কথাবার্তা: মহাতঙ্ক করোনায় জুবুথুবু আমেরিকা,২৪ ঘন্টায় মৃত্যু ২১০৮, আর কতদিন?
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৮, মৃত্যু ৩ -দৈনিক প্রথম আলো
- সরকারের ত্রাণ যাচ্ছে ক্ষমতাসীনদের বাড়িতে: রিজভী -দৈনিক ইত্তেফাক
- একদিনে মৃত্যু ২০২৮, মিনিটে ১.৩৩,লাশ আর লাশ, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দিন-দৈনিক মানবজমিন
- ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: সেতুমন্ত্রী -দৈনিক যুগান্তর
- লকডাউনের মধ্যে পারিবারিক সহিংসতা বাড়ছে: মানুষের জন্য ফাউন্ডেশন -বাংলাদেশ প্রতিদিন
- খাদ্য নিরাপত্তা নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি -দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এই প্রথম হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৩৯ -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘১০১ দিনে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল এক লক্ষ, অশনিসংকেত দেখছেন গবেষকরা-দৈনিক সংবাদ প্রতিদিন
- দেশজুড়ে লকডাউন বাড়ছেই, আমায় ২৪ ঘণ্টাই পাবেন’, ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের আশ্বাস প্রধানমন্ত্রীর -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. চাল চুরি, অস্বস্তিতে প্রশাসন। মানবজমিনের শিরোনাম এটি। কী বলবেন?
২.হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সরকার। আপনার পর্যবেক্ষণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি।
মহামারি করোনাভাইরাস আজ গোটা বিশ্বে মস্ত আতঙ্কের নাম।সব সিস্টেমকে ভেঙে তছনছ করে দিচ্ছে করোনা। বিশ্বের ১০৯ টি দেশে বিস্তার লাভ করেছে করোনা। ১০১ দিনে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল এক লক্ষ, অশনিসংকেত দেখছেন গবেষকরা। যতদিন যাচ্ছে, ততই বাড়ছে করোনার শক্তি। বাড়ছে বিস্তার। বিশ্বজুড়ে বাড়তে থাকা সংখ্যা অন্তত সে কথাই বলছে। এভাবে আরও কতদিন বহাল থাকবে সীমাহীন নিস্তব্ধতা, ভেবে কূল পাচ্ছেন না গবেষকরাও।
শক্তিধর আমেরিকাও করোনার কাছে জবুথবু। সেখানেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছেন ২,১০৮ জন। ছয় সপ্তাহে গোটা বিশ্বে আক্রান্তের মধ্যে ৭৭ শতাংশই মার্কিন মুলুক এবং ইউরোপের দেশগুলি।
গোটা পৃথিবীতে মৃতের সংখ্যার মধ্যে আমেরিকা ও ইউরোপেই ৮৭ শতাংশ। ইটালি, স্পেন কিংবা আমেরিকার মতো না হলেও বিশেষ স্বস্তিতে নেই ভারতও। দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এ দেশে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৪০জনের। আক্রান্ত ১,০৩৫। বাংলাদেশেও বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা।গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৮ জন এবং ৩ জন মারা গেছে। গতকাল শুক্রবার আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ৯৪। ওই দিন মৃত্যু হয় ৬ জনের। আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান।
দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম- খাদ্য নিরাপত্তা নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি
এ খবরে লেখা হয়েছে,করোনাভাইরাস মহামারির প্রকোপে বিভিন্ন দেশ লকডাউনের কবলে পড়ে বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে এবং দেখা দিয়েছে খাদ্য নিরাপত্তার চরম ঝুঁকি। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এক প্রতিবেদনে এ ভয়াবহতার কথা তুলে ধরা হয়েছে
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আরও কিছু খবর:
ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কাদের-দৈনিক মানবজমিন
এ খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
আজ সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ারি দেন।তিনি বলেন, খেটে খাওয়া মানুষের ত্রান ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে। সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চলমান প্রয়াস আরও জোরদার করতে হবে। তিনি বলেন, একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দৈনিকটি লিখেছে, চাল চুরি, অস্বস্তিতে প্রশাসন।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, লকডাউনের কারণে সমগ্র দেশে কয়েক কোটি হতদরিদ্র এবং বেকার মানুষ অতি কষ্টে জীবন যাপন করছেন। জাতির এই ক্রান্তিকালে যারা গরিবের হক মেরে খায় তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত। কারণ এরা দেশের শত্রু এবং মানবতার শক্রু। এ ধরনের পশুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ শনিবার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এই প্রথম হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৩৯-দৈনিক আনন্দবাজার পত্রিকা
এত দিন পর্যন্ত ২৪ ঘণ্টার নিরিখে দেশ জুড়ে সর্বাধিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৬। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ছাপিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ১০৩৫। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। তার ফলে সারা দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৪৭ জন। চিকিৎসকদের মতে, দেশ জুড়ে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। তার ফলে নতুন আক্রান্তরা সামনে আসছেন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যুও হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা এখন ২৩৯ জন।
করোনা মোকাবিলায় বহু উন্নত দেশের তুলনায় ভাল কাজ করেছে ভারত। খাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দরাজ সার্টিফিকেট পেয়ে গেল মোদি সরকার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) করোনার সংক্রান্ত সমীক্ষা বলছে, আমেরিকা, জার্মানি, ইটালি, স্পেন, উত্তর কোরিয়ার মতো দেশের তুলনায় বেশি কার্যকরী পদক্ষেপ করছে ভারত সরকার।অক্সফোর্ডের এই সমীক্ষা ১১টি বিষয়ের উপর ভিত্তি করে করা। এর মধ্যে রয়েছে, স্কুল বন্ধের ক্ষেত্রে সরকারের সক্রিয়তা, জমায়েত বন্ধ করা, গণপরিবহণ বন্ধ করা, মানুষের মধ্যে সচেতনতার প্রচার করা, আন্তর্জাতিক এবং আন্তরাজ্য পরিবহণ বন্ধ করা, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, ওষুধ তৈরিতে বরাদ্দ বাড়ানো এবং বেশ কিছু আর্থিক পদক্ষেপ। করোনা মোকাবিলায় এই ধরণের পদক্ষেপগুলি অনেক উন্নত দেশের থেকে আগে এবং সফলভাবে করেছে ভারত সরকার।
দেশজুড়ে লকডাউন বাড়ছেই-সংবাদ প্রতিদিন। আর দৈনিক আজকাল লিখেছে আমায় ২৪ ঘণ্টাই পাবেন’, ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের আশ্বাস প্রধানমন্ত্রীর
এ খবরে লেখা হয়েছে, দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে বাড়ছে উদ্বেগ।ক্রমেই বৃদ্ধি পাচ্ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এই আবহেই শনিবার ভিডিও কনফারেনন্সিংয়ের মাধ্যমে সারা দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এপ্রিল মাসে লকডাউনের সময়সীমা বাড়ানো বা ধাপে ধাপে প্রত্যাহার নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিং–এর মাধ্যমে হওয়া মুখ্যমন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী সব মুখ্যমন্ত্রীদের কাছে জানতে চান, তিন সপ্তাহের লকডাউন মঙ্গলবার তোলা সম্ভব কিনা। মমতা ব্যানার্জিসহ বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরাই লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দেশজোড়া লকডাউন আরও ১৪ দিন বাড়ানোর আর্জি করেন। তিনি শিল্প এবং কৃষি ক্ষেত্রে বিশেষ ছাড় এবং র্যাপিড টেস্ট কিট দ্রুত সরবরাহের আবেদন করেন প্রধানমন্ত্রীকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সারা দেশে লকডাউন ৩০ তারিখ পর্যন্ত বাড়ানোর আবেদন করেন। যদিও ওডিশা এবং পাঞ্জাব অবশ্য আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে।
ঘরে ফিরতে চাই’, লকডাউন বৃদ্ধির ইঙ্গিত মিলতেই বিক্ষোভ কয়েকশো পরিযায়ী শ্রমিকের-দৈনিক সংবাদ প্রতিদিন
মিলছে না ভাল খাবার। ন্যূনতম দৈনন্দিন পরিষেবা পেতে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। সরকারি সাহায্য সেভাব মিলছে না বললেই চলে। এই পরিস্থিতিতে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। যা শুনে ধৈর্যের বাদ ভাঙল গুজরাটের সুরাটে (Surat) আটকে থাকা কয়েকশো পরিযায়ী শ্রমিকের (Migrant workers)। শুক্রবার রাতে লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি ভেঙে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তাঁরা। দাবি একটাই, ‘আমরা ঘরে ফিরতে চাই’।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১