কথাবার্তা: বিশ্ব মহামারি করোনা, আতঙ্ক রোহিঙ্গা ক্যাম্পে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- মহামানব বঙ্গবন্ধুর জন্মদিন আজ-দৈনিক প্রথম আলো
- দেশে করোনা রোগীর সংখ্যার ১০-দৈনিক ইত্তেফাক
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর -দৈনিক মানবজমিন
- বিসিএসে চাকরি পেয়ে টাকার মেশিন হয়ে যান আরডিসি নাজিম-দৈনিক যুগান্তর
- করোনা-ঢাকায় কূটনীতিকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন মন্ত্রী-দৈনিক সমকাল
- করোনা আতেঙ্ক ফাঁকা শাহজালাল বিমানবন্দর-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- রাজ্যে এখনই পুরোভোট নয়- নির্বাচন কমিশন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১২৫, কর্নাটকে নতুন করে দু’জনের শরীরে মিলল করোনা সংক্রমণ-দৈনিক আজকাল
- করোনা মোকাবিলায় নিরলস পরিশ্রম’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ WHO-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
আজ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ সম্পর্কে বাংলাদেশের সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে বিশেষ গুরুত্বসহ বহুমাত্রিক লেখা প্রকাশিত হয়েছে। গোটা দেশজুড়ে নানা অনুষ্ঠান হয়েছে তবে করোনাভাইরাসের সতর্কতার কারণে সরকারি নির্দেশনায় সীমিত পরিসরে তা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে দৈনিক মানবজমিনের শিরোনাম-
‘জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি’- প্রধানমন্ত্রী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। রূপকল্প-২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের কল্যাণে বর্তমানকে উৎসর্গ করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সকল শিশুর সমঅধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পিতা-মাতা, পরিবার ও সমাজের ভূমিকা অপরিসীম। শিশুর প্রতি সহিংস আচরণ এবং সকল ধরনের নির্যাতন বন্ধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুসহ বাংলাদেশের সকল নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও জাতির পিতার স্মৃতির প্রতি এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কিত খবরই বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে বাংলাদেশ ভারতসহসহ বিশ্বমিডিয়ায়। এ সম্পর্কে দৈনিক প্রথম আলো, ইত্তেফাক ও যুগান্তরসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য রাজধানীতে ১৫০টি নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানাতে মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় স্বাস্থ্য অধিদফতরের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। মীরজাদী বলেন, রোজ এক হাজার করোনা রোগীর নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে আমাদের। প্রতিনিয়ত কিট আসছে দাতা সংস্থাগুলো থেকে। তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ১০ জন।
রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাস আতঙ্ক-দৈনিক ইত্তেফাক
২০১৭ সালে ২৫ আগস্টের পর উখিয়া টেকনাফের ৩২টি ক্যাম্পে মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গা এদেশে পালিয়ে আসে আশ্রয় নিয়েছেন। সরকার মানবতার খাতিরে এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ঝুপড়িঘর তৈরি করে থাকার ব্যবস্থা করেন। পাশাপাশি চিকিত্সা, ছেলে মেয়েদের পড়ালেখা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিলেও গাদাগাদি করে বসবাসরত রোহিঙ্গারা প্রায় সময় অপরিচ্ছন্নভাবে বসবাস করে আসছেন। তারা তাদের ব্যবহৃত ময়লা ও আর্বজনাগুলো অপসারণ করছে খোলা-মেলা ও বাড়ির আশপাশে।এ নিয়ে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহম্মদ জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে মানুষ আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে অথচ গাদাগাদি করে বসবাসরত রোহিঙ্গাদের করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ভুগছে উখিয়া টেকনাফে আশ্রিত ১২ লক্ষাধিক রোহিঙ্গা নাগরিক। দেশি-বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদের অবাধ বিচরণ ও রোহিঙ্গাদের মিয়ানমারে গোপনে আসা-যাওয়ার কারণে যেকোনো মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন রোহিঙ্গা নেতারা। তারা অবিলম্বে ক্যাম্পভিত্তিক করোনা ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
করোনা সম্পর্কিত বিভিন্ন দৈনিক থেকে সংগৃহিত অন্যান্য খবর-করোনাভাইরাসের থাবা এবার নাসাতেও।আলোড়ন সৃষ্টি বিশ্বজুড়ে।করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আছে ফ্রান্স।যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮৭ জন। একদিনে ইতালিতে ৩৪৯ জনের মৃত্যু।বিশ্বজুড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭১২৫।মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার২ শ ১৯ জন-বলেছে ডব্লিউএইচও। অষ্ট্রেলিয়ায় মারা যেতে পারে দেড় লাখ মানুষ।কানাডার ১০ প্রদেশে করোনার হানা, আক্রান্ত ৩১৩। করোনা নিয়ে যুক্তরাষ্ট্র –চীন দোষাদোষি।
বিসিএসে চাকরি পেয়ে টাকার মেশিন হয়ে যান আরডিসি নাজিম-দৈনিক যুগান্তর
সাংবাদিক আরিফুল ইসলামের নির্যাতক কুড়িগ্রামের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দীন এখন ‘টক অব দ্য কান্ট্রি’।জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান নাজিম মূলত বিসিএসে চাকরি পেয়ে বদল যান। অল্প বয়সেই কোটি কোটি টাকার মালিক বনে যান।নাজিম উদ্দীন যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত নিছার আলীর ছেলে।তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, নাজিমের দরিদ্র বাবা অসুস্থ্য হয়ে মারা গেছেন তিন বছর আগে। নিছার উদ্দিন অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। বাবার পাশাপাশি তার মা মাজেদা বেগমও অনেক কষ্ট করেছেন। এক ভাই ও এক বোনের মধ্যে নাজিম বড়।
স্থানীয়দের চাঁদার টাকায় পড়াশোনা করা নাজিম উদ্দীন ৩৩তম বিসিএসে চাকরি পেয়ে নিজেকে বদলে ফেলেছেন। এই অল্প বয়সেই কামিয়েছেন কোটি কোটি টাকা।
গত শুক্রবার মধ্যরাতে জেলা প্রশাসক সুলতানা পারভীনের নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার (রেভিনিউ ডেপুটি কালেক্টর) নাজিম উদ্দিনের নেতৃত্বে ৪০ জনের একটি দল আরিফুল ইসলামের বাসার দরজা ভেঙে ঢুকে তাকে মারধর করে প্রথমে এনকাউন্টার দেয়ার (গুলি করে হত্যা করার) হুমকি দেয়।
সেখান থেকে তাকে তুলে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে চোখ বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এরপর সাজানো মামলায় ৪৫০ গ্রাম দেশি মদ ও ১০০ গ্রাম গাঁজা সঙ্গে দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেয়া হয় আরিফকে। চোখ বাঁধা অবস্থাতেই চারটি কাগজে স্বাক্ষরও করতে বাধ্য করা হয় তাকে।
এ ঘটনায় গতকাল সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন এবং জেলা প্রশাসনের তিন কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু কান্তি দাশ ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
ফের দেশে করোনায় মৃত্যু, দিল্লি, কর্নাটকের পর এ বার মহারাষ্ট্রে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
নোভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হল দেশে। এ বার মহারাষ্ট্রে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক বৃদ্ধের। এই নিয়ে দেশে করোনা সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। এই মৃত্যুর পরেই জরুরি বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। এ খবরে আরও লেখা হয়েছে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২৫ জনে পৌঁছেছে। তাছাড়া করোনাভাইরাস মহামারি আইন চালু এবার বাংলাতেও। একাধিক চেক পয়েন্ট তৈরি করেছে রাজ্যসরকার।করোনা ঠেকাতে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
‘করোনা মোকাবিলায় নিরলস পরিশ্রম’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ WHO-দৈনিক সংবাদ প্রতিদিন
করোনা মোকাবিলায় ভারত সরকারের ভূমিকায় উচ্ছ্বসিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মারক ভাইরাস রুখতে প্রধানমন্ত্রীর দপ্তর নিরলস পরিশ্রম করছে, যা এক কথায় প্রশংসনীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতের প্রতিনিধি হেঙ্ক বেকেডাম(Henk Bekedam) মঙ্গলবার একথা জানিয়েছেন। COVID-19 এর সংক্রমণ রুখতে ভারত কী কী ব্যবস্থা নিয়েছে, তা খতিয়ে দেখতে মঙ্গলবার জাতীয় চিকিৎসা গবেষণা সংসদে যান বেকেডাম। সেখানকার পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি।
করোনা: ভারতের হাতে ৩০ দিন, সতর্কবার্তা বিশেষজ্ঞদের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
দু’শোর বেশি লোকের যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ। এই মর্মে নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। কড়াকড়িতে পিছিয়ে নেই অন্য রাজ্যও। মহারাষ্ট্রের সাতারায় গত কাল পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ, ওই পাঁচ জন একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যাতে পাঁচশোর বেশি মানুষ জড়ো হয়েছিলেন। বেশির ভাগ রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বহু অফিসে বাড়ি থেকেই কাজ করতে বলা হচ্ছে। বন্ধ সিনেমা হল, শপিং মলের মতো বিনোদনস্থল। জমায়েত আটকাতে বন্ধ বিয়েও। নিষেধাজ্ঞা জারি হয়েছে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক, বেলুড় মঠ, পুরীর মন্দিরেও।
বাড়াবাড়ি করা হচ্ছে কি? ভারত এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে রয়েছে। অর্থাৎ কি না, চিন, ইটালি, ইরানের মতো আক্রান্ত দেশ থেকে রোগ নিয়ে যাঁরা ফিরেছেন, তাঁদের থেকে সংক্রমণ ছড়িয়েছে। সেই সংখ্যাটা একশো ছাড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। কিন্তু ‘সংক্রমণ-হার’ এখানেই যাতে আটকানো যায়, তার জন্যই ব্যাপক সতর্কতা জরুরি। বিশেষজ্ঞদের ভাষায় যা হল, ‘ফ্ল্যাটনিং দ্য কার্ভ’। ভারতের পরিস্থিতি যাতে চিন বা ইটালির মতো না-হয়, তার জন্য আগামী তিরিশটা দিন খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ বা পঞ্চম সপ্তাহেই ভয়াবহ ভাবে সংক্রমণ ছড়িয়েছে অন্য দেশগুলোতে। সেটা রুখতেই ধর্মস্থানগুলোর দরজায় ‘তালা’ দেওয়া হচ্ছে, বন্ধ সিনেমা হল, অফিসে ‘ওয়ার্ক ফ্রম হোম’। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেন, ‘‘বড় এলাকা জুড়ে সংক্রমণ ঠেকাতে ৩০ দিন হাতে রয়েছে ভারতের। এটাই সময়...।’’
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭