কথাবার্তা: করোনা আতঙ্ক: ঢামেকে চিকিৎসা-অবহেলায় একটি মর্মান্তিক মৃত্যু
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ-দৈনিক প্রথম আলো
- মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-দৈনিক ইত্তেফাক
- নতুন ৩ করোনা রোগী শনাক্ত-দৈনিক মানবজমিন
- বিদেশ ফেরতদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল সরকার-দৈনিক যুগান্তর
- করোনা আতঙ্কে চিকিৎসা অবহেলা, ঢামেকে কানাডাফেরত ছাত্রীর মৃত্যু-বাংলাদেশ প্রতিদিন
- আক্রান্তের লক্ষণ ছাড়াই বেশি ছড়াচ্ছে করোনাভাইরাস-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- দেশে আক্রান্ত বেড়ে ১১৪, স্পেনে লকডাউন : করোনা আপডেট এক নজরে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘ওদের ফাঁসি হলে আমাদেরও নিষ্কৃতি মৃত্যু দিন’, রাষ্ট্রপতির দ্বারস্থ নির্ভয়ার ধর্ষকদের পরিবার-দৈনিক সংবাদ প্রতিদিন
- কোভিড–১৯ আতঙ্কে ২৬ তারিখ পর্যন্ত মুলতুবি বিধানসভা, স্বস্তি কমল নাথের, ‘ভি’ দেখালেন শিবরাজ-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. করোনাভাইরাসের প্রভাবে আগামীকাল মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন?
২. ইসরাইলের সাবেক সেনাপ্রধান জেনারেল বেনি গান্তজ সরকার গঠন করতে পারেন বলে খবর বেরিয়েছে। তিনি সরকার গঠন করলে কী মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে হয়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বিদেশ ফেরতদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল সরকার-দৈনিক যুগান্তর
বিদেশ থেকে ফেরা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। এ জন্য স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কেউ বিশ্বের যে কোনো দেশ থেকে ঢাকায় এলে তাকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ জন্য সিটি কর্পোরেশনের মেয়র, ডিসি, পৌরসভার মেয়র, টিএনও, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে। বিদেশফেরতদের শনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি এ নির্দেশ না মানলে ব্যবস্থা নেয়া হবে। ‘কেউ যদি এই নির্দেশ অমান্য করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে’-যোগ করেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে।
মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-দৈনিক ইত্তেফাক
আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।
এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার রেকর্ড সংখ্যক মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ শ' ৯ জনে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
নতুন ৩ করোনা রোগী শনাক্ত-দৈনিক মানবজমিন
নতুন ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এদের মধ্যে ২ জন শিশু ও ১ জন নারী। এই পর্যন্ত ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, আইডিসিআর আর নমুনা সংগ্রহ করবে না। আপানাদের প্রয়োজন হলে হট লাইনে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাদের কাছে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। হটলাইনের তথ্যের ভিত্তিতে আপনাদের বাড়িতে আমাদের টিম পৌঁছে যাবে।
করোনা আতঙ্ক: ঢামেকে চিকিৎসা-অবহেলায় একটি মর্মান্তিক মৃত্যু-দ্যা ডেইলি স্টার বাংলা অনলাইন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত শনিবার বিকালে এক তরুণীর মৃত্যু হয়েছে। ডাক্তারদের ভাষায় তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল জটিলতায় মারা গেছেন। আর পরিবারের দাবি তিনি মারা গেছেন ডাক্তারদের করোনাভাইরাস আতঙ্ক আর অবহেলায়।
নাজমা আমিন (২৪) কানাডার সাসকাচোয়ান প্রদেশের ইউনিভার্সিটি অব রেজিনের স্নাতক শিক্ষার্থী ছিলেন। গত ৯ মার্চ ঢাকায় ফিরে তিনি পেটে ব্যথার কথা জানান।
পরিবারের সদস্যরা জানান, নাজমা খেতে পারছিলেন না। প্রতিবার খাওয়ার সময় তার বমি ভাব হয়েছে বা পেটে ভীষণ ব্যথা হয়েছে। ১৩ মার্চ রাতে অসহনীয় ব্যথা হওয়ায় তাকে নেওয়া হয় বাড়ির কাছে মোহাম্মদপুরের একটি হাসপাতালে।
আইসিইউ (ইনসেনটিভ কেয়ার ইউনিট) বেড খালি আছে এমন কোনো হাসপাতাল খুঁজে পাচ্ছিলেন না জানিয়ে নাজমার বাবা আমিন উল্লাহ বলেন, ‘হাসপাতাল থেকে বলা হয় তাকে দ্রুত আইসিইউ-এ নেওয়া দরকার। তখন অনেক রাত।’
পরবর্তীতে নাজমাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ওয়ার্ডে ভর্তি করে স্যালাইন, অক্সিজেন ও ওষুধ দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। আমিন উল্লাহ বলেন, ‘তার ব্যথাও কিছুটা কমেছিল।’ সকাল আটটায় নার্সদের শিফট বদল হয়। সাড়ে এগারোটার দিকে নতুন নার্সদের একজন জানতে চান নাজমার কী হয়েছে? সমস্যা বলার একপর্যায়ে আমিন উল্লাহ উল্লেখ করেন, তার মেয়ে সম্প্রতি কানাডা থেকে এসেছে। এই তথ্যটিই কাল হয়ে দাঁড়ায় নাজমার জন্য। কানাডার কথা উল্লেখ করে নার্স চিৎকার করে বলতে থাকে, ‘সে কানাডা থেকে এসেছে! তার জ্বরও আছে!’ তারা ডাক্তারের কাছে গিয়ে জানায় নাজমা করোনাভাইরাসে আক্রান্ত। এরপর পুরো ওয়ার্ডে বিশৃঙ্খলা ছড়িয়ে পরে। নাজমার কাছে আর কেউই আসেনি। সব ডাক্তার ও নার্স ওয়ার্ডটি ছেড়ে চলে যায়। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মৃত্যুর শেষ কয়েক ঘণ্টা ডাক্তার ও নার্সদের অবহেলায় নাজমার মৃত্যু হয়েছে বলে পরিবার অভিযোগ করে।
ঢামেক হাসপাতালে করোনাভাইরাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেই। পরীক্ষা করার সরঞ্জাম ও চিকিৎসা কর্মীদের প্রতিরক্ষামূলক ব্যবস্থাও নেই। তাই তারা রোগীর কাছে যেতে অস্বীকৃতি জানাচ্ছিল।
করোনা সম্পূর্ণ নির্মূলে সক্ষম ওষুধ আবিষ্কারের দাবি অস্ট্রেলীয় চিকিৎসকের-দৈনিক মানবজমিন
করোনা ভাইরাস (কভিড-১৯) সম্পূর্ণরূপে নির্মূলে সক্ষম ওষুধ আবিষ্কারের দাবি করেছেন অস্ট্রেলিয়ার এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ। এই চিকিৎসক ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের একজন অধ্যাপক। ডেভিড প্যাটারসন নামের ওই অধ্যাপক জানান, তিনি ও তার গবেষণা দলের বিশ্বাস তারা করোনা প্রতিকারে সক্ষম দু’টি ওষুধ আবিষ্কার করতে পেরেছেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে, এইচআইভি ভাইরাস দমনে ব্যবহৃত একটি ওষুধ ও অপরটি হচ্ছে, ম্যালেরিয়া বিরোধী চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ (ক্লোরোকুইন)। ওষুধটির বিরুদ্ধে ম্যালেরিয়াবাহী মশার মধ্যে জেনেটিক প্রতিরোধ গড়ে ওঠায় ক্লোরোকুইন ব্যবহার হয়নি দীর্ঘ সময় ধরে। অনেকেই এই ওষুধটির কথা ভুলে গেছেন। ওষুধ দু’টি কয়েকজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।
খবরে বলা হয়, করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন সাড়ে ৬ হাজার মানুষের বেশি।
আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। বর্তমানে এটি প্রতিকারে কোনো ওষুধ আবিষ্কার হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের আগে তেমন কোনো ওষুধ আবিষ্কারের সম্ভাবনা কম। এর মাঝে আশার বাণী শুনালেন ওই চিকিৎসক।
প্যাটারসন বলেন, অস্ট্রেলিয়ায় করোনা নিয়ে প্রবেশকারী কয়েকজন রোগীর চিকিৎসায় ওষুধ দু’টি প্রয়োগ করা হয়েছে।
কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ-দৈনিক প্রথম আলো
কুড়িগ্রামে মধ্যরাতে সাংবাদিককে ধরে নিয়ে সাজা দেওয়ার ঘটনায় ওই জেলার প্রশাসক মোছা. সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল করিমকে।
সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) নাজিম উদ্দীনসহ তিন কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছে। এই তিন কর্মকর্তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বাকি দুজন হলেন সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলাম। গতকাল রোববারের তারিখ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই প্রত্যাহার ও নিয়োগের কথা জানানো হয়েছে।
গত শুক্রবার মধ্যরাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে পরে মাদক মামলায় সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। আরিফুল ইসলামের অভিযোগ, জেলা প্রশাসনের আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার) নাজিম উদ্দীন বাড়িতে ঢুকে তাঁকে পেটান। আর এনকাউন্টারে দেওয়ারও হুমকি দেন। জেলা প্রশাসকের অনিয়ম নিয়ে প্রতিবেদন লেখার কারণেই তাঁর ওপর নিগ্রহ চালানো হয় বলে অভিযোগ করেন আরিফুল।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
করোনাভাইরাস সম্পর্কিত আপডেট খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম- থামার লক্ষণ দেখাচ্ছে না করোনা। আর তার আতঙ্কে কাঁপছে গোটা দুনিয়া। গত চব্বিশ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যাটা একশো পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে এ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। তবে আশার কথা, ইতিমধ্যেই কয়েক জন সুস্থও হয়ে উঠেছেন। করোনা নিয়ে এ রাজ্যের পরিস্থিতি ততটা উদ্বেগজনক না হলেও ইতিমধ্যেই সতর্কতামূলক একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা-পরিস্থিতি ছায়া ফেলেছে রাজ্যের পুরভোটের প্রস্তুতিতেও। এ নিয়ে উদ্বিগ্ন সব রাজনৈতিক দল। এমন অবস্থায় পুরভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১১৪। প্রাথমিক ভাবে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও, এ বার তাকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। সেখানে নতুন করে চার জনের আক্রান্ত হওয়ার হদিশ মিলেছে। ফলে এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬।
দেশে আক্রান্ত বেড়ে ১১৪, স্পেনে লকডাউন : করোনা আপডেট এক নজরে
কোভিড–১৯ আতঙ্কে ২৬ তারিখ পর্যন্ত মুলতুবি বিধানসভা, স্বস্তি কমল নাথের, ‘ভি’ দেখালেন শিবরাজ-দৈনিক আজকাল
সোমবার হল না মধ্যপ্রদেশ বিধানসভার আস্থাভোট। এক মিনিটের মধ্যে নিজের ভাষণ শেষ করে আগামী ২৬ তারিখ পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। স্বভাবতই আরও ১০ দিনের জন্য স্বস্তি পেল কমল নাথের সরকার। তবে রাজনৈতিক কারণে নয়, করোনাভাইরাসের আতঙ্কের জন্যই অধিবেশন মুলতুবি করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এদিন অবশ্য বিধানসভার অধিকাংশ বিধায়ককেই মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।
আবার বাজারে ধস, পড়ল সেনসেক্স, নিফটি সূচক, মাথায় হাত লগ্নিকারীদের-দৈনিকটির এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সপ্তাহান্তে সোমবার খুলতেই আবারও ধস নামল শেয়ার বাজারে। সকালে বাজার খোলার সময়ই ১৪৮৬.৮২ পয়েন্ট নেমে সেনসেক্স সূচক ছিল ৩২৬১৬.৬৬ পয়েন্টে।
‘ওদের ফাঁসি হলে আমাদেরও নিষ্কৃতি মৃত্যু দিন’, রাষ্ট্রপতির দ্বারস্থ নির্ভয়ার ধর্ষকদের পরিবার-দৈনিক সংবাদ প্রতিদিন
নির্ভয়ার চার দোষীর ফাঁসির আর মাত্র তিন দিন বাকি। তার আগে নিষ্কৃতি মৃত্যু বা স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন চার দোষীর পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, “ওই চারজনকে ক্ষমা না করা হলে, আমাদেরও স্বেচ্ছামৃত্যু দেওয়া হোক।” এই আবেদন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একটি চিঠিও লিখেছেন তাঁরা। যা দেখে ওয়াকিবহাল মহলের দাবি, চার অপরাধীর ফাঁসি বাতিল করতে নতুন কৌশল নিলেন আইনজীবী এ পি সিং। তাঁরই পরামর্শে এই চিঠি লেখা হয়েছে।
২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়ার চার ধর্ষক ও খুনির ফাঁসি হওয়ার কথা। কিন্তু তাতেও বেশকিছু আইনি জটিলতা রয়েছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নতুন ফাঁসি পরোয়ানা জারি করার পর ‘আইনি লড়াই এখনও শেষ হয়নি’ বলে জানিয়েছিলেন চার দোষীর আইনজীবী এ পি সিং। এরপরই রবিবার নিষ্কৃতি মৃত্যু চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন চার অপরাধীর পরিবারের সদস্যরা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬