিপানা নিয়ে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং এ নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে গতকাল সংসদেও আলোচনা হয়েছে। আপনি কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. ট্রাম্পের কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি পরিকল্পনার বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে পাকিস্তান সিনেট। এই পদেক্ষপের মূল্য কতটা?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

খালেদা জিয়াকে নিয়ে বারবার প্রশ্নের জবাব দেওয়ার সময় নেই: ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বারবার প্রশ্নের জবাব দেওয়ার সময় নেই। কাদের বলেছেন, খালেদা জিয়া আদলতে গিয়েছেন, আদালতই সিদ্ধান্ত দেবেন।আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অনেক কাজ রয়েছে, দেশের কাজ, দলের কাজ। একজন খালেদা জিয়াকে নিয়ে বারবার আমরা প্রশ্নের জবাব দেব, সেই সময় আমাদের নেই।’

করোনা ভাইরাস নিয়ে মিথ্যা গুজবে কান দিবেন না: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর

Image Caption

করোনা ভাইরাস নিয়ে মিথ্যা কোনো গুজবে কান না দিতে দেশের জনগনের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।আজ বুধবার সকালে রাজধানীর মহাখালীস্থ নবনির্মিত নার্সিং অধিদপ্তরের নতুন ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এই আহ্বান জানান। জাহিদ মালেক বলেন, করোনা ভাইরাস নিয়ে এক শ্রেণির মানুষ কিছু মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করছে যা কোনোভাবেই কাম্য হতে পারে না। মুরগির মাংস খাওয়া, মাস্ক ব্যবহার করা থেকে শুরু করে বিদেশ ফেরত কোনো সুস্থ্ মানুষকে নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনই আপডেট দেওয়া হচ্ছে এবং করণীয় বিষয়গুলি বলা হচ্ছে। সুতরাং কোথাও কোনো রকম মিথ্যা গুজব ছড়ানো যাবে না এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার বাইরে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ধরনের কথায় কান দেওয়া যাবে না।

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের স্বাস্থ্যখাত কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যখাত সবদিক দিয়ে এখন পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যেই দেশের সব প্রবেশ পথে ২ লাখেরও বেশি মানুষকে স্ক্রিনিং করা হয়েছে। সন্দেহজনক প্রায় ৭২ জন বিদেশ ফেরত মানুষকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে একজনও করোনা ভাইরাস সংক্রমিত হয়নি। আর কোনো কারণে কোনো সক্রমিত করোনা রোগী চলে এলেও তার চিকিৎসার সব ধরনের জোড়ালো প্রস্তুতি দেশের স্বাস্থ্যখাতের রয়েছে।

ডাকঘর সঞ্চয়ের সুদের হার বাড়ানোর চিন্তা অর্থমন্ত্রীর-দৈনিক মানবজমিন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সরকার সম্প্রতি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেকে কমিয়ে আনে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এর মাঝে অর্থমন্ত্রী এ সিদ্ধান্ত জানালেন।অর্থমন্ত্রী বলেন, যেহেতু ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেকে কমিয়ে আনা নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তিনি আরো বলেন, সঞ্চয়পত্রের সুদের হারও বেশি। দেখি এটা নিয়েও কিছু করতে পারি কি না।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।

কোথায় ছিলেন মমতা, খোঁজ রাখতেন তাপসের? তীব্র আক্রমণে বিজেপি-বাম-কংগ্রেস-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

রাজনীতির রং ভুলে তৈরি হয়েছিল সহানুভূতির হাওয়া। কিন্তু, তাপস পালের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলতেই খানিকটা বদলে গেল পরিস্থিতি। রবীন্দ্র সদনে দাঁড়িয়ে বুধবার মুখ্যমন্ত্রী দাবি করলেন, বিজেপির প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হল তাপসকে। এর পরেই বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ এ রাজ্যের সব বিরোধী দল তীব্র নিন্দা শুরু করল মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের। তাপস পালের মৃতদেহকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন মমতা— মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে রাজ্যের বিধায়ক তন্ময় ভট্টাচার্য পর্যন্ত সকলেরই।

তাপস পালকে শ্রদ্ধা জানাতে এ দিন রবীন্দ্র সদনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন যে, তাপস পালকে প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে অকালে চলে যেতে হল। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তাপস পালকে গ্রেফতার করানো হয়েছিল এবং বিনা বিচারে এক বছর এক মাস হাজতে রেখে দেওয়া হয়েছিল বলেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের চেয়ারপার্সনের এই মন্তব্য তীব্র প্রতিক্রিয়া তৈরি করে রাজনৈতিক শিবিরে। কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘‘কোনও দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান-কাল-পাত্র জ্ঞান ছিল না। এখনও যে হয়নি, এ দিন ফের তা প্রমাণ করলেন। আমি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে তীব্র ধিক্কার জানাচ্ছি।’’ বাবুলের কথায়, ‘‘তাপস পাল আগে এক জন শিল্পী, তার পরে এক জন রাজনীতিক। এক জন শিল্পীর মরদেহ শায়িত রয়েছে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন!’’ মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘কী ভাবে ধিক্কার জানাব বুঝতে পারছি না। এক জন শিল্পী শেষযাত্রায় শুয়ে আছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মৃতদেহের পাশে দাঁড়িয়ে নোংরা রাজনীতি করছেন।’’

তাপস পাল যখন হাজতে ছিলেন, এ দিন সে সময়ের কথাও টেনে এনেছেন বাবুল। তিনি বলেছেন, ‘‘তাপস পাল শুধু নন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতার হয়েছিলেন। তাঁকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। সে সময়ে তো পাশের ঘরেই তাপস পালও ছিলেন। তাঁকে দেখতে কেন সে দিন যাননি মুখ্যমন্ত্রী? এত দিন ধরে তাপস পাল ভুগছিলেন। অসুস্থ তাপস পালকে তখন কেন সাহারা দেননি মুখ্যমন্ত্রী?’’

শিল্পী তাপস পালের পদস্খলন ঘটেছিল তৃণমূলে গিয়েই— এমন অভিযোগও এ দিন তুলেছেন বাবুল। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের একটি মন্তব্য টেনে এনে বাবুল এ দিন বলেন, ‘‘কুণাল বলেছিলেন, যাঁরা তৃণমূলে যান, তাঁরাই কলুষিত হয়ে যান। ঠিকই বলেছিলেন। আর কলুষিত করার প্রক্রিয়ার মূল পান্ডা তো দিদি নিজেই।’’ আজ তাপসের জন্য যিনি সহানুভূতি দেখাচ্ছেন, তাপসের দুঃসময়ে তিনি কতটা পাশে ছিলেন, সেটা তাপসের পরিবারকে জিজ্ঞাসা করলেই জানা যাবে— এমন মন্তব্যও এ দিন করেছেন বাবুল সুপ্রিয়।

ঠিক একই অভিযোগ তুলেছেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তাঁর কথায়, ‘‘আমি চ্যালেঞ্জ করে বলছি, গত লোকসভা নির্বাচনে যে তাপস পালকে টিকিট দেওয়া হল না, তার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তাপসের কোনও খোঁজখবর রাখেননি। তাপস পাল ব্যক্তিগত ভাবে অনেকের কাছে দুঃখ প্রকাশ করে বলতেন যে, তাঁর সঙ্গে আর কেউ যোগাযোগ রাখেন না, কেউ আর তাঁর খোঁজ রাখেন না।’’ বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী মঙ্গলবার এই একই কথা বলেছিলেন। তাপস ব্যক্তিগত ভাবে তাঁর কাছেও ওই আক্ষেপ প্রকাশ করেছিলেন বলে অধীর গতকাল জানান। অধীরের সেই কথা টেনে এ দিন তন্ময় বলেন, ‘‘অধীর চৌধুরী তো প্রকাশ্যেই বলেছেন কথাটা। এবং আমি মনে করি অধীর চৌধুরী সত্যি কথাই বলেছেন।’’

তাপস পালের প্রতি সহানুভূতি জানাতে অবশ্য বাম বিধায়ক রাজি নন। তিনি বলেন, ‘‘যে কোনও মৃত্যুর সংবাদ যখন আসে, তখন সেটা একটা শোকের সংবাদ। তখন সেটা মানুষের মধ্যে একটা দুঃখ বোধ তৈরি করে। কিন্তু যে শারীরিক ও মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়ার কারণে সেই দুঃখের অনুভূতি তৈরি হয়, আমার মধ্যে সেই ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটেনি। কারণ তাপস পালের নাম মনে এলেই, নদিয়ার চৌমুহাতে তাঁর সেই কুখ্যাত বক্তৃতা আমার মনে পড়ে। সেই ধিক্কারের রেশ তো এত সহজে চলে যেতে পারে না। সুতরাং আমাকে যদি বলেন, আমি বলব, আমার অনুভূতির ভিতরে সেই ধিক্কারটাই রয়েছে।’’

কিন্তু এখানেই থামেননি তন্ময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এ দিনের মন্তব্যের সমালোচনাতেই বরং বেশি জোর দিয়েছেন তিনি। তন্ময় বলেছেন, ‘‘সমস্ত বিষয়ের মধ্যেই গিমিক নিয়ে আসা এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস। মুখ্যমন্ত্রী আজ যা বলেছেন, তা যদি মানতে হয়, তা হলে সিবিআই, সিআইডি সব তো তুলে দিতে হয়! মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে যে সব থানা বা পুলিশ রয়েছে, সে সবও বন্ধ করে দিতে হয়!’’ তন্ময়ের ব্যাখ্যা, ‘‘তাপস পালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তার ভিত্তিতে তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত করছিল। এখন তাপস পালের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী বলবেন যে, ওই তদন্তের কারণেই মৃত্যু হল? আশ্চর্য! তা হলে কি দেশে বিভিন্ন অপরাধের তদন্তের যে ব্যবস্থা রয়েছে, তা তুলে দিতে হবে?’’

এ প্রসঙ্গেই রাজ্যের পুলিশকে আক্রমণ করে তন্ময় এ দিন বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো রোজ মিথ্যে মামলা দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে। নানা রকম মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা তুলছে। থানাগুলো উনি আগে তুলে দিয়ে দেখান।’’

তাপস পালকে প্রয়োজনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন, প্রয়োজন মিটে যাওয়ার পরে ছুড়ে ফেলেছেন, এখন আবার তাঁর মৃত্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক ভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন— দাবি উত্তর দমদমের ওই সিপিএম বিধায়কের। তিনি বলেন, ‘‘তাপসী মালিককেও সিঙ্গুরে মমতা কাজে লাগিয়েছিলেন। কাজ মিটতেই ছুড়ে ফেলেছেন। সে কথা এখন তাপসী মালিকের বাবা বলছেন। তাপস পালের ক্ষেত্রেও তাই ঘটেছে।’’ তন্ময়ের কথায়, ‘‘আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তাতে তিনি মুখ্যমন্ত্রীর পদকে অসম্মানিত করেছেন। মুখ্যমন্ত্রীর পদকে লজ্জিত করেছেন। আমাদের ভাবতে লজ্জা করছে যে, উনি বাংলার মুখ্যমন্ত্রী।’’ তন্ময়ের প্রশ্ন, ‘‘কী বলতে চাইলেন মুখ্যমন্ত্রী? তাপস পাল কি নির্দোষ ছিলেন? সুলতান আহমেদ নির্দোষ ছিলেন? প্রসূন বন্দ্যোপাধ্যায় নির্দোষ? যদি সে কথাই বলতে চেয়ে থাকেন, তা হলে সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ করে দিন যে, ওঁদের কোনও দোষ ছিল না।’’

ভারতে আমরা ভাল আচরণ পাই না’‌ সফর শুরুর আগেই মোদিকে বিঁধলেন ট্রাম্প-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 ‘‌ভারতে আমরা ভাল আচরণ পাই না।’‌ সফর শুরুর আগেই বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবার ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্পের সফর ঘিরে তৈরি হয়েছে অনেক আশা৷ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে যে বাণিজ্য চুক্তির আশা ছিল, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে৷ নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে তা হবে কিনা, তাও স্পষ্ট নয়৷ সরকারিভাবে তেমনই জানানো হয়েছে৷ ২৪–২৫ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ঘিরে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তির কথা উঠে এসেছিল৷ সেই মতো তৈরি হচ্ছিল দিল্লিও৷ কিন্তু নিজের ভারত সফরের আগে ট্রাম্প সরাসরি জানিয়েছেন যে ভারতে আমরা ভাল আচরণ পাই না! এতেই খটকা লেগেছে কূটনীতিকদের৷ বাণিজ্য বা অন্যান্য চুক্তি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা৷ মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে যেখানে কোন ত্রুটি রাখছে না ভারত, সেখানে ট্রাম্পের এমন মন্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা৷যদিও ট্রাম্প বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই পছন্দ করেন৷ মোদির থেকেই তিনি জেনেছেন যে তাঁকে স্বাগত জানাতে প্রায় ৭০ লক্ষ মানুষ হাজির থাকবেন বিমানবন্দরে৷ এতে খুবই উচ্ছ্বসিত ট্রাম্প৷ তাঁর প্রথম ভারত সফর বেশ তাৎপর্যপূর্ণ হবে বলে মত মার্কিন প্রেসিডেন্টের৷ তবে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে এখনই সই করছে না আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভারত সফরে আসার আগে তেমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ‘‌ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হওয়ার কথা। তবে সেই বড় চুক্তি পরে করার জন্য সরিয়ে রাখছি।’‌ এরপরই ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‌আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করব। জানি না, নির্বাচনের আগে তা হবে কিনা।’ভারত সফরে এসে ২৪ তারিখ বিকেলে ঘণ্টা দুয়েকের জন্য স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তাজমহল দেখতে আসতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের এই দু’‌দিনের ভারত সফরের তালিকায় তাজমহল দর্শনের কথা জানানো হয়নি বলেই সরকারি সূত্রে খবর।

করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ২০০০, আক্রান্তের সংখ্যা প্রায় ৭৪ হাজার- দৈনিক আজকাল

করোনাভাইরাস

চীনে ক্রমশ গভীর ছাপ ফেলছে মারণ ভাইরাস করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই ভাইরাসের দাপটে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ৭৪ হাজার। গত প্রায় দু’মাস ধরে চীনের ইউহানের হাসপাতালগুলোতে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তা সত্ত্বেও এড়ানো যাচ্ছে না মারণ ভাইরাসের কামড়। গত বছরের শেষদিক থেকে চীনের হুবেই প্রদেশের রাজধানী ইউহান থেকে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। তারপর থেকে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার হুবেইয়ে নতুন করে ১৬৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত। তবে আগের দিনের চেয়ে আক্রান্তের সংখ্যা কম। সোমবার ১ হাজার ৮০৭ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। তবে মৃতের সংখ্যা সোমবারের চেয়ে বেড়েছে। সোমবার যেখানে ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, সেখানে মঙ্গলবার ১৩২ জন মারা গিয়েছেন বলে খবর।ইতিমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণের বলি হয়েছেন ইউহানের এক হাসপাতালের ডিরেক্টর। মারাত্মক শক্তিশালী ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত জীবনে ফেরার মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। করোনাই কেড়ে নেয় ডিরেক্টর লিউ ঝিমিংয়ের প্রাণ। অন্যদিকে করোনার থাবা থেকে বাঁচতে চুল কেটে ফেলতে হয়েছে চীনের নার্সদের। সংক্রমণের সমস্ত পথ বন্ধ করতে চুল কেটে ফেলেছেন মহিলা স্বাস্থ্যকর্মীরা। এতে দুটি উপকার হবে বলে মনে করেন তাঁরা। প্রথমত, চুলের মাধ্যমে প্রাণঘাতী জীবাণুর সংক্রমণ এড়ানো যাবে। দ্বিতীয়ত, হাসপাতালে প্রবেশের পর যে সুরক্ষাবর্ম তাদের পরতে হয়, তা বদল করাও অনেক সহজসাধ্য এবং কম সময়ের মধ্যে হবে। সূত্রের খবর, নার্সদের এখন কাজ শুধুই রোগীদের দিকে নজর রাখা, ঠিকমতো চিকিৎসা করা। জরুরীকালীন পরিষেবায় যাঁরা নিযুক্ত, তাঁরা দিনে মাত্র একবার খাবার খাচ্ছেন, শৌচকাজও করছেন না। বদলে ডায়াপার ব্যবহার করছেন। করোনা ভাইরাস নিয়ে গোটা দুনিয়া যখন তোলপাড়, তখন দেশের সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাই জিনপিংয়ের সময়কালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। #

পার্সটুডে/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।